যিরমিয় বন্দিদশার দুঃখকষ্ট আগে থেকেই দেখতে পান (continued)
যিরমিয় ভাববাদী হিসেবে আসন্ন বন্দিদশার দুঃখকষ্টের বর্ণনা আগেই দেন।
612 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 সদাপ্রভু বলেন, “তোমরা জেরুশালেমের পথে পথে এই মাথা থেকে ওই মাথায় যাও,
চারপাশে তাকিয়ে দেখো ও বিবেচনা করো,
নগরের চকে চকে অনুসন্ধান করো।
যদি তোমরা একজন ব্যক্তিকেও খুঁজে পাও
যে ন্যায্য আচরণ করে ও সত্য মেনে চলতে চায়,
তাহলে আমি এই নগরকে ক্ষমা করব।
2 তারা যদিও বলে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’
তবুও, তারা তা মিথ্যাই শপথ করে।”
3 হে সদাপ্রভু, আমাদের চোখ কি সত্যের প্রতি দৃষ্টি করে না?
তুমি তাদের আঘাত করেছ, কিন্তু তাদের কোনো বেদনাবোধ নেই;
তুমি তাদের চূর্ণ করেছ, কিন্তু তারা সংশোধিত হতে চায়নি।
তারা নিজেদের মুখ পাথরের চেয়েও কঠিন করেছে
এবং তারা মন পরিবর্তন করতে চায়নি।
4 আমি ভেবেছিলাম, “এরা তো দরিদ্র শ্রেণীর;
এরা মূর্খও,
কারণ এরা জানে না সদাপ্রভুর পথ,
তাদের ঈশ্বরের চাহিদাগুলি।
5 তাই আমি নেতাদের কাছে যাব
ও তাদের সঙ্গে কথা বলব;
তারা নিশ্চয়ই সদাপ্রভুর পথ
ও তাদের ঈশ্বরের চাহিদাগুলি জানে।”
কিন্তু তারাও একযোগে জোয়াল ভেঙে ফেলেছে
এবং তাদের বাঁধন ছিঁড়ে ফেলেছে।
6 সেই কারণে বন থেকে একটি সিংহ এসে তাদের আক্রমণ করবে,
মরুপ্রান্তর থেকে একটি নেকড়ে এসে তাদের ধ্বংস করবে,
একটি চিতাবাঘ তাদের গ্রামগুলির কাছে এসে ওৎ পেতে থাকবে,
যেন কেউ যদি বের হয়ে আসে তো তাকে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলতে পারে,
কারণ তাদের বিদ্রোহের মাত্রা অনেক বেশি
এবং তাদের বিপথগমনের সংখ্যা অনেক।
7 “আমি কেন তোমাদের ক্ষমা করব?
তোমাদের ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে
এবং বিভিন্ন দেবদেবীর নামে শপথ করেছে, যারা দেবতা নয়।
আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি,
তবুও তারা ব্যভিচার করেছে,
দলে দলে গিয়েছে বেশ্যাদের বাড়ি।
8 তারা পেট পুরে খাওয়া কামুক অশ্বের মতো,
প্রত্যেকে পরস্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ডাক দেয়।
9 এর জন্য আমি কি তাদের শাস্তি দেব না?”
সদাপ্রভু এই কথা বলেন।
“এই ধরনের এক জাতির প্রতি
আমি স্বয়ং কি প্রতিশোধ নেব না?
10 “তোমরা যাও, তার দ্রাক্ষাকুঞ্জগুলির মধ্য দিয়ে গিয়ে তাদের সর্বনাশ করো,
কিন্তু তাদের সম্পূর্ণরূপে ধ্বংস কোরো না।
তার ডালপালা সব কেটে ফেলো,
কারণ এই লোকেরা সদাপ্রভুর অনুগত নয়।
11 ইস্রায়েলের গোষ্ঠী ও যিহূদার গোষ্ঠীর লোকেরা,
আমার বিরুদ্ধে অত্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে,”
সদাপ্রভু এই কথা বলেন।
12 তারা সদাপ্রভুর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে;
তারা বলেছে, “তিনি কিছুই করবেন না!
আমাদের কোনো ক্ষতি হবে না;
তরোয়াল বা দুর্ভিক্ষের সম্মুখীন আমরা কখনও হব না।
13 ভাববাদীরা বাতাসের মতো,
ঈশ্বরের বাক্য তাদের কাছে নেই;
তাই তারা যা বলেন, তা তাদেরই প্রতি ঘটুক।”
14 অতএব, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন:
“যেহেতু প্রজারা এসব কথা বলেছে,
আমি তোমার মুখে আগুনের মতো আমার বাক্য দেব
এবং এই লোকেরা হবে কাঠের মতো, যা দগ্ধ হয়ে যাবে।”
15 সদাপ্রভু ঘোষণা করেন, “ওহে ইস্রায়েল গোষ্ঠীর লোকেরা,
আমি দূরে স্থিত এক জাতিকে তোমার বিরুদ্ধে নিয়ে আসছি,
তারা অতি প্রাচীন ও শক্তিমান এক জাতি;
সেই জাতির ভাষা তোমরা জানো না,
তাদের কথা তোমরা বুঝতে পারবে না।
16 তাদের তূণগুলি যেন খোলা কবর;
তারা সবাই শক্তিশালী যোদ্ধা।
17 তারা তোমাদের সব শস্য ও খাবার খেয়ে ফেলবে,
তারা তোমাদের ছেলেমেয়েদের গ্রাস করবে;
তারা তোমাদের মেষ ও ছাগল-গোরুর পাল গ্রাস করবে,
গ্রাস করবে তোমাদের সব আঙুর ও ডুমুর গাছের ফল।
তরোয়াল দিয়ে তারা ধ্বংস করবে তোমাদের সুরক্ষিত নগরগুলি,
যেগুলির উপরে তোমরা নির্ভর করে থাকো।”
18 সদাপ্রভু ঘোষণা করেন, “এমনকি, সেই সমস্ত দিনেও আমি তোমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করব না। 19 আর লোকেরা যখন জিজ্ঞাসা করবে, ‘কেন সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের প্রতি এরকম আচরণ করেছেন?’ তুমি তাদের বোলো, ‘তোমরা যেমন আমাকে পরিত্যাগ করেছ এবং স্বদেশে বিজাতীয় দেবদেবীর উপাসনা করেছ, তেমনই এবার তোমরা সেই দেশে গিয়ে বিদেশিদের সেবা করবে, যে দেশ তোমাদের নয়।’
20 “যাকোবের কুলে গিয়ে একথা বলো,
যিহূদায় গিয়ে ঘোষণা করো:
21 মূর্খ ও বুদ্ধিহীন জাতির লোকেরা, তোমরা একথা শ্রবণ করো,
তোমাদের চোখ আছে, কিন্তু দেখতে পাও না,
কান আছে, কিন্তু শুনতে পাও না।”
22 সদাপ্রভু এই কথা বলেন,
“তোমরা কি আমাকে ভয় করবে না?
আমার সামনে তোমরা কি ভয়ে কাঁপবে না?
বালুকাবেলাকে আমি সমুদ্রের জন্য সীমারেখা তৈরি করেছি,
তা এক চিরকালীন সীমা, যা কখনও সে উল্লঙ্ঘন করতে পারে না।
তরঙ্গ আছড়ে পড়তে পারে, কিন্তু সফল হবে না,
তারা গর্জন করতে পারে, কিন্তু অতিক্রম করতে পারবে না।
23 কিন্তু এই লোকদের এক জেদি ও বিদ্রোহী হৃদয় আছে;
তারা পিছন ফিরে আমাকে ত্যাগ করে চলে গিয়েছে।
24 তারা মনে মনেও বলে না,
‘এসো, আমরা আমাদের ঈশ্বর, সদাপ্রভুকে ভয় করি,
যিনি যথাসময়ে আমাদের শরৎ ও বসন্তকালের বৃষ্টি দেন,
যিনি আমাদের ফসল কাটার জন্য নিয়মিত সময়ের আশ্বাস দেন।’
25 তোমাদের অন্যায়ের সব কাজ এগুলি দূরে সরিয়ে রেখেছে,
তোমাদের সমস্ত পাপের জন্য কোনো মঙ্গল তোমাদের হয় না।
26 “আমার প্রজাদের মধ্যে রয়েছে দুষ্ট লোকেরা,
ফাঁদ পেতে পাখি শিকারীদের মতো তারা ওৎ পেতে থাকে,
তারা তাদের মতো, যারা ফাঁদ পেতে মানুষ ধরে।
27 পাখিতে ভরা খাঁচার মতো,
তাদের গৃহ প্রতারণায় পূর্ণ;
তারা ধনী ও শক্তিশালী হয়েছে
28 এবং তারা হয়েছে সুপুষ্ট, চিকণ চেহারা সদৃশ।
তাদের অন্যায় কর্মের কোনো সীমা নেই;
তারা ন্যায়বিচার করে না।
তারা অনাথদের কল্যাণের জন্য বিচার করে না,
দরিদ্রের ন্যায়সংগত অধিকার তারা সমর্থন করে না।
29 এই সবের জন্য আমি কি তাদের শাস্তি দেব না?”
সদাপ্রভু এই কথা বলেন।
“এই ধরনের জাতির কাছ থেকে
আমি স্বয়ং কি প্রতিশোধ গ্রহণ করব না?
30 “এক রোমহর্ষক ও ভয়ংকর ঘটনা
এই দেশে ঘটেছে;
31 ভাববাদীরা মিথ্যা ভাববাণী বলে,
যাজকেরা নিজেদের অধিকারবশত কর্তৃত্ব ফলায়,
আর আমার প্রজারা এরকমই ভালোবাসে।
কিন্তু শেষে তোমরা কী করবে?
6:1 “ওহে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা, তোমরা সুরক্ষার জন্য পলায়ন করো!
তোমরা জেরুশালেম থেকে পালিয়ে যাও!
তকোয় নগরে তূরী বাজাও!
বেথ-হক্কেরম থেকে সংকেত দেখাও!
কারণ বিপর্যয় ও বিধ্বংসের জন্য
উত্তর দিক থেকে আসছে এক ভয়ংকর ত্রাস।
2 কমনীয় ও সুন্দরী সিয়োন-কন্যাকে
আমি ধ্বংস করব।
3 মেষপালকেরা তাদের পশুপাল নিয়ে তার বিরুদ্ধে আসবে;
তারা তার চারপাশে তাদের তাঁবু স্থাপন করবে,
প্রত্যেকে নিজের নিজের অংশে তাদের পশুপাল চরাবে।”
4 “তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও।
ওঠো, আমরা মধ্যাহ্নেই তাদের আক্রমণ করি।
কিন্তু হায়, দিনের আলো ম্লান হয়ে আসছে,
আর সন্ধ্যের ছায়া দীর্ঘতর হচ্ছে।
5 তাই ওঠো, চলো আমরা রাত্রিবেলা আক্রমণ করি
এবং তার দুর্গগুলি ধ্বংস করে দিই!”
6 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:
“সব গাছ কেটে ফেলো
আর জেরুশালেমের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করো।
এই নগরকে অবশ্য শাস্তি দিতে হবে;
এরা উপদ্রবে পূর্ণ হয়েছে।
7 যেভাবে কোনো উৎস বেগে জল নির্গত করে,
তেমনই সে ক্রমাগত দুষ্টতা বের করে থাকে।
তার মধ্যে হিংস্রতা ও ধ্বংসের বাক্য প্রতিধ্বনিত হয়,
তার রোগব্যাধি ও ক্ষতগুলি সবসময়ই আমার সামনে থাকে।
8 ওহে জেরুশালেম, সতর্ক হও,
নইলে আমি তোমার কাছ থেকে ফিরে যাব
এবং তোমার ভূমিকে উৎসন্ন করব,
যেন কেউ এর মধ্যে বসবাস করতে না পারে।”
9 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:
“যেভাবে আঙুর খুঁটে খুঁটে চয়ন করা হয়,
ইস্রায়েলের অবশিষ্ট লোকদেরও তারা তেমনই চয়ন করবে;
আঙুর শাখাগুলিতে তোমরা আবার হাত দাও,
যেন অবশিষ্ট আঙুরগুলিও তুলে নেওয়া যায়।”
10 কার সঙ্গে আমি কথা বলব, কাকে সতর্কবাক্য দেব?
কে শুনবে আমার কথা?
তাদের কান বন্ধ হয়েছে
তাই তারা পায় না শুনতে।
সদাপ্রভুর বাক্য তাদের কাছে আপত্তিকর;
তারা তাতে কোনও আনন্দ পায় না।
11 কিন্তু আমি সদাপ্রভুর ক্রোধে পূর্ণ,
আমি আর তা ধরে রাখতে পারছি না।
“রাস্তায় জড়ো হওয়া ছেলেমেয়েদের উপরে এবং
একসঙ্গে একত্র হওয়া যুবকদের উপরে তা ঢেলে দাও।
ঢেলে দাও তা স্বামী-স্ত্রীর উপরে
এবং তাদের উপরে, যারা বৃদ্ধ ও বয়সের ভারে জর্জরিত।
12 তাদের খেতের জমি ও স্ত্রীদের সঙ্গে
তাদের বসতবাড়িগুলিও আমি অন্যদের হাতে তুলে দেব,
যখন আমি আমার হাত প্রসারিত করব,
তাদের বিরুদ্ধে, যারা দেশের মধ্যে করবে বসবাস,”
সদাপ্রভু এই কথা বলেন।
13 “নগণ্যতম জন থেকে মহান ব্যক্তি পর্যন্ত,
সকলেই লোভ-লালসায় লিপ্ত;
ভাববাদী ও যাজকেরা সব এক রকম,
তারা সকলেই প্রতারণার অনুশীলন করে।
14 তারা আমার প্রজাদের ক্ষত এভাবে নিরাময় করে,
যেন তা একটুও ক্ষতিকর নয়।
যখন কোনো শান্তি নেই,
তখন ‘শান্তি, শান্তি,’ বলে তারা আশ্বাস দেয়।
15 তাদের এই জঘন্য আচরণের জন্য তারা কি লজ্জিত?
না, তাদের কোনও লজ্জা নেই;
লজ্জারুণ হতে তারা জানেই না।
তাই, পতিতদের মধ্যে তারাও পতিত হবে;
আমি যখন তাদের শাস্তি দেব, তখন তাদেরও ভূপাতিত করব,”
সদাপ্রভু এই কথা বলেন।
16 সদাপ্রভু এই কথা বলেন:
“তোমরা চৌমাথায় গিয়ে দাঁড়াও ও তাকিয়ে দেখো;
পুরোনো পথের কথা জিজ্ঞাসা করো,
জেনে নাও, উৎকৃষ্ট পথ কোন দিকে এবং সেই পথে চলো,
তাহলে তোমরা নিজের নিজের প্রাণের জন্য বিশ্রাম পাবে।
কিন্তু তোমরা বললে, ‘আমরা এই পথ মাড়াব না।’
17 আমি তোমাদের উপরে প্রহরী নিযুক্ত করে বললাম,
‘তোমরা তূরীর ধ্বনি শোনো!’
কিন্তু তোমরা বললে, ‘আমরা শুনব না।’
18 সেই কারণে ওহে জাতিবৃন্দের লোকেরা, তোমরা শোনো,
সাক্ষীরা, তোমরা লক্ষ্য করো
তাদের প্রতি কী ঘটবে।
19 ও পৃথিবী শোনো,
আমি এই জাতির উপরে বিপর্যয় নামিয়ে আনছি,
তা হবে তাদের পরিকল্পনার ফল,
কারণ তারা আমার কথা শোনেনি
এবং তারা আমার বিধান অগ্রাহ্য করেছে।
20 আমার কাছে শিবা দেশ থেকে আনা ধূপ
বা দূরবর্তী দেশ থেকে আনা মিষ্টি বচ উৎসর্গ করা অর্থহীন।
আমি তোমাদের হোমবলি সব গ্রাহ্য করব না,
তোমাদের বলিদানগুলি আমাকে সন্তুষ্ট করে না।”
21 সেই কারণে সদাপ্রভু এই কথা বলেন:
“আমি এই লোকেদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা স্থাপন করব।
বাবারা ও পুত্রেরা একসঙ্গে তাতে হোঁচট খাবে;
প্রতিবেশী ও বন্ধুবান্ধবেরা ধ্বংস হয়ে যাবে।”
22 সদাপ্রভু এই কথা বলেন:
“দেখো, উত্তরের দেশ থেকে
এক সৈন্যদল আসছে;
পৃথিবীর প্রান্তসীমা থেকে
এক মহাজাতিকে উত্তেজিত করা হয়েছে।
23 তাদের হাতে আছে ধনুক ও বর্শা;
তারা নিষ্ঠুর, মায়ামমতা প্রদর্শন করে না।
তারা ঘোড়ায় চড়লে
সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়;
সিয়োন-কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য
তারা যুদ্ধের সাজ পরে আসছে।”
24 আমরা তাদের বিষয়ে সংবাদ শুনেছি,
আমাদের হাত যেন অবশ হয়ে ঝুলে পড়ছে।
প্রসববেদনাগ্রস্ত নারীর মতো
মনস্তাপে আমরা জর্জরিত হয়েছি।
25 তোমরা মাঠে যেয়ো না,
বা রাস্তায়ও হাঁটাচলা কোরো না,
কারণ শত্রুর কাছে অস্ত্র আছে,
আর চতুর্দিকেই আছে আতঙ্কের পরিবেশ।
26 আমার প্রজারা, চটের পোশাক পরে নাও
এবং ছাইয়ের মধ্যে গড়াগড়ি দাও;
একমাত্র পুত্রবিয়োগের মতো
শোক ও তিক্ত বিলাপ করো,
কারণ ধ্বংসকারী হঠাৎই আমাদের উপরে
এসে পড়বে।
27 “আমি তোমাকে ধাতু যাচাইকারীর পরীক্ষক
এবং আমার প্রজাদের আকরিক করেছি,
যেন তুমি তাদের পথসকল নিরীক্ষণ
ও পরীক্ষা করতে পারো।
28 তারা হল কঠিন হৃদয় বিশিষ্ট বিদ্রোহী,
তারা কেবলই নিন্দা করে বেড়ায়।
তারা পিতল আর লোহার মতো;
তারা সবাই ভ্রষ্টাচার করে।
29 হাপরগুলি ভীষণভাবে বাতাস দিচ্ছে,
যেন আগুনে সীসা গলে যায়,
কিন্তু এই পরিশোধন প্রক্রিয়া বিফল হয়,
দুষ্টদের শোধন হয় না।
30 তাদের বাতিল করা রুপো বলা হয়,
কারণ সদাপ্রভু তাদের বাতিল গণ্য করেছেন।”