যিরমিয় অনুতাপের আহ্বান জানান ও বিলাপ করেন

বন্দিদশা ঘনিয়ে আসার সময় যিরমিয় লোকদের অনুতাপ করতে আহ্বান জানান এবং তাদের দুর্দশার জন্য বিলাপ করেন।

612 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিরমিয় 7–8

1 সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল: 2 “তুমি সদাপ্রভুর গৃহের দরজার কাছে গিয়ে দাঁড়াও এবং সেখানে এই বার্তা ঘোষণা করো:

“ ‘যিহূদার সমস্ত লোক, তোমরা যারা এসব দরজা দিয়ে সদাপ্রভুর উপাসনা করতে আস, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। 3 ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের আচার-আচরণ ও ক্রিয়াকলাপ সংশোধন করো, তাহলে আমি তোমাদের এই দেশে বসবাস করতে দেব। 4 কোনো মিথ্যা কথাবার্তায় তোমরা বিশ্বাস কোরো না এবং বোলো না, “এই হল সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির!” 5 তোমরা যদি প্রকৃতই ন্যায়পরায়ণতায় পরস্পরের সঙ্গে তোমাদের জীবনাচরণ, তোমাদের কার্যকলাপ ও আচার-আচরণের পরিবর্তন ঘটাও, 6 যদি তোমরা বিদেশি, পিতৃহীন ও বিধবাদের প্রতি অত্যাচার না করো এবং এই স্থানে নির্দোষ মানুষদের রক্তপাত না করো, আর তোমরা যদি নিজেদেরই ক্ষতির জন্য অন্যান্য দেবদেবীর অনুসারী না হও, 7 তাহলে আমি এই স্থানে তোমাদের বসবাস করতে দেব, যে দেশ আমি তোমাদের পিতৃপুরুষদের যুগে যুগে চিরকালের জন্য দান করেছি। 8 কিন্তু দেখো, তোমরা প্রতারণামূলক কথাবার্তায় বিশ্বাস করছ, যা নিতান্তই অসার।

9 “ ‘তোমরা কি চুরি ও নরহত্যা করবে, ব্যভিচার ও ভ্রান্ত দেবদেবীর নামে শপথ করবে, বায়াল-দেবতার উদ্দেশে ধূপদাহ করবে এবং তোমাদের অপরিচিত দেবতাদের অনুসারী হবে, 10 তারপর আমার নামে আখ্যাত এই গৃহে, আমার সামনে এসে দাঁড়াবে ও বলবে, “আমরা নিরাপদ,” এই সমস্ত ঘৃণ্য কাজগুলি করার জন্য নিরাপদ? 11 এই গৃহ, যা আমার নামে আখ্যাত, তোমাদের কাছে কি দস্যুদের গহ্বরে পরিণত হয়েছে? আমি কিন্তু সব লক্ষ্য করে যাচ্ছি! সদাপ্রভু এই কথা বলেন।

12 “ ‘এখন তোমরা শীলোতে যাও, যেখানে আমি প্রথমে আমার নামের জন্য একটি আবাস তৈরি করেছিলাম, আর দেখো, আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতার জন্য, আমি তার প্রতি কী করেছি। 13 সদাপ্রভু বলেন, তোমরা যখন এসব কাজ করছিলে, আমি তোমাদের সঙ্গে বারবার কথা বলেছি, কিন্তু তোমরা শুনতে চাওনি; আমি তোমাদের ডাকলেও তোমরা উত্তর দাওনি। 14 সেই কারণে, আমি শীলোর প্রতি যা করেছিলাম, এখন আমার নামে আখ্যাত এই গৃহের প্রতি, যে মন্দিরে তোমরা আস্থা রাখো, যা আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম, তার প্রতিও সেরকমই করব। 15 যেমন আমি তোমাদের ভাইদের, ইফ্রয়িমের সব লোকের প্রতি করেছি, তেমনই তোমাদেরও আমার উপস্থিতি থেকে দূর করে দেব।’

16 “তাই এসব লোকের জন্য প্রার্থনা কোরো না, এদের জন্য কোনো অনুনয় বা আবেদন আমার কাছে কোরো না; আমার কাছে কোনো অনুরোধ কোরো না, কারণ আমি তোমার কথা শুনব না। 17 যিহূদার গ্রামগুলিতে এবং জেরুশালেমের পথে পথে তারা কী করছে, তুমি কি তা দেখতে পাও না? 18 ছেলেমেয়েরা কাঠ সংগ্রহ করে, বাবারা আগুন জ্বালায় এবং স্ত্রীলোকেরা ময়দা মাখায় ও আকাশ-রানির উদ্দেশে পিঠে তৈরি করে। আমার ক্রোধ উদ্রেক করার জন্য তারা অন্য সব দেবদেবীর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করে। 19 কিন্তু তারা কি কেবলমাত্র আমাকেই ক্রুদ্ধ করছে? সদাপ্রভু এই কথা বলেন। তারা কি নিজেদেরই লজ্জার জন্য নিজেদের ক্ষতি করছে না?

20 “ ‘অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমার ক্রোধ ও আমার রোষ এই স্থানের উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালার উপরে এবং ভূমির ফসলের উপরে ঢেলে দেওয়া হবে। তা অগ্নিদগ্ধ হবে, আগুন নিভে যাবে না।

21 “ ‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমরা যাও, তোমাদের অন্যান্য বলিদানের সঙ্গে তোমাদের হোমবলিও মিশিয়ে দাও ও সেই মাংস তোমরাই খেয়ে ফেলো! 22 কারণ তোমাদের পিতৃপুরুষদের আমি যখন মিশর থেকে মুক্ত করে এনেছিলাম ও তাদের সঙ্গে কথা বলেছিলাম, আমি তাদের কেবলমাত্র হোমবলি ও অন্যান্য বলিদান উৎসর্গের আদেশ দিইনি, 23 কিন্তু আমি তাদের এই আদেশও দিয়েছিলাম, আমার কথা মেনে চলো, তাহলে আমি তোমাদের ঈশ্বর হব ও তোমরা আমার প্রজা হবে। আমি তোমাদের যে সমস্ত আদেশ দিই, তোমরা সেই অনুযায়ী জীবনযাপন কোরো, যেন এতে তোমাদের মঙ্গল হয়। 24 কিন্তু তারা শোনেনি ও আমার কথায় মনোযোগ করেনি; বরং তারা নিজেদের মন্দ হৃদয়ের একগুঁয়ে প্রবৃত্তির অনুসারী হয়েছে। তারা পিছিয়ে গিয়েছে, এগিয়ে যায়নি। 25 তোমাদের পিতৃপুরুষেরা যখন থেকে মিশর ত্যাগ করেছিল, সেই সময় থেকে এখন পর্যন্ত, দিনের পর দিন, আমি বারবার আমার সেবক-ভাববাদীদের তোমাদের কাছে প্রেরণ করেছি। 26 কিন্তু তারা আমার কথা শোনেনি, কোনো মনোযোগও দেয়নি। তারা একগুঁয়ে মনোবৃত্তি দেখিয়ে তাদের পিতৃপুরুষদের চেয়েও বেশি অন্যায় করেছে।’

27 “তুমি যখন গিয়ে তাদের এসব কথা বলবে, তারা তোমার কথা শুনবে না। তুমি যখন তাদের ডাকবে, তারা কোনো সাড়া দেবে না। 28 সেই কারণে তুমি তাদের বোলো, ‘এই হল সেই জাতি, যে তাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোনেনি বা সংশোধনের জন্য সাড়া দেয়নি। সত্যের বিনাশ হয়েছে; তা তাদের ওষ্ঠাধর থেকে বিলুপ্ত হয়েছে।

29 “ ‘তোমার চুল কেটে ফেলে দাও; গাছপালাহীন পাহাড়ে গিয়ে বিলাপ করো, কারণ সদাপ্রভুর ক্রোধের অধীনে থাকা এই প্রজন্মকে তিনি অগ্রাহ্য ও পরিত্যাগ করেছেন।

30 “ ‘সদাপ্রভু বলেন, যিহূদার লোকেরা আমার চোখের সামনে পাপ করেছে। তারা আমার নামে আখ্যাত মন্দিরের মধ্যে তাদের ঘৃণ্য সব প্রতিমা স্থাপন করে তা কলুষিত করেছে। 31 তারা বিন-হিন্নোমে আবর্জনা ফেলার স্থান তোফতে মূর্তিপূজার পীঠস্থান নির্মাণ করেছে, যেন নিজেদের পুত্রকন্যাদের সেখানে অগ্নিদগ্ধ করে—যা আমি তাদের আদেশ দিইনি বা আমার মনেও আসেনি। 32 তাই, সদাপ্রভু বলেন, সাবধান হও, এমন দিন আসছে যখন লোকেরা তাকে আর তোফৎ বা বিন-হিন্নোমের উপত্যকা বলবে না, কিন্তু হত্যালীলার উপত্যকা বলবে, কারণ সেখানে যে পর্যন্ত আর স্থান অবশিষ্ট না থাকে, তারা মৃতদের কবর দেবে। 33 তখন এই লোকেদের মৃতদেহ আকাশের পাখিদের এবং বুনো পশুদের আহার হবে, সেগুলিকে তাড়িয়ে দেওয়া জন্য কেউ আর থাকবে না। 34 আমি যিহূদার সমস্ত গ্রাম ও জেরুশালেমের পথগুলি থেকে আনন্দ ও আমোদের শব্দ, বর ও কনের আনন্দরবের পরিসমাপ্তি ঘটাব, কারণ সেই দেশ জনমানবহীন স্থানে পরিণত হবে।

8:1 “ ‘সদাপ্রভু বলেন, সেই সময় যিহূদার রাজা ও রাজকর্মচারীদের হাড়, যাজক ও ভাববাদীদের হাড় এবং জেরুশালেমের লোকদের হাড়, তাদের কবর থেকে অপসারিত করা হবে। 2 সেগুলি সূর্য, চাঁদ ও আকাশের সেইসব তারার সাক্ষাতে খোলা পড়ে থাকবে, যাদের তারা ভালোবাসত ও সেবা করত, যাদের অনুসারী হয়ে তারা তাদের সঙ্গে পরামর্শ করত ও উপাসনা করত। সেই হাড়গুলি আর একত্র সংগ্রহ করা হবে না বা কবর দেওয়া হবে না, কিন্তু আবর্জনার মতো মাটিতে পড়ে থাকবে। 3 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, আমি যেখানেই তাদের নির্বাসিত করি, সেখানে এই মন্দ জাতির অবশিষ্ট জীবিত লোকেরা জীবনের চেয়ে মৃত্যুই বেশি পছন্দ করবে।’

4 “তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন:

“ ‘মানুষ যখন পড়ে যায়, তখন তারা কি ওঠে না?

কোনো মানুষ বিপথগামী হলে, সে কি ফিরে আসে না?

5 তাহলে কেন এসব লোক বিপথে গিয়েছে?

কেন জেরুশালেম সবসময় বিপথগামী হয়?

তারা ছলনার বাক্যকে আঁকড়ে ধরে,

তারা ফিরে আসতে চায় না।

6 আমি মনোযোগ দিয়ে শুনেছি,

কিন্তু সঠিক বিষয় কি, তারা তা বলে না।

কেউই তার দুষ্টতার জন্য অনুতাপ করে না,

বলে, “আমি কী করেছি?”

অশ্ব যেমন যুদ্ধের জন্য দৌড়ায়,

তারা সবাই তেমনই নিজের নিজের পথে যায়।

7 এমনকি, আকাশের সারসও

তার নির্ধারিত সময় জানে,

এবং ঘুঘু, ফিঙে ও ময়না

তাদের গমনকাল রক্ষা করে।

কিন্তু আমার প্রজারা জানে না

তাদের সদাপ্রভুর বিধিনিয়ম।

8 “ ‘তোমরা কীভাবে বলো, “আমরা জ্ঞানবান,

কারণ আমাদের কাছে আছে সদাপ্রভুর বিধান,”

যখন শাস্ত্রবিদদের মিথ্যা লেখনী,

তা মিথ্যা করে লিখেছে?

9 জ্ঞানবানেরা লজ্জিত হবে;

তারা হতাশ হয়ে ফাঁদে ধরা পড়বে।

তারা যেহেতু সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছে,

তাহলে তাদের কী ধরনের প্রজ্ঞা আছে?

10 সেই কারণে, আমি তাদের স্ত্রীদের নিয়ে অন্য লোকদের দেব,

তাদের খেতগুলি নতুন সব মালিককে দেব।

নগণ্যতম জন থেকে মহান ব্যক্তি পর্যন্ত,

সকলেই লোভ-লালসায় লিপ্ত;

ভাববাদী ও যাজকেরা সব এক রকম,

তারা সকলেই প্রতারণার অনুশীলন করে।

11 তারা আমার প্রজাদের ক্ষত এভাবে নিরাময় করে,

যেন তা একটুও ক্ষতিকর নয়।

যখন কোনো শান্তি নেই,

তখন “শান্তি, শান্তি,” বলে তারা আশ্বাস দেয়।

12 তাদের এই জঘন্য আচরণের জন্য তারা কি লজ্জিত?

না, তাদের কোনও লজ্জা নেই;

লজ্জাবনত হতে তারা জানেই না।

তাই, পতিতদের মধ্যে তারাও পতিত হবে;

আমি যখন তাদের শাস্তি দিই, তখন তাদেরও ভূপতিত করব,

সদাপ্রভু এই কথা বলেন।

13 “ ‘আমি তাদের সব শস্য শেষ করে দেব,

সদাপ্রভু এই কথা বলেন।

তাদের দ্রাক্ষালতায় কোনো আঙুর থাকবে না।

ডুমুর গাছে থাকবে না কোনো ডুমুর,

তাদের পাতাগুলি শুকিয়ে যাবে।

আমি যা কিছু তাদের দিয়েছিলাম,

সব তাদের কাছ থেকে ফিরিয়ে নেব।’ ”

14 কেন আমরা এখানে বসে আছি?

এসো, সবাই একত্র হই!

এসো আমরা সুরক্ষিত নগরগুলিতে পালিয়ে যাই

এবং সেখানে ধ্বংস হই!

কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের ধ্বংস হওয়ার জন্য নিরূপণ করেছেন

এবং আমাদের পান করার জন্য বিষাক্ত জল দিয়েছেন,

কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি।

15 আমরা শান্তির আশা করলাম

কিন্তু কোনো মঙ্গল হল না,

আমরা রোগনিরাময়ের অপেক্ষা করেছিলাম,

কিন্তু কেবলমাত্র আতঙ্কের সম্মুখীন হলাম।

16 দান অঞ্চল থেকে

শত্রুদের অশ্বের নাসারব শোনা যাচ্ছে;

তাদের অশ্বগুলির হ্রেষারবে

সমস্ত দেশ কম্পিত হচ্ছে।

এই দেশ ও এর ভিতরের সবকিছু,

এই নগর ও এর মধ্যে বসবাসকারী সবাইকে,

তারা গ্রাস করার জন্য এসেছে।

17 “দেখো, আমি তোমাদের মধ্যে বিষধর সাপ প্রেরণ করব,

সেই কালসাপগুলিকে মন্ত্রমুগ্ধ করা যাবে না,

আর তারা তোমাদের দংশন করবে,”

সদাপ্রভু এই কথা বলেন।

18 আমার দুঃখ নিরাময়ের ঊর্ধ্বে,

আমার অন্তর ভগ্নচূর্ণ হয়েছে।

19 এক দূরবর্তী দেশ থেকে

আমার প্রজাদের কান্না শ্রবণ করো:

“সদাপ্রভু কি সিয়োনে নেই?

তার রাজা কি আর সেখানে থাকেন না?”

“তাদের দেবমূর্তিগুলির দ্বারা, তাদের সেই অসার বিজাতীয় দেবপ্রতিমাগুলির দ্বারা,

তারা কেন আমার ক্রোধের উদ্রেক করেছে?”

20 “শস্যচয়নের কাল অতীত হয়েছে,

গ্রীষ্মকাল শেষ হয়েছে,

কিন্তু আমাদের উদ্ধারলাভ হয়নি।”

21 আমার জাতির লোকেরা যেহেতু চূর্ণ হয়েছে, আমিও চূর্ণ হয়েছি;

আমি শোক করি, আতঙ্ক আমাকে ঘিরে ধরেছে।

22 গিলিয়দে কি কোনো ব্যথার মলম নেই?

সেখানে কি কোনো চিকিৎসক নেই?

তাহলে কেন আমার জাতির লোকেদের ক্ষত

নিরাময় হয় না?