যিরমিয় মিশরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেন

587 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিরমিয় 43:8–13

8 তফন্‌হেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল, 9 “তুমি ইহুদিদের চক্ষুগোচরে কতগুলি বড়ো বড়ো পাথর সঙ্গে নাও এবং তফন্‌হেষে ফরৌণের প্রাসাদের প্রবেশপথে যে ইট বাঁধানো পায়ে চলার পথ আছে, সেখানে মাটির নিচে সেগুলি পুঁতে রাখো। 10 তারপর তাদের বলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি আমার দাস, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে ডেকে পাঠাব। আর যে সমস্ত পাথর আমি এখানে মাটির নিচে পুঁতে রেখেছি, সেগুলির উপরে তার সিংহাসন স্থাপন করব। সেগুলির উপরে সে তার রাজকীয় চন্দ্রাতপ বিস্তার করবে। 11 সে এসে মিশর আক্রমণ করবে। যারা মৃত্যুর জন্য নির্ধারিত, তাদের মৃত্যু হবে, যারা বন্দিত্বের জন্য নির্ধারিত, তারা বন্দি হবে এবং যারা তরোয়ালের আঘাতের জন্য নির্ধারিত, তারা তরোয়ালের আঘাতে মরবে। 12 সে মিশরের সব দেবদেবীর মন্দিরে আগুন লাগাবে। সে তাদের মন্দিরগুলি অগ্নিদগ্ধ করবে এবং তাদের দেবমূর্তিগুলি লুট করে নিয়ে যাবে। যেভাবে মেষপালক তার শরীরের চারপাশে কাপড় জড়ায়, সেভাবেই সে মিশরকে তার চারপাশে জড়াবে ও অক্ষত এখান থেকে প্রস্থান করবে। 13 সেখানে মিশরের সূর্যমন্দিরে সে পবিত্র স্তম্ভগুলি ভেঙে ফেলবে এবং মিশরের সব দেবদেবীর মন্দিরগুলি পুড়িয়ে ফেলবে।’ ”

যিরমিয় 46:13–28

13 মিশরকে আক্রমণ করার জন্য ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের আগমন সম্পর্কে, সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে এই বার্তা দিলেন:

14 “তোমরা মিশরে ঘোষণা করো, মিগ্‌দোলে একথা প্রচার করো;

মেম্ফিস ও তফন্‌হেষেও একথা গিয়ে বলো:

‘তোমরা নিজেদের অবস্থান নাও ও প্রস্তুত হও,

কারণ তরোয়াল তোমাদের চারপাশের সবাইকে গ্রাস করবে।’

15 কেন তোমার যোদ্ধারা ভূপাতিত হবে?

তারা দাঁড়াতে পারে না, কারণ সদাপ্রভু তাদের মাটিতে ফেলে দেবেন।

16 তারা বারবার হোঁচট খাবে;

তারা পরস্পরের উপরে গিয়ে পড়বে।

তারা বলবে, ‘ওঠো, চলো আমরা ফিরে যাই,

স্বদেশে, আমাদের আপনজনদের কাছে,

অত্যাচারীদের তরোয়াল থেকে অনেক দূরে।’

17 সেখানে তারা চিৎকার করে বলবে,

‘মিশরের রাজা ফরৌণ এক উচ্চশব্দ মাত্র;

সে তার সুযোগ হারিয়েছে।’

18 “আমার জীবনের দিব্যি,” রাজা ঘোষণা করেন,

যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু,

“একজন আসবেন, যিনি পর্বতগুলির মধ্যে তাবোরের তুল্য,

সমুদ্রতীরের কর্মিল পাহাড়ের মতো।

19 তোমরা যারা মিশরে বসবাস করো,

নির্বাসনের জন্য তোমাদের জিনিসপত্র তুলে নাও,

কারণ মেম্ফিস নগরী পরিত্যক্ত হবে,

নিবাসীহীন ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকবে।

20 “মিশর এক সুন্দরী বকনা-বাছুর,

কিন্তু উত্তর দিক থেকে তার বিরুদ্ধে

এক ডাঁশ-মাছি আসছে।

21 তার সৈন্যশ্রেণীরা বেতনভোগী,

তারা সব নধর বাছুরের মতো।

তারাও পিছন ফিরে একসঙ্গে পালাবে,

তারা তাদের স্থানে স্থির হয়ে দাঁড়াতে পারবে না,

কারণ বিপর্যয়ের দিন তাদের উপরে নেমে আসছে,

সেই সময়টি হল তাদের শাস্তি পাওয়ার।

22 মিশর পালিয়ে যাওয়া সাপের মতো হিস্‌হিস্ করবে,

যেভাবে সৈন্যদল সামনের দিকে এগিয়ে যায়;

তারা কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে,

যেমন লোকেরা গাছপালা কেটে নেয়।

23 তারা তার অরণ্য কেটে ফেলবে,” সদাপ্রভু এই কথা বলেন,

“তা যতই গহন হোক না কেন।

তারা পঙ্গপাল অপেক্ষাও বহুসংখ্যক,

যাদের সংখ্যা গণনা করা যায় না।

24 মিশর-কন্যাকে লজ্জা দেওয়া হবে,

উত্তরের লোকদের হাতে সে সমর্পিত হবে।”

25 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: “আমি শাস্তি দিতে চলেছি থিব্‌স-নগরের আমোন-দেবের উপরে, ফরৌণের উপরে, মিশরের উপরে ও তার দেবদেবী ও রাজাদের উপরে, এবং তাদের উপরে, যারা মিশরের উপরে নির্ভর করে। 26 যারা তাদের প্রাণ হরণ করতে চায়, আমি তাদের হাতে তাদের সমর্পণ করব। তারা হল ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার ও তার সৈন্যেরা। পরবর্তী সময়ে, মিশর অবশ্য লোক অধ্যূষিত হবে, যেমন তারা পূর্বে ছিল,” একথা সদাপ্রভু ঘোষণা করেন।

27 “আমার দাস যাকোব, তোমরা ভয় কোরো না;

ও ইস্রায়েল, তোমরা নিরাশ হোয়ো না।

আমি নিশ্চয়ই তোমাকে দূরবর্তী দেশ থেকে রক্ষা করব,

তোমার বংশধরদের নির্বাসনের দেশ থেকে উদ্ধার করব।

যাকোব পুনরায় শান্তি ও সুরক্ষা লাভ করবে,

আর কেউ তাকে ভয় দেখাতে পারবে না।

28 হে যাকোব, আমার দাস, তুমি ভয় কোরো না,

কারণ আমি তোমার সঙ্গে আছি,” সদাপ্রভু এই কথা বলেন।

“যাদের মধ্যে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম,

সেই অন্য সব জাতিকে যদিও সম্পূর্ণরূপে ধ্বংস করি,

আমি তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না।

আমি কেবলমাত্র বিচার করে তোমাকে শাস্তি দেব,

আমি কোনোমতেই তোমাকে অদণ্ডিত রাখব না।”

প্রতিমাপূজকদের বিরুদ্ধে যিরমিয়ের শেষ ভবিষ্যদ্বাণীগুলি

প্রতিমাপূজক ইহুদিদের ও মিশরের বিরুদ্ধে যিরমিয়ের শেষ ভবিষ্যদ্বাণীগুলি।

যিরমিয় 44

1 সদাপ্রভুর বাক্য সেইসব ইহুদির উদ্দেশে যিরমিয়ের কাছে উপস্থিত হল, যারা উত্তর মিশরের নিম্নাঞ্চলে মিগ্‌দোল, তফন্‌হেষ ও মেম্ফিসে এবং দক্ষিণ মিশরের উচ্চতর স্থানগুলিতে বসবাস করত। 2 “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, জেরুশালেমে ও যিহূদার সব নগরে আমি যে বিপর্যয় নিয়ে এসেছিলাম, তা তোমরা দেখেছ। সেগুলি আজও জনমানবহীন ও ধ্বংস হয়ে পড়ে আছে। 3 তারা যে সমস্ত অন্যায় করেছিল, সেগুলির কারণেই এরকম হয়েছে। তারা অন্যান্য দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করে তাদের উপাসনা করেছিল, যাদের কথা তোমরা বা তোমাদের পিতৃপুরুষেরা কেউই কখনও জানত না। 4 বারবার আমি তাদের কাছে আমার দাস ভাববাদীদের পাঠিয়েছি, যারা বলত, ‘আমি যা ঘৃণা করি, তোমরা সেইসব ঘৃণ্য কর্ম কোরো না!’ 5 কিন্তু তারা সেই কথা শোনেনি, তাতে মনোযোগও দেয়নি। তারা নিজেদের দুষ্টতার আচরণ থেকে বিমুখ হয়নি বা অন্য সব দেবদেবীর কাছে ধূপদাহ করতেও নিবৃত্ত হয়নি। 6 সেই কারণে আমার প্রচণ্ড ক্রোধ বর্ষিত হয়েছে, যা যিহূদার নগরগুলি ও জেরুশালেমের পথে পথে প্রজ্বলিত হয়েছিল। আর সেগুলি এখন যেমন আছে, তেমনই পরিত্যক্ত ধ্বংসস্তূপ হয়ে রয়েছে।

7 “এখন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, তোমরা কেন তোমাদের নিজেদের বিরুদ্ধে বিপর্যয় ঘটতে দিচ্ছ? এরকম করলে তো তোমরা স্ত্রী-পুরুষ, ছেলেমেয়ে ও দুগ্ধপোষ্য শিশুসমেত সবাইকেই যিহূদার মধ্য থেকে এমনভাবে উচ্ছিন্ন করবে যে, তোমাদের কেউই আর অবশিষ্ট থাকবে না। 8 কেন তোমরা তোমাদের হাতে তৈরি বিগ্রহগুলির জন্য আমার ক্রোধ উদ্রেক করছ? যে মিশরে তোমরা বসবাসের জন্য এসেছ, সেখানে কেন অন্য সব দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করছ? তোমরা নিজেদের ধ্বংস করবে এবং পৃথিবীর সব জাতির কাছে নিজেদের এক অভিশাপ ও দুর্নামের পাত্র করবে। 9 তোমাদের পিতৃপুরুষেরা যে দুষ্টতার কাজগুলি করেছিল, যিহূদার রাজা ও রানিরা এবং দুষ্টতার যে কাজগুলি তোমরা ও তোমাদের স্ত্রীরা যিহূদায় ও জেরুশালেমের পথে পথে করেছিলে, সেগুলি কি তোমরা ভুলে গিয়েছ? 10 আজও পর্যন্ত তারা নিজেদের নতনম্র করেনি বা ভয়ও করেনি। তারা আমার বিধান ও তোমাদের সামনে আমি যে বিধিনিয়ম তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের কাছে স্থাপন করেছিলাম, তা তারা পালন করেনি।

11 “সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, আমি তোমাদের উপরে বিপর্যয় এনে সমস্ত যিহূদাকে ধ্বংস করার জন্য মনস্থির করেছি। 12 যারা মিশরে গিয়ে বসবাস করার জন্য দৃঢ়সংকল্প হয়েছিল, আমি তাদের অপসারিত করব। তারা সবাই মিশরে বিনষ্ট হবে। তারা তরোয়ালের আঘাতে অথবা দুর্ভিক্ষে মৃত্যুবরণ করবে। ক্ষুদ্র-মহান নির্বিশেষে, তারা তরোয়ালের আঘাতে অথবা দুর্ভিক্ষে মারা যাবে। তারা অভিশাপ ও বিভীষিকার, বিনাশ ও দুর্নামের পাত্রস্বরূপ হবে। 13 আমি যেভাবে জেরুশালেমকে শাস্তি দিয়েছিলাম, তেমনই যারা মিশরে বসবাস করবে, তাদের তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির আঘাতে শাস্তি দেব। 14 যিহূদার অবশিষ্ট লোকেরা, যারা মিশরে বসবাস করার জন্য গিয়েছে, তারা কেউই যিহূদার দেশে, যে দেশে তারা ফিরে আসতে ও বসবাস করতে চায়, সেই দেশে ফিরে আসার জন্য শাস্তি এড়াতে বা বেঁচে থাকতে পারবে না। কয়েকজন পলাতক ব্যক্তি ছাড়া আর কেউই ফিরে আসতে পারবে না।”

15 তখন যে সকল পুরুষ জানত যে, তাদের স্ত্রীরা অন্য দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করেছে, সেখানে উপস্থিত অন্য স্ত্রীলোকদের সঙ্গে, নিম্নতর ও উচ্চতর মিশরে বসবাসকারী সব মানুষ, এক বিশাল জনতা যিরমিয়কে বলল, 16 “আপনি সদাপ্রভুর নামে আমাদের কাছে যে কথা বলেছেন, আমরা সেকথা শুনব না। 17 আমরা যা বলেছি, সেসবই নিশ্চিতরূপে করব। আমরা আকাশ-রানির উদ্দেশ্যে ধূপদাহ করব এবং তার উদ্দেশ্যে পেয়-নৈবেদ্য উৎসর্গ করব, ঠিক যেভাবে আমরা ও আমাদের পিতৃপুরুষেরা, আমাদের রাজারা ও আমাদের রাজকর্মচারীরা যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে করতাম। সেই সময় আমাদের কাছে প্রচুর খাদ্যদ্রব্য ছিল। আমাদের অবস্থাও বেশ ভালো ছিল এবং আমরা কোনো ক্ষতির সম্মুখীন হইনি। 18 কিন্তু যখন থেকে আমরা আকাশ-রানির উদ্দেশে ধূপদাহ ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা বন্ধ করেছি, তখন থেকে আমাদের সব বস্তুর অভাব হচ্ছে এবং আমরা তরোয়ালের আঘাতে ও দুর্ভিক্ষের কারণে ধ্বংস হচ্ছি।”

19 সেই স্ত্রীলোকেরা আরও বলল, “যখন আমরা আকাশ-রানির উদ্দেশে ধূপদাহ ও তার উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করতাম, আমাদের স্বামীরা কি জানতেন না যে আমরা আকাশ-রানির প্রতিকৃতিতে পিঠে তৈরি করতাম ও তার উদ্দেশ্যে পানীয়-নৈবেদ্য উৎসর্গ করতাম?”

20 তখন যিরমিয়, যারা তাঁর কথার প্রত্যুত্তর করেছিল, সেই স্ত্রী ও পুরুষ সকলের উদ্দেশে বললেন, 21 “সদাপ্রভু কি স্মরণ করেননি এবং সেই বিষয়ে চিন্তা করেননি, যে তোমরা, তোমাদের পিতৃপুরুষেরা, তোমাদের রাজারা ও তোমাদের রাজকর্মচারীরা ও দেশের অন্যান্য সমস্ত লোক যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে ধূপদাহ করতে? 22 সদাপ্রভু যখন তোমাদের দুষ্টতার ক্রিয়াকলাপ ও তোমাদের ঘৃণ্য সব কাজকর্ম সহ্য করতে পারলেন না, তখন তোমাদের দেশ এক অভিশাপের পাত্র ও জনমানবহীন পরিত্যক্ত স্থানে পরিণত হল, যেমন তা আজও আছে। 23 যেহেতু তোমরা বিভিন্ন দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছ এবং তাঁর কথা শোনোনি বা তাঁর বিধান, বিধিনিয়ম বা তাঁর বিধিনিষেধ মান্য করোনি, এই বিপর্যয় তোমাদের উপরে নেমে এসেছে, যেমন আজ তোমরা দেখতে পাচ্ছ।”

24 তারপর যিরমিয় সব পুরুষ এবং সব স্ত্রীলোকদের বললেন, “মিশরে বসবাসকারী যিহূদার লোকেরা, তোমরা সবাই সদাপ্রভুর এই বাক্য শোনো। 25 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, তোমরা ও তোমাদের স্ত্রীরা এই বলে প্রতিজ্ঞা করেছিলে, ‘আমরা নিশ্চয়ই আকাশ-রানির উদ্দেশ্যে ধূপদাহ ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করার শপথ পূর্ণ করব, তা তোমাদের কাজের মধ্য দিয়ে তোমরা দেখিয়েছ।’

“এখন তাহলে যাও, তোমাদের প্রতিজ্ঞা অনুসারে কাজ করো! তোমাদের শপথ পূর্ণ করো! 26 কিন্তু মিশরে বসবাসকারী সমস্ত ইহুদি সদাপ্রভুর এই বাক্য শোনো: সদাপ্রভু বলেন, ‘আমি আমারই মহৎ নামের শপথ করে বলছি, মিশরের মধ্যে বসবাসকারী কোনও ইহুদি আমার নাম নিয়ে শপথ করে আর বলবে না, “জীবন্ত সার্বভৌম সদাপ্রভুর দিব্যি।” 27 কারণ তাদের ক্ষতিসাধনের জন্য আমি তাদের উপরে দৃষ্টি রেখেছি, তাদের মঙ্গলের জন্য নয়। মিশরে স্থিত ইহুদিরা তরোয়াল ও দুর্ভিক্ষে বিনষ্ট হবে, যতক্ষণ না তাদের সবাই ধ্বংস হয়। 28 যারা তরোয়ালের আঘাত এড়িয়ে মিশর থেকে যিহূদার দেশে ফিরে আসবে, তারা সংখ্যায় অতি অল্পই হবে। তখন যিহূদার অবশিষ্ট সকলে যারা মিশরে বসবাস করার জন্য এসেছে, জানতে পারবে, কার কথা ঠিক থাকবে, আমার না তাদের।’

29 “সদাপ্রভু বলেন, ‘আমি তোমাদের এই স্থানে শাস্তি দেব, তার চিহ্ন এরকম হবে, যেন তোমরা জানতে পারো যে তোমাদের বিরুদ্ধে ক্ষতিসাধনের জন্য আমার ভীতিপ্রদর্শন অবশ্যই বাস্তবায়িত হবে।’ 30 সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি মিশরের রাজা ফরৌণ-হফ্রাকে, যারা তার প্রাণনাশ করতে চায়, তার সেই শত্রুদের হাতে সমর্পণ করতে চলেছি, যেমন আমি যিহূদার রাজা সিদিকিয়কে, তার শত্রু ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাতে সমর্পণ করেছিলাম, যে তার প্রাণনাশ করতে চেয়েছিল।’ ”

নেবুখাদনেজারের ইহুদিদের বন্দি করে নিয়ে যাওয়ার ঘটনাগুলির পুনর্বিবরণ

নেবুখাদনেজারের ইহুদিদের বন্দি করে নিয়ে যাওয়ার ঘটনাগুলির সংক্ষিপ্তসার।

যিরমিয় 52:28–30

28 নেবুখাদনেজার যাদের নির্বাসনে নিয়ে যান, তাদের সংখ্যা এরকম:

সপ্তম বছরে

3,023 জন ইহুদি;

29 নেবুখাদনেজারের রাজত্বের আঠারোতম বছরে

জেরুশালেম থেকে 832 জন;

30 তাঁর রাজত্বের তেইশতম বছরে,

রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, 745 জন ইহুদিকে নির্বাসনে নিয়ে যান।

লোকদের সর্বমোট সংখ্যা ছিল 4,600 জন।