অব্রাম ও লোট পৃথক হন

1996 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

আদি পুস্তক 13:5–13

5 এদিকে, যিনি অব্রামের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই লোটেরও প্রচুর মেষপাল ও পশুপাল ও তাঁবু ছিল। 6 কিন্তু একসাথে থাকার সময় সেখানে তাঁদের জায়গার অকুলান হচ্ছিল, কারণ তাঁদের বিষয়সম্পত্তি এত বেশি ছিল যে তাঁরা একসাথে থাকতে পারছিলেন না। 7 আর অব্রামের ও লোটের রাখালদের মধ্যে ঝগড়া বেধে গেল। সেই সময় কনানীয় এবং পরিষীয়রাও সেদেশে বসবাস করছিল।

8 তাই অব্রাম লোটকে বললেন, “তোমার ও আমার মধ্যে অথবা তোমার ও আমার রাখালদের মধ্যে যেন ঝগড়া না হয়, কারণ আমরা পরস্পরের খুব ঘনিষ্ঠ আত্মীয়। 9 তোমার সামনে কি গোটা দেশ পড়ে নেই? এসো, আমরা পৃথক হয়ে যাই। তুমি যদি বাঁদিকে যাও, আমি তবে ডানদিকে যাব; তুমি যদি ডানদিকে যাও, আমি তবে বাঁদিকে যাব।”

10 লোট চারিদিকে তাকালেন এবং দেখলেন যে সোয়রের দিকে জর্ডনের সমগ্র সমভূমি বেশ জলসিক্ত, ঠিক যেন সদাপ্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো। (সদাপ্রভু সদোম ও ঘমোরা ধ্বংস করার আগে সেখানকার দশা এরকমই ছিল) 11 অতএব লোট তাঁর নিজের জন্য জর্ডনের সমগ্র সমভূমিটি মনোনীত করলেন এবং পূর্বদিকে এগিয়ে গেলেন। দুজন পরস্পরের সঙ্গ ত্যাগ করলেন: 12 অব্রাম কনান দেশে থেকে গেলেন, অন্যদিকে লোট সেই সমভূমির নগরগুলিতে থেকে গিয়ে সদোমের কাছে তাঁর তাঁবু খাটালেন। 13 সদোমের মানুষজন খুব দুষ্ট ছিল ও সদাপ্রভুর বিরুদ্ধে তারা মহাপাপ করে যাচ্ছিল।

অব্রামকে দেওয়া প্রতিশ্রুতি নবায়ন করা হয় 1920 খ্রিস্টপূর্ব

আদি পুস্তক 13:14–18

14 লোট অব্রামের সঙ্গ ত্যাগ করে যাওয়ার পর সদাপ্রভু অব্রামকে বললেন, “তুমি যেখানে আছ, সেখানে থেকেই তোমার চারপাশে—উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমদিকে তাকিয়ে দেখো। 15 তুমি যে দেশটি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ সেই দেশটিই আমি চিরতরে তোমাকে ও তোমার বংশধরদের দেব। 16 তোমার বংশধরদের আমি পৃথিবীর ধূলিকণার মতো করে তুলব, যেন কেউ যদি ধূলিকণার সংখ্যা গুনতে পারে, তবে তোমার বংশধরদেরও গোনা যাবে। 17 যাও, দেশটির দৈর্ঘ্য ও প্রস্থ ধরে ঘুরে এসো, কারণ আমি এটি তোমাকেই দিচ্ছি।”

18 অতএব অব্রাম হিব্রোণে মম্রির সেই বিশাল গাছগুলির কাছে থাকতে চলে গেলেন, যেখানে তিনি তাঁর তাঁবুগুলি খাটিয়েছিলেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন।

পাঁচ রাজার সঙ্গে যুদ্ধ 1912 খ্রিস্টপূর্ব

আদি পুস্তক 14:1–17

1 সেই সময় যখন অম্রাফল শিনারের রাজা, অরিয়োক ইল্লাসরের রাজা, কদর্লায়োমর এলমের রাজা এবং তিদিয়ল গোয়ীমের রাজা, 2 তখন এই রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্‌মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার (অর্থাৎ, সোয়রের) রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। 3 শেষোক্ত এসব রাজা সিদ্দীম উপত্যকায় (অর্থাৎ, মরুসাগরের উপত্যকায়) একজোট হয়ে সেনাবাহিনী মোতায়েন করলেন। 4 বারো বছর তাঁরা কদর্লায়োমরের শাসনাধীন হয়ে ছিলেন, কিন্তু ত্রয়োদশতম বছরে তাঁরা বিদ্রোহ ঘোষণা করলেন।

5 চতুর্দশতম বছরে, এমীয়দের রাজা কদর্লায়োমর এবং তাঁর সঙ্গী রাজারা মরুভূমির কাছাকাছি অবস্থিত এল-পারণ পর্যন্ত এগিয়ে গিয়ে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দের, হমে সুষীয়দের, শাবি-কিরিয়াথয়িমে এমীয়দের 6 এবং সেয়ীরের পার্বত্য এলাকায় হোরীয়দের পরাজিত করলেন। 7 পরে সেখান থেকে ফিরে এসে তারা ঐনমিস্পটে (অর্থাৎ, কাদেশে) গেলেন, এবং সেই অমালেকীয়দের ও ইমোরীয়দেরও সমগ্র এলাকা তারা জোর করে দখল করে নিলেন, যারা হৎসসোন-তামরে বসবাস করছিল।

8 পরে সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্‌মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার (অর্থাৎ সোয়রের) রাজা কুচকাওয়াজ করে এগিয়ে গিয়ে সিদ্দীম উপত্যকায় 9 সেই এলমের রাজা কদর্লায়োমর, গোয়ীমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফল ও ইল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্যশিবির স্থাপন করলেন—যে চারজন রাজা পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। 10 ওই সিদ্দীম উপত্যকায় প্রচুর আলকাতরার খনি ছিল, এবং সদোম ও ঘমোরার রাজারা যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন কয়েকটি লোক সেইসব খনিতে গিয়ে পড়ল ও বাকিরা পাহাড়ে পালিয়ে গেল। 11 সেই চারজন রাজা সদোম ও ঘমোরার সব জিনিসপত্র ও তাদের সব খাবারদাবার বাজেয়াপ্ত করলেন এবং তাঁরা চলে গেলেন। 12 তাঁরা অব্রামের ভাইপো লোটকে ও তাঁর বিষয়সম্পত্তিও তুলে নিয়ে গেলেন, যেহেতু লোট সদোমেই বসবাস করছিলেন।

13 একজন লোক পালিয়ে গিয়ে হিব্রু অব্রামের কাছে এসে খবর দিল। অব্রাম তখন সেই ইষ্কোলের ও আনেরের এক ভাই ইমোরীয় মম্রির বিশাল গাছগুলির কাছে বসবাস করছিলেন, যারা সবাই অব্রামের বন্ধু ছিলেন। 14 অব্রাম যখন শুনলেন যে তাঁর আত্মীয়কে বন্দি করা হয়েছে, তখন তিনি তাঁর ঘরে জন্মানো 318 জন প্রশিক্ষণপ্রাপ্ত লোককে ডাক দিলেন ও দান পর্যন্ত তাঁদের পশ্চাদ্ধাবন করে গেলেন, যাঁরা লোটকে বন্দি করেছিলেন। 15 রাতের বেলায় তাঁদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অব্রাম তাঁর লোকজনকে কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন, ও দামাস্কাসের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করলেন। 16 তিনি সব জিনিসপত্র পুনরুদ্ধার করলেন এবং তাঁর আত্মীয় লোটকে ও তাঁর বিষয়সম্পত্তি, তথা মহিলাদের ও অন্যান্য লোকজনকেও ফিরিয়ে আনলেন।

17 অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর শাবী উপত্যকায় (অর্থাৎ, রাজার উপত্যকায়) সদোমের রাজা তাঁর সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন।

মল্কীষেদক অব্রামকে আশীর্বাদ করেন

আদি পুস্তক 14:18–24

18 তখন শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। 19 তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন,

“অব্রাম, স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা

পরাৎপর ঈশ্বরের আশীর্বাদধন্য হোন,

20 আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক,

যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন।”

পরে অব্রাম তাঁকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন।

21 সদোমের রাজা অব্রামকে বললেন, “লোকজন আমাকে দিন ও সব জিনিসপত্র আপনি নিজের কাছে রেখে দিন।”

22 কিন্তু অব্রাম সদোমের রাজাকে বললেন, “স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বর সেই সদাপ্রভুর উদ্দেশে হাত তুলে আমি শপথ করছি 23 যে আপনার অধিকারে থাকা কোনো কিছুই আমি গ্রহণ করব না, এমনকি একটি সুতো বা চটিজুতোর একটি ফিতেও নয়, যেন আপনি কখনও বলতে না পারেন, ‘আমি অব্রামকে ধনবান করে তুলেছি।’ 24 আমার লোকজন যা খেয়েছে ও যারা আমার সাথে গিয়েছিল—সেই আনের, ইষ্কোল ও মম্রির ভাগে যা পড়ে, সেটুকু ছাড়া আমি আর কিছুই গ্রহণ করব না। তারা তাদের ভাগ বুঝে নিক।”