ইস্রায়েলের রাজ্য
শল্মনেষর হোশেয়ের রাজ্য আক্রমণ করেন
ইস্রায়েলের রাজা হোশেয়ের রাজত্বের বিবরণ অব্যাহত। শল্মনেষর হোশেয়ের ভূখণ্ড আক্রমণ করেন।
আনুমানিক 725 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
3 আসিরিয়ার রাজা শল্মনেষর সেই হোশেয়কে আক্রমণ করতে এলেন, যিনি আগে শল্মনেষরের কেনা গোলাম ছিলেন এবং তাঁকে রাজকরও দিতেন। 4 কিন্তু আসিরিয়ার রাজা আবিষ্কার করলেন যে হোশেয় একজন বিশ্বাসঘাতক, কারণ তিনি মিশরের রাজা সো-র কাছে দূত পাঠালেন, এবং আগে যেমন বছরের পর বছর তিনি আসিরিয়ার রাজাকে রাজকর দিয়ে যেতেন, এখন তিনি আর তা দিচ্ছিলেন না। তাই শল্মনেষর তাঁকে অবরুদ্ধ করে জেলখানায় পুরে দিলেন।
হোশেয় দশ গোষ্ঠীর বন্দিদশার ভবিষ্যদ্বাণী করেন 725 খ্রিস্টপূর্ব
হোশেয় দশ গোষ্ঠীর বন্দিদশার ভবিষ্যদ্বাণী করেন এবং লোকদের অনুতাপ করতে আহ্বান জানান।
1 যখনই আমি ইস্রায়েলের রোগনিরাময় করি,
তখনই ইফ্রয়িমের পাপসকল উন্মোচিত হয়
এবং শমরিয়ার অপরাধসকল প্রকাশিত হয়ে পড়ে।
তারা ছলনা করা চর্চা করে,
চোরের মতো সিঁধ কেটে ঘরে ঢোকে,
দস্যুর মতো পথে পথে ডাকাতি করে।
2 কিন্তু তারা বুঝতে পারে না,
তাদের সব দুষ্কর্ম আমার স্মরণে থাকে।
তাদের পাপগুলি তাদের ঘিরে রেখেছে;
সেগুলি সবসময়ই আমার সামনে আছে।
3 “তারা তাদের দুষ্টতার দ্বারা রাজাকে
এবং মিথ্যা কথা দ্বারা তাদের সম্মানিত লোকদের খুশি করে।
4 তারা সবাই ব্যভিচারী,
তারা উনুনের মতো জ্বলতে থাকে,
ময়দার তাল মেখে তা ফেঁপে না ওঠা পর্যন্ত
পাচককে সেই আগুন খোঁচাতে হয় না।
5 আমাদের রাজার উৎসবের দিনে
সম্মানিত লোকেরা সুরাপানে উত্তপ্ত হয়ে পড়ে,
আর সে বিদ্রুপকারীদের সঙ্গে হাত মেলায়।
6 তাদের হৃদয় চুল্লির মতো,
তারা গোপন উদ্দেশ্যে তার কাছে উপস্থিত হয়।
সমস্ত রাত্রি তাদের কামনাবাসনা ধিকিধিকি জ্বলতে থাকে,
সকালে তা আগুনের শিখার মতো প্রজ্বলিত হয়।
7 তারা সকলেই চুল্লির মতো উত্তপ্ত,
তারা তাদের শাসকদের গ্রাস করে।
তাদের সব রাজার পতন হয়,
এবং তারা কেউই আমাকে আহ্বান করে না।
8 “ইফ্রয়িম অন্য জাতিদের সঙ্গে মিশ্রিত হয়;
ইফ্রয়িম এক পিঠ সেঁকা পিঠের মতো, যা ওল্টানো হয়নি।
9 বিদেশিরা তার শক্তি শুষে নেয়,
কিন্তু সে তা বুঝতে পারে না।
তার কেশরাশি ক্রমেই পেকে গেছে,
সে কিন্তু তা খেয়াল করেনি।
10 ইস্রায়েলের ঔদ্ধত্য তার বিপক্ষে সাক্ষ্য দেয়,
কিন্তু এসব সত্ত্বেও
সে তার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফেরেনি
কিংবা করেনি তাঁর অন্বেষণ।
11 “ইফ্রয়িম ঘুঘুর মতো,
যে নির্বোধ ও সহজেই প্রতারিত হয়।
এই সে মিশরকে আহ্বান করে,
পরক্ষণেই আবার সে আসিরিয়ার প্রতি ফেরে।
12 তাদের গমনকালে, আমি তাদের উপরে আমার জাল নিক্ষেপ করব;
আকাশের পাখিদের মতো আমি তাদের নিচে টেনে নামাব।
তাদের এক জায়গায় জড়ো হওয়ার কথা যখন আমি শুনব,
আমি তাদের ধরে ফেলব।
13 ধিক্ তাদের,
কারণ তারা আমার কাছ থেকে দূরে চলে গেছে!
তারা বিনষ্ট হবে,
কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে!
বহুদিন যাবৎ আমি তাদের উদ্ধার করতে চেয়েছি,
কিন্তু তারা আমারই বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে।
14 তারা অন্তর থেকে আমার কাছে কাঁদেনি,
কিন্তু নিজ নিজ শয্যায় বিলাপ করেছে।
তারা শস্য ও নতুন দ্রাক্ষারসের জন্য একসঙ্গে সম্মিলিত হয়,
কিন্তু আমার দিক থেকে তারা মুখ ফিরিয়ে থাকে।
15 আমি তাদের প্রশিক্ষিত করেছি, শক্তিশালী করেছি,
কিন্তু তারা আমারই বিরুদ্ধে কুকল্পনার ষড়যন্ত্র করে।
16 তারা পরাৎপরের প্রতি ফিরে আসে না;
তারা ত্রুটিপূর্ণ ধনুকের মতো।
তাদের নেতৃবর্গ তরোয়ালের আঘাতে পতিত হবে,
এর কারণ তাদের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা।
এই কারণে মিশরের ভূমিতে
তাদের উপহাস করা হবে।
8:1 “তোমরা মুখে তূরী দাও!
সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল উদীয়মান,
কারণ লোকেরা আমার সঙ্গে কৃত চুক্তিভঙ্গ করেছে
এবং আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
2 ইস্রায়েল আমার কাছে কেঁদে বলে,
‘হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করি!’
3 কিন্তু যা কিছু ভালো, ইস্রায়েল তা অগ্রাহ্য করেছে;
তাই এক শত্রু তার পশ্চাদ্ধাবন করবে।
4 আমার সম্মতি ছাড়াই তারা রাজাদের প্রতিষ্ঠিত করে;
আমার অনুমোদন ছাড়াই তারা মনোনীত করে সম্মানীয়দের।
তাদের সোনা ও রুপোর দ্বারা
তারা বিভিন্ন প্রতিমা নির্মাণ করে
এবং নিজেদেরই ধ্বংস ডেকে আনে।
5 শমরিয়া, তোমাদের বাছুর-প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও!
তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে।
আর কত দিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে?
6 ওই প্রতিমাগুলি ইস্রায়েল থেকেই সৃষ্ট!
ওই বাছুর-প্রতিমাটি একজন কারিগর নির্মাণ করেছে;
ওটি ঈশ্বর নয়।
শমরিয়ার ওই বাছুর-প্রতিমাকে
খণ্ড খণ্ড করে ফেলা হবে।
7 “তারা বায়ুস্বরূপ বীজবপন করে
এবং ঘূর্ণিবায়ুস্বরূপ শস্য কাটে।
সেগুলির শিষের মাথায় শস্যদানা থাকে না,
তাই তাতে কোনো ময়দা তৈরি হবে না।
যদি তাতে শস্যদানা উৎপন্ন হত,
তাহলে বিদেশিরা তা খেয়ে ফেলত।
8 ইস্রায়েলকে গ্রাস করা হয়েছে;
এখন এক অসার বস্তুর মতো
জাতিসমূহের মধ্যে তাঁর অবস্থান।
9 যেমন কোনো বুনো গর্দভ একা একা বিচরণ করে,
সেভাবেই তারা আসিরিয়ায় গিয়েছিল।
ইফ্রয়িম প্রেমিকদের কাছে নিজেকে বিক্রি করেছে।
10 যদিও তারা নিজেদের অন্য জাতিদের কাছে বিক্রি করেছে,
কিন্তু আমি এখন তাদের একত্রিত করব।
পরাক্রান্ত রাজার অত্যাচারে
তারা ক্রমশ ক্ষয়ে যাবে।
11 “যদিও ইফ্রয়িম পাপবলির উদ্দেশে বহু বেদি নির্মাণ করেছে,
কিন্তু সেগুলি পরিণত হয়েছে পাপ করার বেদিতে।
12 আমি তাদের জন্য আমার বিধানে বহু বিষয় লিখেছিলাম,
কিন্তু তারা সেগুলিকে বিজাতীয় বিষয় মনে করল।
13 তারা আমার কাছে বলি-উপহার উৎসর্গ করে,
এবং সেই মাংস তারা ভক্ষণও করে;
কিন্তু সদাপ্রভু তাদের প্রতি সন্তুষ্ট নন।
এবারে তিনি তাদের সব দুষ্টতার কথা স্মরণ করবেন
এবং তাদের পাপের শাস্তি দেবেন;
তারা আবার মিশরে ফিরে যাবে।
14 ইস্রায়েল তার নির্মাতাকে ভুলে গেছে
এবং বহু প্রাসাদ নির্মাণ করেছে;
যিহূদা বহু নগরকে প্রাচীর দিয়ে সুরক্ষিত করেছে।
কিন্তু তাদের নগরগুলির উপরে আমি অগ্নিবর্ষণ করব,
যা তাদের দুর্গগুলিকে গ্রাস করবে।”