ইস্রায়েলের রাজ্য
দ্বিতীয় যারবিয়ামের রাজত্বের সমাপ্তি
809 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
25 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু অমিত্তয়ের ছেলে, তথা তাঁর দাস গাৎ-হেফরীয় ভাববাদী যোনার মাধ্যমে যে কথা বললেন, সেই কথানুসারে যারবিয়াম লেবো-হমাৎ থেকে মরুসাগর পর্যন্ত ইস্রায়েলের সীমা আরেকবার নিজের অধিকারে ফিরিয়ে এনেছিলেন।
26 সদাপ্রভু দেখেছিলেন, ক্রীতদাস হোক কি স্বাধীন, ইস্রায়েলে প্রত্যেকে কীভাবে ভয়ানক কষ্ট পাচ্ছিল; তাদের সাহায্য করার কেউ ছিল না। 27 আর যেহেতু সদাপ্রভু বলেননি যে তিনি আকাশের তলা থেকে ইস্রায়েলের নাম মুছে দেবেন, তাই যিহোয়াশের ছেলে যারবিয়ামের হাত দিয়েই তিনি তাদের রক্ষা করলেন।
হোশেয় ইস্রায়েলের প্রতি ভবিষ্যদ্বাণী করেন 801 খ্রিস্টপূর্ব
দশ বংশের প্রতি হোশেয়ের প্রথম আবেদন।
1 যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে এবং যিহোয়াশের পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের কাছে উপস্থিত হল:
2 সদাপ্রভু যখন হোশেয়ের মাধ্যমে কথা বলা শুরু করলেন, তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি যাও, এক ব্যভিচারী স্ত্রী ও অবিশ্বস্ততার সন্তানদের গ্রহণ করো, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এক ভয়ংকর ব্যভিচার করেছে।” 3 তাই তিনি গিয়ে দিবলায়িমের কন্যা গোমরকে বিবাহ করলেন, এবং সে গর্ভবতী হয়ে তাঁর জন্য এক পুত্র প্রসব করল।
4 এরপর সদাপ্রভু হোশেয়কে বললেন, “ওর নাম রাখো যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েলে হত্যালীলা সংঘটিত করার অপরাধে আমি যেহূর কুলকে সত্বর শাস্তি দেব এবং আমি ইস্রায়েল রাজ্যের পরিসমাপ্তি ঘটাব। 5 সেদিন, আমি যিষ্রিয়েল উপত্যকায় ইস্রায়েলের ধনুক ভেঙে ফেলব।”
6 গোমর আবার গর্ভবতী হয়ে এক কন্যাসন্তানের জন্ম দিল। তখন সদাপ্রভু হোশেয়কে বললেন, “ওর নাম রাখো লো-রুহামা, কারণ আমি আর ইস্রায়েল কুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না। আমি তাদের আর ক্ষমা করব না। 7 কিন্তু যিহূদা কুলের প্রতি আমি আমার ভালোবাসা প্রদর্শন করব। আমি তাদের উদ্ধার করব, তির, তরোয়াল বা যুদ্ধের দ্বারা নয়, অশ্ব বা অশ্বারোহীদের দ্বারাও নয়, কিন্তু তাদের ঈশ্বর সদাপ্রভুর দ্বারা।”
8 গোমর লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করানোর পরে তার আর একটি পুত্র হল। 9 তখন সদাপ্রভু বললেন, “ওর নাম রাখো লো-অম্মি, কারণ তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের ঈশ্বর নই।
10 “তবুও ইস্রায়েল-সন্তানদের সংখ্যা হবে সমুদ্রতটের সেই বালুকণার মতো, যার পরিমাপ করা বা গণনা করা যায় না। যেখানে তাদের বলা হয়েছিল, ‘তোমরা আমার প্রজা নও,’ সেখানে তাদের বলা হবে, ‘জীবন্ত ঈশ্বরের পুত্র।’ 11 কারণ যিহূদা কুল ও ইস্রায়েল কুলের লোকেরা পুনরায় সংযুক্ত হবে; তারা একজন নেতাকে নিযুক্ত করে সেই দেশ থেকে বের হয়ে আসবে, এবং যিষ্রিয়েলের সেদিন মহান হবে।”
2:1 “তোমাদের ভাইদের বলো, ‘আমার প্রজা’ এবং তোমাদের বোনেদের বলো, ‘আমার প্রিয়পাত্রী।’
2 “তোমাদের মাকে তিরস্কার করো, তিরস্কার করো তাকে,
কারণ সে আমার স্ত্রী নয়,
এবং আমিও তার স্বামী নই।
সে তার মুখমণ্ডল থেকে ব্যভিচারী চাউনি
এবং তার স্তনযুগলের মধ্য থেকে অবিশ্বস্ততা দূর করুক।
3 তা না হলে আমি তাকে বিবস্ত্র করব
এবং জন্মক্ষণে সে যেমন ছিল, তেমনই তাকে উলঙ্গ রেখে দেব;
আমি তাকে এক মরুপ্রান্তর সদৃশ করব,
তাকে এক শুষ্ক-ভূমিতে পরিণত করব
এবং পিপাসায় তার প্রাণ হরণ করব।
4 আমি তার ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না,
কারণ তারা ব্যভিচারের সন্তান।
5 তাদের মা অবিশ্বস্ত হয়েছে
ও কলঙ্কিত হয়ে তাদের গর্ভে ধারণ করেছে।
সে বলেছে, ‘আমি আমার প্রেমিকদের পশ্চাদগামী হব,
যারা আমার অন্নজল, আমার পশম ও মসিনার পোশাক,
আমার তেল ও আমার পানীয় যুগিয়ে দেয়।’
6 তাই আমি কাঁটাঝোপে তার পথ রুদ্ধ করব;
আমি তাকে প্রাচীরের মধ্যে অবরুদ্ধ করব, যেন সে তার সেই পথ খুঁজে না পায়।
7 সে তার প্রেমিকদের পশ্চাদ্ধাবন করবে, কিন্তু তাদের নাগাল পাবে না;
সে তাদের অন্বেষণ করবে, কিন্তু তাদের সন্ধান পাবে না।
তখন সে বলবে,
‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব,
কারণ তখন আমি এখনকার চেয়ে ভালো ছিলাম।’
8 সে স্বীকার করেনি যে, আমিই সেই জন
যে তাকে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল দিতাম,
তাকে অপরিমিত পরিমাণে সোনা ও রুপো দিতাম,
যা তারা বায়াল-দেবতার উদ্দেশে ব্যবহার করেছে।
9 “অতএব, আমার শস্য পরিপক্ব হলে
ও আমার নতুন দ্রাক্ষারস তৈরি হলে, আমি সেগুলি অপসারিত করব।
তার নগ্নতা নিবারণের জন্য দেওয়া,
আমার পশম ও মসিনার পোশাক আমি ফেরত নেব।
10 তাই এখন আমি তার প্রেমিকদের সামনে
তার চরিত্রহীনতার কথা প্রকাশ করব;
আমার হাত থেকে কেউ তাকে নিস্তার করতে পারবে না।
11 আমি তার সমস্ত আনন্দ উদ্যাপন,
তার বাৎসরিক উৎসব-অনুষ্ঠান, তার অমাবস্যা,
সাব্বাথদিনগুলি ও তার নিরূপিত পালাপার্বনগুলি আমি বন্ধ করে দেব।
12 আমি তার সব দ্রাক্ষালতা, তার ডুমুর গাছগুলি আমি ধ্বংস করব,
কারণ সে বলেছিল যে, সেগুলি তার প্রেমিকদের কাছ থেকে পাওয়া বেতনস্বরূপ;
আমি সেগুলিকে ঘন ঝোপঝাড়ে পরিণত করব,
বন্যপশুরা সেগুলি গ্রাস করবে।
13 বায়াল-দেবতাদের উদ্দেশে সে যতদিন ধূপদাহ করেছিল,
তার জন্য আমি তাকে শাস্তি দেব;
সে আংটি ও বিভিন্ন অলংকারে নিজেকে সজ্জিত করত
এবং তার প্রেমিকদের পশ্চাদগামী হত,
কিন্তু আমাকে সে ভুলে গিয়েছিল,”
সদাপ্রভু একথা ঘোষণা করেন।
14 “অতএব আমি এখন তাকে বিমোহিত করব;
তাকে মরুপ্রান্তরের পথে চালিত করব,
ও তার সঙ্গে কোমল স্বরে কথা বলব।
15 সেখানে আমি তাকে তার দ্রাক্ষাকুঞ্জ ফিরিয়ে দেব
এবং আখোর উপত্যকাকে তৈরি করব এক আশার দুয়ারে।
সেখানে সে তার যৌবনকালের দিনগুলির মতো প্রতিক্রিয়া করবে,
যেমন যেদিন সে মিশর ছেড়ে বের হয়ে এসেছিল।”
16 সদাপ্রভু বলেন, “সেদিন,
তুমি আমাকে ‘আমার স্বামী’ বলে সম্বোধন করবে;
তুমি আর আমাকে ‘আমার প্রভু’ বলে সম্বোধন করবে না।
17 আমি তার ওষ্ঠাধর থেকে যাবতীয় বায়াল-দেবতার নাম মুছে দেব;
তাদের নাম আর কখনও উচ্চারণ করা হবে না।
18 সেদিন আমি তাদের হয়ে মাঠের সমস্ত পশু, আকাশের সমস্ত পাখি
এবং মাটিতে বিচরণকারী যাবতীয় সরীসৃপের সঙ্গে একটি চুক্তি করব।
আমি দেশ থেকে লোপ করব
ধনুক, তরোয়াল ও যুদ্ধ
যেন সকলে নিরাপদে শয়ন করতে পারে।
19 আমি তোমাকে চিরকালের জন্য আমার আপন করার জন্য বাগ্দান করব;
আমি তোমাকে ধার্মিকতায়, ন্যায়বিচারে,
প্রেমে ও করুণায় বাগ্দান করব।
20 আমি বিশ্বস্ততার সঙ্গে তোমাকে বাগ্দান করব,
এর ফলে তুমি সদাপ্রভুকে জানতে পারবে।”
21 সদাপ্রভু বলেন, “সেদিন আমি সাড়া দেব,
আমি আকাশমণ্ডলের ডাকে সাড়া দেব
আর তারা ধরিত্রীর আহ্বানে সাড়া দেবে;
22 এবং ধরিত্রী তখন শস্য,
নতুন দ্রাক্ষারস ও তেলের ডাকে সাড়া দেবে
এবং তারা সকলে যিষ্রিয়েলকে সাড়া দেবে।
23 আমি আমারই জন্য তাকে দেশের মধ্যে রোপণ করব;
তাঁর প্রতি আমি আমার প্রেম প্রদর্শন করব, যাকে এক সময় বলেছিলাম,
‘তুমি আমার প্রিয়পাত্রী নও।’
যাদের আমি এক সময় বলেছিলাম,
‘আমার প্রজা নও,’ তাদের আমি বলব,
‘তোমরা আমার প্রজা’;
আর তারা বলবে, ‘তুমি আমার ঈশ্বর।’ ”
3:1 সদাপ্রভু আমাকে বললেন, “যাও, তোমার স্ত্রীর কাছে গিয়ে তাকে আবার ভালোবাসো, যদিও তার প্রেমিক অন্য একজন এবং সে ব্যভিচারিণী। তাকে তেমনই ভালোবাসো, যেমন সদাপ্রভু ইস্রায়েলীদের ভালোবাসেন, যদিও তারা অন্য দেবতাদের প্রতি মুখ ফিরায় এবং কিশমিশের পিঠে ভালোবাসে।”
2 তাই আমি তাকে 170 গ্রাম ওজনের রৌপ্যমুদ্রা ও প্রায় 195 কিলোগ্রাম যব দিয়ে কিনে আনলাম। 3 তারপর আমি তাকে বললাম, “তোমাকে অনেক দিনের জন্য আমার কাছে থাকতে হবে; তুমি অবশ্যই আর বেশ্যাবৃত্তি করবে না বা কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে না এবং আমি তোমার সঙ্গে বাস করব।”
4 কারণ ইস্রায়েলীরা বহুদিন রাজা বা শাসনকর্তা ছাড়া, বলি উৎসর্গ বা পবিত্র পাথরের খণ্ড ছাড়া, এফোদ বা প্রতিমা ছাড়াই বসবাস করবে। 5 এরপর ইস্রায়েলীরা ফিরে আসবে ও তাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাদের রাজা দাউদের অন্বেষণ করবে। উত্তরকালে তারা সভয়ে সদাপ্রভুর কাছে ও তাঁর আশীর্বাদ লাভের জন্য আসবে।