লোকদের বিপথগামিতার জন্য যিরমিয়ের তিরস্কার
যোশিয়ের সংস্কারের পর লোকদের বিপথগামিতার জন্য যিরমিয় তাদের তিরস্কার করেন।
612 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
6 রাজা যোশিয়ের রাজত্বকালে, সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল যে কাজ করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেকটি উচ্চ পর্বতের উপরে উঠেছে এবং প্রত্যেকটি সবুজ বৃক্ষের তলায় গিয়েছে এবং সেখানে ব্যভিচার করেছে। 7 আমি ভেবেছিলাম, এসব কিছু করার পরে, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে এল না এবং তার অবিশ্বস্ত বোন যিহূদা তা দেখল। 8 অবিশ্বস্ত ইস্রায়েলের ব্যভিচারের জন্য তাকে আমি ত্যাগপত্র দিয়ে দূর করে দিয়েছি। কিন্তু তাতেও তার অবিশ্বস্তা বোন যিহূদার মধ্যে কোনো ভয় আমি দেখতে পেলাম না; সেও চলে গেল এবং ব্যভিচারে লিপ্ত হল। 9 যেহেতু ইস্রায়েলের নীতিভ্রষ্টতা তার কাছে গুরুত্বহীন তাই, সে দেশকে কলুষিত করেছে এবং কাঠ ও পাথরের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 10 কিন্তু এসব সত্ত্বেও, তার অবিশ্বস্ত বোন যিহূদা আন্তরিকতার সঙ্গে আমার কাছে ফিরে আসেনি, সে শুধু দুঃখিত হওয়ার ভান করেছে মাত্র,” সদাপ্রভু এই কথা বলেন।
11 সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল বিশ্বাসঘাতিনী যিহূদার চেয়ে বেশি ধার্মিক! 12 যাও, উত্তর দিকে গিয়ে এই কথা ঘোষণা করো।
“ ‘অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এসো,’ সদাপ্রভু ঘোষণা করেন,
‘আমি আর তোমার প্রতি বিরাগ ভাব দেখাব না,
কারণ আমি বিশ্বস্ত,’ সদাপ্রভু এই কথা বলেন।
‘আমি তোমার প্রতি চিরকাল ক্রোধী থাকব না।
13 তুমি কেবল তোমার দোষগুলি স্বীকার করো,
যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ,
প্রত্যেকটি সবুজ গাছের তলায়
বিজাতীয় দেবদেবীদের প্রতি বিছিয়ে দিয়েছ তোমার আনুগত্য
এবং আমার আজ্ঞাবহ হওনি,’ ”
সদাপ্রভু এই কথা বলেন।
14 সদাপ্রভু বলেন, “অবিশ্বস্ত লোকেরা, ফিরে এসো তোমরা, কারণ আমি তোমাদের স্বামী। আমি নগর থেকে তোমাদের একজন এবং গোষ্ঠী থেকে দুজন করে নির্বাচন করব ও সিয়োনে তোমাদের ফিরিয়ে আনব। 15 এরপর আমি আমার মনের মতো পালকদের তোমাদের দেব, যারা জ্ঞান ও বিচক্ষণতার সঙ্গে তোমাদের পথ দেখাবে। 16 সেই সময়ে দেশে তোমাদের সংখ্যা যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তখন লোকেরা আর ‘সদাপ্রভুর নিয়ম-সিন্দুক’ কথাটা বলবে না। সেকথা তাদের মনে আর প্রবেশ করবে না বা তা তাদের স্মরণেও আসবে না; তার বিরহে তারা দুঃখিত হবে না বা আর একটা সিন্দুকও তৈরি হবে না,” সদাপ্রভু এই কথা বলেন। 17 সেই সময়ে তারা জেরুশালেমকে, সদাপ্রভুর সিংহাসনরূপে অভিহিত করবে এবং সর্বজাতির লোক সদাপ্রভুর নামের সমাদর করার জন্য জেরুশালেমে একত্রিত হবে। তারা আর তাদের হৃদয়ের কঠিনতা অনুসারে চলবে না। 18 সেই দিনগুলিতে যিহূদা কুল ইস্রায়েল কুলের সঙ্গে সম্মিলিত হবে এবং তারা একসঙ্গে উত্তর দেশ থেকে ফিরে আসবে সেই দেশে, যে দেশ তোমাদের পূর্বপুরুষদের আমি অধিকারস্বরূপ দিয়েছিলাম।
19 “আমি নিজেই বলেছিলাম,
“ ‘আমি সানন্দে তোমাদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করব
এবং তোমাদের একটি সুন্দর দেশ দেব,
যা জাতিগণের মধ্যে সবচেয়ে মনোরম অধিকার।’
আমি ভেবেছিলাম, তোমরা আমাকে ‘বাবা’ বলে ডাকবে,
এবং আমার অনুসরণ করা থেকে বিরত হবে না।
20 কিন্তু হে ইস্রায়েল, স্বামীর প্রতি বিশ্বাসঘাতিনী একজন স্ত্রীর মতো
তোমরাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ,”
সদাপ্রভু এই কথা বলেন।
21 বৃক্ষশূন্য গিরিমালার উপরে কে যেন উচ্চকণ্ঠে কাঁদছে,
এই কান্না ও সনির্বন্ধ মিনতি ইস্রায়েল জাতির সন্তানদের।
কারণ তারা তাদের পথ কলুষিত করেছে
এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেছে।
22 “আমার অবিশ্বস্ত সন্তানরা, ফিরে এসো;
আমি তোমাদের বিপথগামিতার প্রতিকার করব।”
“হ্যাঁ, আমরা তোমার কাছে ফিরে আসব,
কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
23 সত্যিই পাহাড়ের উপরে এবং উপপর্বতসমূহের উপরে কৃত
প্রতিমাপূজার উচ্ছৃঙ্খলতা বিভ্রান্তিকর;
সত্যিই, আমাদের ঈশ্বর সদাপ্রভুতে
ইস্রায়েলের পরিত্রাণ।
24 লজ্জাজনক দেবদেবীরা আমাদের যৌবনকাল থেকে গ্রাস করেছে
আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল,
তাদের গোমেষাদি ও পশুপাল,
তাদের পুত্র ও কন্যাদের।
25 এসো, আমরা এখন লজ্জায় শয়ন করি
এবং আমাদের অপমান আমাদের আচ্ছাদিত করুক।
আমরা ও আমাদের পূর্বপুরুষ উভয়েই
আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি;
আমাদের যৌবনকাল থেকে আজকের দিন পর্যন্ত,
আমরা ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হইনি।”
যিরমিয় বন্দিদশার দুঃখকষ্ট আগে থেকেই দেখতে পান
যিরমিয় ভাববাদী হিসেবে আসন্ন বন্দিদশার দুঃখকষ্টের বর্ণনা আগেই দেন।
1 সদাপ্রভু বলেন, “হে ইস্রায়েল, তোমরা যদি ফিরতে চাও,
তবে ফিরে এসো আমার কাছে।”
“তোমরা যদি আমার চোখের সামনে থেকে তোমাদের ওইসব ঘৃণ্য প্রতিমাকে ছুঁড়ে ফেলো,
এবং আর কখনোই বিপথগামী না হও,
2 এবং সত্যে, ন্যায়পরায়ণতায় ও ধার্মিকতায়
তোমরা শপথ করে বলো, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’
তাহলে জগতের জাতিগুলি তাঁর আশীর্বাদ যাচ্ঞা করবে,
এবং তাঁর নামের প্রশংসা করবে।”
3 যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছে সদাপ্রভু এই কথা বলেন:
“তোমরা পতিত ভূমি কর্ষণ করো
এবং কাঁটাঝোপে বীজবপন কোরো না।
4 তোমরা সদাপ্রভুর উদ্দেশে ছিন্নত্বক হও,
তোমাদের হৃদয়ের ত্বক দূর করে ফেলো,
হে যিহূদার লোকসকল ও জেরুশালেম নিবাসীরা,
তা না হলে তোমাদের কৃত যাবতীয় পাপের জন্য,
আমার ক্রোধ জ্বলে উঠবে আগুনের মতো হবে,
যে আগুন কেউ নেভাতে পারবে না।
5 “যিহূদায় প্রচার করো এবং জেরুশালেমে ঘোষণা করে বলো:
‘তোমরা সমগ্র দেশে তূরীধ্বনি করো!’
চিৎকার করে বলো:
‘তোমরা একত্রিত হও!
চলো, আমরা সুরক্ষিত নগরগুলিতে পলায়ন করি!’
6 সিয়োনের দিকে যাওয়ার জন্য পতাকা তুলে ধরো!
রক্ষা পাওয়ার জন্য এক্ষুনি পালাও, দেরি কোরো না!
কেননা আমি উত্তর দিক থেকে ধ্বংস নিয়ে আসছি,
তা এক ভয়ংকর বিনাশ।”
7 এক সিংহ তার গুহা থেকে বেরিয়ে এসেছে;
জাতিদের ধ্বংসকারী একজন যাত্রা শুরু করেছে।
সে তার স্বস্থান থেকে বের হয়েছে
তোমার দেশকে ধ্বংস করার জন্য।
তোমার নগরগুলি পরিণত হবে ধ্বংসস্তূপে,
সেগুলি হবে জনবসতিহীন।
8 তাই শোকপ্রকাশের চটবস্ত্র পরে নাও
এবং বিলাপ ও হাহাকার করো,
কেননা সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ
আমাদের দিক থেকে ফেরেনি।
9 সদাপ্রভু বলেন, “সেদিন,
রাজার ও তাঁর কর্মচারীদের হৃদয় ভয়ে কাঁপবে,
যাজকেরা আতঙ্কিত হবে
এবং ভাববাদীরা স্তম্ভিত হবে।”
10 তখন আমি বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি এই লোকেদের এবং জেরুশালেমকে এই কথা বলে পুরোপুরি প্রতারণা করলে যে, ‘তোমরা শান্তি পাবে,’ অথচ তরোয়াল এখন একেবারে আমাদের গলার কাছে!”
11 সেই সময়ে এই লোকেদের এবং জেরুশালেমকে বলা হবে, “এক উষ্ণ বায়ু মরুপ্রান্তরের বৃক্ষশূন্য পর্বতের দিক থেকে বয়ে আসছে আমার জাতির দিকে, কিন্তু তা শস্য ঝাড়াই বা পরিষ্কার করার জন্য নয়; 12 এ আমার পাঠানো তার চেয়েও প্রচণ্ড শক্তিশালী এক বায়ু। এবার আমি তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করব!”
13 দেখো! সে এগিয়ে আসছে মেঘের মতো,
তার রথগুলি আসছে ঘূর্ণিবায়ুর মতো।
তাদের অশ্বেরা ঈগলের চেয়েও বেগবান,
হায়, হায়! আমরা আজ ধ্বংস হয়ে গেলাম!
14 হে জেরুশালেম, রক্ষা পাওয়ার জন্য তোমার হৃদয়
থেকে দুষ্টতা ধুয়ে তা পরিষ্কার করো।
কত কাল তুমি তোমার মন্দ চিন্তাগুলি মনে পুষে রাখবে?
15 দান নগর থেকে কোনও প্রচারকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে,
যা ইফ্রয়িমের পর্বতমালা থেকে ধ্বংসের বার্তা ঘোষণা করছে।
16 “এই কথা চারপাশের জাতিগুলিকে বলো,
জেরুশালেমের বিষয়ে ঘোষণা করো:
‘বহু দূরবর্তী দেশ থেকে অবরোধকারী এক সেনাবাহিনী আসছে,
যিহূদার নগরগুলির বিরুদ্ধে তারা রণহুঙ্কার দিচ্ছে।
17 কোনো মাঠের চারপাশে পাহারাদার যেমন, ঠিক তেমনই তারা জেরুশালেমকে ঘিরে ধরেছে,
কেননা সে আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে,’ ”
সদাপ্রভু এই কথা বলেন।
18 “তোমার পথ ও তোমার কৃতকর্ম
তোমার উপরে এসব নিয়ে এসেছে।
এই তোমার শাস্তি।
কী তিক্ত এই শাস্তি!
যা বিদ্ধ করে হৃদয়কে!”
19 আহ্, এ আমার কি নিদারুণ মনোবেদনা, কী নিদারুণ মনোবেদনা!
আমি যন্ত্রণায় ছটফট করছি।
আহা, আমার হৃদয়ে এ এক নিদারুণ যন্ত্রণা!
আমার হৃদয় উদ্বেগে ধকধক করছে,
আমি নীরব থাকতে পারছি না।
কেননা আমি তূরীর শব্দ শুনেছি;
আমি রণহুঙ্কারের শব্দ শুনেছি।
20 একের পর এক বিপর্যয় আছড়ে পড়ছে;
সমগ্র দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত।
এক নিমেষে আমার তাঁবুগুলি
এবং এক মুহূর্তে আমার আশ্রয়স্থানগুলি ধ্বংস হয়ে গেল।
21 আর কত দিন যুদ্ধের পতাকা আমাকে দেখতে হবে এবং তূরীর ধ্বনি শুনতে হবে?
22 “আমার প্রজারা মূর্খ;
তারা আমাকে জানে না।
তারা নির্বোধ সন্তান;
তাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই।
অন্যায় করতে তারা পটু,
কিন্তু উত্তম কাজ কীভাবে করতে হয়, তা তারা জানে না।”
23 আমি পৃথিবীর দিকে তাকালাম
এবং তা ছিল নিরাকার ও শূন্য;
আমি তাকালাম আকাশের দিকে
এবং সেখানকার আলো ছিল নির্বাপিত।
24 আমি পর্বতমালার দিকে তাকালাম,
এবং সেগুলি কাঁপছিল;
সকল উপপর্বতগুলি টলছিল।
25 আমি তাকালাম এবং দেখলাম কোথাও জনমানব নেই;
উড়ে গেছে আকাশের সব কটা পাখি।
26 আমি তাকালাম এবং দেখলাম উর্বর দেশটি এখন একটি মরুভূমি;
তার প্রতিটি নগর সদাপ্রভুর সামনে,
তাঁর ভয়ংকর রোষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
27 সদাপ্রভু এই কথা বলেন:
“সমস্ত দেশ বিধ্বস্ত হবে,
কিন্তু তবুও তা আমি সম্পূর্ণরূপে ধ্বংস করব না।
28 এজন্য পৃথিবী শোক করবে
এবং আকাশমণ্ডল অন্ধকার হবে,
কেননা একথা আমি বলেছি এবং আমি নরম হব না,
আমি মনস্থির করেছি এবং তার কোনও পরিবর্তন করব না।”
29 অশ্বারোহী ও ধনুর্ধারীদের চিৎকারে
প্রতিটি নগর পলায়ন করে।
তাদের কেউ ঘন ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে;
কেউ বা পাহাড়-পর্বতে উঠে পড়ে।
প্রতিটি নগর পরিত্যক্ত;
কোনও মানুষ সেখানে আর বাস করে না।
30 ওহে ছারখার হয়ে যাওয়া পুরী, তুমি কী করছ?
কেন তুমি লাল রংয়ের পোশাক পরিধান করছ
এবং স্বর্ণালংকারে নিজেকে সাজাচ্ছো?
কেন তুমি তোমার দুই চোখে রূপটান দিচ্ছ?
এইভাবে তোমার নিজেকে পরিপাটি করে তোলা অসার।
তোমার প্রেমিকেরা তোমাকে অবজ্ঞা করে;
তারা তোমাকে হত্যা করতে চায়।
31 প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর কান্নার মতো আমি একটি কান্না শুনতে পাচ্ছি,
সেই গোঙানি এমন, যেন কেউ তার প্রথম সন্তানের জন্ম দিচ্ছে,
এই কান্না আসলে সিয়োন-কন্যার,
যে শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে, দু-হাত বিস্তার করছে এবং বলছে,
“হায়! আমি মূর্চ্ছিতপ্রায়,
কারণ আমার প্রাণকে হত্যাকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।”