অব্রামের সঙ্গে ঈশ্বরের চুক্তি

1912 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

আদি পুস্তক 15

1 পরে, এক দর্শনের মাধ্যমে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে এল:

“অব্রাম, ভয় কোরো না।

আমি তোমার ঢাল,

তোমার মহা পুরস্কার।”

2 কিন্তু অব্রাম বললেন, “হে সার্বভৌম সদাপ্রভু, তুমি আর আমাকে কী দেবে? আমি যে নিঃসন্তান ও দামাস্কাসের ইলীয়েষরই যে আমার ভূসম্পত্তির উত্তরাধিকারী হবে।” 3 আর অব্রাম বললেন, “তুমি তো আমাকে কোনও সন্তান দাওনি; তাই আমার ঘরের এক দাসই আমার উত্তরাধিকারী হবে।”

4 তখন তাঁর কাছে সদাপ্রভুর এই বাক্য এল: “এই লোকটি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে ছেলে তোমার নিজের রক্তমাংস, সেই হবে তোমার উত্তরাধিকারী।” 5 তিনি অব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, “আকাশের দিকে তাকিয়ে দেখো ও যদি সম্ভব হয় তবে তারাগুলি গোনো।” পরে তিনি তাঁকে বললেন, “তোমার সন্তানসন্ততিরা এরকমই হবে।”

6 অব্রাম সদাপ্রভুকে বিশ্বাস করলেন, এবং তিনি তা অব্রামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন।

7 এছাড়াও তিনি অব্রামকে বললেন, “আমি সেই সদাপ্রভু, যিনি তোমাকে এই দেশের অধিকার দেওয়ার জন্য কলদীয় দেশের ঊর থেকে এদেশে বের করে এনেছি।”

8 কিন্তু অব্রাম বললেন, “হে সার্বভৌম সদাপ্রভু, আমি কীভাবে জানব যে আমি এদেশের অধিকার লাভ করব?”

9 তাই সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি আমার কাছে তিন বছর বয়স্ক এক-একটি বকনা-বাছুর, ছাগল, ও মেষ, ও একইসাথে একটি ঘুঘু, ও একটি কপোতশাবক নিয়ে এসো।”

10 অব্রাম এসব কিছু তাঁর কাছে আনলেন, সেগুলি দু-টুকরো করে কেটে অর্ধেক অর্ধেক অংশ পরস্পরের উল্টোদিকে সাজিয়ে রাখলেন; পাখিটিকে, অবশ্য তিনি দু-টুকরো করেননি। 11 পরে পশুপাখির শবগুলির উপর শিকারি পাখিরা নেমে এল, কিন্তু অব্রাম তাদের তাড়িয়ে দিলেন।

12 সূর্য যখন অস্ত যাচ্ছিল, অব্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন, এবং ত্রাসজনক অন্ধকার তাঁর উপর নেমে এল। 13 সদাপ্রভু তখন তাঁকে বললেন, “নিশ্চিত জেনে রাখো যে তোমার বংশধরেরা 400 বছর এমন একটি দেশে অপরিচিত মানুষ হয়ে বসবাস করবে, যা তাদের নিজস্ব নয়, এবং তারা সেখানে ক্রীতদাসে পরিণত হবে এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হবে। 14 কিন্তু যে দেশে তারা ক্রীতদাস হয়ে থাকবে, সেই দেশটিকে আমি শাস্তি দেব, এবং শেষ পর্যন্ত তারা প্রচুর বিষয়সম্পত্তি নিয়ে বেরিয়ে আসবে। 15 তুমি অবশ্য, শান্তিতে মারা গিয়ে তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে, এবং বেশ বৃদ্ধ অবস্থায় কবরস্থ হবে। 16 চতুর্থ প্রজন্মে তোমার বংশধরেরা এখানে ফিরে আসবে, কারণ ইমোরীয়দের পাপ এখনও পর্যন্ত চূড়ান্ত সীমায় পৌঁছায়নি।”

17 সূর্য অস্ত যাওয়ার ও অন্ধকার নেমে আসার পর, জ্বলন্ত এক মশাল সমেত ধোঁয়ায় ভরা একটি উনুন আবির্ভূত হল এবং সেই টুকরোগুলির মাঝখান দিয়ে চলে গেল। 18 সেদিন সদাপ্রভু অব্রামের সঙ্গে একটি নিয়ম স্থাপন করে বললেন, “আমি মিশরের ওয়াদি থেকে সেই মহানদী ইউফ্রেটিস পর্যন্ত এই দেশটি— 19 কেনীয়, কনিষীয়, কদমোনীয়, 20 হিত্তীয়, পরিষীয়, রফায়ীয়, 21 ইমোরীয়, কনানীয়, গির্গাশীয় ও যিবূষীয়দের দেশটি তোমার বংশধরদের দিয়েছি।”

ইশ্মায়েলের জন্ম

আদি পুস্তক 16

1 অব্রামের স্ত্রী সারী, তাঁর জন্য কোনও সন্তানের জন্ম দেননি। কিন্তু সারীর এক মিশরীয় ক্রীতদাসী ছিল, যার নাম হাগার; 2 তাই সারী অব্রামকে বললেন, “সদাপ্রভু আমাকে নিঃসন্তান করে রেখেছেন। যাও, আমার ক্রীতদাসীর সঙ্গে গিয়ে শোও; হয়তো তার মাধ্যমে আমি এক পরিবার গড়ে তুলতে পারব।”

সারীর কথায় অব্রাম সম্মত হলেন। 3 অতএব অব্রাম কনানে দশ বছর বসবাস করার পর, তাঁর স্ত্রী সারী মিশরীয় ক্রীতদাসী হাগারকে নিয়ে তাকে নিজের স্বামীর স্ত্রী হওয়ার জন্য তাঁর হাতে তুলে দিলেন। 4 অব্রাম হাগারের সঙ্গে সহবাস করলেন, এবং সে গর্ভবতী হল।

হাগার যখন জানতে পারল যে সে গর্ভবতী হয়েছে, তখন সে তার মালকিনকে অবজ্ঞা করতে লাগল। 5 তখন সারী অব্রামকে বললেন, “আমি যে অন্যায় ভোগ করছি, তার জন্য তুমিই দায়ী। আমি আমার ক্রীতদাসীকে তোমার হাতে তুলে দিয়েছি, আর এখন সে যখন জানতে পেরেছে যে সে গর্ভবতী হয়েছে, সে আমাকেই অবজ্ঞা করছে। সদাপ্রভুই তোমার ও আমার মধ্যে বিচারক হোন।”

6 “তোমার ক্রীতদাসী তোমারই হাতে আছে,” অব্রাম বললেন, “তোমার যা ভালো মনে হয়, তুমি তার সাথে তাই করো।” তখন সারী হাগারের সঙ্গে দুর্ব্যবহার করলেন; তাই সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল।

7 মরুভূমিতে একটি জলের উৎসের কাছে সদাপ্রভুর দূত হাগারকে খুঁজে পেলেন; এটি সেই জলের উৎস, যা শূরের দিকে যাওয়ার পথের ধারে অবস্থিত। 8 আর দূত হাগারকে বললেন, “হে সারীর ক্রীতদাসী হাগার, তুমি কোথা থেকে এসেছ, ও কোথায় যাচ্ছ?”

“আমি আমার মালকিন সারীর কাছ থেকে পালিয়ে যাচ্ছি,” সে উত্তর দিল।

9 তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, “তোমার মালকিনের কাছে ফিরে যাও ও তার বশ্যতাস্বীকার করো।” 10 সদাপ্রভুর দূত আরও বললেন, “আমি তোমার বংশধরদের সংখ্যা এত বৃদ্ধি করব যে গোনার পক্ষে তারা বহুসংখ্যক হয়ে উঠবে।”

11 সদাপ্রভুর দূত তাকে আরও বললেন:

“এখন তুমি গর্ভবতী হয়েছ

আর তুমি এক ছেলের জন্ম দেবে।

তুমি তার নাম দেবে ইশ্মায়েল,

কারণ সদাপ্রভু তোমার দুর্দশার কথা শুনেছেন।

12 সে বন্য গাধার মতো এক মানুষ হবে;

প্রত্যেকের বিরুদ্ধে তার হাত উঠবে

আর প্রত্যেকের হাত তার বিরুদ্ধে উঠবে,

আর তার সব ভাইয়ের প্রতি

শত্রুতা বজায় রেখে সে বসবাস করবে।”

13 যে সদাপ্রভু হাগারের সঙ্গে কথা বলেছিলেন, সে তাঁর এই নাম দিল: “তুমি দর্শনকারী ঈশ্বর,” কারণ সে বলল, “আমি এখন এমন একজনকে দেখেছি, যিনি আমাকে দেখেছেন।” 14 সেইজন্য সেই কুয়োর নাম হল বের-লহয়-রোয়ী; কাদেশ ও বেরদের মাঝখানে এটি এখনও আছে।

15 অতএব হাগার অব্রামের জন্য এক ছেলের জন্ম দিল, এবং সে যে ছেলের জন্ম দিল, অব্রাম তার নাম দিলেন ইশ্মায়েল। 16 হাগার যখন অব্রামের জন্য ইশ্মায়েলের জন্ম দিল, তখন অব্রামের বয়স ছিয়াশি বছর।