অবশালোমের বিদ্রোহ (continued)
1027 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের মস্কীল।
1 হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো,
আমার নিবেদন উপেক্ষা কোরো না;
2 আমার কথা শোনো আর আমাকে উত্তর দাও।
আমার ভাবনা আমাকে কষ্ট দেয় আর আমি ক্ষিপ্ত হয়েছি কারণ
3 আমার শত্রুরা আমার প্রতি চিৎকার করে,
উচ্চস্বরে অন্যায় হুমকি দেয়।
তারা আমার উপর কষ্ট নিয়ে আসে
আর রাগে আমার পশ্চাদ্ধাবন করে।
4 আমার হৃদয় দুঃখে জর্জরিত;
মৃত্যুর সন্ত্রাস আমার উপর এসে পড়েছে।
5 ভয় আর কাঁপুনি আমাকে আচ্ছন্ন করেছে;
আতঙ্ক আমাকে অভিভূত করেছে।
6 আমি বলি, “হ্যাঁ! যদি আমার ঘুঘুর মতো ডানা থাকত!
আমি উড়ে চলে যেতাম আর বিশ্রাম পেতাম।
7 আমি দূরে চলে যেতাম
আর মরুভূমিতে বসবাস করতাম।
8 প্রচণ্ড বায়ু আর ঝড় থেকে,
আমার আশ্রয়স্থানে তাড়াতাড়ি চলে যেতাম।”
9 হে সদাপ্রভু, দুষ্টদের বিহ্বল করো, তাদের বাক্য হতবুদ্ধি করো,
কেননা আমি নগরে হিংসা আর শত্রুতা দেখি।
10 দিনরাত তারা প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে;
আক্রোশ আর অবমাননা তার মধ্যে।
11 বিধ্বংসী শক্তি নগরের মধ্যে কাজ করে চলেছে;
হুমকি আর মিথ্যা কখনও তার রাস্তা ছেড়ে যায় না।
12 যদি কোনও শত্রু আমাকে অপমান করত,
তা আমি সহ্য করতে পারতাম;
যদি কোনও বিপক্ষ আমার বিরোধিতা করত,
আমি তা লুকাতে পারতাম;
13 কিন্তু এত তুমিই, আমার সমকক্ষ মানুষ,
আমার সঙ্গী, আমার ঘনিষ্ঠ বন্ধু,
14 যার সঙ্গে, ঈশ্বরের গৃহে,
একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি,
উপাসকদের মধ্যে
আমরা হেঁটে বেড়িয়েছি।
15 মৃত্যু আমার শত্রুদের বিস্মিত করুক;
তারা জীবিত অবস্থায় পাতালের গর্ভে নেমে যাক,
কারণ অন্যায় তাদের গৃহে ও তাদের অন্তরে আছে।
16 কিন্তু আমি ঈশ্বরকে ডাকব,
এবং সদাপ্রভু আমাকে রক্ষা করেন।
17 সন্ধ্যা, সকাল আর দুপুরে,
আমি আমার যন্ত্রণায় কাঁদি,
আর তিনি আমার কণ্ঠস্বর শোনেন।
18 আমার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা থেকে
তিনি আমাকে অক্ষত অবস্থায় মুক্ত করেন,
যদিও অনেকে এখনও আমার বিরোধিতা করে।
19 ঈশ্বর, যিনি পূর্বকাল থেকে শাসন করেন,
যার কোনও পরিবর্তন নেই,
তিনি তাদের কথা শুনবেন আর তাদের নম্র করবেন,
কারণ তাদের ঈশ্বরভয় নেই।
20 আমার সঙ্গী তার বন্ধুদের আক্রমণ করে;
সে তার নিয়ম ভঙ্গ করে।
21 মাখনের মতো তার কথা মসৃণ,
কিন্তু তার হৃদয়ে রয়েছে যুদ্ধ;
তার কথা তেলের চেয়েও মনোরম,
কিন্তু সে সকল উন্মুক্ত তরোয়ালের মতো।
22 সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো
আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন;
তিনি কখনও ধার্মিকদের
বিচলিত হতে দেবেন না।
23 কিন্তু তুমি, হে ঈশ্বর, দুষ্টদের পতনের গর্তে
নামিয়ে দেবে;
যারা রক্তপিপাসু আর প্রতারক
জীবনের অর্ধেক দিনও তারা বাঁচবে না।
কিন্তু আমি তোমাতে আস্থা রাখি।
দাউদের গীত। প্রধান পরিচালকের জন্য। তারের যন্ত্র।
1 হে আমার ধার্মিক ঈশ্বর,
আমি ডাকলে আমাকে উত্তর দিয়ো।
সংকটে আমায় অব্যাহতি দিয়ো;
আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।
2 হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে?
আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার সন্ধান করবে
3 জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন;
আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।
4 কম্পিত হও কিন্তু পাপ কোরো না;
যখন নিজের বিছানায় শুয়ে থাকো,
নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো।
5 ধার্মিকতার বলি উৎসর্গ করো
এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।
6 সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”
তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।
7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও
তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।
8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,
কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,
আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।
সংগীত পরিচালকের জন্য। বাঁশি সহযোগে দাউদের গীত।
5:1 হে সদাপ্রভু, আমার কথা শোনো,
আমার বিলাপে কর্ণপাত করো।
2 আমার সাহায্যের আর্তনাদ শোনো,
হে আমার রাজা আমার ঈশ্বর,
তোমার কাছেই আমি প্রার্থনা করি।
3 সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো;
সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি
এবং আগ্রহভরে অপেক্ষা করি।
4 কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন;
কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না।
5 দাম্ভিকেরা তোমার সামনে
দাঁড়াতে পারে না।
যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো;
6 মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো।
যারা রক্তপিপাসু ও ছলনাকারী
তুমি, হে সদাপ্রভু, তাদের ঘৃণা করো।
7 কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে,
তোমার ভবনে প্রবেশ করতে পারি;
তোমার পবিত্র মন্দিরের সামনে
শ্রদ্ধায় আমি নত হই।
8 হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো,
নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে।
তোমার পথ আমার সামনে সরল করো যেন অনুসরণ করতে পারি।
9 তাদের মুখের কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়;
হিংসায় ওদের অন্তর পূর্ণ।
তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো,
তারা জিভ দিয়ে মিথ্যা কথা বলে।
10 হে ঈশ্বর, তুমি ওদের অপরাধী ঘোষণা করো!
ওদের চক্রান্ত ওদের পতন ডেকে আনুক।
ওদের পাপের জন্য ওদের বিতাড়িত করো,
কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;
তারা চিরকাল আনন্দগান করুক।
তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও,
যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।
12 নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো;
সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো।