যিরমিয় অনুতাপের আহ্বান জানান ও বিলাপ করেন (continued)

বন্দিদশা ঘনিয়ে আসার সময় যিরমিয় লোকদের অনুতাপ করতে আহ্বান জানান এবং তাদের দুর্দশার জন্য বিলাপ করেন।

612 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিরমিয় 9–10

1 আহ্, আমার মাথা যদি জলের এক উৎস হত

আমার চোখ যদি অশ্রুর স্রোতোধারা হত!

তাহলে আমার জাতির নিহত লোকদের জন্য

আমি দিনরাত্রি কাঁদতাম।

2 আহ্, মরুপ্রান্তরে পথিকদের রাত কাটানোর কুটিরের মতো

আমার যদি থাকার একটি স্থান থাকত,

তাহলে আমার জাতির লোকদের ছেড়ে

আমি তাদের কাছ থেকে চলে যেতাম;

কারণ তারা সকলে ব্যভিচারী,

এক অবিশ্বস্ত জনতার ভিড়।

3 “তাদের জিভ প্রস্তুত রাখে

ধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য;

তারা সত্য অবলম্বন না করে

দেশে বিজয়লাভ করে।

তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে,

তারা আমাকে স্বীকার করে না,”

সদাপ্রভু এই কথা বলেন।

4 “তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো;

তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না।

কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক,

আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়।

5 বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে,

তারা কেউই সত্যিকথা বলে না।

তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে;

ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে।

6 তুমি ছলনার মধ্যে বসবাস করছ;

তাদের ছলনার কারণে তারা আমাকে স্বীকার করতে অগ্রাহ্য করে,”

সদাপ্রভু এই কথা বলেন।

7 সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন,

“দেখো, আমি তাদের পরিশোধন করে যাচাই করব,

কারণ আমার প্রজাদের পাপের জন্য

আমি আর কী করতে পারি?

8 তাদের জিভ যেন প্রাণঘাতী বাণ,

তা ছলনার কথা বলে।

প্রত্যেকে মুখে তাদের প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে,

কিন্তু অন্তরে সে তার বিরুদ্ধে ফাঁদ পাতে।

9 এজন্য কি আমি তাদের শাস্তি দেব না?”

সদাপ্রভু এই কথা বলেন।

“এরকম জাতির বিরুদ্ধে

আমি কি স্বয়ং প্রতিশোধ নেব না?”

10 পর্বতগুলির জন্য আমি কাঁদব ও বিলাপ করব,

প্রান্তরের চারণভূমিগুলির জন্য আমি শোক করব।

সেগুলি জনশূন্য ও পথিকবিহীন হয়েছে,

গবাদি পশুর রব সেখানে আর শোনা যায় না।

আকাশের পাখিরা পলায়ন করেছে

এবং পশুরা সব চলে গিয়েছে।

11 “আমি জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করব,

তা হবে শিয়ালদের বাসস্থান;

আমি যিহূদার গ্রামগুলিকে এমন ধ্বংসস্থান করব,

যেন কেউই সেখানে বসবাস করতে না পারে।”

12 একথা বোঝার জন্য কে এমন জ্ঞানবান? কাকে সদাপ্রভু বুঝিয়ে দিয়েছেন, যেন সে তা ব্যাখ্যা করতে পারে? কেন দেশ এরকম ধ্বংস হয়ে মরুভূমির মতো পড়ে আছে যে, কেউই তার মধ্য দিয়ে যেতে পারে না?

13 সদাপ্রভু বলেছেন, “এর কারণ হল, আমি তাদের যে বিধান দিয়েছিলাম, তারা তা ত্যাগ করেছে; তারা আমার কথা শোনেনি এবং আমার বিধানও পালন করেনি। 14 পরিবর্তে, তারা তাদের হৃদয়ের একগুঁয়েমি মনোভাবের অনুসারী হয়েছে; তারা তাদের পিতৃপুরুষদের শিক্ষা অনুযায়ী বায়াল-দেবতার অনুগমন করেছে।” 15 সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, “দেখো, আমি এই লোকদের তেঁতো খাবার ও বিষাক্ত জলপান করতে দেব। 16 আমি তাদের ও তাদের পিতৃপুরুষদের অপরিচিত বিভিন্ন দেশের মধ্যে ছিন্নভিন্ন করব, আর তাদের ধ্বংস না হওয়া পর্যন্ত, তাদের পিছনে তরোয়াল প্রেরণ করব।”

17 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:

“তোমরা এখন বিবেচনা করো! বিলাপকারী স্ত্রীদের আসার জন্য ডেকে পাঠাও;

তাদের মধ্যে যারা এই ব্যাপারে নিপুণ, তাদের আসতে বলো।

18 তারা দ্রুত এসে

আমাদের জন্য বিলাপ করুক,

যতক্ষণ না আমাদের চোখের জল গড়িয়ে পড়ে,

আমাদের চোখের পাতা থেকে অশ্রুধারা বয়ে যায়।

19 সিয়োন থেকে শোনা যাচ্ছে বিলাপের আওয়াজ:

‘আমরা কেমন ধ্বংস হয়ে গেলাম!

আমাদের লজ্জা কেমন ব্যাপক!

আমাদের অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে,

কারণ আমাদের বাড়িগুলি হয়েছে ধ্বংস।’ ”

20 এখন, হে স্ত্রীলোকেরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো;

তোমরা তাঁর মুখের কথার প্রতি কান খোলা রাখো।

কীভাবে বিলাপ করতে হয়, তোমাদের কন্যাদের শেখাও,

তোমরা পরস্পরকে বিলাপ করতে শিক্ষা দাও।

21 আমাদের জানালাগুলি দিয়ে মৃত্যু আরোহণ করে

যেন আমাদের দুর্গগুলিতে প্রবেশ করেছে;

রাস্তা থেকে ছেলেমেয়েদের এবং

প্রকাশ্য চক থেকে যুবকদের তা উচ্ছিন্ন করেছে।

22 তোমরা বলো, “সদাপ্রভু এই কথা ঘোষণা করেন:

“ ‘খোলা মাঠে মানুষদের মৃতদেহ আবর্জনার মতো পড়ে থাকবে,

যেমন শস্যচ্ছেদকদের পিছনে কাটা শস্য পড়ে থাকে,

যা সংগ্রহ করার জন্য কেউ থাকে না।’ ”

23 সদাপ্রভু এই কথা বলেন:

“জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের জন্য গর্ব না করুক

বা শক্তিশালী মানুষ তার শক্তির জন্য গর্ব না করুক

বা ধনী ব্যক্তি তার ঐশ্বর্যের জন্য গর্ব না করুক।

24 কিন্তু যে গর্ব করে, সে এই বিষয়ে গর্ব করুক:

যে সে আমাকে জানে ও বোঝে,

যে আমিই সদাপ্রভু, যিনি পৃথিবীতে তাঁর করুণা,

ন্যায়বিচার ও ধার্মিকতা প্রদর্শন করেন,

কারণ এসব বিষয়ে আমি প্রীত হই,”

সদাপ্রভু এই কথা বলেন।

25 সদাপ্রভু এই কথা বলেন, “সময় আসছে, যারা কেবলমাত্র শরীরে ত্বকচ্ছেদ করেছে, আমি তাদের সবাইকে শাস্তি দেব— 26 মিশর, যিহূদা, ইদোম, অম্মোন, মোয়াব এবং বহু দূরবর্তী স্থানে যারা বসবাস করে, তাদের দেব। কারণ এসব জাতি প্রকৃতই অচ্ছিন্নত্বকবিশিষ্ট, এমনকি ইস্রায়েলের সমস্ত কুল অন্তরে অচ্ছিন্নত্বক।”

10:1 ওহে ইস্রায়েল কুলের লোকেরা, শোনো সদাপ্রভু তোমাদের কী কথা বলেন। 2 সদাপ্রভু এই কথা বলেন:

“তোমরা জাতিগণের আচার-আচরণ শিখো না,

কিংবা আকাশের বিভিন্ন চিহ্ন দেখে ভয় পেয়ো না,

যদিও জাতিগুলি সেগুলির জন্য আতঙ্কগ্রস্ত হয়।

3 কারণ সেই লোকদের ধর্মীয় প্রথা সব অসার;

তারা বন থেকে একটি গাছ কেটে আনে,

কারুশিল্পী তার বাটালি দিয়ে তাতে আকৃতি দেয়।

4 তারা সোনা ও রুপো দিয়ে তা অলংকৃত করে,

হাতুড়ি ও পেরেক দিয়ে তারা সুদৃঢ় করে,

যেন তা নড়ে না যায়।

5 কোনো শসা ক্ষেতে যেমন কাকতাড়ুয়া,

তাদের মূর্তিগুলিও তেমনই কথা বলতে পারে না;

তাদের বহন করে নিয়ে যেতে হয়,

কারণ তারা চলতে পারে না।

তোমরা তাদের ভয় পেয়ো না;

তারা কোনো ক্ষতি করতে পারবে না,

ভালো কিছুও তারা করতে পারে না।”

6 হে সদাপ্রভু, তোমার তুল্য আর কেউ নেই;

তুমি তো মহান,

তোমার নামও পরাক্রমে শক্তিশালী।

7 কে না তোমাকে সম্ভ্রম করবে,

হে জাতিগণের রাজা?

এ তো তোমার প্রাপ্য।

সমস্ত জাতির জ্ঞানী লোকদের মধ্যে

এবং তাদের সব রাজ্যে,

তোমার সদৃশ আর কেউ নেই।

8 তারা সবাই জ্ঞানহীন ও মূর্খ;

অসার কাঠের মূর্তিগুলি তাদের শিক্ষা দেয়।

9 তর্শীশ থেকে নিয়ে আসা হয় রুপোর পাত

এবং উফস থেকে সোনা।

কারুশিল্পী ও স্বর্ণকারেরা যখন কাজ সমাপ্ত করে,

সেগুলিতে নীল ও বেগুনি কাপড় পরানো হয়,

সেসবই নিপুণ শিল্পীদের কাজ।

10 কিন্তু সদাপ্রভুই হলেন প্রকৃত ঈশ্বর,

তিনি জীবন্ত ঈশ্বর, চিরকালীন রাজা।

তিনি যখন ক্রুদ্ধ হন, সমস্ত পৃথিবী ভয়ে কাঁপে;

জাতিসমূহ তাঁর ক্রোধ সহ্য করতে পারে না।

11 “তাদের একথা বলো, ‘এসব দেবতা, যারা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা পৃথিবী থেকে ও আকাশমণ্ডলের নিচে সব স্থান থেকে বিলুপ্ত হবে।’ ”

12 কিন্তু ঈশ্বর নিজের পরাক্রমে পৃথিবী সৃষ্টি করেছেন;

তিনি নিজের প্রজ্ঞায় জগৎ স্থাপন করেছেন

এবং তাঁরই বুদ্ধিতে আকাশমণ্ডল প্রসারিত করেছেন।

13 তিনি যখন বজ্রনাদ করেন, আকাশমণ্ডলের জলরাশি গর্জন করে;

পৃথিবীর প্রান্তসীমা থেকে তিনি মেঘমালাকে উত্থিত করেন।

তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ গঠন করেন

এবং তাঁর ভাণ্ডার-কক্ষ থেকে বাতাস বের করে আনেন।

14 সব মানুষই জ্ঞানহীন ও বুদ্ধিরহিত;

সব স্বর্ণকার তার প্রতিমাগুলির জন্য লজ্জিত হয়।

তাদের মূর্তিগুলি তো প্রতারণা মাত্র;

সেগুলির মধ্যে কোনো শ্বাসবায়ু নেই।

15 সেগুলি মূল্যহীন, বিদ্রুপের পাত্র;

বিচারের সময় সেগুলি বিনষ্ট হবে।

16 যিনি যাকোবের অধিকারস্বরূপ, তিনি এরকম নন,

কারণ তিনিই সব বিষয়ের স্রষ্টা,

যার অন্তর্ভুক্ত হল ইস্রায়েল ও তাঁর প্রজাবৃন্দ, তাঁর নিজস্ব বিশেষ অধিকার—

সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম।

17 তোমরা যারা অবরুদ্ধ হয়ে রয়েছ,

দেশ ছেড়ে যাওয়ার জন্য নিজেদের সব জিনিস গুছিয়ে নাও।

18 কারণ সদাপ্রভু এই কথা বলেন,

“এই সময়ে যারা এখানে থেকে যাবে,

আমি তাদের ছুঁড়ে ফেলে দেব;

আমি তাদের উপরে বিপর্যয় নিয়ে আসব

যেন তারা ধৃত হয়ে বন্দি হয়।”

19 আমার ক্ষতের কারণে আমাকে ধিক্!

আমার ক্ষত নিরাময়ের অযোগ্য!

তবুও আমি মনে মনে বলেছি,

“এ আমার অসুস্থতা, আমাকে অবশ্যই সহ্য করতে হবে।”

20 আমার তাঁবু ধ্বংস হয়েছে,

এর সব দড়ি ছিঁড়ে গেছে।

আমার ছেলেরা আমার কাছ থেকে চলে গেছে, তারা আর নেই;

আমার তাঁবু স্থাপন করার জন্য বা

আমার আশ্রয়স্থান প্রতিষ্ঠা করার জন্য কেউই আর নেই।

21 পালকেরা সব বুদ্ধিহীন,

তারা সদাপ্রভুর কাছে অনুসন্ধান করে না।

তাই তাদের উন্নতি নেই

এবং তাদের সমস্ত পাল ছিন্নভিন্ন হয়েছে।

22 শোনো! সংবাদ আসছে—

উত্তর দিক থেকে শোনা যাচ্ছে এক ভীষণ কলরব!

এ যিহূদার গ্রামগুলিকে নির্জন স্থান করবে,

তা হবে শিয়ালদের বাসস্থান।

23 হে সদাপ্রভু, আমি জানি মানুষের জীবন তার নিজের নয়;

মানুষ তার পাদবিক্ষেপ স্থির করতে পারে না।

24 হে সদাপ্রভু, তুমি আমাকে সংশোধন করো, কেবলমাত্র ন্যায়বিচার অনুসারে করো,

তোমার ক্রোধে নয়,

তা না হলে তুমি আমাকে নিঃস্ব করে ফেলবে।

25 তোমার ক্রোধ জাতিসমূহের উপরে ঢেলে দাও,

যারা তোমাকে স্বীকার করে না;

সেইসব জাতির উপরে, যারা তোমার নামে ডাকে না।

কারণ তারা যাকোবের বংশধরদের গ্রাস করেছে;

তারা তাদের সম্পূর্ণরূপে গ্রাস করেছে,

এবং তাদের জন্মভূমি ধ্বংস করেছে।