ইয়োব আবার নিজের সততা দৃঢ়ভাবে ঘোষণা করেন (continued)
ইয়োব আবার নিজের সততা দৃঢ়ভাবে ঘোষণা করেন এবং তাঁর আগের সমৃদ্ধির সঙ্গে বর্তমান দুর্দশার তুলনা করেন।
2130 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 রুপোর জন্য খনি আছে
ও একটি স্থান আছে যেখানে সোনা শোধন করা হয়।
2 ভূগর্ভ থেকে লোহা উত্তোলন করা হয়,
ও আকরিক থেকে তামা বিগলিত করা হয়।
3 নশ্বর মানুষ অন্ধকার নিকাশ করে;
তারা সবচেয়ে অন্ধকারে থাকা আকরিক পাওয়ার জন্য
সর্বাধিক দূরবর্তী গর্তের খোঁজ করে।
4 লোকালয় থেকে বহুদূরে অবস্থিত এমন স্থানে তারা খাদ কাটে,
যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি;
অন্যান্য মানুষজনের কাছ থেকে দূরে সরে গিয়ে তারা দুলতে ও ঝুলতে থাকে।
5 যে মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়,
তার তলদেশ আগুন দ্বারা রূপান্তরিত হয়ে যায়;
6 সেখানকার পাষাণ-পাথরগুলিতে নীলকান্তমণি পাওয়া যায়,
ও সেখানকার ধুলোয় দলা দলা সোনা মিশে থাকে।
7 কোনও শিকারি পাখি সেই গুপ্ত পথ চেনে না,
কোনও বাজপাখির চোখ তা দেখেনি।
8 উদ্ধত পশুরা তার উপরে পা ফেলে না,
ও কোনও সিংহ সেখানে শিকারের সন্ধানে ঘুরে বেড়ায় না।
9 মানুষজন তাদের হাত দিয়ে সেই অতি কঠিন পাষাণ-পাথরে হামলা চালায়
ও পর্বত-মূল উন্মুক্ত করে দেয়।
10 তারা পাষাণ-পাথর খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে;
সেখানকার সব মণিরত্ন তাদের চোখে পড়ে।
11 তারা নদীর উৎসস্থলের খোঁজ করে
ও লুকানো বস্তুগুলি প্রকাশ্যে আনে।
12 কিন্তু প্রজ্ঞা কোথায় পাওয়া যাবে?
বুদ্ধি-বিবেচনা কোথায় থাকে?
13 কোনও নশ্বর মানুষ তার মূল্য হৃদয়ঙ্গম করতে পারে না;
জীবিতদের দেশে তা পাওয়া যায় না।
14 অগাধ জলরাশি বলে, “আমাতে তা নেই”
সমুদ্র বলে, “আমার কাছেও তা নেই।”
15 খাঁটি সোনা দিয়ে তা কেনা যায় না,
তার মূল্য রুপো দিয়েও মেপে দেওয়া যায় না।
16 ওফীরের সোনা দিয়ে,
মূল্যবান গোমেদক বা নীলকান্তমণি দিয়েও তা কেনা যায় না।
17 তার সাথে সোনা বা স্ফটিকের তুলনা করা যায় না,
সোনা-মানিকের বিনিময়ে তা পাওয়া যায় না।
18 প্রবাল ও জ্যাসপারের কথাই ওঠে না;
প্রজ্ঞার মূল্য পদ্মরাগমণির চেয়েও বেশি।
19 তার সাথে কূশ দেশের পোখরাজের তুলনা করা যায় না;
খাঁটি সোনা দিয়েও তা কেনা যায় না।
20 তবে প্রজ্ঞা কোথা থেকে আসে?
বুদ্ধি-বিবেচনা কোথায় থাকে?
21 প্রত্যেক সজীব প্রাণীর চোখে তা অজ্ঞাত থাকে,
আকাশের পাখিদের কাছেও তা অদৃশ্য থাকে।
22 বিনাশ ও মৃত্যু বলে,
“আমাদের কানে শুধু এক গুজব পৌঁছেছে।”
23 ঈশ্বরই প্রজ্ঞার কাছে পৌঁছানোর রাস্তা জানেন
ও একমাত্র তিনিই জানেন তা কোথায় থাকে,
24 যেহেতু তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখেন
ও আকাশমণ্ডলের নিচে যা যা আছে, তিনি সবকিছু দেখেন।
25 যখন তিনি বাতাসের প্রভাব প্রতিষ্ঠিত করেছিলেন
ও জলরাশির মাপ নির্দিষ্ট করে দিয়েছিলেন,
26 যখন তিনি বর্ষার জন্য এক আদেশ জারি করেছিলেন
ও বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো বৃষ্টির জন্য এক পথ স্থির করেছিলেন,
27 তখন তিনি প্রজ্ঞার দিকে তাকিয়েছিলেন ও তার মূল্য নির্দিষ্ট করে দিয়েছিলেন;
তিনি তাকে অনুমোদন দিয়েছিলেন ও তার পরীক্ষা নিয়েছিলেন।
28 আর তিনি মানবজাতিকে বললেন,
“সদাপ্রভুর ভয়—সেটিই হল প্রজ্ঞা,
ও মন্দকে এড়িয়ে চলাই হল বুদ্ধি-বিবেচনা।”
29:1 ইয়োব তাঁর বক্তৃতা চালিয়ে গেলেন:
2 “পার হয়ে যাওয়া মাসগুলির জন্য আমি কতই না আকাঙ্ক্ষিত,
সেই দিনগুলির জন্যও আকাঙ্ক্ষিত, যখন ঈশ্বর আমার উপরে লক্ষ্য রাখতেন,
3 যখন তাঁর প্রদীপ আমার মাথার উপরে আলো দিত
ও তাঁর আলোতে আমি অন্ধকারেও চলাফেরা করতাম!
4 আহা সেই দিনগুলি, যখন আমি উন্নতির শিখরে ছিলাম,
ঈশ্বরের অন্তরঙ্গ বন্ধুত্ব আমার বাড়িকে আশীর্বাদ করেছিল,
5 যখন সেই সর্বশক্তিমান আমার সাথেই ছিলেন
ও আমার সন্তানেরা আমার চারপাশে ছিল,
6 আমার পথ যখন ননি প্লাবিত হত
ও পাষাণ-পাথর আমার জন্য জলপাই তেলের ধারা ঢেলে দিত।
7 “আমি যখন নগরদ্বারে পৌঁছাতাম
ও সার্বজনীন চকে আসন গ্রহণ করতাম,
8 যুবকেরা আমাকে দেখে সরে যেত
ও প্রাচীনেরা উঠে দাঁড়াতেন;
9 শীর্ষস্থানীয় লোকেরা কথা বলা বন্ধ করে দিতেন
ও হাত দিয়ে নিজেদের মুখ ঢেকে নিতেন;
10 অভিজাতদের কণ্ঠস্বর ধামাচাপা পড়ে যেত,
ও তাদের জিভ তালুতে সংলগ্ন হত।
11 আমার কথা শুনে সবাই সাধুবাদ জানাত,
ও আমাকে দেখে সবাই আমার প্রশংসা করত,
12 যেহেতু আমি সাহায্যের আশায় আর্তনাদ করা দরিদ্রকে,
ও অসহায় পিতৃহীনকে উদ্ধার করতাম।
13 মৃত্যুপথযাত্রী মানুষ আমাকে আশীর্বাদ করত;
বিধবার অন্তরে আমি গানের সঞ্চার করতাম।
14 আমি আমার ধার্মিকতা পোশাকরূপে গায়ে দিতাম;
ন্যায়বিচার ছিল আমার আলখাল্লা ও আমার পাগড়ি।
15 অন্ধের কাছে আমি ছিলাম চোখ
ও খঞ্জের কাছে পা।
16 অভাবগ্রস্তের কাছে আমি ছিলাম একজন বাবা;
অপরিচিত লোকের মামলা আমি হাতে তুলে নিতাম।
17 দুষ্টদের বিষদাঁত আমি ভেঙে দিতাম
ও তাদের দাঁত থেকে শিকারদের ছিনিয়ে আনতাম।
18 “আমি ভাবলাম, ‘নিজের বাড়িতেই আমি মারা যাব,
আমার দিনগুলি হবে বালুকণার মতো অসংখ্য।
19 আমার মূল জলের কাছে গিয়ে পৌঁছাবে,
ও আমার শাখাপ্রশাখায় গোটা রাত শিশির পড়বে।
20 আমার গরিমা ম্লান হবে না;
ধনুক আমার হাতে চিরনতুন হয়ে থাকবে।’
21 “মানুষজন প্রত্যাশা নিয়ে আমার কথা শুনত,
আমার পরামর্শ লাভের জন্য নীরবে অপেক্ষা করত।
22 আমি কথা বলার পর, তারা আর কিছুই বলত না;
আমার কথাবার্তা মৃদুভাবে তাদের কানে গিয়ে পড়ত।
23 তারা যেমন বৃষ্টির, তেমনি আমার অপেক্ষায় থাকত
ও শেষ বর্ষার মতো আমার কথাবার্তা পান করত।
24 আমি যখন তাদের দিকে তাকিয়ে হাসতাম, তারা পুরোপুরি বিশ্বাস করত না;
আমার মুখের আলো তাদের চমৎকার লাগত।
25 আমি তাদের জন্য পথ মনোনীত করতাম ও তাদের নেতা হয়ে বসতাম;
সৈন্যদলের মধ্যে যেমন রাজা, তেমনি থাকতাম;
বিলাপকারীদের যে সান্ত্বনা দেয়, তারই মতো থাকতাম।