আমোষ জাতিগুলির ও ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেন
আমোষ প্রতিবেশী জাতিগুলির এবং ইস্রায়েল ও যিহূদার উপর বিচারের ঘোষণা করেন।
793 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 আমোষের বাণী। তিনি ছিলেন তকোয়ের একজন মেষপালক। তিনি যিহূদার রাজা উষিয়ের সময়ে ও যিহোয়াশের পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালে, ভূমিকম্পের দুই বছর আগে ইস্রায়েল সম্পর্কে এই দর্শন পান।
2 তিনি বললেন,
“সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন,
তিনি জেরুশালেম থেকে শোনাচ্ছেন বজ্রধ্বনি;
মেষপালকদের চারণভূমিগুলি শুকিয়ে যাচ্ছে,
কর্মিলের শিখরস্থান শুকনো হচ্ছে।”
3 সদাপ্রভু এই কথা বলেন:
“দামাস্কাসের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
কারণ সে লোহার দাঁতযুক্ত শস্য মাড়াই কল দিয়ে
গিলিয়দকে চূর্ণ করেছে।
4 আমি হসায়েল কুলের উপরে আগুন পাঠাব,
তা বিন্হদদের দুর্গগুলি গ্রাস করবে।
5 আমি দামাস্কাসের তোরণদ্বার ভেঙে ফেলব;
আমি আবন-উপত্যকায় স্থিত রাজাকে ধ্বংস করব
এবং তাকেও করব, যে বেথ-এদনে রাজদণ্ড ধারণ করে।
অরাম দেশের লোকেরা কীরে নির্বাসিত হবে,”
সদাপ্রভু বলেন।
6 সদাপ্রভু এই কথা বলেন:
“গাজার তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
কারণ সে সমস্ত সমাজকে বন্দি করে
ইদোমের কাছে তাদের বিক্রি করেছিল।
7 আমি গাজার প্রাচীরগুলির উপরে আগুন পাঠাব,
তা তার দুর্গগুলিকে গ্রাস করবে।
8 আমি অস্দোদের রাজাকে ধ্বংস করব,
অস্কিলোনের রাজদণ্ডধারীকেও করব।
আমি ইক্রোণের বিপক্ষে আমার হাত প্রসারিত করব,
যতক্ষণ না শেষতম ফিলিস্তিনীর মৃত্যু হয়,”
সার্বভৌম সদাপ্রভু বলেন।
9 সদাপ্রভু এই কথা বলেন:
“সোরের তিনটি পাপের জন্য,
এমনকি চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে ভ্রাতৃত্বের চুক্তি অগ্রাহ্য করে
বন্দিদের সবাইকে ইদোমের কাছে বিক্রি করেছিল,
10 তাই আমি সোরের প্রাচীরগুলিতে আগুন পাঠাব,
তা তার দুর্গগুলিকে গ্রাস করবে।”
11 সদাপ্রভু এই কথা বলেন:
“ইদোমের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে তরোয়াল নিয়ে তার ভাইকে তাড়া করেছিল
এবং দেশের মহিলাদের হত্যা করেছিল,
কারণ তার ক্রোধ অবিরাম বৃদ্ধি পেয়েছিল,
তার কোপ অবারিতভাবে জ্বলে উঠেছিল।
12 আমি তৈমনের উপরে আগুন পাঠাব,
তা বস্রার সমস্ত দুর্গকে গ্রাস করবে।”
13 সদাপ্রভু এই কথা বলেন:
“অম্মোনের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে গিলিয়দের গর্ভবতী নারীদের উদর বিদীর্ণ করেছিল,
যেন সে নিজের সীমানা বৃদ্ধি করতে পারে,
14 তাই আমি রব্বার প্রাচীরগুলিতে আগুন পাঠাব,
তা তার সমস্ত দুর্গকে গ্রাস করবে
যুদ্ধের দিনে রণনাদের কালে,
ঝড়ের সময়ে প্রবল ঘূর্ণিবায়ুর কালে,
15 তার রাজা নির্বাসিত হবে,
একইসঙ্গে নির্বাসিত হবে তার কর্মকর্তারাও,”
সদাপ্রভু বলেন।
2:1 সদাপ্রভু এই কথা বলেন:
“মোয়াবের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে ইদোমের রাজার অস্থি
পুড়িয়ে ছাই করে দিয়েছিল,
2 তাই আমি মোয়াবের উপরে আগুন প্রেরণ করব,
তা করিয়োতের দুর্গগুলি গ্রাস করবে।
মোয়াব রণনাদ ও তূরীধ্বনির সঙ্গে
মহা কোলাহলে প্রাণত্যাগ করবে।
3 আমি তার শাসককে ধ্বংস করব,
তার সঙ্গে হত্যা করব তার সব কর্মচারীকে,”
সদাপ্রভু বলেন।
4 সদাপ্রভু এই কথা বলেন:
“যিহূদার তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছে
এবং তাঁর বিধিবিধান পালন করেনি,
যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে,
যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত,
5 তাই আমি যিহূদার উপরে আগুন পাঠাব,
তা জেরুশালেমের দুর্গগুলিকে গ্রাস করবে।”
6 সদাপ্রভু এই কথা বলেন:
“ইস্রায়েলের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
তারা রুপোর মুদ্রার বিনিময়ে ধার্মিক ব্যক্তিকে
এবং অভাবী মানুষকে এক জোড়া জুতোর বিনিময়ে বিক্রি করেছে।
7 তারা দীনদরিদ্র ব্যক্তির মাথা পায়ে মাড়ায়,
যেমন মাটির উপরে ধুলোকে করা হয়
এবং নিপীড়িত ব্যক্তির ন্যায়বিচার অন্যথা করে।
বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে ব্যভিচার করে,
এভাবে তারা আমার পবিত্র নামের অসম্মান করে।
8 বন্ধকের বিনিময়ে রাখা পোশাকের উপরে,
তারা প্রত্যেকটি বেদির পাশে শুয়ে থাকে।
তারা তাদের দেবতার গৃহে
জরিমানারূপে গৃহীত দ্রাক্ষারস পান করে।
9 “তবুও আমি তাদের সামনে সেই ইমোরীয়কে ধ্বংস করেছি,
যদিও সে সিডার গাছের মতো লম্বা ছিল
এবং ওক গাছের মতো শক্ত ছিল।
আমি উপরে তার ফল
ও নিচে তার মূল ধ্বংস করেছি।
10 আমি তোমাদের মিশর থেকে মুক্ত করে এনেছি,
আর চল্লিশ বছর মরুপ্রান্তরে চালিত করেছি,
যেন তোমাদের ইমোরীয়দের দেশ দিতে পারি।
11 “আমি তোমাদের পুত্রদের মধ্যে বিভিন্ন ভাববাদীকে
ও তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয়দের উৎপন্ন করেছি।
ওহে ইস্রায়েলের জনগণ, একথা কি সত্যি নয়?”
সদাপ্রভু ঘোষণা করেন।
12 “কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পান করাতে,
আর ভাববাদীদের আদেশ দিতে, তারা যেন ভবিষ্যদ্বাণী না করে।
13 “তাহলে এখন, আমি তোমাদের পেষণ করব,
যেভাবে শস্যরাশিতে পরিপূর্ণ শকট পিষ্ট করে।
14 দ্রুতগামী মানুষও পালাতে পারবে না,
শক্তিশালী মানুষ নিজের শক্তি প্রয়োগ করতে পারবে না,
আর বীর যোদ্ধা তার প্রাণরক্ষা করতে পারবে না।
15 তিরন্দাজ দাঁড়াতে পারবে না,
দ্রুতগামী সৈন্য পালাতে পারবে না,
আর অশ্বারোহী তার প্রাণরক্ষা করতে পারবে না।
16 এমনকি, সব থেকে সাহসী যোদ্ধারাও
সেদিন নগ্ন হয়ে পলায়ন করবে,”
সদাপ্রভু ঘোষণা করেন।
3:1 ওহে ইস্রায়েলের লোকেরা, সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যা বলেছেন, তোমরা সেই বাক্য শোনো। আমি যাদের মিশর থেকে মুক্ত করে এনেছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে বলা বাক্য শোনো:
2 “পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে,
আমি কেবলমাত্র তোমাদেরই মনোনীত করেছি;
তাই তোমাদের সব পাপের জন্য,
আমি তোমাদের শাস্তি দেব।”
3 দুজন মানুষ এক পরামর্শ না হলে
তারা কি পথে একসঙ্গে চলতে পারে?
4 ঘন জঙ্গলে শিকার না পেলে
কোনো সিংহ কি গর্জন করে?
কোনো শিকার না ধরে
সে কি তার গহ্বরে হুংকার দেয়?
5 কোনো ফাঁসকল পাতা না থাকলে,
পাখি কি মাটিতে ফাঁদে ধরা পড়ে?
কিছু না ধরা পড়লে,
মাটি থেকে কোনো কল কি আপনা-আপনি ছোটে?
6 নগরের মধ্যে তূরী বাজলে,
লোকেরা কি ভয়ে কাঁপে না?
যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয়,
তা কি সদাপ্রভু থেকে হয় না?
7 নিশ্চয়ই সদাপ্রভু, তাঁর দাস ভাববাদীদের কাছে
নিজের পরিকল্পনা প্রকাশ না করে,
সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না।
8 সিংহ গর্জন করলে—
কে না ভয় করবে?
সার্বভৌম সদাপ্রভু কথা বলেন—
কে না ভবিষ্যদ্বাণী করবে?
9 তোমরা অস্দোদের দুর্গগুলিতে,
ও মিশরের দুর্গগুলির কাছে এই বার্তা ঘোষণা করো:
“তোমরা শমরিয়ার পাহাড়গুলির কাছে সমবেত হও;
আর তার মধ্যে মহা অস্থিরতা দেখো,
তার প্রজাদের মধ্যে সংঘটিত নিপীড়ন দেখো।”
10 “তারা জানে না ন্যায়সংগত কাজ কীভাবে করতে হয়,”
সদাপ্রভু এই কথা ঘোষণা করেন,
“তারা তাদের দুর্গগুলিতে
অত্যাচার ও লুটের জিনিস সঞ্চিত করেছে।”
11 অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন:
“এক শত্রু দেশকে ছারখার করে দেবে,
সে তোমার ঘাঁটিগুলি ভেঙে ফেলবে
ও তোমার দুর্গগুলি লুট করবে।”
12 সদাপ্রভু এই কথা বলেন:
“মেষপালক যেমন সিংহের মুখ থেকে
দুটি পায়ের হাড় বা একটি কানের টুকরো উদ্ধার করে,
তেমনই ইস্রায়েলীরাও রক্ষা পাবে,
যারা শমরিয়ায় তাদের বিছানার প্রান্তে
বা দামাস্কাসে তাদের পালঙ্কের কোণে বসে থাকে।”
13 “তোমরা এই কথা শোনো ও যাকোবের কুলের বিপক্ষে সাক্ষ্য দাও,” বলেন প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু।
14 “যেদিন আমি ইস্রায়েলের সব পাপের জন্য তাদের শাস্তি দিই,
আমি বেথেলের সব বেদি ধ্বংস করব;
বেদির শৃঙ্গগুলি কেটে ফেলা হবে
ও সেগুলি মাটিতে পতিত হবে।
15 আমি শীতযাপনের গৃহ
ও গ্রীষ্মযাপনের গৃহকে ভেঙে ফেলব;
হাতির দাঁতে সুসজ্জিত গৃহগুলি ধ্বংস হবে
এবং অট্টালিকাগুলি ভূমিসাৎ করা হবে,”
সদাপ্রভু ঘোষণা করেন।
4:1 শমরিয়ার পর্বতের উপরে বিচরণ করা বাশনের গাভীসকল, তোমরা এই বাণী শ্রবণ করো,
তোমরা সেই নারীরা যারা দরিদ্রদের নিপীড়ন ও নিঃস্বদের চূর্ণ করো,
যারা নিজের নিজের স্বামীকে বলো, “আমাদের জন্য কিছু পান করার সুরা এনে দাও!”
2 সার্বভৌম সদাপ্রভু তাঁর পবিত্রতায় শপথ করেছেন:
“সেই সময় অবশ্যই আসবে,
যখন তোমাদের কড়া লাগিয়ে,
তোমাদের শেষতম ব্যক্তিকে বড়শি গেঁথে নিয়ে যাওয়া হবে।
3 তোমাদের মধ্যে প্রত্যেকে প্রাচীরের ভাঙা স্থান দিয়ে
সোজা বের হয়ে যাবে,
আর তোমাদের হর্মোণের দিকে নিক্ষেপ করা হবে,”
সদাপ্রভু ঘোষণা করেন।
4 “তোমরা বেথেলে যাও ও পাপ করো;
তোমরা গিল্গলে যাও ও আরও বেশি পাপ করো।
রোজ সকালে তোমাদের নৈবেদ্য নিয়ে এসো,
প্রত্যেক তিন বছর পরপর তোমাদের দশমাংশ উৎসর্গ করো।
5 ধন্যবাদের বলিরূপে খামিরযুক্ত রুটি পোড়াও,
আর স্বেচ্ছাকৃত দান ঘোষণা করো,
তোমরা ইস্রায়েলীরা, সেগুলির জন্য গর্ব করো,
কারণ তোমরা এরকমই করতে ভালোবাসো,”
সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন।
6 “প্রত্যেকটি নগরে আমি তোমাদের শূন্য উদরে রেখেছি,
প্রত্যেকটি নগরে রয়েছে খাদ্যের অভাব,
তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,”
সদাপ্রভু ঘোষণা করেন।
7 “আমি তোমাদের কাছ থেকে বৃষ্টিও ধরে রেখেছি,
যখন শস্যচয়নের সময় তখনও তিন মাস দূরে ছিল।
আমি একটি নগরে বৃষ্টি পাঠিয়েছি,
অথচ, অন্য নগরে তা নিবারণ করেছি।
একটি মাঠে বৃষ্টি হয়েছে,
অন্য মাঠে তা না-হওয়ায় সব শুকিয়ে গেছে।
8 লোকেরা নগর থেকে নগরে জলের জন্য টলতে টলতে যেত,
কিন্তু পান করার জন্য যথেষ্ট জল পেত না,
তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,”
সদাপ্রভু ঘোষণা করেন।
9 “অনেকবার আমি তোমাদের উদ্যানগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জগুলিতে আঘাত করেছি,
কুঁকড়ে যাওয়া ও ছাতারোগে আমি সেগুলিতে আঘাত করেছি।
পঙ্গপালেরা তোমাদের ডুমুর ও জলপাইগাছগুলি গ্রাস করেছে,
তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,”
সদাপ্রভু ঘোষণা করেন।
10 “আমি তোমাদের মধ্যে মহামারি পাঠিয়েছি,
যেমন মিশরে করেছিলাম, আমি তরোয়ালের দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি,
সেই সঙ্গে হত্যা করেছি অধিকৃত সব ঘোড়াদেরও।
আমি তোমাদের নাসারন্ধ্রে তোমাদের শিবিরের দুর্গন্ধ প্রবেশ করিয়েছি,
তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,”
সদাপ্রভু ঘোষণা করেন।
11 “আমি তোমাদের কাউকে কাউকে উৎপাটন করেছি,
যেমন আমি সদোম ও ঘমোরাকে উৎপাটন করেছিলেন।
তোমরা ছিলে আগুন থেকে কেড়ে নেওয়া জ্বলন্ত কাঠের টুকরোর মতো,
তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,”
সদাপ্রভু ঘোষণা করেন।
12 “সেই কারণে, ওহে ইস্রায়েল, আমি তোমাদের প্রতি এইরকম ব্যবহার করব,
আর যেহেতু আমি এইরকম ব্যবহার করব, ওহে ইস্রায়েল,
তুমি তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হও।”
13 যিনি পর্বতসকলের নির্মাতা,
যিনি বাতাস সৃষ্টি করেন,
যিনি তাঁর চিন্তাধারা মানুষের কাছে প্রকাশ করেন,
যিনি প্রত্যূষকালকে অন্ধকারে পরিণত করেন
ও পৃথিবীর উঁচু স্থানগুলির উপর দিয়ে চলেন—
সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, এই তাঁর নাম।