হোশেয় দশ গোষ্ঠীর বন্দিদশার ভবিষ্যদ্বাণী করেন (continued)

হোশেয় দশ গোষ্ঠীর বন্দিদশার ভবিষ্যদ্বাণী করেন এবং লোকদের অনুতাপ করতে আহ্বান জানান।

725 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

হোশেয় 12–14

1 ইফ্রয়িম বাতাস খায়;

সে সারাদিন পুবালি বাতাসের পিছু ধাওয়া করে,

এবং মিথ্যাচার ও সহিংসতার বৃদ্ধি ঘটায়।

সে আসিরিয়ার সঙ্গে মৈত্রীচুক্তি করে

ও মিশরে জলপাইয়ের তেল পাঠায়।

2 সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে এক অভিযোগ আনবেন;

তিনি যাকোবকে তার জীবনাচরণ অনুযায়ী দণ্ড দেবেন

তার কর্ম অনুযায়ী তাকে প্রতিফল দেবেন।

3 মায়ের গর্ভে সে তার অগ্রজের গোড়ালি ধরেছিল;

প্রাপ্তবয়স্ক হয়ে সে ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল।

4 সে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করে বিজয়ী হয়েছিল;

সে সজল নয়নে তাঁর কৃপা ভিক্ষা করেছিল।

সে বেথেলে তাঁর সন্ধান পেয়েছিল

এবং সেখানে তাঁর সঙ্গে করেছিল কথোপকথন।

5 তিনি সর্বশক্তিমান সদাপ্রভু,

সদাপ্রভুই তাঁর স্মরণীয় নাম!

6 কিন্তু তোমাকে অবশ্যই তোমার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে;

তাই ভালোবাসা ও ন্যায়বিচার রক্ষা করো

এবং সবসময় তোমার ঈশ্বরের প্রতীক্ষায় থাকো।

7 ব্যবসায়ী ছলনাপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার করে,

সে প্রতারণা করতে ভালোবাসে।

8 ইফ্রয়িম গর্ব করে,

“আমি অত্যন্ত ধনী; আমি বিস্তর ধনসম্পদের অধিকারী হয়েছি।

আমার এইসব ধনসম্পদের ঐশ্বর্যের মধ্যে তারা কোনো

অধর্ম বা পাপ খুঁজে পাবে না।”

9 “আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

যে তোমাকে মিশর থেকে মুক্ত করে এনেছে;

আমি তোমাকে আবার তাঁবুতে বসবাস করাব,

যেমন তুমি তোমার নির্ধারিত উৎসবের দিনগুলিতে করতে।

10 আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি,

তাদের বহু দর্শন দিয়েছি

ও তাদের মাধ্যমে বহু রূপক কাহিনি বর্ণনা করেছি।”

11 গিলিয়দ কি দুর্জন?

এর বাসিন্দারা অপদার্থ!

তারা কি গিল্‌গলে ষাঁড় বলিদান করে?

তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর

স্থাপিত পাথর খণ্ডের মতো।

12 যাকোব অরাম দেশে পলায়ন করেছিল;

ইস্রায়েল স্ত্রী পাওয়ার জন্য সেবাকর্ম করেছিল,

এবং তার জন্য কন্যাপণ দিতে সে পশুপালনের কাজ করেছিল।

13 সদাপ্রভু মিশর থেকে ইস্রায়েলকে মুক্ত করে আনার জন্য এক ভাববাদীকে ব্যবহার করলেন;

এক ভাববাদীর দ্বারা তিনি তাদের তত্ত্বাবধান করলেন।

14 কিন্তু ইফ্রয়িম ভীষণভাবে তাঁর ক্রোধের উদ্রেক করেছে;

তার প্রভু তার রক্তপাতের অপরাধ তাঁর উপরেই বর্তাবেন

ও তার উপেক্ষার কারণে তাকে শাস্তি দেবেন।

13:1 ইফ্রয়িম কথা বললে লোকেরা শিহরিত হত;

সে ইস্রায়েলে উন্নীত হয়েছিল।

কিন্তু বায়াল-দেবতার পূজার্চনা করে সে অপরাধী সাব্যস্ত হল ও মৃত্যুবরণ করল।

2 কিন্তু এখন তারা আরও বেশি পাপ করছে;

তাদের রুপো দিয়ে তারা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ করে,

যেগুলি কুশলী হাতে নির্মিত সুন্দর সব দেবমূর্তি,

সেগুলি সবই কারিগরদের শিল্পকর্ম।

এসব লোকেদের সম্পর্কে বলা হয়,

“তারা নর বলি দেয়!

এবং বাছুর-প্রতিমাদের চুম্বন করে!”

3 সুতরাং তারা হবে সকালের কুয়াশার মতো,

প্রত্যুষের শিশিরের মতো, যা অন্তর্হিত হয়,

তুষের মতো, যা শস্য মাড়াইয়ের খামার থেকে উড়ে যায়,

ধোঁয়ার মতো, যা জানালা দিয়ে নির্গত হয়।

4 “কিন্তু আমিই সদাপ্রভু, তোমার ঈশ্বর,

যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন।

আমাকে ছাড়া আর কোনো ঈশ্বরকে তোমরা জানো না,

আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।

5 প্রখর উত্তপ্ত সেই মরুপ্রান্তরে

আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম।

6 আমি তাদের আহার যোগালে তারা পরিতৃপ্ত হয়েছিল;

কিন্তু পরিতৃপ্ত হওয়ার পরে তারা অহংকারী হয়ে উঠল;

তারপর তারা আমাকে ভুলে গেল।

7 তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব,

চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব।

8 শাবক কেড়ে নেওয়া ভালুকের মতো,

আমি তাদের আক্রমণ করব এবং তাদের হৃৎপিণ্ড বিদীর্ণ করব।

সিংহের মতো আমি তাদের গ্রাস করব;

বন্যপশু তাদের খণ্ড খণ্ড করবে।

9 “ইস্রায়েল, তুমি তো বিধ্বস্ত হয়েছ,

কারণ তুমি আমার, তোমার সাহায্যকারীর বিরুদ্ধে গিয়েছ।

10 কোথায় তোমার রাজা, যে তোমাকে রক্ষা করতে পারে?

তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়,

যাদের সম্পর্কে তুমি বলেছিলে,

‘আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও’?

11 তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম,

এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম।

12 ইফ্রয়িমের অপরাধ সঞ্চিত আছে,

তার পাপসকল নথিবদ্ধ করা হয়েছে।

13 প্রসববেদনায় কাতর নারীর মতোই সে যাতনা হবে,

কিন্তু সে এক নির্বোধ সন্তান;

প্রসবের সময় হয়ে এলেও,

সে গর্ভদ্বারে উপস্থিত হয় না।

14 “পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব;

মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব।

ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়?

ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়?

“সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও।

15 আমি তার প্রতি সহানুভূতিশীল হব না,

সদাপ্রভুর কাছ থেকে আসবে এক পুবালি বাতাস,

মরুপ্রান্তরের মধ্যে তা প্রবাহিত হবে;

তার ঝরনার স্রোতোধারা রুদ্ধ হবে,

এবং তার কুয়োগুলি শুকিয়ে যাবে।

তার ভাণ্ডারগৃহ, তাঁর সমস্ত সম্পদ

লুন্ঠিত হবে।

16 শমরিয়ার লোকেরা তাদের অপরাধ অবশ্য বহন করবে,

কারণ তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে।

তারা তরোয়ালতে পতিত হবে;

তাদের শিশুদের মাটিতে আছড়ে চূর্ণ করা হবে,

তাদের অন্তঃসত্ত্বা নারীদের উদর বিদীর্ণ করা হবে।”

14:1 হে ইস্রায়েল, তোমরা ফিরে এসো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।

তোমাদের পাপ সমূহই তোমাদের পতনের কারণ!

2 তোমাদের বক্তব্য সঙ্গে নাও

ও সদাপ্রভুর কাছে ফিরে এসো।

তাঁকে বলো:

“আমাদের সব পাপ ক্ষমা করো,

আর অনুগ্রহ করে আমাদের ফিরিয়ে নাও,

যাতে আমরা আমাদের ঠোঁটের ফল উৎসর্গ করতে পারি।

3 আসিরিয়া আমাদের রক্ষা করতে পারে না,

আমরা যুদ্ধের ঘোড়ায় চড়ব না।

আমাদের হাতে তৈরি প্রতিমাগুলিকে

আমরা আর কখনও ‘আমাদের দেবতা’ বলব না,

কারণ তোমার মধ্যেই পিতৃহীনেরা অনুকম্পা লাভ করে।”

4 “আমি তাদের বিপথগমনের রোগ প্রতিকার করব,

এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভালোবাসব,

কেননা আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে।

5 আমি ইস্রায়েলের কাছে হব শিশিরের মতো:

সে প্রস্ফুটিত হবে লিলিফুলের মতো।

লেবাননের সিডার গাছের মতো,

যার শিকড় গভীরে প্রোথিত হবে;

6 তা থেকে কোমল পল্লব নির্গত হবে।

তার জৌলুস হবে জলপাই গাছের মতো,

তার সুগন্ধ হবে লেবাননের সিডার গাছের মতো।

7 মানুষেরা আবার তার ছায়ায় বসবাস করবে;

সে শস্যদানার মতো বিকশিত হবে,

সে দ্রাক্ষালতার মতো মুকুলিত হবে,

এবং তার খ্যাতি হবে লেবানন থেকে আনা দ্রাক্ষারসের মতো।

8 হে ইফ্রয়িম, প্রতিমাগুলি নিয়ে আমি আর কি করব?

আমি তাকে উত্তর দেব ও তার তত্ত্বাবধান করব।

আমি এখন এক সবুজ-সতেজ দেবদারু গাছের মতো;

তোমার ফলবান হওয়ার কারণ আমি।”

9 কে জ্ঞানবান? তাদের এসব বিষয় উপলব্ধি করতে দাও।

বিচক্ষণ কে? তাদের এগুলি বুঝতে দাও।

সদাপ্রভুর পথসকল ন্যায়সংগত;

ধার্মিক ব্যক্তি সেইসব পথেই হাঁটে,

কিন্তু বিদ্রোহীরা সেইসব পথে হোঁচট খায়।