অব্রাহামের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়

চুক্তি নবায়ন করা হয়।

1897 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

আদি পুস্তক 17:1–8

1 অব্রামের বয়স যখন 99 বছর, তখন সদাপ্রভু তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন, “আমি সর্বশক্তিমান ঈশ্বর; বিশ্বস্ত ও অনিন্দনীয় হয়ে আমার সামনে চলাফেরা করো। 2 তবেই আমি আমার ও তোমার মধ্যে আমার নিয়ম স্থাপন করব এবং প্রচুর পরিমাণে তোমার বংশবৃদ্ধি করব।”

3 অব্রাম মাটিতে উবুড় হয়ে পড়ে গেলেন, এবং ঈশ্বর তাঁকে বললেন, 4 “দেখো, তোমার সঙ্গে এই হল আমার নিয়ম: তুমি বহু জাতির পিতা হবে। 5 তোমাকে আর অব্রাম বলে ডাকা হবে না; তোমার নাম হবে অব্রাহাম, কারণ আমি তোমাকে বহু জাতির পিতা করেছি। 6 আমি তোমাকে অত্যন্ত ফলবান করব; আমি তোমার মধ্যে থেকে বহু জাতি উৎপন্ন করব, এবং রাজারা তোমার মধ্যে থেকেই উৎপন্ন হবে। 7 তোমার ঈশ্বর ও তোমার আগামী বংশধরদের ঈশ্বর হওয়ার জন্য আমার এবং তোমার মধ্যে ও তোমার আগামী বংশধরদের মধ্যে কয়েক প্রজন্ম পর্যন্ত স্থায়ী এক চিরস্থায়ী নিয়মরূপে আমি আমার নিয়মটি স্থাপন করব। 8 এখন যেখানে তুমি এক বিদেশিরূপে বসবাস করছ, সমগ্র সেই কনান দেশটি আমি তোমাকে ও তোমার বংশধরদের এক চিরস্থায়ী অধিকাররূপে দেব; আর আমি তাদের ঈশ্বর হব।”

সুন্নতের প্রবর্তন করা হয়

আদি পুস্তক 17:9–27

9 পরে ঈশ্বর অব্রাহামকে বললেন, “দেখো, তোমাকে অবশ্যই আমার নিয়মটি পালন করতে হবে, তোমাকে ও তোমার বংশধরদের আগামী বংশপরম্পরায় তা পালন করতে হবে। 10 এই হল তোমার ও তোমার পরবর্তী বংশধরদের জন্য আমার সেই নিয়ম, যা তোমাদের পালন করতে হবে: তোমাদের মধ্যে প্রত্যেক পুরুষকে সুন্নত করা হবে। 11 তোমাকে সুন্নত করাতে হবে, আর এটিই হবে আমার ও তোমার মধ্যে স্থাপিত নিয়মের চিহ্ন। 12 পুরুষানুক্রমে তোমাদের মধ্যে আট দিন বয়স্ক প্রত্যেকটি পুরুষকে সুন্নত করাতে হবে, যারা তোমার পরিবারে জন্মেছে, তাদের বা কোনও বিদেশির কাছ থেকে যাদের অর্থ দিয়ে কেনা হয়েছে—যারা তোমার নিজের সন্তান নয়, তাদেরও করাতে হবে। 13 যারা তোমার পরিবারে জন্মেছে বা তোমার অর্থ দিয়ে যাদের কেনা হয়েছে, তাদের সবাইকে সুন্নত করাতেই হবে। তোমার শরীরে স্থাপিত আমার এই নিয়মই চিরস্থায়ী এক নিয়ম হবে। 14 সুন্নত না হওয়া যে কোনো পুরুষ, যার শরীরে সুন্নত করা হয়নি, সে তার লোকজনের মধ্যে থেকে উৎখাত হবে; সে আমার নিয়ম ভঙ্গ করেছে।”

15 ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, “তোমার স্ত্রী সারীকে, তুমি আর সারী বলে ডাকবে না; তার নাম হবে সারা। 16 আমি তাকে আশীর্বাদ করব, আর অবশ্যই তাকে তার নিজের এক পুত্রসন্তান দেব। আমি তাকে আশীর্বাদ করব, যেন সে বহু জাতির মা হয়; তার মধ্যে থেকে লোকসমূহের রাজারা উৎপন্ন হবে।”

17 অব্রাহাম মাটিতে উবুড় হয়ে পড়ে গেলেন; তিনি হেসে আপনমনে বললেন, “একশো বছর বয়স্ক লোকের কি পুত্রসন্তান হবে? সারা কি নব্বই বছর বয়সে সন্তানের জন্ম দেবে?” 18 আর অব্রাহাম ঈশ্বরকে বললেন, “ইশ্মায়েলই শুধু তোমার আশীর্বাদের অধীনে বেঁচে থাকুক!”

19 তখন ঈশ্বর বললেন, “হ্যাঁ, কিন্তু তোমার স্ত্রী সারা তোমার জন্য এক ছেলের জন্ম দেবে, এবং তুমি তার নাম দেবে ইস্‌হাক। তার আগামী বংশধরদের জন্য এক চিরস্থায়ী নিয়মরূপে আমি তার সঙ্গে আমার নিয়ম স্থাপন করব। 20 আর ইশ্মায়েলের সম্বন্ধেও তোমার করা প্রার্থনাটি আমি শুনেছি: আমি তাকে অবশ্যই আশীর্বাদ করব; আমি তাকে ফলবান করব ও তার প্রচুর বংশবৃদ্ধি করব। সে বারোজন শাসনকর্তার বাবা হবে এবং আমি তাকে এক বড়ো জাতিতে পরিণত করব। 21 কিন্তু আমার নিয়ম আমি সেই ইস্‌হাকের সঙ্গেই স্থাপন করব, যাকে আগামী বছর এইসময় সারা তোমার জন্য জন্ম দেবে।” 22 অব্রাহামের সঙ্গে কথা বলা শেষ করে ঈশ্বর তাঁর কাছ থেকে উঠে চলে গেলেন।

23 সেদিনই অব্রাহাম তাঁর ছেলে ইশ্মায়েলকে ও তাঁর পরিবারে জন্মানো বা তাঁর অর্থ দিয়ে কেনা সবাইকে, তাঁর পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে নিয়ে ঈশ্বরের কথানুসারে সুন্নত করালেন। 24 অব্রাহাম যখন সুন্নত করালেন তখন তাঁর বয়স 99 বছর, 25 এবং তাঁর ছেলে ইশ্মায়েলের বয়স তেরো বছর; 26 অব্রাহাম এবং তাঁর ছেলে ইশ্মায়েল দুজনে একই দিনে সুন্নত করালেন। 27 আর অব্রাহামের পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে তথা তাঁর পরিবারে জন্মানো বা কোনও বিদেশির কাছ থেকে অর্থ দিয়ে কেনা প্রত্যেককে তাঁর সাথে সুন্নত করানো হল।

অব্রাহামকে এক পুত্রের প্রতিশ্রুতি দেওয়া হয় 1899 খ্রিস্টপূর্ব

আদি পুস্তক 18:1–15

1 অব্রাহাম যখন একদিন ভর-দুপুরে মম্রির বিশাল গাছগুলির কাছে তাঁর তাঁবুর প্রবেশদ্বারে বসেছিলেন, তখন সদাপ্রভু তাঁর কাছে আবির্ভূত হলেন। 2 অব্রাহাম চোখ তুলে চেয়ে দেখলেন তিনজন লোক তাঁর কাছাকাছি দাঁড়িয়ে আছেন। তাঁদের দেখতে পেয়ে তিনি তাঁদের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি তাঁবুর প্রবেশদ্বার ছেড়ে এগিয়ে গেলেন ও মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন।

3 তিনি বললেন, “হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে আমি যদি অনুগ্রহ পেয়ে থাকি, তবে আপনার এই দাসকে পার করে যাবেন না। 4 একটু জল এনে দিই, যেন আপনারা পা-টা ধুয়ে নিয়ে এই গাছের তলায় বিশ্রাম করে নিতে পারেন। 5 আপনারা যখন আপনাদের এই দাসের কাছে এসেই পড়েছেন—আপনাদের জন্য আমি কিছু খাবার এনে দিই, যেন আপনারা তরতাজা হয়ে আপনাদের যাত্রাপথে এগিয়ে যেতে পারেন।”

“তা বেশ,” তাঁরা উত্তর দিলেন, “যা বললে তাই করো।”

6 অতএব অব্রাহাম চট্ করে তাঁবুতে সারার কাছে চলে গেলেন। তিনি বললেন, “তাড়াতাড়ি করো, তিন মান মিহি আটা নাও ও তা মেখে কয়েকটি রুটি সেঁকে দাও।”

7 পরে তিনি দৌড়ে গোয়ালঘরে গেলেন এবং বাছাই করা একটি কচি বাছুর নিয়ে সেটি তাঁর এক দাসকে দিলেন, যে চট্ করে সেটি রান্না করতে গেল। 8 পরে অব্রাহাম খানিকটা দই ও দুধ এবং রান্না করা বাছুরের মাংস এনে তাঁদের সামনে পরিবেশন করলেন। তাঁরা যখন ভোজনপান করছিলেন, তিনি তখন তাঁদের কাছে, একটি গাছের তলায় দাঁড়িয়েছিলেন।

9 “তোমার স্ত্রী সারা কোথায়?” তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন।

“ওখানে, তাঁবুর মধ্যে আছে,” তিনি বললেন।

10 তখন তাঁদের মধ্যে একজন বললেন, “আগামী বছর মোটামুটি এইসময় আমি অবশ্যই তোমাদের কাছে ফিরে আসব, এবং তোমার স্ত্রী সারা এক পুত্রসন্তান লাভ করবে।”

ইত্যবসরে সারা তাঁবুর প্রবেশদ্বারে সেই অতিথির পিছন দিকে দাঁড়িয়ে সেকথা শুনছিলেন। 11 অব্রাহাম ও সারা দুজনেরই খুব বয়স হয়েছিল এবং সারার সন্তান প্রসবের বয়স পেরিয়ে গিয়েছিল। 12 তাই একথা ভেবে সারা মনে মনে হেসেছিলেন, “আমি জরাগ্রস্ত ও আমার স্বামী বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও কি এখন আমি এই সুখ পাব?”

13 তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন হেসে বলল, ‘সত্যিই কি আমি এক সন্তান লাভ করব, আমি যে এখন বৃদ্ধা হয়ে গিয়েছি?’ 14 সদাপ্রভুর কাছে কোনো কিছু কি খুব কঠিন? আগামী বছর নিরূপিত সময়ে আমি তোমার কাছে ফিরে আসব, এবং সারার কাছে তখন এক পুত্রসন্তান থাকবে।”

15 সারা ভয় পেয়েছিলেন, তাই তিনি মিথ্যামিথ্যি বললেন, “আমি হাসিনি।”

কিন্তু তিনি বললেন, “হ্যাঁ, তুমি অবশ্যই হেসেছিলে।”