যোশিয়ের ধর্মসংস্কার
624 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
4 রাজামশাই মহাযাজক হিল্কিয়, পদাধিকারবলে তাঁর থেকে ছোটো যাজকদের এবং দারোয়ানদের বললেন, তারা যেন সদাপ্রভুর মন্দির থেকে বায়াল, আশেরা ও আকাশের সব তারকাদলের জন্য তৈরি জিনিসপত্র সরিয়ে দেন। জেরুশালেম নগরের বাইরে অবস্থিত কিদ্রোণ উপত্যকার মাঠে নিয়ে গিয়ে তিনি সেগুলি পুড়িয়ে দিলেন এবং সেই ছাইভস্ম বেথেলে নিয়ে এলেন। 5 যিহূদার রাজারা ইতিপূর্বে যিহূদার বিভিন্ন নগরে ও জেরুশালেমের আশেপাশে অবস্থিত উঁচু উঁচু স্থানে ধূপ পোড়ানোর জন্য প্রতিমাপুজোর সাথে যুক্ত যেসব যাজককে নিযুক্ত করলেন—অর্থাৎ, যারা বায়ালদেব, সূর্য ও চন্দ্র, নক্ষত্রমণ্ডল এবং তারকাদলের উদ্দেশে ধূপ জ্বালাতো, তাদের তিনি বরখাস্ত করে দিলেন। 6 তিনি আশেরার খুঁটিটিকে সদাপ্রভুর মন্দির থেকে বের করে জেরুশালেমের বাইরে অবস্থিত কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে, সেখানে সেটি পুড়িয়ে দিলেন। সেটি পিষে ধুলোর মতো গুঁড়ো করে তিনি সাধারণ লোকদের কবরস্থানে ছড়িয়ে দিলেন। 7 এছাড়াও তিনি সদাপ্রভুর মন্দিরের মধ্যে অবস্থিত দেবদাসদের সেই বাসাগুলি ভেঙে দিলেন, যে বাসাগুলিতে বসে মহিলারা আশেরার জন্য কাপড় বুনত।
8 যোশিয় যিহূদার সব নগর থেকে যাজকদের বের করে এনেছিলেন এবং গেবা থেকে শুরু করে বের-শেবা পর্যন্ত প্রতিমাপুজোর যত উঁচু উঁচু স্থানে যাজকেরা ধূপ জ্বালাতো, সেসব তিনি কলুষিত করে দিলেন। নগরের সিংহদুয়ারের বাঁদিকে অবস্থিত নগরের শাসনকর্তা যিহোশূয়ের দুয়ারের প্রবেশদ্বারে যে সদর দরজাটি ছিল, তিনি সেটিও ভেঙে দিলেন। 9 যদিও প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলির যাজকেরা জেরুশালেমে সদাপ্রভুর যজ্ঞবেদিতে সেবাকাজে অংশগ্রহণ করত না, তারা কিন্তু তাদের সহ-যাজকদের সাথে মিলেমিশে খামিরবিহীন রুটি খেয়ে যেত।
10 তিনি বিন-হিন্নোম উপত্যকায় অবস্থিত তোফৎকে কলুষিত করলেন, যেন কেউ আর সেখানে মোলক দেবতার আগুনে তাদের ছেলেমেয়েকে বলিরূপে উৎসর্গ করতে না পারে। 11 সদাপ্রভুর মন্দিরের প্রবেশদ্বার থেকে ঘোড়ার সেই মূর্তিগুলি তিনি দূর করে দিলেন, যেগুলি যিহূদার রাজারা সূর্যের উদ্দেশে প্রতিষ্ঠা করলেন। সেগুলি রাখা ছিল নথন-মেলক বলে একজন কর্মকর্তার ঘরের কাছে অবস্থিত প্রাঙ্গণে। যোশিয় পরে সূর্যের উদ্দেশে উৎসর্গীকৃত রথগুলিও পুড়িয়ে দিলেন।
12 আহসের রাজপ্রাসাদের ছাদে অবস্থিত ঘরের কাছে যিহূদার রাজারা যে যজ্ঞবেদিগুলি তৈরি করেছিলেন, এবং সদাপ্রভুর মন্দিরের দুটি প্রাঙ্গণে মনঃশি যে যজ্ঞবেদিগুলি তৈরি করেছিলেন, তিনি সেগুলিও ভেঙে নামিয়েছিলেন। তিনি সেখান থেকে সেগুলি দূর করে দিলেন, সেগুলি ভেঙে টুকরো টুকরো করে দিলেন এবং সেই ভাঙাচোরা ইটপাথর কিদ্রোণ উপত্যকায় ছুঁড়ে ফেলে দিলেন। 13 রাজামশাই জেরুশালেমের পূর্বদিকে পচন-পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত প্রতিমাপুজোর সেই উঁচু উঁচু স্থানগুলিও কলুষিত করলেন—যেগুলি ইস্রায়েলের রাজা শলোমন সীদোনীয়দের কদর্য দেবী অষ্টারোতের, মোয়াবের কদর্য দেবতা কমোশের, এবং অম্মোনীয়দের ঘৃণ্য দেবতা মোলকের জন্য তৈরি করলেন। 14 যোশিয় পবিত্র পাথরগুলি ভেঙে গুঁড়ো করে দিলেন ও আশেরার খুঁটিগুলি কেটে নামিয়েছিলেন এবং সেই স্থানটি মানুষের অস্থি দিয়ে ঢেকে দিলেন।
15 এমনকি বেথেলের যজ্ঞবেদিটি, এবং যিনি ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছিলেন, সেই নবাটের ছেলে যারবিয়াম প্রতিমাপুজোর যেসব উঁচু উঁচু স্থান তৈরি করলেন, সেগুলিও তিনি ভূমিসাৎ করে দিলেন। প্রতিমাপুজোর উঁচু স্থানটি পুড়িয়ে দিয়ে তিনি সেটি পিষে গুঁড়ো করে দিলেন, এবং আশেরার খুঁটিটিও তিনি পুড়িয়ে দিলেন। 16 পরে যোশিয় চারপাশে তাকিয়েছিলেন, আর যখন তিনি পাহাড়ের পাশে কয়েকটি কবর দেখতে পেয়েছিলেন, তখন তিনি সেগুলি থেকে অস্থি বের করে এনে যজ্ঞবেদিটি কলুষিত করার জন্য সেটির উপরে সেগুলি পুড়িয়েছিলেন। এসবই হল সদাপ্রভুর ঘোষণা করে দেওয়া সেই কথানুসারে, যে বিষয়ে ঈশ্বরের লোক আগেই ভাববাণী করে দিলেন।
17 রাজামশাই জিজ্ঞাসা করেছিলেন, “আমি যে সমাধিস্তম্ভটি দেখতে পাচ্ছি, সেটি কার?”
সেই নগরের লোকেরা বলল, “এটি ঈশ্বরের সেই লোকের সমাধির চিহ্নিত স্তম্ভ, যিনি যিহূদা থেকে এসে বেথেলের যজ্ঞবেদির বিরুদ্ধে একটি বাণী ঘোষণা করলেন, এবং আপনি সেটির প্রতি ঠিক তাই করেছেন।”
18 “এটি ছেড়ে দাও,” তিনি বললেন। “কেউ যেন তাঁর অস্থি নষ্ট না করে।” তাই তারা তাঁর ও শমরিয়া থেকে আসা ভাববাদীর অস্থি নষ্ট না করে ছেড়ে দিয়েছিল।
19 যোশিয় বেথেলে যেমনটি করলেন, ঠিক সেভাবেই শমরিয়ার নগরগুলির উঁচু উঁচু স্থানগুলিতে ইস্রায়েলের রাজারা দেবতার যে পীঠস্থানগুলি তৈরি করে সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন, সেগুলিও তিনি দূর করে দিলেন। 20 বেদিগুলির উপরেই যোশিয় প্রতিমাপুজোর সেইসব উঁচু উঁচু স্থানের যাজকদের হত্যা করলেন এবং সেগুলির উপর মানুষের অস্থি পুড়িয়েছিলেন। পরে তিনি জেরুশালেমে ফিরে গেলেন।
21 রাজামশাই সব লোকজনকে এই আদেশ দিলেন: “পবিত্র নিয়ম সম্বলিত এই গ্রন্থে যেমন লেখা আছে, সেভাবেই তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করো।”
33 ইস্রায়েলীদের অধিকারভুক্ত সব এলাকা থেকে যোশিয় সব ঘৃণ্য প্রতিমার মূর্তি দূর করলেন, এবং ইস্রায়েলে উপস্থিত সবাইকে তাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করতে বাধ্য করলেন। তিনি যতদিন বেঁচেছিলেন, ততদিন তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পথে চলতে ব্যর্থ হয়নি।
যোশিয় নিস্তারপর্ব পালন করেন 623 খ্রিস্টপূর্ব
নিস্তারপর্ব উদযাপন।
1 যোশিয় জেরুশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করলেন, এবং প্রথম মাসের চতুর্দশতম দিনে নিস্তারপর্বের মেষশাবক বধ করা হল। 2 যাজকদের তিনি তাদের কাজে নিযুক্ত করলেন এবং সদাপ্রভুর মন্দিরের সেবাকাজ করার জন্য তাদের উৎসাহিত করলেন। 3 যারা সমগ্র ইস্রায়েলকে শিক্ষা দিতেন ও সদাপ্রভুর উদ্দেশে যাদের উৎসর্গ করা হয়েছিল, সেই লেবীয়দের তিনি বললেন: “ইস্রায়েলের রাজা দাউদের ছেলে শলোমন যে মন্দিরটি তৈরি করেছেন, পবিত্র নিয়ম-সিন্দুকটি তোমরা সেই মন্দিরে নিয়ে গিয়ে রাখো। সেটি আর তোমাদের কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হবে না। এখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাঁর প্রজাদের সেবা করো। 4 ইস্রায়েলের রাজা দাউদ ও তাঁর ছেলে শলোমন যে নির্দেশাবলি লিখে রেখে গিয়েছেন, সেই নির্দেশাবলি অনুসারে, তোমাদের বংশানুক্রমিক বিভাগ ধরে ধরে তোমরা নিজেদের প্রস্তুত করো।
5 “তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের, সেই সাধারণ মানুষজনের বংশের এক-একটি শাখার জন্য একদল করে লেবীয় সাথে নিয়ে তোমরা পবিত্রস্থানে গিয়ে দাঁড়াও। 6 নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করো, ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করো ও মোশির মাধ্যমে সদাপ্রভু যে আদেশ দিয়েছেন, সেই আদেশানুসারে সবকিছু করে তোমরা তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের জন্য মেষশাবকগুলি ঠিকঠাক করে রাখো।”
7 সেখানে উপস্থিত সব সাধারণ লোকজনের জন্য নিস্তারপর্বীয় নৈবেদ্যরূপে যোশিয় মোট 30,000 মেষশাবক ও ছাগল দিলেন এবং তিন হাজার গবাদি পশুও দিলেন—এসবই দেওয়া হল রাজার নিজের বিষয়সম্পত্তি থেকে।
8 তাঁর কর্মকর্তারাও প্রজাদের এবং যাজকদের ও লেবীয়দের জন্য স্বেচ্ছায় দান দিলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল, ঈশ্বরের মন্দিরের দায়িত্ব বহনকারী এই কর্মকর্তারাও যাজকদের 2,600 নিস্তারপর্বীয় নৈবেদ্য ও 3,000 গবাদি পশু দিলেন। 9 লেবীয়দের নেতৃত্বে থাকা কনানিয় এবং তাঁর সাথে সাথে শময়িয় ও নথনেল, তাঁর এই ভাইরা, এবং হশবিয়, যীয়ীয়েল ও যোশাবদও লেবীয়দের জন্য 5,000 নিস্তারপর্বীয় নৈবেদ্য ও 500 গবাদি পশু দিলেন।
10 রাজার আদেশানুসারে সেবাকাজের বন্দোবস্ত করা হল এবং যাজকেরা তাদের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গেলেন ও লেবীয়েরাও তাদের বিভাগ অনুসারে দাঁড়িয়ে পড়েছিল। 11 নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করা হল, এবং যাজকদের হাতে যে রক্ত তুলে দেওয়া হল, তারা সেই রক্ত যজ্ঞবেদিতে ছিটিয়ে দিলেন। অন্যদিকে লেবীয়েরা পশুগুলির ছাল ছাড়িয়েছিল। 12 মোশির পুস্তকে যেমন লেখা হয়েছিল, সেই অনুসারে তারা প্রজাদের বিভিন্ন বংশের শাখাগুলিকে দেওয়ার জন্য হোমবলি আলাদা করে রেখেছিল, যেন তারা সেগুলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে পারে। গবাদি পশুগুলির ক্ষেত্রেও তারা একই কাজ করল। 13 যেমন নির্দেশ দেওয়া হল, সেই নির্দেশ অনুসারেই তারা নিস্তারপর্বের পশুগুলি আগুনে ঝলসে নিয়েছিল, এবং পবিত্র নৈবেদ্যগুলি হাঁড়িতে, কড়াইয়ে ও চাটুতে সেদ্ধ করে তাড়াতাড়ি সব লোককে সেগুলি পরিবেশন করল। 14 পরে, তারা নিজেদের ও যাজকদের জন্য প্রস্তুতি নিয়েছিল, কারণ যাজকেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা, গভীর রাত পর্যন্ত হোমবলি ও চর্বিদার অংশগুলি উৎসর্গ করার কাজে ব্যস্ত ছিলেন। তাই লেবীয়েরা, নিজেদের ও হারোণের বংশোদ্ভূত যাজকদের জন্য প্রস্তুতি নিয়েছিল।
15 আসফের বংশধর, অর্থাৎ বাদ্যকরেরা সেই স্থানগুলিতে ছিল, যেখানে থাকার নির্দেশ দাউদ, আসফ, হেমন ও রাজার দর্শক যিদূথূন, তাদের দিলেন। প্রত্যেকটি দরজায় মোতায়েন দ্বাররক্ষীদের, তাদের কাজ ছেড়ে আসার দরকার পড়েনি, কারণ তাদের সমগোত্রীয় লেবীয়েরাই তাদের হয়ে প্রস্তুতি নিয়েছিল।
16 তাই সেই সময় রাজা যোশিয়ের আদেশানুসারে নিস্তারপর্ব পালনের জন্য সদাপ্রভুর সম্পূর্ণ সেবাকাজ ও সদাপ্রভুর যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার কাজও সম্পন্ন হল। 17 সেখানে উপস্থিত ইস্রায়েলীরা সেই সময় নিস্তারপর্ব পালন করল এবং সাত দিন ধরে খামিরবিহীন রুটির উৎসব পালন করল। 18 ভাববাদী শমূয়েলের পর থেকে ইস্রায়েলে এভাবে আর কখনও নিস্তারপর্ব পালন করা হয়নি; এবং যাজক, লেবীয় ও জেরুশালেমের লোকজনের সাথে সেখানে যিহূদা ও ইস্রায়েলের আরও যেসব লোক উপস্থিত ছিল, তাদের সাথে নিয়ে যোশিয় যেভাবে নিস্তারপর্ব পালন করলেন, ইস্রায়েলের কোনও রাজা সেভাবে আর কখনও নিস্তারপর্ব পালন করেননি। 19 যোশিয়ের রাজত্বকালের অষ্টাদশ বছরে এই নিস্তারপর্বটি পালন করা হল।