আমোষ জাতিগুলির ও ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেন (continued)

আমোষ প্রতিবেশী জাতিগুলির এবং ইস্রায়েল ও যিহূদার উপর বিচারের ঘোষণা করেন।

793 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

আমোষ 5:1–7:9

1 ওহে ইস্রায়েল কুল, তোমরা এই বাণী শোনো। এই বিলাপ-গীতি আমি তোমাদের সম্পর্কে করতে চলেছি:

2 “কুমারী-ইস্রায়েল পতিত হয়েছে,

সে আর কখনও উঠতে পারবে না;

সে তার নিজের দেশেই পরিত্যক্ত হয়েছে,

তাকে তুলে ধরার জন্য কেউই নেই।”

3 সার্বভৌম সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন:

“তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে,

তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে;

তোমার নগর একশত জন হয়ে যুদ্ধযাত্রা করে,

তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে।”

4 সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন:

“আমার অন্বেষণ করো ও বাঁচো;

5 বেথেলের অন্বেষণ কোরো না,

তোমরা গিল্‌গলে যেয়ো না,

বের-শেবা পর্যন্ত যাত্রা কোরো না।

কারণ গিল্‌গল অবশ্যই নির্বাসিত হবে,

বেথেল অসার প্রতিপন্ন হবে।”

6 তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো ও বাঁচো,

নইলে, তিনি আগুনের মতো যোষেফের কুল বিনষ্ট করবেন,

তা তাকে গ্রাস করবে,

আর তা নির্বাপিত করার জন্য বেথেলে কেউই থাকবে না।

7 তোমরা যারা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করো,

ও ধার্মিকতাকে ভূমিতে নিক্ষেপ করো,

8 যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন,

যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন

ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন,

যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন

ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন—

সদাপ্রভু তাঁর নাম।

9 তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন

ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন,

10 তোমরা তাকে ঘৃণা করো, যে ন্যায়ালয়ে তিরস্কার করে

ও যে সত্যিকথা বলে, তাকে অবজ্ঞা করো।

11 তোমরা দরিদ্রদের পদদলিত করো

ও জোর করে তাদের কাছ থেকে শস্য কেড়ে নাও।

তাই, তোমরা যদিও পাথরের অট্টালিকা নির্মাণ করেছ,

তোমরা সেগুলির মধ্যে বসবাস করতে পারবে না;

তোমরা যদিও রম্য দ্রাক্ষাকুঞ্জ রোপণ করেছ,

তা থেকে উৎপন্ন দ্রাক্ষারস তোমরা পান করতে পারবে না।

12 কারণ আমি তোমাদের অপরাধের মাত্রা

ও তোমাদের পাপসকল কত ব্যাপক, তা জানি।

তোমরা ধার্মিক ব্যক্তিকে নিপীড়ন করো ও ঘুস নাও,

তোমরা ন্যায়ালয়ে দরিদ্রদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করো।

13 সেই কারণে বিচক্ষণ মানুষ এসব সময়ে চুপ করে থাকে,

কারণ সময় সব মন্দ।

14 তোমরা মঙ্গলের অন্বেষণ করো, মন্দের নয়,

যেন তোমরা বাঁচতে পারো।

তখন সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন,

যেমন তোমরা বলে থাকো যে তিনি থাকেন।

15 তোমরা মন্দকে ঘৃণা করো, উত্তমতাকে ভালোবাসো;

ন্যায়ালয়ে ন্যায়বিচার রক্ষা করো।

হয়তো সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু,

যোষেফের অবশিষ্টাংশের উপরে করুণা করবেন।

16 অতএব প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন:

“সমস্ত পথে পথে শোকবিলাপ হবে,

প্রত্যেক চকে প্রকাশ্যে মনস্তাপের কান্না শোনা যাবে।

কৃষকদের কাঁদবার জন্য তলব করা হবে,

বিলাপকারীদের বিলাপ করার জন্য ডাকা হবে।

17 সমস্ত দ্রাক্ষাকুঞ্জে সেদিন বিলাপ করা হবে,

কারণ আমি তোমাদের মধ্য দিয়ে অতিক্রম করব,”

সদাপ্রভু এই কথা বলেন।

18 ধিক্ তোমাদের, যারা

সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো!

কেন তোমরা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো?

সেদিন হবে অন্ধকারের, আলোর নয়।

19 তা এইরকম হবে, কেউ যেন সিংহ থেকে পালিয়ে বাঁচল

তো গিয়ে ভালুকের সামনে পড়ল,

অথবা বাড়িতে প্রবেশ করল

আর দেওয়ালে হাত রাখল,

তখন সাপ তাকে দংশন করল।

20 সদাপ্রভুর দিন কি আলো, তা অন্ধকার কি হবে না—

তা হবে গাঢ় অন্ধকার, আলোর রেশও কি কোথাও থাকবে?

21 “আমি তোমাদের ধর্মীয় উৎসবগুলি ঘৃণা করি, অগ্রাহ্য করি;

তোমাদের সভাগুলি আমি সহ্য করতে পারি না।

22 তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য-নৈবেদ্যগুলি উপস্থিত করো,

আমি সেগুলি গ্রহণ করব না।

তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো,

আমি সেগুলি চেয়েও দেখব না।

23 তোমাদের গানবাজনার শব্দ দূর করো!

আমি তোমাদের বীণার ঝংকার শুনতে চাই না।

24 কিন্তু ন্যায়বিচার নদীর মতো প্রবাহিত হোক,

ধার্মিকতা কখনও শুকিয়ে না যাওয়া স্রোতের মতো হোক!

25 “হে ইস্রায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে চল্লিশ বছর,

আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে?

26 না, তোমরা বরং তোমাদের রাজা সিক্কুৎ ও কীয়ুন নামের প্রতিমাদের,

তোমাদের দেবতাদের তারা—

যা নিজেদের জন্য নির্মাণ করেছিলে,

তাই তুলে বহন করেছিলে।

27 তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব,”

বলেন সদাপ্রভু, যাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর।

6:1 ধিক্ তোমাদের, যারা সিয়োনে আত্মতৃপ্ত বসে আছ,

ধিক্ তোমাদেরও, যারা শমরিয়া পর্বতে নিজেদের নিরাপদ মনে করছ,

যারা অগ্রগণ্য জাতির বিশিষ্ট লোক,

যাদের কাছে ইস্রায়েল জাতি শরণাপন্ন হয়েছে!

2 তোমরা কল্‌নীতে যাও ও তার প্রতি দৃষ্টিপাত করো,

সেখান থেকে তোমরা বড়ো হমাতে যাও,

তারপরে ফিলিস্তিয়ার গাতে নেমে যাও।

তোমাদের দুই রাজ্য থেকে তারা কি উৎকৃষ্ট?

তাদের দেশ কি তোমাদের থেকে বৃহত্তর?

3 তোমরা অন্যায়ের দিনকে ত্যাগ করে থাকো,

অথচ এক সন্ত্রাসের রাজত্বকে কাছে নিয়ে আস।

4 তোমরা হাতির দাঁতে তৈরি বিছানায় শুয়ে থাকো

ও নিজের নিজের পালঙ্কে শরীর এলিয়ে দাও।

তোমাদের পছন্দমতো মেষশাবক ও নধর বাছুর দিয়ে

তোমার আহার সেরে থাকো।

5 তোমরা মনে করো দাউদের মতো, অথচ এলোপাথাড়ি বীণা বাজাও,

বিভিন্ন বাদ্যযন্ত্রে তাৎক্ষণিক গীত রচনা করো।

6 তোমরা বড়ো বড়ো পাত্রে ভরা দ্রাক্ষারস পান করো,

উৎকৃষ্ট তেল গায়ে মাখো,

কিন্তু তোমরা যোষেফের দুর্দশায় দুঃখার্ত হও না।

7 সেই কারণে, তোমরাই সর্বপ্রথমে নির্বাসিত হবে,

তোমাদের ভোজপর্ব ও আলস্য শয়নের পরিসমাপ্তি ঘটবে।

8 সার্বভৌম সদাপ্রভু শপথ করেছেন—সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন:

“আমি যাকোবের অহংকার ঘৃণা

ও তার দুর্গগুলিকে প্রচণ্ড ঘৃণা করি;

এই কারণে আমি নগর

ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু পরের হাতে সমর্পণ করব।”

9 যদি কোনো গৃহে দশজন মানুষও অবশিষ্ট থাকে, তারাও মারা যাবে। 10 আর শবদাহকারী কোনো আত্মীয় তাদের গৃহ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আসে এবং সেখানে অবশিষ্ট তখনও লুকিয়ে থাকা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে, “তোমার সঙ্গে আরও কেউ কি আছে?” সে বলবে, “না নেই।” তখন সে বলবে, “চুপ করো! আমরা সদাপ্রভুর নাম আদৌ উল্লেখ করব না।”

11 কারণ সদাপ্রভু এই আদেশ দিয়েছেন,

তিনি বৃহৎ গৃহকে খণ্ডবিখণ্ড ও

ক্ষুদ্র গৃহকে টুকরো টুকরো করবেন।

12 ঘোড়ারা কি খাড়া পাহাড়ে দৌড়ায়?

লাঙল দিয়ে কি কেউ সমুদ্রে চাষ করে?

কিন্তু তোমরা ন্যায়বিচারকে বিষবৃক্ষে

ও ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছ।

13 তোমরা করেছ, যারা লো-দবারের বিজয়ে উল্লসিত হয়েছ

ও বলেছ, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম দখল করিনি?”

14 কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু ঘোষণা করেন,

“ওহে ইস্রায়েলের কুল, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতিকে উত্তেজিত করব,

তারা লেবো-হমাৎ থেকে অরাবা উপত্যকা পর্যন্ত

সমস্ত পথে তোমাদের প্রতি অত্যাচার করবে।”

7:1 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই বিষয় দেখালেন: রাজার ভাগের শস্যচয়নের পরে যখন দ্বিতীয়বার শস্য পেকে আসছিল, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরি করছিলেন। 2 তারা যখন ভূমিজাত ফল নিঃশেষে খেয়ে ফেলল, আমি চিৎকার করে বলে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, ক্ষমা করো! কীভাবে যাকোব বেঁচে থাকবে? সে কত ছোটো!”

3 তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।

সদাপ্রভু বললেন, “এরকম হবে না।”

4 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: সার্বভৌম সদাপ্রভু আগুনের দ্বারা বিচার আহ্বান করলেন; তা মহা জলধিকে শুকিয়ে ফেলল ও ভূমি গ্রাস করল। 5 তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও! যাকোব কীভাবে বেঁচে থাকবে? সে কত ছোটো!”

6 তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।

সার্বভৌম সদাপ্রভু বললেন, “না এরকমও ঘটবে না।”

7 তারপর তিনি আমাকে দেখালেন: সদাপ্রভু একটি ওলন-সুতো হাতে ধরে ওলন-সুতোর সাহায্যে তৈরি একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন। 8 সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কী দেখতে পাচ্ছ?”

আমি উত্তর দিলাম, “একটি ওলন-সুতো।”

তখন সদাপ্রভু বললেন, “দেখো, আমি আমার প্রজা ইস্রায়েলের মধ্যে একটি ওলন-সুতো স্থাপন করছি; আমি আর তাদের ছেড়ে কথা বলব না।

9 “ইস্‌হাকের উঁচু স্থানগুলি ধ্বংস করা হবে,

ইস্রায়েলের পুণ্যধামগুলি বিধ্বস্ত হবে;

আমি আমার তরোয়াল নিয়ে যারবিয়ামের কুলের বিপক্ষে উঠব।”