অবশালোমের বিদ্রোহ (continued)
1027 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষায় রয়েছে;
আমার পরিত্রাণ তাঁর কাছ থেকেই আসে।
2 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;
তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
3 আর কত কাল শত্রুরা আমাকে লাঞ্ছনা করবে?
তোমরা সকলে কি আমাকে নিচে ছুঁড়ে ফেলে দেবে?
তাদের কাছে আমি এক ভাঙা প্রাচীর ও নড়বড়ে বেড়ার মতো!
4 তারা নিশ্চয় আমাকে
আমার উঁচু স্থান থেকে বিচ্যুত করতে চায়;
তারা মিথ্যা কথায় আমোদ করে।
তারা মুখ দিয়ে আশীর্বাদ করে,
কিন্তু অন্তরে অভিশাপ দেয়।
5 হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও;
কারণ তাঁতেই আমি আশা রেখেছি।
6 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;
তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;
তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।
8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;
তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,
কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।
9 সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র,
সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য।
যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়;
একত্রে তারা সামান্য নিঃশ্বাস।
10 তোমরা শোষণে নির্ভর কোরো না,
অথবা লুন্ঠিত দ্রব্যে ব্যর্থ আশা রেখো না;
তোমার ধনসম্পদ বৃদ্ধি পেলেও,
তোমার হৃদয় যেন তাতে আসক্ত না হয়।
11 ঈশ্বর একবার বলেছেন,
আমি দু-বার এই কথা শুনেছি:
“হে ঈশ্বর, পরাক্রম তোমারই,
12 আর, হে সদাপ্রভু, অবিচল প্রেম তোমারই”
এবং, “তুমি প্রত্যেক মানুষকে
তাদের কাজ অনুসারে পুরস্কার দাও।”
দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো,
আমার বিনতিতে কর্ণপাত করো;
তোমার বিশ্বস্ততায় ও ধার্মিকতায়
আমার সহায় হও।
2 তোমার দাসকে বিচারে নিয়ে এসো না,
কারণ জীবিত কেউ তোমার দৃষ্টিতে ধার্মিক নয়।
3 আমার শত্রু আমার পশ্চাদ্ধাবন করে,
সে আমাকে ভূমিতে চূর্ণ করে,
অতীতের মৃত ব্যক্তিদের মতো
সে আমাকে অন্ধকারে বাস করায়।
4 তাই আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়;
আমার হৃদয় আমার অন্তরে হতাশাগ্রস্ত হয়।
5 আমি সুদূর অতীতের দিনগুলি স্মরণ করি;
আমি তোমার সব কাজে ধ্যান করি,
আর তোমার হাত যেসব কাজ করেছে তা বিবেচনা করি।
6 আমি তোমার উদ্দেশে আমার হাত প্রসারিত করি;
শুকনো জমির মতো আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত।
7 হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও;
কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে।
তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না
নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।
8 প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও,
কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি।
যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও,
কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।
9 হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো,
কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি।
10 তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও,
কারণ তুমিই আমার ঈশ্বর;
তোমার আত্মা দয়ালু
আর আমাকে সমতল জমিতে চালাও।
11 তোমার নামের মহিমায়, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো;
তোমার ধার্মিকতায় আমাকে দুর্দশা থেকে মুক্ত করো।
12 তোমার অবিচল প্রেমের গুণে আমার শত্রুদের চুপ করাও;
আমার সব বিপক্ষকে বিনষ্ট করো,
কারণ আমি তোমার ভক্তদাস।
দাউদের গীত।
144:1 সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল;
তিনি আমার হাতকে যুদ্ধ শেখান,
আমার আঙুলকে সংগ্রাম শেখান।
2 তিনি আমার প্রেমময় ঈশ্বর ও আমার উচ্চদুর্গ,
আমার নিরাপদ আশ্রয় ও রক্ষাকর্তা,
আমার ঢাল, আমি তাঁর শরণাগত,
যিনি জাতিদের আমার অধীনস্থ করেন।
3 হে সদাপ্রভু, মানুষ কে যে তুমি তাদের যত্ন নাও,
সামান্য মানুষ কে যে তুমি তাদের কথা চিন্তা করো?
4 মানুষ নিঃশ্বাসের মতো;
তাদের আয়ু ছায়ার মতো যা মিলিয়ে যায়।
5 তোমার আকাশমণ্ডল উন্মুক্ত করো, হে সদাপ্রভু, আর নেমে এসো;
পর্বতশ্রেণীকে স্পর্শ করো আর তারা ধোঁয়া নির্গত করবে।
6 বিদ্যুৎ প্রেরণ করো আর শত্রুদের বিক্ষিপ্ত করো;
তোমার তির নিক্ষেপ করো আর তাদের ছত্রভঙ্গ করো।
7 ঊর্ধ্বলোক থেকে তোমার হাত প্রসারিত করো;
মহা জলরাশি থেকে
আর অইহুদিদের কবল থেকে
আমাকে উদ্ধার করো আর রক্ষা করো;
8 তাদের মুখ মিথ্যায় পরিপূর্ণ,
তাদের ডান হাত ছলনায় ভরা।
9 হে আমার ঈশ্বর, আমি তোমার উদ্দেশে এক নতুন গান গাইব;
দশ-তারের বীণায় আমি তোমার জন্য সংগীত রচনা করব।
10 তিনি রাজাদের বিজয় দেন
এবং তাঁর দাস দাউদকে উদ্ধার করেন।
মারাত্মক তরোয়াল থেকে 11 উদ্ধার করো;
অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো,
যাদের মুখ মিথ্যায় পূর্ণ,
যাদের ডান হাত ছলনায় ভরা।
12 তখন আমাদের ছেলেরা তাদের যৌবনে
বেড়ে ওঠা সতেজ গাছের সদৃশ হবে,
আর আমাদের মেয়েরা খোদাই করা স্তম্ভস্বরূপ হবে
যা প্রাসাদের শোভা বর্ধনকারী।
13 আমাদের শস্যাগার
বিবিধ খোরাকে পূর্ণ থাকবে।
আমাদের মেষ হাজার গুণ বৃদ্ধি পাবে;
এমনকি দশ হাজার গুণ বৃদ্ধি পাবে আমাদের মাঠে;
14 আমাদের বলদগুলি অনেক ভারবহন করবে।
কোনও শত্রুপক্ষ দেওয়াল ভেঙে আক্রমণ করবে না,
কেউ বন্দিদশায় যাবে না,
আমাদের পথে পথে দুর্দশার ক্রন্দন উঠবে না।
15 ধন্য সেই লোকেরা, যাদের পক্ষে এসব সত্য;
ধন্য সেই লোকেরা, সদাপ্রভু যাদের ঈশ্বর।
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। একটি নিবেদন।
1 হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো!
হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো।
2 যারা আমার প্রাণনাশের চেষ্টা করে,
তারা যেন লজ্জিত ও অপমানিত হয়;
যারা আমার ধ্বংস কামনা করে
তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।
3 যারা আমাকে বলে, “হা! হা!”
তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।
4 কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা
তোমাতে আনন্দ করুক ও খুশি হোক;
যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক,
“সদাপ্রভু মহান!”
5 কিন্তু আমি দরিদ্র ও অভাবী;
হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো,
তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা,
হে সদাপ্রভু, দেরি কোরো না।