লোকদের যোশিয়ের চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়

610 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিরমিয় 11–12

1 সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল: 2 “তুমি এই নিয়মের শর্তাবলির কথা শোনো এবং সেগুলি যিহূদার লোকেদের ও যারা জেরুশালেমে বসবাস করে, তাদের গিয়ে বলো। 3 তাদের বলো যে, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা বলেন: ‘অভিশপ্ত সেই মানুষ, যে এই নিয়মের শর্তাবলি পালন না করে, 4 এই নিয়মের কথা আমি তোমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলাম, যখন আমি তাদের মিশর থেকে, লোহা গলানো চুল্লি থেকে বের করে এনেছিলাম।’ আমি বলেছিলাম, ‘আমার কথা মেনে চলো ও আমি তোমাদের যা আদেশ দিই, সেগুলি সব পালন করো, তাহলে তোমরা আমার প্রজা হবে এবং আমি তোমাদের ঈশ্বর হব। 5 তাহলেই তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে কৃত আমার শপথ আমি পূর্ণ করব, যেন আমি তাদের দুধ ও মধু প্রবাহিত দেশ দিতে পারি,’ যে দেশটি তোমরা এখন অধিকার করে আছ।”

উত্তরে আমি বললাম, “আমেন, সদাপ্রভু।”

6 সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এই সমস্ত বাক্যের কথা যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে গিয়ে ঘোষণা করো: ‘তোমরা এই নিয়মের শর্তাবলির কথা শোনো ও সেগুলি পালন করো। 7 তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনার সময় থেকে আজ পর্যন্ত, আমি তাদের বারবার সাবধান করে বলেছিলাম, “আমার বাধ্য হও।” 8 তারা কিন্তু শোনেনি বা আমার কথায় মনোযোগ দেয়নি; পরিবর্তে তারা নিজেদের মন্দ হৃদয়ের একগুঁয়ে মনোভাবের অনুসারী হয়েছিল। তাই আমি যে রকম আদেশ করেছিলাম, তারা তা পালন করেনি বলে আমি নিয়মে উল্লিখিত সব শাস্তি তাদের উপরে নিয়ে এসেছি।’ ”

9 তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিহূদার লোকদের ও যারা জেরুশালেমে বসবাস করে তাদের মধ্যে একটি ষড়যন্ত্র চলছে। 10 যারা আমার বাক্য পালন করা অগ্রাহ্য করেছিল, তারা তাদের সেই পূর্বপুরুষদের পাপের পথে ফিরে গিয়েছে, যারা অন্যান্য দেবদেবীর সেবা করার জন্য তাদের অনুসারী হয়েছিল। ইস্রায়েল ও যিহূদা, এই উভয় কুলের লোকেরা সেই চুক্তি ভেঙে ফেলেছে, যা আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম। 11 সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তাদের উপরে যে বিপর্যয় নিয়ে আসব, তা তারা এড়াতে পারবে না। তারা যদিও আমার কাছে কাঁদবে, আমি কিন্তু তাদের কথা শুনব না। 12 যিহূদার নগরগুলি ও জেরুশালেমের লোকেরা গিয়ে তাদের দেবদেবীর কাছে কাঁদবে, যাদের উদ্দেশে তারা ধূপদাহ করেছিল, কিন্তু যখন বিপর্যয় এসে পড়বে, তারা তাদের কোনো সাহায্যই করতে পারবে না। 13 হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা; আর জেরুশালেমে রাস্তার যত সংখ্যা, তোমরা লজ্জাকর দেবতা বায়ালের উদ্দেশে ধূপদাহ করার জন্য তত সংখ্যক বেদি স্থাপন করেছ।’

14 “তুমি এই সমস্ত লোকের জন্য প্রার্থনা কোরো না। তাদের জন্য কোনো অনুনয় বা আবেদন উৎসর্গ কোরো না, কারণ বিপর্যয়ের সময়ে তারা যখন আমাকে ডাকবে, আমি তাদের কথা শুনব না।

15 “আমার প্রিয়তমা আমার মন্দিরে কী করছে,

যখন সে অনেকের সঙ্গে তার মন্দ পরিকল্পনার ছক কষেছে?

উৎসর্গীকৃত মাংসের জন্য কি তোমাদের শাস্তি এড়াবে?

যখন তোমরা তোমাদের দুষ্টতায় মেতে পড়ো,

তখনও তোমরা আনন্দ করো।”

16 সদাপ্রভু তোমাকে সমৃদ্ধিশালী এক জলপাই গাছ বলে ডেকেছিলেন,

যার ফল দেখতে ছিল অতি মনোহর।

কিন্তু এক প্রবল ঝড়ের গর্জনে,

তিনি তাতে আগুন দেবেন,

তার শাখাগুলি সব ভেঙে যাবে।

17 বাহিনীগণের সদাপ্রভু, তিনি তোমাকে রোপণ করেছিলেন, তিনি তোমার বিপর্যয়ের রায় ঘোষণা করেছেন। এর কারণ হল, ইস্রায়েল ও যিহূদা কুলের লোকেরা কেবলই মন্দ কাজ করেছে এবং বায়াল-দেবতার কাছে ধূপদাহ করে আমার ক্রোধের উদ্রেক করেছে।

18 সদাপ্রভু আমাকে তাদের ষড়যন্ত্রের কথা বলে দিয়েছিলেন, তাই আমি তা জানতে পেরেছিলাম। তিনি সেই সময় আমাকে দেখিয়েছিলেন, তারা কী করছিল। 19 আমি একটি কোমল মেষশাবকের মতো হয়েছিলাম, যাকে ঘাতকের কাছে নিয়ে যাওয়া হয়। আমি বুঝতে পারিনি যে, তারা আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে। তারা বলছিল,

“এসো আমরা গাছ ও তার ফলগুলি কেটে ফেলি,

এসো জীবিতদের দেশ থেকে আমরা তাকে উচ্ছিন্ন করে ফেলি,

যেন তার নাম আর কখনও স্মরণে না আসে।”

20 কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণতায় বিচার করে থাকো

এবং হৃদয় ও মনের পরীক্ষা করে থাকো,

তাদের উপরে তোমার প্রতিশোধ গ্রহণ আমাকে দেখতে দাও,

কারণ তোমারই কাছে আমি আমার পক্ষসমর্থন করেছি।

21 সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন, যারা তোমার প্রাণ হরণ করতে চায়, সেই অনাথোতের লোকদের, যারা বলছিল, “সদাপ্রভুর নামে তুমি কোনো ভাববাণী বলবে না, বললে আমাদের হাতে তোমাকে মরতে হবে,” 22 অতএব তাদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা তরোয়ালের আঘাতে এবং তাদের পুত্রকন্যারা দুর্ভিক্ষে মারা যাবে। 23 তাদের মধ্যে অবশিষ্ট কেউই বেঁচে থাকবে না, কারণ তাদের শাস্তির বছরে, আমি অনাথোতের লোকদের উপরে বিপর্যয় নিয়ে আসব।”

12:1 হে সদাপ্রভু, আমি যখন তোমার সামনে কোনো অভিযোগ নিয়ে আসি,

তুমি সবসময়ই নির্দোষ প্রতিপন্ন হও।

তবুও আমি তোমার ন্যায়বিচার সম্পর্কে কথা বলতে চাই:

দুষ্ট লোকদের পথ কেন সমৃদ্ধ হয়?

বিশ্বাসহীন সব লোক কেন স্বচ্ছন্দে জীবনযাপন করে?

2 তুমি তাদের রোপণ করেছ, তাদের শিকড় ধরেছ,

তারা বৃদ্ধি পেয়ে ফল উৎপন্ন করে।

তুমি সবসময় তাদের ওষ্ঠাধরে থাকো,

কিন্তু তাদের অন্তর তোমার থেকে অনেক দূরে থাকে।

3 তবুও, হে সদাপ্রভু, তুমি তো আমাকে জানো;

তুমি আমাকে দেখে থাকো এবং তোমার সম্পর্কে আমার চিন্তাধারা পরীক্ষা করে থাকো।

মেষের মতো নিহত হওয়ার জন্য তুমি ওদের টেনে নাও!

হত্যার দিনের জন্য তুমি তাদের পৃথক করে রাখো!

4 এই দেশ কত দিন শোক করবে

এবং মাঠের প্রতিটি তৃণ শুকনো হবে?

কারণ এই দেশে বসবাসকারীরা দুষ্ট,

পশুরা ও সব পাখি ধ্বংস হয়েছে।

এছাড়া, লোকেরা বলছে,

“আমাদের প্রতি কী ঘটছে, তা তিনি দেখবেন না।”

5 “যদি তুমি মানুষের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নাও,

আর তারা তোমাকে ক্লান্ত করে দেয়,

তাহলে অশ্বদের সঙ্গে তুমি কীভাবে দৌড়াতে পারবে?

তুমি যদি নিরাপদ ভূমিতে হোঁচট খাও,

তাহলে জর্ডন নদীর তীরে, জঙ্গলে কী করবে?

6 তোমার ভাইয়েরা, তোমার নিজের পরিবার,

এমনকি, তারাও তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে;

তারা তোমার বিরুদ্ধে এক তীব্র শোরগোল তুলেছে।

তুমি তাদের বিশ্বাস কোরো না,

যদিও তারা তোমার সম্পর্কে ভালো ভালো কথা বলে।

7 “আমি আমার গৃহ ত্যাগ করব,

আমার উত্তরাধিকার ছেড়ে চলে যাব;

আমার ভালোবাসার পাত্রীকে

আমি শত্রুদের হাতে তুলে দেব।

8 আমার উত্তরাধিকার আমার কাছে

জঙ্গলের এক সিংহের মতো হয়েছে।

সে আমার প্রতি গর্জন করে;

সেই কারণে, আমি তাকে ঘৃণা করি।

9 আমার উত্তরাধিকার কি আমার কাছে

এক বিচিত্র রংয়ের শিকারি পাখির মতো হয়নি

যেন অন্যান্য শিকারি পাখিরা এসে তার চারপাশে জড়ো হয় ও আক্রমণ করে?

যাও, গিয়ে সব বন্যপশুকে একত্র করো;

গ্রাস করার জন্য তাদের নিয়ে এসো।

10 বহু পালরক্ষক আমার দ্রাক্ষাকুঞ্জকে ধ্বংস করবে,

তারা আমার মাঠ পদদলিত করবে;

তারা আমার মনোরম ক্ষেত্রকে

জনশূন্য পরিত্যক্ত স্থানে পরিণত করবে।

11 এ হবে এক পরিত্যক্ত স্থান,

আমার চোখের সামনে হবে শুকনো ও নির্জন;

সমস্ত দেশই পড়ে থাকবে পরিত্যক্ত হয়ে,

কারণ তা তত্ত্বাবধান করার জন্য কেউই নেই।

12 মরুপ্রান্তরে বৃক্ষহীন উঁচু ভুমিগুলির উপরে,

ধ্বংসকারী সৈন্যেরা গিজগিজ করবে,

কারণ দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত

সদাপ্রভুর তরোয়াল সবাইকে গ্রাস করবে;

নিরাপদ কেউই থাকবে না।

13 তারা গম রোপণ করবে কিন্তু কাটবে কাঁটাগাছ,

তারা কঠোর পরিশ্রম করবে কিন্তু লাভ হবে না কিছুই।

তাই, সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের কারণে

তোমাদের ফসল কাটার লজ্জা বহন করো।”

14 সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজা ইস্রায়েলকে আমি অধিকাররূপে যে দেশ দিয়েছি, আমার দুষ্ট প্রতিবেশীরা তা অবরুদ্ধ করেছে। তাদের ভূমি থেকে আমি সেই শত্রুদের উৎখাত করব এবং তার মধ্য থেকে যিহূদা কুলের লোকদেরও আমি উৎপাটন করব। 15 কিন্তু উৎপাটন করার পর, আমি ফিরে তাদের প্রতি মমতা করব, আর তাদের প্রত্যেকজনকে তাদের স্বদেশে, নিজস্ব অধিকারে ফিরিয়ে আনব। 16 তারা যদি ভালোভাবে আমার প্রজাদের জীবনাচরণ শেখে এবং আমার নামে এই কথা বলে শপথ করে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ যেভাবে একদিন তারা বায়াল-দেবতার নামে আমার প্রজাদের শপথ করতে শিখিয়েছিল, তাহলে তখন তারা আমার প্রজাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। 17 কিন্তু কোনো জাতি যদি তা না শেখে, আমি তাদের সম্পূর্ণরূপে উৎপাটন করে তাদের ধ্বংস করব,” সদাপ্রভু এই কথা বলেন।