সোরের ধ্বংস
587 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 একাদশ বছরে, এগারো মাসের প্রথম দিনে, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, যেহেতু জেরুশালেম সম্বন্ধে সোর বলেছিল, ‘বাহবা! অন্যান্য জাতিগণের কাছে যাবার প্রধান ফটক ভেঙে গেছে, এবং তার দরজাগুলি আমার কাছে পুরোপুরি খুলে গেছে; এখন যখন সে ধ্বংস হয়ে পড়ে আছে আমার উন্নতি হবে,’ 3 সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, আমি তোমার বিরুদ্ধে, আর সমুদ্র যেমন তার ঢেউ উঠায় তেমনি করে আমি অনেক জাতিকে তোমার বিরুদ্ধে নিয়ে আসব। 4 তারা সোরের প্রাচীর এবং উঁচু দুর্গগুলি ধ্বংস করবে; আমি তার ধুলা ময়লা চেঁচে ফেলে তাকে পাথরের মতো করে দেব। 5 সে সমুদ্রের বুকে জাল শুকাবার জায়গা হবে, কারণ আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। সে জাতিদের লুটের জিনিস হবে, 6 তার মূল ভূখণ্ডে বসতিগুলি তরোয়াল দ্বারা ধ্বংসিত হবে। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
7 “কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, আমি উত্তর দিক থেকে ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও বিরাট সৈন্যবাহিনীর সঙ্গে রাজাদের রাজা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে নিয়ে আসব। 8 সে তোমার মূল ভূখণ্ডের বসতিগুলি তরোয়াল দ্বারা ধ্বংস করবে; তোমাদের বিরুদ্ধে অবরোধ তৈরি করবে, তোমার দেওয়ালের সঙ্গে লাগিয়ে একটি ঢালু ঢিবি বানাবে আর তোমার বিরুদ্ধে তার ঢাল উঁচু করবে। 9 সে প্রাচীর ভাঙার যন্ত্র দিয়ে তোমার প্রাচীরে আঘাত করবে তার অস্ত্রগুলি দিয়ে তোমার উঁচু দুর্গগুলি ধ্বংস করবে। 10 তার এত বেশি ঘোড়া থাকবে যে, সেগুলি তোমাকে ধুলোয় ঢেকে দেবে। ভাঙা প্রাচীরের মধ্য দিয়ে লোকে যেমন নগরে ঢোকে তেমনি করে সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার দ্বারগুলির মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার প্রাচীরগুলি কাঁপবে। 11 তার ঘোড়াগুলির খুর তোমার সব রাস্তা মাড়াবে; সে তোমার লোকদের তরোয়াল দিয়ে মেরে ফেলবে, এবং তোমার শক্ত শক্ত থামগুলি মাটিতে পড়ে যাবে। 12 তারা তোমার সম্পত্তি ও তোমার বাণিজ্যের জিনিসপত্র লুট করবে; তারা তোমার প্রাচীর ভেঙে ফেলবে ও তোমার সুন্দর বাড়িগুলি ধ্বংস করবে এবং তোমার পাথর, কাঠ ও ধুলো সমুদ্রে ফেলে দেবে। 13 আমি তোমার গানের শব্দ থামিয়ে দেব এবং তোমার বীণার সংগীত আর শোনা যাবে না। 14 আমি তোমাকে শুষ্ক পাথর করব, আর তুমি হবে জাল শুকানোর জায়গা। তোমাকে আর তৈরি করা হবে না, কেননা আমি সদাপ্রভু এই কথা বললাম, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
15 “সার্বভৌম সদাপ্রভু সোরকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে এবং তোমার মধ্যে যে নরহত্যা হয়েছে তাতে কি উপকূল সকল কেঁপে উঠবে না? 16 তখন উপকূলের সমস্ত শাসনকর্তারা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলি খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সবসময় কাঁপতে থাকবে, ও তোমাকে দেখে হতভম্ব হবে। 17 তখন তারা তোমার বিষয়ে বিলাপ করে তোমাকে বলবে:
“ ‘হে নাম করা নগর, তুমি কেমন করে ধ্বংস হয়ে গেলে,
তোমার লোকেরা তো সমুদ্রে চলাচল করত!
সমুদ্রে তোমরা শক্তিশালী ছিলে,
তুমি এবং তোমার অধিবাসীরা;
যারা সেখানে বাস করত
তুমি তাদের ভয় দেখাতে।
18 এখন তোমার পতনের দিনে
উপকূল কাঁপছে;
সমুদ্রের দ্বীপ সকল
তোমার পতনে আতঙ্কগ্রস্ত।’
19 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি যখন তোমাকে জনশূন্য নগর করব, অন্যান্য নগরের মতো যেখানে কেউ বাস করে না, আর যখন মহাসমুদ্রের জল তোমার উপরে আনব ও তার জলের রাশি তোমাকে ঢেকে দেবে, 20 তখন আমি তোমাকে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে পুরানো দিনের লোকদের কাছে নিচে নামিয়ে দেব। আমি তোমাকে পৃথিবীর গভীরে পুরানো দিনের ধ্বংসস্থানের মধ্যে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে বাস করাব, তুমি আর ফিরে আসবে না অথবা জীবিতদের দেশে তোমার স্থান হবে না। 21 আমি তোমাকে ভয়ংকরভাবে শেষ করে দেব এবং তুমি আর থাকবে না। লোকেরা তোমার খোঁজ করবে, কিন্তু তোমাকে আর কখনও পাওয়া যাবে না, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”
27:1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, তুমি সোরের বিষয়ে বিলাপ করো। 3 সোরকে বলো, সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, অনেক উপকূলে জাতিগণের বণিক, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘হে সোর, তুমি বলো,
“আমি সৌন্দর্যে নিখুঁত।”
4 সমুদ্রের মধ্যে তোমার রাজ্য;
তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।
5 তারা সনীর থেকে দেবদারু গাছ দিয়ে
তোমার সমস্ত তক্তা তৈরি করেছে;
লেবাননের সিডার গাছ নিয়ে
তোমার জন্য মাস্তুল তৈরি করেছে।
6 বাশন দেশের ওক কাঠ দিয়ে
তোমার দাঁড়গুলি তৈরি করেছে;
সাইপ্রাসের উপকূল থেকে চিরহরিৎ গাছের কাঠ এনে
তারা তোমার পাটাতন বানিয়ে হাতির দাঁত দিয়ে সাজিয়েছে।
7 মিশরের সুন্দর নকশা তোলা মসিনার কাপড় দিয়ে তোমার পাল তৈরি করা হয়েছিল
এবং সেটি তোমার পতাকা হিসেবে ব্যবহার হত;
ইলীশা থেকে আনা
নীল আর বেগুনি কাপড় ছিল তোমার চাঁদোয়া।
8 সীদোন ও অর্বদের লোকেরা তোমার দাঁড় বাইত;
হে সোর, দক্ষ লোকেরা তোমার নাবিক ছিল।
9 গবালের প্রাচীনেরা দক্ষ লোক হিসেবে
তোমার মধ্যে মেরামতের কাজ করত।
সমুদ্রের সব জাহাজ ও তাদের নাবিকেরা তোমার
জিনিসপত্র দেওয়া-নেওয়া করার জন্য তোমার পাশে ভিড়ত।
10 “ ‘পারস্য, লূদ ও পূট দেশের লোকেরা
তোমার সৈন্যদলে যোদ্ধার কাজ করত।
তারা তাদের ঢাল ও মাথা রক্ষার টুপি তোমার দেয়ালে টাঙিয়ে
তোমার জাঁকজমক বাড়িয়ে তুলত।
11 অর্বদ ও হেলেকের লোকেরা
তোমার চারপাশের প্রাচীরের উপর পাহারা দিত;
গাম্মাদের লোকেরা
তোমার উঁচু দুর্গ চৌকি দিত।
তোমার চারপাশের দেয়ালে তারা তাদের ঢাল টাঙিয়ে রাখত;
তোমার সৌন্দর্যের সম্পূর্ণতা তারাই এনেছিল।
12 “ ‘তোমার প্রচুর ধনসম্পদের জন্য তর্শীশ তোমার সঙ্গে ব্যবসা করত; রুপো, লোহা, দস্তা ও সীসার বদলে তারা তোমার জিনিস নিত।
13 “ ‘গ্রীস, তূবল ও মেশক তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসপত্রের বদলে দিত দাস-দাসী ও ব্রোঞ্জের পাত্র।
14 “ ‘তোমার জিনিসপত্রের বদলে বৈৎ-তোগর্মের লোকেরা দিত ঘোড়া, যুদ্ধের ঘোড়া ও খচ্চর।
15 “ ‘দদানের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা করত, এবং উপকূলের অনেকেই তোমার ক্রেতা ছিল; তারা হাতির দাঁত ও আবলুস কাঠ দিয়ে তোমার দাম মিটাত।
16 “ ‘তোমার তৈরি অনেক জিনিসের জন্য অরাম তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত ফিরোজা মণি, বেগুনি কাপড়, নকশা তোলা কাপড়, মসিনা কাপড়, প্রবাল ও পদ্মরাগমণি।
17 “ ‘যিহূদা ও ইস্রায়েল তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসের বদলে মিন্নীতের গম, খাবার জিনিস, মধু, তেল ও সুগন্ধি মলম দিত।
18 “ ‘তোমার তৈরি অনেক জিনিস ও প্রচুর ধনসম্পদের জন্য দামাস্কাস তোমার বণিক ছিল, তারা হিলবোনের দ্রাক্ষারস এবং জাহার থেকে পশম এনে ব্যবসা করত 19 এবং বদান ও যবন উষল থেকে লোকেরা এসে তোমার জিনিসপত্রের বদলে নিয়ে যেত পিটানো লোহা, নীরসে ধরনের দারুচিনি ও বচ।
20 “ ‘দদান তোমার সঙ্গে ঘোড়ার পিঠের গদির কাপড়ের ব্যবসা করত।
21 “ ‘আরব ও কেদরের শাসনকর্তারা ছিল তোমার ক্রেতা; তারা তোমার জিনিসের বদলে মেষের বাচ্চা, মেষ ও ছাগল দিত।
22 “ ‘শিবা ও রয়মার ব্যবসায়ীরা তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভালো ভালো মশলা, দামি পাথর ও সোনা।
23 “ ‘হারণ, কন্নী, এদন ও শিবার ব্যবসায়ীরা এবং আসিরিয়া ও কিলমদ তোমার সঙ্গে ব্যবসা করত। 24 তারা তোমার বাজারে সুন্দর সুন্দর পোশাক, নীল কাপড়, নকশা তোলা কাপড় এবং বিভিন্ন রংয়ের গালিচা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আনত।
25 “ ‘তর্শীশের জাহাজগুলি
তোমার জিনিসপত্র বয়ে নিয়ে আসত।
সমুদ্রের মাঝখানে ভারী জিনিসপত্র
নিয়ে তুমি পূর্ণ ছিলে।
26 যারা দাঁড় বাইত তারা তোমাকে
দূর সমুদ্রে নিয়ে যাবে।
কিন্তু সমুদ্রের মাঝখানে
পূবের বাতাসে তোমাকে টুকরো টুকরো করে দেবে।
27 তোমার ধনসম্পদ, ব্যবসার জিনিস ও অন্যান্য জিনিস,
তোমার নাবিকেরা, মেরামতকারীরা,
তোমার ব্যবসায়ীরা ও তোমার সব সৈন্যেরা
এবং তোমার জাহাজে থাকা অন্য সকলে
সমুদ্রের মাঝখানে ডুবে যাবে
যেদিন তোমার জাহাজডুবি হবে।
28 তোমার নাবিকদের চিৎকারে
সমুদ্রের পাড়ের জায়গাগুলি কেঁপে উঠবে।
29 যারা দাঁড় টানে তারা সবাই
তাদের জাহাজ ছেড়ে চলে যাবে;
নাবিকেরা সকলে সমুদ্রের
পাড়ে দাঁড়িয়ে থাকবে।
30 তারা তোমার জন্য চিৎকার করে
খুব কান্নাকাটি করবে;
তারা তাদের মাথায় ধুলা দেবে
ও ছাইয়ের মধ্যে গড়াগড়ি দেবে।
31 তোমার জন্য তারা তাদের মাথা কামিয়ে ফেলবে
এবং ছালার চট পরবে।
তারা মনের দুঃখে তোমার জন্য
বিলাপ করে করে কাঁদবে।
32 তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে
ও শোক করবে, তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে
“সমুদ্রে ঘেরা সোরের মতো করে আর কাউকে কি
চুপ করিয়ে দেওয়া হয়েছে?”
33 তোমার ব্যবসার জিনিসপত্র যখন সমুদ্রে বের হত তখন
তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে;
তোমার প্রচুর ধনসম্পদ ও জিনিসপত্র দিয়ে
তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।
34 তুমি এখন সমুদ্রের আঘাতে
গভীর জলের মধ্যে চুরমার হয়েছ;
তোমার জিনিসপত্র ও তোমার সব লোক
তোমার সঙ্গে ডুবে গেছে।
35 যারা উপকূলে বাস করে
তারা তোমার অবস্থা দেখে হতভম্ব;
তাদের রাজারা ভয়ে কেঁপে উঠছে
এবং তাদের মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে।
36 জাতিগণের মধ্যের ব্যবসায়ীরা তোমাকে দেখে টিটকারি দেয়;
তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ
আর তুমি থাকবে না।’ ”