বিল্দদ আবার বিতর্কে যোগ দেন

2130 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইয়োব 25

1 পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:

2 “আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;

স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।

3 তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়?

এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?

4 ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে?

স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?

5 যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয়

ও তারাগুলিও বিশুদ্ধ নয়,

6 তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র—

সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”

ইয়োব আবার নিজের সততা দৃঢ়ভাবে ঘোষণা করেন

ইয়োব আবার নিজের সততা দৃঢ়ভাবে ঘোষণা করেন এবং তাঁর আগের সমৃদ্ধির সঙ্গে বর্তমান দুর্দশার তুলনা করেন।

ইয়োব 26–27

1 পরে ইয়োব উত্তর দিলেন:

2 “তুমি কীভাবে অক্ষম মানুষকে সাহায্য করেছ!

তুমি কীভাবে দুর্বল হাতকে রক্ষা করেছ!

3 প্রজ্ঞাবিহীন মানুষকে তুমি কী পরামর্শ দিয়েছ!

আর তুমি কী মহা পরিজ্ঞান দেখিয়েছ!

4 এসব কথা বলতে কে তোমাকে সাহায্য করেছে?

আর তোমার মুখ থেকে কার অন্তরাত্মা কথা বলেছে?

5 “মৃতেরা গভীর মনস্তাপ ভোগ করে,

যারা জলের তলদেশে থাকে ও যারা জলের মধ্যে থাকে, তারাও করে।

6 পাতাল ঈশ্বরের সামনে উলঙ্গ;

বিনাশস্থান অনাবৃত হয়ে আছে।

7 শূন্য স্থানের উপরে তিনি উত্তর অন্তরিক্ষকে প্রসারিত করেছেন;

শূন্যের উপরে তিনি পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।

8 তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন,

তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না।

9 তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে রাখেন,

তাঁর মেঘরাশি তার উপর প্রসারিত করেন।

10 আলো ও অন্ধকারের মধ্যে এক সীমানারূপে

জলরাশির উপরে তিনি দিগন্তের চিহ্ন এঁকে দিয়েছেন।

11 আকাশমণ্ডলের স্তম্ভগুলি কেঁপে ওঠে,

তাঁর ভর্ৎসনায় বিস্ময়বিমূঢ় হয়ে যায়।

12 তাঁর পরাক্রম দ্বারা তিনি সমুদ্র মন্থন করেন;

তাঁর প্রজ্ঞা দ্বারা তিনি রাহবকে কেটে টুকরো টুকরো করে দেন।

13 তাঁর নিশ্বাস দ্বারা আকাশ পরিষ্কার হয়;

তাঁরই হাত পিচ্ছিল সাপকে বিদ্ধ করেছে।

14 আর এসবই তাঁর কর্মের বাইরের দিকের ঝালর মাত্র;

তাঁর বিষয়ে আমরা যা শুনি তা যদি এত ক্ষীণ ফিস্‌ফিসানি!

তবে তাঁর পরাক্রমের বজ্রধ্বনি কে-ই বা বুঝতে পারে?”

27:1 আর ইয়োব তাঁর বক্তৃতা চালিয়ে গেলেন:

2 “যিনি আমাকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছেন, সেই জীবন্ত ঈশ্বরের দিব্যি,

যিনি আমার প্রাণ তিক্ত করে দিয়েছেন, সেই সর্বশক্তিমানের দিব্যি,

3 যতদিন আমার শরীরে প্রাণ আছে,

আমার নাকে ঈশ্বরের প্রাণবায়ু আছে,

4 ততদিন আমার ঠোঁট খারাপ কোনও কথা বলবে না,

ও আমার জিভ মিথ্যা কথা উচ্চারণ করবে না।

5 আমি কখনোই স্বীকার করব না যে তোমরা নির্ভুল;

আমৃত্যু আমি আমার সততা অস্বীকার করব না।

6 আমি আমার সরলতা বজায় রাখব ও কখনোই তা ত্যাগ করব না;

যতদিন আমি বেঁচে থাকব, আমার বিবেক আমাকে অনুযোগ করবে না।

7 “আমার শত্রু দুষ্টের মতো হোক,

আমার বিপক্ষ অধার্মিকের মতো হোক।

8 যেহেতু অনীশ্বররা যখন বিচ্ছিন্ন হয়,

যখন ঈশ্বর তাদের প্রাণ কেড়ে নেন,

তখন তাদের কাছে কী প্রত্যাশা থাকে?

9 ঈশ্বর কি তখন তাদের আর্তনাদ শোনেন

যখন তাদের উপরে চরম দুর্দশা নেমে আসে?

10 তারা কি সর্বশক্তিমানে আনন্দ খুঁজে পাবে?

তারা কি সবসময় ঈশ্বরকে ডাকবে?

11 “ঈশ্বরের পরাক্রমের বিষয়ে আমি তোমাদের শিক্ষা দেব;

সর্বশক্তিমানের কোনো কিছুই আমি লুকিয়ে রাখব না।

12 তোমরা নিজেরাই তো তা দেখেছ।

তবে কেন এই অনর্থক কথা বলছ?

13 “ঈশ্বর দুষ্টদের এই পরিণতিই বরাদ্দ করে দিয়েছেন,

নিষ্ঠুর মানুষ সর্বশক্তিমানের কাছ থেকে এই উত্তরাধিকারই লাভ করে:

14 তাদের সন্তানদের সংখ্যা যতই বেশি হোক না কেন, তাদের পরিণতি তরোয়ালই;

তাদের সন্তানসন্ততি কখনোই পর্যাপ্ত খাদ্য পাবে না।

15 যারা বেঁচে থাকবে মহামারি তাদের কবর দেবে,

ও তাদের বিধবারাও তাদের জন্য কাঁদবে না।

16 যদিও সে ধুলোর মতো করে গাদা গাদা রুপো

ও কাদার পাঁজার মতো করে পোশাক-পরিচ্ছদ জমাবে,

17 তবুও সে যা জমাবে ধার্মিকেরা তা গায়ে দেবে,

ও নির্দোষ মানুষেরা তার রুপো ভাগাভাগি করে নেবে।

18 যে বাড়ি সে তৈরি করে তা পতঙ্গের গুটির মতো,

চৌকিদারের তৈরি করা কুঁড়েঘরের মতো।

19 সে ধনবান অবস্থায় শুতে যায়, কিন্তু আর কখনও সে এরকম করতে পারবে না;

সে যখন চোখ খোলে, তখন সব শেষ।

20 আতঙ্ক বন্যার মতো তার নাগাল ধরে ফেলে;

রাতের বেলায় প্রচণ্ড ঝড় তাকে উড়িয়ে নিয়ে যায়।

21 পূর্বীয় বাতাস তাকে তুলে নিয়ে যায়, ও সে সর্বস্বান্ত হয়;

সেই বাতাস তাকে স্বস্থান থেকে উড়িয়ে দেয়।

22 সে যত সেই বাতাসের প্রকোপ থেকে পালায়

তা নির্দয়ভাবে তাকে সজোরে ছুঁড়ে ফেলে দেয়।

23 সেই বাতাস উপহাসভরে হাততালি দেয়

ও শিস দিয়ে তাকে তাড়িয়ে দেয়।”