পবিত্রতা ও শুচিতার আহ্বান
পৌল অইহুদি ধর্মান্তরিতদের বোঝান যে, তাদের পবিত্র ও শুচি হতে হবে। যেসব পাপাচারে তারা একসময় লিপ্ত ছিল এবং পৌত্তলিকেরা এখনও লিপ্ত রয়েছে, সেগুলির বিরুদ্ধে তিনি তাদের সতর্ক করেন। তিনি তাদের ভ্রাতৃপ্রেমে এবং নিজেদের কাজে পরিশ্রমী হতে উৎসাহ দেন।
51 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 ভাইবোনেরা, সবশেষে বলি, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কীভাবে জীবনযাপন করতে হয়, সেই নির্দেশ আমরা তোমাদের দিয়েছি এবং সেইমতোই তোমরা জীবনযাপন করছ। এখন, প্রভু যীশুর নামে আমরা তোমাদের অনুরোধ করছি ও মিনতি জানাচ্ছি, তোমরা এই বিষয়ে আরও সমৃদ্ধ হতে চেষ্টা করো। 2 কারণ প্রভু যীশুর দেওয়া অধিকারবলে আমরা তোমাদের কী নির্দেশ দিয়েছিলাম, তা তোমরা জানো।
3 ফলত, ঈশ্বরের ইচ্ছা এই যে, তোমরা পবিত্র হও, বিবাহ-বহির্ভূত যৌনাচার থেকে দূরে থাকো; 4 যেন তোমরা প্রত্যেকে এই শিক্ষা লাভ করো যে শরীরকে সংযত রেখে কীভাবে পবিত্র ও সম্মানজনক জীবনযাপন করতে হয়, 5 যারা ঈশ্বরকে জানে না, এমন বিধর্মী লোকদের মতো জাগতিক কামনার বশে নয়; 6 আর এই ব্যাপারে কেউ যেন তার ভাইয়ের (বা, বোনের) প্রতি কোনো অন্যায় আচরণ বা প্রতারণা না করে। এরকম সব পাপের জন্য প্রভু মানুষকে শাস্তি দেবেন, একথা আমরা তোমাদের আগেই বলেছি এবং সতর্ক করে দিয়েছি। 7 ঈশ্বর আমাদের পবিত্র জীবনযাপন করার জন্য আহ্বান করেছেন, অশুচি হওয়ার জন্য নয়। 8 তাই, এই নির্দেশ যে অগ্রাহ্য করে, সে মানুষকে নয়, কিন্তু যিনি তোমাদের তাঁর পবিত্র আত্মা দান করেন, সেই ঈশ্বরকেই অগ্রাহ্য করে।
9 আবার বিশ্বাসীদের প্রতি ভালোবাসা সম্পর্কে তোমাদের কাছে কিছু লেখার প্রয়োজন নেই। কারণ পরস্পরকে ভালোবাসতে স্বয়ং ঈশ্বরই তোমাদের শিক্ষা দিয়েছেন। 10 বস্তুত, সমগ্র ম্যাসিডোনিয়ার ভাইবোনেদের তোমরা ভালোবাসো। তবুও ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, তোমরা আরও বেশি করে তা করো। 11 শান্ত জীবনযাপনই হোক তোমাদের লক্ষ্য। আমাদের নির্দেশমতো, নিজের কাজে মন দাও, স্বনির্ভর হও, 12 যেন তোমাদের দৈনিক জীবনচর্যা বাইরের লোকদের শ্রদ্ধা উদ্রেক করতে পারে এবং তোমরা যেন পরনির্ভরশীল না হও।
মৃতেরা কীভাবে উঠবে, পৌল তা বর্ণনা করেন
পৌল তাদের সেই উৎসাহী ইহুদিদের বিরুদ্ধে সতর্ক করেন, যারা তাদের ভবিষ্যৎ সুখের আশা কেড়ে নিতে চায়। তাদের বলা হয়, পৌত্তলিকদের মতো যেন তারা নিজেদের মৃতদের জন্য অতিরিক্ত শোকে ভেঙে না পড়ে; পৌত্তলিকেরা বিশ্বাস করত যে, তাদের মৃতেরা আর উঠবে না। পুনরুত্থানের মহান সত্যের আরও প্রমাণ হিসেবে পৌল বর্ণনা করেন, তা কীভাবে ঘটবে, যেমনটি তিনি স্বয়ং খ্রীষ্টের কাছ থেকে শিখেছিলেন।
13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও। 14 কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন। 15 প্রভুর নিজের কথা অনুসারে আমরা তোমাদের বলছি যে, আমরা যারা বেঁচে আছি, প্রভুর আগমন পর্যন্ত যারা অবশিষ্ট থাকব, তারা নিদ্রাগতদের আগে কিছুতেই যেতে পারব না। 16 কারণ প্রভু স্বয়ং উচ্চধ্বনির সঙ্গে, প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তূরীধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টে যারা মৃত্যুবরণ করেছে, প্রথমে তারা উত্থাপিত হবে। 17 এরপর, আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা প্রভুর সঙ্গে অন্তরীক্ষে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযোগে উন্নীত হব। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। 18 সেইজন্য, এসব কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও।
খ্রীষ্টের আকস্মিক আগমনের জন্য প্রস্তুত থাকো
খ্রীষ্টের আকস্মিক ও ভয়ংকর আবির্ভাব এবং দুষ্টদের ও তাঁর আগমনের দিনের জন্য অপ্রস্তুত লোকদের নিশ্চিত ধ্বংসের কথা তুলে ধরে পৌল পবিত্রতার প্রয়োজনীয়তা দেখান। যারা সুসমাচারের বিশ্বাস ও অনুশীলনে অবিচল থাকে, তাদের এই আশ্বাস দিয়ে সান্ত্বনা দেওয়া হয় যে, যীশু খ্রীষ্টের মাধ্যমে এই দিন তাদের জন্য পরিত্রাণের দিন হবে।
1 এখন ভাইবোনেরা, এসব কখন ঘটবে, সেই সময় ও কালের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। 2 কারণ, তোমরা ভালোভাবেই জানো, রাতের বেলা যেমন চোর আসে, সেভাবেই প্রভুর দিন উপস্থিত হবে। 3 লোকেরা যখন “শান্তি ও নিরাপত্তার” কথা বলবে, তখন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো অকস্মাৎ তাদের উপর ধ্বংস নেমে আসবে; তারা কোনোক্রমেই তা এড়াতে পারবে না।
4 কিন্তু ভাইবোনেরা, তোমরা তো অন্ধকারে থাকো না, তাই সেদিন তোমাদের চোরের মতো বিস্মিত করে তুলবে না। 5 তোমরা সবাই জ্যোতির সন্তান এবং দিনের সন্তান। আমরা রাত্রির নই বা অন্ধকারেরও নই। 6 তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই। 7 কারণ যারা নিদ্রা যায়, তারা রাত্রেই নিদ্রা যায় এবং মদ্যপানকারীরা রাত্রেই মত্ত হয়। 8 কিন্তু আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো, আমরা আত্মসংযমী হয়ে উঠি; বিশ্বাস এবং ভালোবাসাকে বুকপাটা করি, আর পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ। 9 কারণ ঈশ্বর তাঁর ক্রোধের শিকার হওয়ার জন্য নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য আমাদের নিযুক্ত করেছেন। 10 আমরা জীবিত থাকি বা নিদ্রাগত হই, তাঁরই সঙ্গে যেন জীবনধারণ করি, এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। 11 অতএব তোমরা এখন যেমন করছ, সেভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো।
থিষলনীকীয়দের প্রতি পৌলের শেষ অনুরোধসমূহ
পৌল তাদের আধ্যাত্মিক শিক্ষকদের যথাযথ সম্মান দেখাতে অনুরোধ করেন এবং আরও নানা আন্তরিক অনুরোধ জানান। তিনি প্রার্থনা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করেন।
12 ভাইবোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, তোমাদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করেন, যাঁরা প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন, যাঁরা তোমাদের সতর্ক করেন, তাঁদের সম্মান করো। 13 তাঁদের পরিষেবার জন্য ভালোবেসে সর্ব্বোচ্চ শ্রদ্ধা জানিয়ো। পরস্পরের সঙ্গে শান্তিতে বসবাস করো। 14 ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, যারা অলস, তাদের সতর্ক করো, ভীরু প্রকৃতির ব্যক্তিকে প্রেরণা দিয়ো, দুর্বলকে সাহায্য করো, প্রত্যেকের প্রতি সহনশীলতা দেখিয়ো। 15 দেখো, কেউ যেন অন্যায়ের প্রতিশোধ নিতে অন্যায় না করে, পরস্পরের এবং অন্যান্য সকলের প্রতি সবসময় সহৃদয় হতে চেষ্টা করে।
16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।
19 আত্মার আগুন নিভিয়ে দিয়ো না। 20 কোনও ভাববাণী অগ্রাহ্য কোরো না। 21 সবকিছু পরীক্ষা করে দেখো। যা কিছু উৎকৃষ্ট, তা আঁকড়ে থাকো। 22 যা কিছু মন্দ, তা এড়িয়ে চলো।
23 শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকালে তোমাদের সমগ্র আত্মা, প্রাণ ও দেহ, অনিন্দনীয়রূপে রক্ষিত হোক। 24 যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই এই কাজ করবেন।
25 ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা কোরো।
26 পবিত্র চুম্বনে সব বিশ্বাসীকে সাদর সম্ভাষণ জানিয়ো।
27 প্রভুর সাক্ষাতে আমি তোমাদের মিনতি করছি, সব ভাইবোনেদের কাছে এই পত্র যেন পাঠ করা হয়।
28 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে বিরাজ করুক।
পৌল করিন্থে থেকে পরজাতীয়দের কাছে প্রচার করেন
ইহুদিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে পৌল করিন্থেই থেকে যান এবং পরজাতীয়দের কাছে প্রচার করেন।
6 কিন্তু ইহুদিরা পৌলের বিরোধিতা ও কটুভাষায় তাঁর নিন্দা করায়, তিনি প্রতিবাদস্বরূপ তাঁর পোশাক ঝেড়ে তাদের বললেন, “তোমাদের রক্তের দায় তোমাদেরই মাথায় থাকুক। আমি আমার দায়িত্ব থেকে মুক্ত। এখন থেকে আমি অইহুদিদের কাছে যাব।”
7 পৌল তখন সমাজভবন ত্যাগ করে পাশেই তিতিয়-যুষ্টের বাড়িতে গেলেন। তিনি ছিলেন ঈশ্বরের একজন উপাসক। 8 সমাজভবনের অধ্যক্ষ ক্রীষ্প ও তাঁর সমস্ত পরিজন প্রভুকে বিশ্বাস করলেন। করিন্থীয়দের মধ্যেও বহু ব্যক্তি তাঁর কথা শুনে বিশ্বাস করল ও বাপ্তাইজিত হল।
9 এক রাত্রে, প্রভু পৌলকে এক দর্শনের মাধ্যমে বললেন, “তুমি ভয় পেয়ো না, প্রচার করতে থাকো, নীরব থেকো না। 10 কারণ আমি তোমার সঙ্গে আছি, কেউই তোমাকে আক্রমণ বা তোমার ক্ষতি করবে না, কারণ এই নগরে আমার অনেক প্রজা আছে।” 11 তাই পৌল সেখানে দেড় বছর থেকে গেলেন এবং তাদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন।