তৃতীয় বিতর্কে ইয়োবের উত্তর
2130 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 পরে ইয়োব উত্তর দিলেন:
2 “আজও আমার বিলাপ তীব্র;
আমি গোঙানো সত্ত্বেও তাঁর হাত ভারী হয়েছে।
3 কোথায় তাঁকে খুঁজে পাওয়া যাবে তা যদি শুধু আমি জানতে পারি;
তাঁর আবাসের কাছে যদি শুধু যেতে পারি!
4 তবে তাঁর সামনে আমি আমার দশা বর্ণনা করব
ও আমার মুখ যুক্তিতর্কে ভরিয়ে তুলব।
5 তিনি আমাকে কী উত্তর দেবেন, তা আমি খুঁজে বের করব,
ও তিনি আমাকে কী বলবেন, তা বিবেচনা করব।
6 তিনি কি সবলে আমার বিরোধিতা করবেন?
না, তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না।
7 সেখানে তাঁর সামনে ন্যায়পরায়ণ লোকেরা তাদের সরলতা প্রতিষ্ঠিত করতে পারে,
ও সেখানেই আমি চিরতরে আমার বিচারকের হাত থেকে মুক্ত হব।
8 “কিন্তু আমি যদি পূর্বদিকে যাই, তিনি সেখানে নেই;
আমি যদি পশ্চিমদিকে যাই, সেখানেও তাঁকে খুঁজে পাই না।
9 তিনি যখন উত্তর দিকে কাজ করেন, আমি তাঁর দেখা পাই না;
তিনি যখন দক্ষিণ দিকে ফেরেন, আমি তাঁর কোনও ঝলক দেখতে পাই না।
10 কিন্তু আমি যে পথ ধরি, তিনি তা জানেন;
তিনি যখন আমার পরীক্ষা করবেন, আমি তখন সোনার মতো বের হয়ে আসব।
11 আমার পা ঘনিষ্ঠভাবে তাঁর পদচিহ্নের অনুসরণ করেছে,
বিপথগামী না হয়ে আমি তাঁর পথেই চলেছি।
12 আমি তাঁর ঠোঁটের আদেশ অমান্য করিনি;
তাঁর মুখের কথা আমি আমার দৈনিক আহারের চেয়েও বেশি যত্নসহকারে সঞ্চয় করে রেখেছি।
13 “কিন্তু তিনি অনুপম, ও কে তাঁর বিরোধিতা করবে?
তাঁর যা খুশি তিনি তাই করেন।
14 আমার বিরুদ্ধে তিনি তাঁর রায়দান সম্পন্ন করেছেন,
ও এ ধরনের আরও অনেক পরিকল্পনা তাঁর কাছে আছে।
15 সেইজন্য তাঁর সামনে আমি আতঙ্কিত হই;
আমি যখন এসব কথা ভাবি, তখন আমি তাঁকে ভয় পাই।
16 ঈশ্বর আমার হৃদয় মূর্ছিত করেছেন;
সর্বশক্তিমান আমাকে আতঙ্কিত করেছেন।
17 তবুও অন্ধকার দ্বারা আমি নীরব হইনি,
সেই ঘন অন্ধকার দ্বারাও হইনি যা আমার মুখ ঢেকে রাখে।
24:1 “সর্বশক্তিমান কেন বিচারের সময় স্থির করেন না?
যারা তাঁকে জানে তাদের কেন এ ধরনের দিনের জন্য অনর্থক অপেক্ষা করতে হবে?
2 এমন অনেক মানুষ আছে যারা সীমানার পাথর সরায়;
তারা চুরি করা মেষপাল চরায়।
3 তারা অনাথদের গাধা খেদায়
ও বিধবাদের বলদ বন্ধক রাখে।
4 তারা পথ থেকে অভাবগ্রস্তদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়
ও দেশের সব দরিদ্রকে লুকিয়ে থাকতে বাধ্য করে।
5 মরুভূমির বুনো গাধাদের মতো,
দরিদ্রেরা তন্নতন্ন করে খাদ্য খুঁজে বেড়ায়;
পতিত জমি তাদের সন্তানদের জন্য খাদ্য জোগায়।
6 তারা ক্ষেতে গবাদি পশুর জাব সংগ্রহ করে
ও দুষ্টদের দ্রাক্ষাক্ষেতে খুঁটে খুঁটে ফল কুড়ায়।
7 পোশাকের অভাবে, তারা খালি গায়ে রাত কাটায়;
শীতকালে নিজেদের গা ঢাকার জন্য তাদের কাছে কিছুই থাকে না।
8 পাহাড়ি বর্ষায় তারা প্লাবিত হয়
ও আশ্রয়ের অভাবে তারা পাষাণ-পাথরকে বুকে জড়িয়ে ধরে।
9 পিতৃহীন শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হয়;
দরিদ্রদের শিশুসন্তানকে দেনার দায়ে বাজেয়াপ্ত করা হয়।
10 পোশাকের অভাবে, তারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়;
তারা শস্যের আঁটি বহন করে, কিন্তু তাও ক্ষুধার্ত থেকে যায়।
11 তারা চত্বরের মধ্যে জলপাই নিংড়ানোর কাজ করে;
তারা পা দিয়ে দ্রাক্ষাফল পেষাই করে, তবুও তৃষ্ণার্তই থেকে যায়।
12 মৃত্যুপথযাত্রীদের গোঙানি নগর থেকে ভেসে আসে,
ও আহতদের প্রাণ সাহায্যের আশায় আর্তনাদ করে।
কিন্তু ঈশ্বর কাউকে অন্যায়াচরণের দোষে অভিযুক্ত করেন না।
13 “এমনও অনেকে আছে যারা আলোর বিরুদ্ধে বিদ্রোহ করে,
যারা তার পথ জানে না
বা তার পথে থাকে না।
14 দিনের আলো যখন ফুরিয়ে যায়, তখন হত্যাকারীরা উঠে দাঁড়ায়,
দরিদ্র ও অভাবগ্রস্তদের হত্যা করে,
ও রাতের বেলায় চোরের মতো চুরি করে।
15 ব্যভিচারীদের চোখ গোধূলি লগ্নের জন্য অপেক্ষা করে থাকে;
সে ভাবে, ‘কেউ আমাকে দেখতে পাবে না,’
ও সে তার মুখ ঢেকে রাখে।
16 অন্ধকারে, চোরেরা বাড়িতে সিঁধ কাটে;
কিন্তু দিনের বেলায় তারা ঘরে নিজেদের বন্দি করে রাখে।
17 তাদের সকলের জন্য, মাঝরাতই তাদের সকাল;
অন্ধকারের সন্ত্রাসের সাথেই তারা বন্ধুত্ব করে।
18 “তবুও তারা জলের উপরে ভেসে থাকা ফেনা;
দেশে তাদের বরাদ্দ অধিকার শাপগ্রস্ত হয়,
তাই কেউ দ্রাক্ষাক্ষেতে যায় না।
19 যেভাবে উত্তাপ ও খরা গলা বরফ ছিনিয়ে নিয়ে যায়,
সেভাবে কবরও যারা পাপ করেছে তাদের ছিনিয়ে নেয়।
20 গর্ভ তাদের ভুলে যায়,
কীটপতঙ্গ তাদের দেহগুলি নিয়ে ভোজে মাতে;
দুষ্টদের আর কেউ মনে রাখবে না
কিন্তু তারা গাছের মতো ভেঙে যাবে।
21 তারা বন্ধ্যা ও নিঃসন্তান মহিলাদের শিকারে পরিণত করে,
ও বিধবাদের প্রতি তারা কোনও দয়া দেখায় না।
22 কিন্তু ঈশ্বর তাঁর পরাক্রমে শক্তিমানদের দূরে টেনে নিয়ে যান;
যদিও তারা প্রতিষ্ঠিত হয়, তাদের জীবনের কোনও নিশ্চয়তা নেই।
23 তিনি নিরাপত্তার অনুভূতি নিয়ে তাদের হয়তো বিশ্রাম নিতে দেন,
কিন্তু তাদের পথের দিকে তাঁর দৃষ্টি থাকে।
24 অল্প কিছুকালের জন্য তারা উন্নত হয়, ও পরে তারা সর্বস্বান্ত হয়;
তাদের অবনত করা হয় ও অন্য সকলের মতো সংগ্রহ করা হয়;
শস্যের শিষের মতো তাদের কেটে ফেলা হয়।
25 “যদি এরকম না হয়, তবে কে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে
ও আমার কথা নিরর্থক করে দিতে পারে?”