হোশেয় দশ গোষ্ঠীর বন্দিদশার ভবিষ্যদ্বাণী করেন (continued)

হোশেয় দশ গোষ্ঠীর বন্দিদশার ভবিষ্যদ্বাণী করেন এবং লোকদের অনুতাপ করতে আহ্বান জানান।

725 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

হোশেয় 9–11

1 ইস্রায়েল, তুমি আনন্দিত হোয়ো না;

অন্যান্য জাতিদের মতো উল্লাসে মেতে উঠো না।

কারণ তোমার ঈশ্বরের কাছে তুমি অবিশ্বস্ত হয়েছ;

প্রত্যেকটি শস্য মাড়াইয়ের খামারে

বেশ্যাবৃত্তির পারিশ্রমিক তোমার প্রীতিজনক।

2 শস্য মাড়াইয়ের খামার কিংবা দ্রাক্ষাপেষাই কল লোকেদের খাদ্য জোগাবে না;

নতুন দ্রাক্ষারস লোকেদের জন্য অপ্রতুল হবে।

3 তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না;

ইফ্রয়িম মিশরে ফিরে যাবে

এবং আসিরিয়ায় গিয়ে অশুচি খাবার খাবে।

4 তারা সদাপ্রভুর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে না,

কিংবা তাদের দেওয়া বিভিন্ন বলিও তাঁকে সন্তুষ্ট করতে পারবে না।

এসব বলি তাদের কাছে বিলাপকারীদের খাদ্যের মতো হবে;

যারাই সেগুলি খাবে, তারাই অশুচি হবে।

এই খাবার হবে তাদের নিজেদের জন্য;

এগুলি সদাপ্রভুর মন্দিরে আসবে না।

5 তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন,

সেই দিনগুলিতে তোমরা কী করবে?

6 তারা যদিও বিনাশ এড়িয়ে যায়,

মিশর তাদের একত্র করবে

এবং মোফ তাদের কবর দেবে।

তাদের রুপোর পাত্রগুলি হবে বিছুটি গাছের অধিকার,

তাদের তাঁবুগুলি ছেয়ে যাবে কাঁটাঝোপে।

7 তাদের দণ্ডদানের দিন এগিয়ে আসছে,

হিসেব নেওয়ার দিনও সমাগত;

ইস্রায়েল জানুক একথা।

যেহেতু তোমার পাপসকল অত্যন্ত বেশি

এবং তোমার হিংস্রতা এত বিশাল যে,

ভাববাদীও মূর্খ বিবেচিত হয়,

অনুপ্রাণিত মানুষকে বাতিকগ্রস্ত মনে হয়।

8 ভাববাদী, আমাদের ঈশ্বরের সঙ্গে

ইফ্রয়িমের উপরে প্রহরা দেন,

তা সত্ত্বেও তার সমস্ত পথে ফাঁদ পাতা থাকে,

আর তার ঈশ্বরের গৃহে বিদ্বেষ বিরাজ করে।

9 তারা ডুবে গেছে দুর্নীতির গভীরে,

যা এক সময় গিবিয়াতে হত।

ঈশ্বর তাদের দুষ্টতার কথা স্মরণ করবেন

এবং তাদের পাপের জন্য তাদের শাস্তি দেবেন।

10 “আমি যখন ইস্রায়েলকে খুঁজে পেয়েছিলাম,

তখন মনে হয়েছিল মরুপ্রান্তরে আঙুর খুঁজে পেয়েছি;

আমি যখন তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম,

তখন মনে হয়েছিল ডুমুর গাছে অগ্রিম ফল এসেছে।

কিন্তু তারা যখন বায়াল-পিয়োরে উপস্থিত হল,

তখন তারা সেই ন্যক্কারজনক মূর্তির কাছে নিজেদের উৎসর্গ করল

এবং তাদের সেই প্রিয়পাত্রের মতোই জঘন্য হয়ে উঠল।

11 ইফ্রয়িমের গৌরব পাখির মতো উড়ে যাবে,

প্রসব, গর্ভাবস্থা, গর্ভধারণ কিছুই হবে না।

12 তা সত্ত্বেও যদি তারা শিশুদের লালনপালন করে,

তাহলে আমি তাদের প্রত্যেককে মৃত্যুশোক দেব।

ধিক্ তাদের,

যখন আমি তাদের পরিত্যাগ করি!

13 আমি ইফ্রয়িমকে সোরের মতো দেখেছি,

যে এক মনোরম স্থানে রোপিত।

কিন্তু ইফ্রয়িম তার ছেলেমেয়েদের

ঘাতকের কাছে নিয়ে আসবে।”

14 হে সদাপ্রভু, তুমি তাদের দাও—

তুমি তাদের কী দেবে?

তুমি তাদের গর্ভস্রাবী জঠর

ও শুষ্ক স্তন দাও।

15 “গিল্‌গলে তাদের প্রতিটি দুষ্টতার জন্য,

আমি সেখানে তাদের ঘৃণা করেছিলাম।

তাদের পাপপূর্ণ সমস্ত কাজের জন্য

আমার গৃহ থেকে আমি তাদের বিতাড়িত করব।

আমি আর তাদের ভালোবাসব না;

কারণ তাদের নেতারা সবাই বিদ্রোহী।

16 ইফ্রয়িম ব্যাধিগ্রস্ত হয়েছে,

তাদের শিকড় শুকিয়ে গেছে;

তাই তারা কোনো ফল উৎপন্ন করে না।

এমনকি তারা যদি সন্তানের জন্মও দেয়,

তাহলে আমি তাদের স্নেহচ্ছায়ায় লালিত বংশধরদের মেরে ফেলব।”

17 আমার ঈশ্বর তাদের অগ্রাহ্য করবেন,

কারণ তারা তাঁর আদেশ পালন করেনি;

তাই বিভিন্ন জাতির মধ্যে তারা ইতস্তত ঘুরে বেড়াবে।

10:1 ইস্রায়েল ছিল শাখাপ্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা;

সে নিজের জন্যই ফল উৎপন্ন করত।

তার ফল যখন বৃদ্ধি পেল,

সে তখন আরও বেশি যজ্ঞবেদি নির্মাণ করল;

তার দেশ যেই সমৃদ্ধ হল,

সে তার পবিত্র পাথর স্তম্ভগুলি সুশোভিত করল।

2 তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ,

তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে।

সদাপ্রভু তাদের যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলবেন

ও তাদের পবিত্র পাথরের স্তম্ভগুলি ধ্বংস করবেন।

3 তখন তারা বলবে, “আমাদের কোনো রাজা নেই,

তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি।

আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন,

তাহলে তিনিই বা আমাদের জন্য কী করতেন?”

4 তারা বহু প্রতিশ্রুতি দেয়,

চুক্তি করার সময়

তারা মিথ্যা শপথ করে;

সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে

চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো।

5 শমরিয়ায় বসবাসকারী লোকদের কাছে

বেথ-আবনের বাছুর-প্রতিমা ভীতিপ্রদ।

কিন্তু এর অধিবাসীরা তার জন্য বিলাপ করবে,

যেমনটা করবে তার মূর্তিপূজক যাজকেরা,

যারা তার আড়ম্বরে আনন্দিত হয়েছিল,

কেননা সেই গৌরবকে তাদের কাছ থেকে নিয়ে নির্বাসনে পাঠানো হবে।

6 তা আসিরিয়ার মহারাজের কাছে উপঢৌকন স্বরূপ

তা বহন করে নিয়ে যাওয়া হবে।

ইফ্রয়িম অপমানিত হবে;

ইস্রায়েল তার বিদেশি জোটের জন্য লজ্জিত হবে।

7 জলরাশির উপরে কচি শাখার মতো

শমরিয়া ও তার রাজা ভেসে যাবে।

8 দুষ্টতার উচ্চ স্থানগুলি ধ্বংস করা হবে,

কারণ এ হল ইস্রায়েলের পাপ।

সেখানে কাঁটাগাছ ও শিয়ালকাঁটার জন্ম হবে,

এবং সেগুলি তাদের যজ্ঞবেদিগুলিকে ঢেকে ফেলবে।

তখন তারা পর্বতসকলের উদ্দেশে বলবে, “আমাদের ঢেকে ফেলো!”

আর পাহাড়গুলিকে বলবে, “আমাদের উপরে পড়ো!”

9 “হে ইস্রায়েল, গিবিয়ার সময় থেকে তোমরা পাপ করেছ,

আর তোমরা সেখানেই থেকে গিয়েছ।

তাই যুদ্ধ গিবিয়ার দুষ্কর্মকারীদের

নাগাল কি পাবে না?

10 আমার যখন ইচ্ছা হবে, আমি তাদের শাস্তি দেব;

তাদের দ্বিগুণ পাপের জন্য তাদের বেঁধে ফেলতে।

জাতিসমূহ তাদের বিরুদ্ধে একত্র হবে,

11 ইফ্রয়িম এক প্রশিক্ষিত বকনা-বাছুর,

সে শস্যমর্দন করতে ভালোবাসে;

তাই আমি তার সুন্দর ঘাড়ে

একটি জোয়াল দেব।

আমি ইফ্রয়িমকে বিতাড়িত করব,

যিহূদাকে অবশ্যই ভূমি কর্ষণ করতে হবে,

আর যাকোব অবশ্যই মাটির ঢেলা ভাঙবে।

12 তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজবপন করো,

অনিঃশেষ ভালোবাসার ফসল তোলো,

তোমাদের পতিত জমি চাষ করো;

কারণ এখনই সদাপ্রভুকে অন্বেষণ করার সময়,

যতক্ষণ তিনি এসে

তোমাদের উপরে ধার্মিকতা বর্ষণ না করেন।

13 কিন্তু তোমরা তো দুষ্টতার বীজবপন করেছ,

তোমরা মন্দতার শস্যচয়ন করেছ,

তোমরা প্রতারণার ফল ভক্ষণ করেছ।

এসবের কারণ, তোমরা নিজেদের শক্তি

ও তোমাদের অসংখ্য বীর যোদ্ধাদের উপর নির্ভর করেছিলে।

14 তোমার প্রজাদের বিরুদ্ধে রণনাদ গর্জিত হবে,

যাতে তোমাদের সব দুর্গ বিধ্বস্ত হয়;

ঠিক যেভাবে শল্‌মন যুদ্ধের সময় বেথ-অর্বেলকে ধ্বংস করেছিল,

সন্তানসহ মায়েদের আছাড় মেরে খণ্ড খণ্ড করেছিল।

15 ওহে বেথেল, তোমার প্রতি এরকমই করা হবে,

কারণ তোমার দুষ্টতা বিপুল।

সেদিন যখন ঘনিয়ে আসবে,

তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে।

11:1 “ইস্রায়েল যখন শিশু ছিল, আমি তাকে ভালোবাসলাম,

এবং মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম।

2 কিন্তু আমি ইস্রায়েলকে যতবার ডেকেছি,

তারা তত বেশি আমার কাছ থেকে দূরে সরে গেল।

তারা বায়াল-দেবতাদের সামনে বলি উৎসর্গ করল

এবং তারা প্রতিমাদের সামনে ধূপদাহ করল।

3 আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম,

তাদের কোলে নিতাম;

তারা কিন্তু বুঝলো না।

যে আমিই তাদের সুস্থ করেছিলাম।

4 আমি মানবিক সদিচ্ছা ও স্নেহের দড়ি দিয়ে

তাদের চালিত করতাম;

তাদের ঘাড় থেকে জোয়াল তুলে নিতাম

এবং ঝুঁকে পড়ে তাদের খাবার খাওয়াতাম।

5 “তারা কি মিশরে ফিরে যাবে না

এবং আসিরিয়া কি তাদের উপরে রাজত্ব করবে না,

যেহেতু তারা অনুতপ্ত হতে চায়নি?

6 তাদের নগরগুলিতে তরোয়াল ঝলসে উঠবে,

যা ভেঙে ফেলবে তাদের নগরদ্বারগুলির খিল

এবং পরিসমাপ্তি ঘটাবে তাদের পরিকল্পনাসমূহের।

7 আমার প্রজারা আমার কাছ থেকে মুখ ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে।

তাই যতই তারা পরাৎপর ঈশ্বরকে ডাকুক,

তিনি কিন্তু কোনোভাবেই তাদের তুলে ধরবেন না।

8 “ইফ্রয়িম, আমি কীভাবে তোমাকে ত্যাগ করতে পারি?

ইস্রায়েল, আমি কীভাবে তোমাকে অন্যের হাতে সমর্পণ করব?

আমি কীভাবে তোমার প্রতি অদ্‌মার মতো আচরণ করব?

কীভাবেই বা আমি তোমাকে সবোয়িমের তুল্য করে তুলবো?

তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে;

আমার সমস্ত অনুকম্পা উথলে উঠছে।

9 আমার ভয়ংকর ক্রোধ আমি কার্যকর করব না,

কিংবা ইফ্রয়িমের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে তাঁকে ছারখার করব না।

কারণ আমি ঈশ্বর, মানুষ নই,

তোমাদের মধ্যবর্তী আমি সেই এক ও অদ্বিতীয় পবিত্রজন।

তাই আমি সক্রোধে উপস্থিত হব না।

10 তারা সদাপ্রভুর অনুসরণ করবে;

তিনি সিংহের মতো গর্জন করবেন।

এবং যখন তিনি গর্জন করেন,

তখন তাঁর সন্তানেরা পশ্চিমদিক থেকে কম্পিত হয়ে আসবে।

11 মিশর থেকে পাখির মতো

তারা কাঁপতে কাঁপতে আসবে,

আসিরিয়া থেকে ঘুঘুর মতো আসবে।

আমি তাদের গৃহে তাদের প্রতিষ্ঠিত করব,”

সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

12 ইফ্রয়িম মিথ্যা কথায় ও ইস্রায়েল ছলনায়

আমাকে ঘিরে আছে।

এবং যিহূদা ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য

এমনকি বিশ্বস্ত পবিত্রজনের বিরুদ্ধেও।