ভাগ 4: প্রত্যাবর্তন পর্যন্ত ব্যাবিলনের ঘটনাবলি
জেরুশালেম ধ্বংস থেকে বন্দিত্ব থেকে ফিরে আসা পর্যন্ত ব্যাবিলনের ঘটনাবলি।
যিহিষ্কেল জেরুশালেমের পতনের সংবাদ পান
জেরুশালেমের ধ্বংসের সংবাদ পেয়ে যিহিষ্কেল যিহূদিয়ার সম্পূর্ণ ধ্বংসদশা এবং ইহুদিদের শত্রু পার্শ্ববর্তী জাতিগুলির ওপর ঈশ্বরের বিচারের ভবিষ্যদ্বাণী করেন।
587 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
21 আমাদের নির্বাসনের বারো বছর দশ মাসের পাঁচ দিনের দিন, একজন লোক জেরুশালেম থেকে পালিয়ে আমার কাছে এসে বলল, “শত্রুরা নগর অধিকার করেছে!” 22 সেই লোক আমার কাছে পৌঁছাবার আগের বিকালে, সদাপ্রভুর হাত আমার উপরে ছিল, এবং সেই লোক সকালে আমার কাছে আসার আগেই তিনি আমার মুখ খুলে দিলেন। সেই কারণে আমার মুখ খুলে গিয়েছিল এবং আমি আর নীরব থাকতে পারলাম না।
23 পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 24 “হে মানবসন্তান, ইস্রায়েল দেশের ধ্বংসস্থানে যারা বাস করছে তারা বলছে, ‘অব্রাহাম মাত্র একজন মানুষ হয়েও দেশের অধিকার পেয়েছিলেন। কিন্তু আমরা তো অনেকজন; নিশ্চয়ই দেশটা আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে।’ 25 অতএব তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা রক্তশুদ্ধ মাংস খাচ্ছ, প্রতিমাগুলির প্রতি দৃষ্টিপাত করছ এবং রক্তপাত করছ, তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে? 26 তোমরা তো তরোয়ালের উপর নির্ভর করছ, তোমরা ঘৃণ্য কাজ করছ ও প্রত্যেকে নিজের প্রতিবাসীর স্ত্রীকে অশুচি করছ। তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে?’
27 “তাদের এই কথা বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, যারা সেই ধ্বংসস্থানে আছে তারা যুদ্ধে মারা পড়বে, যারা মাঠে আছে তাদের খেয়ে ফেলার জন্য আমি বন্যপশুদের কাছে তাদের দেব এবং যারা দুর্গে ও গুহায় আছে তারা মহামারিতে মারা যাবে। 28 আমি দেশটাকে একটি জনশূন্য পতিত জায়গা করব, তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে এবং ইস্রায়েলের পাহাড়গুলি এত জনশূন্য হবে যে সেখান দিয়ে কেউ যাওয়া-আসা করবে না। 29 তাদের ঘৃণ্য কাজের জন্য আমি যখন দেশকে জনশূন্য করব তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’
30 “আর, হে মানবসন্তান, তোমার জাতির লোকেরা দেয়ালের পাশে ও ঘরের দরজায় একত্র হয়ে তোমার বিষয়ে বলাবলি করছে এবং একে অন্যকে বলছে, ‘সদাপ্রভুর কাছ থেকে যে সংবাদ এসেছে চলো, আমরা গিয়ে তা শুনি।’ 31 আমার লোকেরা তোমার কাছে আসে, যেমন তারা সাধারণত এসে থাকে, এবং তারা তোমার সামনে বসে ও তোমার কথা শোনে, কিন্তু তারা তা কাজে লাগায় না। মুখে তারা ভালোবাসার কথা বলে কিন্তু তাদের অন্তরে অন্যায় লাভের জন্য লোভ থাকে। 32 এই কথা সত্যি যে, তুমি তাদের কাছে কেবল মিষ্টি সুরে সুন্দরভাবে বাজনা বাজিয়ে ভালোবাসার গান গাওয়া একজন লোক ছাড়া আর কিছু নও, কারণ তারা তোমার কথা শোনে, কিন্তু তা পালন করে না।
33 “যখন এসব সত্যিই ঘটবে—আর তা নিশ্চয়ই ঘটবে—তখন তারা জানবে যে তাদের মধ্যে একজন ভাববাদী আছে।”
1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, তুমি অম্মোনীয়দের দিকে তোমার মুখ রেখে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলো। 3 তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভুর এই কথা শোনো। সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেহেতু তোমরা আমার পবিত্রস্থানের উপর “বাহবা!” বলেছিলে যখন সেই জায়গা অপবিত্র হতে দেখেছিলে ও ইস্রায়েল দেশকে পতিত জমি হতে দেখেছিলে এবং যিহূদার লোকদের বন্দি হয়ে নির্বাসনে যেতে দেখেছিলে, 4 এই জন্য আমি তোমাদের অধিকার করার জন্য পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব। তারা তোমাদের দেশে তাদের তাঁবু খাটিয়ে তোমাদের মধ্যে বাস করবে; তারা তোমাদের ফল খাবে ও দুধ পান করবে। 5 আমি রব্বাকে উটের চারণভূমি ও অম্মোনকে মেষের বিশ্রামস্থান করব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু। 6 কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, কারণ তোমরা ইস্রায়েল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং অন্তরের সঙ্গে তাকে হিংসা করে আনন্দ করেছ, 7 এই জন্য তোমাদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং লুটের জিনিস হিসেবে অন্য জাতিদের হাতে তোমাদের তুলে দেব। জাতিগণের মধ্যে থেকে তোমাকে কেটে ফেলব এবং সকল দেশের মধ্যে থেকে তোমাকে উচ্ছিন্ন করব। আমি তোমাকে ধ্বংস করব, তাতে তুমি জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
8 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু মোয়াব এবং সেয়ীর বলেছে, “দেখো, যিহূদা কুল অন্যান্য জাতিদের মতো হয়ে গেছে,” 9 এই জন্য আমি মোয়াবের সীমানা খুলে দেব, তার সামনের নগর থেকে শুরু করে, তাদের গৌরবের নগর—বেথ-যিশীমোৎ, বায়াল-মিয়োন ও কিরিয়াথয়িম। 10 আমি অম্মোনীয়দের সঙ্গে মোয়াবকেও পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব, যেন জাতিদের মধ্যে অম্মোনীয়দের কথা লোকে ভুলে যায়; 11 আর আমি মোয়াবকেও শাস্তি দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
12 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু ইদোম যিহূদা কুলের উপর প্রতিশোধ নিয়ে খুব অন্যায় করেছে, 13 এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি ইদোমের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং সেখানকার মানুষ ও পশুকে মেরে ফেলব। আমি সেটি ধ্বংসস্থান করে রাখব এবং তৈমন থেকে দদান পর্যন্ত তরোয়ালে মারা পড়বে। 14 আমি আমার লোক ইস্রায়েলের হাত দিয়ে ইদোমের উপর প্রতিশোধ নেব, আর তারা আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধ অনুসারে ইদোমের বিরুদ্ধে কাজ করবে; তখন তারা আমার প্রতিশোধ জানতে পারবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ”
15 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু ফিলিস্তিনীরা হিংসার মনোভাব নিয়ে যিহূদার উপর প্রতিশোধ নিয়েছে, এবং পুরানো শত্রুতার মনোভাব নিয়ে যিহূদাকে ধ্বংস করতে চেয়েছে, 16 এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ফিলিস্তিনীদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব, আর আমি করেথীয়দের কেটে ফেলব এবং সাগরের কিনারা বরাবর বাকি লোকদের ধ্বংস করব। 17 আমি তাদের উপর ভীষণ প্রতিশোধ নেবার জন্য আমার ক্রোধে তাদের শাস্তি দেব। আমি যখন তাদের উপর প্রতিশোধ নেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’ ”