পৌল থিষলনীকীয়দের কাছে লেখেন

অবিশ্বাসী ইহুদিদের আক্রমণের মুখে পড়া থিষলনীকীয়দের বিশ্বাসে সুপ্রতিষ্ঠিত করার জন্য পৌল তাদের কাছে তাঁর প্রথম চিঠি লেখেন, খ্রীষ্টধর্মের সপক্ষে প্রমাণগুলি জোর দিয়ে তাদের উপলব্ধি করান।

51 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

পৌল থিষলনীকীয়দের শুভেচ্ছা জানান

ভূমিকা ও শুভেচ্ছা।

1 থিষলনীকীয় 1:1–4

1 পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টে থিষলনীকীয় মণ্ডলীর প্রতি,

পৌল, সীল এবং তিমথি এই পত্র লিখছি।

অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।

2 আমাদের প্রার্থনায় তোমাদের নাম উল্লেখ করে আমরা তোমাদের সবার জন্য ঈশ্বরের কাছে সবসময় ধন্যবাদ নিবেদন করি। 3 বিশ্বাসের বলে তোমরা যে কাজ করেছ, প্রেমের বশে যে পরিশ্রম দিয়েছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে সহিষ্ণুতার পরিচয় রেখেছ—আমাদের ঈশ্বর ও পিতার সমক্ষে আমরা সেকথা বারবার মনে করি।

4 ঈশ্বরের প্রীতিভাজন ভাইবোনেরা, আমরা জানি যে, তিনি তোমাদের মনোনীত করেছেন,

পৌলের প্রথম যুক্তি: অলৌকিক দান

পৌল খ্রীষ্টধর্মের সত্যতার পক্ষে তাঁর প্রথম যুক্তি পবিত্র আত্মার অলৌকিক দানগুলি থেকে তুলে ধরেন। খ্রীষ্টিয়ান বিশ্বাসের প্রতি তাদের অবিচল আনুগত্যে তিনি আনন্দ করেন এবং তার প্রশংসা করেন।

1 থিষলনীকীয় 1:5–10

5 কারণ, আমাদের সুসমাচার শুধু বাক্যবিন্যাসের দ্বারা তোমাদের কাছে আসেনি, কিন্তু এসেছিল পরাক্রম, পবিত্র আত্মায় এবং গভীর প্রত্যয়ের সঙ্গে। তোমাদের মধ্যে, তোমাদেরই জন্য আমরা কীভাবে জীবনযাপন করেছি, তা তোমরা জানো। 6 তোমরা আমাদের এবং প্রভুর অনুকরণ করেছিলে, প্রচণ্ড দুঃখকষ্টের মধ্যেও পবিত্র আত্মার দেওয়া আনন্দে তোমরা সেই বার্তাকে স্বাগত জানিয়েছ। 7 তাই ম্যাসিডোনিয়া এবং আখায়ার সমস্ত বিশ্বাসীর কাছে তোমরা আদর্শ হয়ে উঠেছ। 8 তোমাদের কাছ থেকে প্রভুর বার্তা শুধু যে ম্যাসিডোনিয়া এবং আখায়াতে ঘোষিত হয়েছে তা নয়, ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই এ বিষয়ে আমাদের কিছু বলার প্রয়োজন নেই। 9 কারণ তোমরা আমাদের কী রকম অভ্যর্থনা জানিয়েছিলে, লোকেরা নিজেরাই সেকথা প্রচার করেছে। তারা প্রকাশ করে যে, জীবন্ত এবং সত্য ঈশ্বরের সেবা করার জন্য তোমরা সব প্রতিমা ত্যাগ করে কীভাবে ঈশ্বরের কাছে ফিরে এসেছ এবং 10 তিনি যাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন, সন্নিকট ক্রোধ থেকে যিনি আমাদের রক্ষা করবেন, তোমরা ঈশ্বরের সেই পুত্র যীশুর স্বর্গ থেকে আগমনের প্রতীক্ষায় রয়েছ।

প্রচারকদের জীবন সুসমাচারের সত্যতা প্রমাণ করে

সুসমাচারের প্রচারকদের চরিত্র, আচরণ ও দুঃখভোগ থেকে পৌল এর সত্যতা প্রমাণ করেন। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেন যে থিষলনীকীয়রা একে কোনো দার্শনিক মতবাদ হিসেবে নয়, বরং ঈশ্বরের বাক্য হিসেবে গ্রহণ করেছিল, যেমন তাদের আচরণের ওপর এর প্রভাব থেকে দেখা গিয়েছিল।

1 থিষলনীকীয় 2:1–13

1 ভাইবোনেরা, তোমরা জানো, তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ ব্যর্থ হয়নি। 2 তোমরা জানো, আমরা ফিলিপীতে আগেই নির্যাতিত ও অপমানিত হয়েছিলাম, কিন্তু প্রবল বিরোধিতা সত্ত্বেও আমাদের ঈশ্বরের সহায়তায় তোমাদের কাছে তাঁর সুসমাচারের কথা বলতে সাহসী হয়েছিলাম। 3 ভ্রান্তির বশে, অথবা অসৎ উদ্দেশ্যে আমরা আবেদন জানাইনি, আমরা কাউকে প্রতারিত করারও চেষ্টা করিনি, 4 বরং, ঈশ্বর যেমন আমাদের পরীক্ষাসিদ্ধ করে সুসমাচার প্রচার করার দায়িত্ব দিয়েছেন, আমরা তেমনই প্রচার করি। আমরা মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করিনি, কিন্তু সন্তুষ্ট করতে চেয়েছি ঈশ্বরকে, যিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন।

5 তোমরা জানো, আমরা কখনও তোষামোদ করিনি, মুখোশের আড়ালে লোভকে ঢাকিনি—ঈশ্বর আমাদের সাক্ষী। 6 আমরা কোনো মানুষের প্রশংসা পাওয়ার চেষ্টা করিনি, তোমাদের কাছে নয় বা অন্য কারও কাছে নয়। খ্রীষ্টের প্রেরিতশিষ্য বলে আমরা আমাদের কর্তৃত্ব প্রয়োগ করতে পারতাম, 7 কিন্তু তা না করে খ্রীষ্টের প্রেরিতশিষ্যরূপে আমরা শিশুদের মতো তোমাদের কাছে নতনম্র হয়েছিলাম।

যেমন মা তাঁর শিশু সন্তানদের লালনপালন করেন, 8 আমরা তেমনই তোমাদের প্রতি যত্নশীল ছিলাম। আমরা তোমাদের এত ভালোবেসেছিলাম যে, শুধু ঈশ্বরের সুসমাচারই নয়, কিন্তু তোমাদের আনন্দে আমাদের জীবনও ভাগ করেছিলাম, তোমরা ছিলে আমাদের কাছে এতই প্রিয়। 9 ভাইবোনেরা, আমাদের কঠোর পরিশ্রম এবং কষ্টস্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে। তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময়, আমরা যেন কারও বোঝা না হই, সেজন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি।

10 তোমরা যারা বিশ্বাস করেছিলে, তাদের মধ্যে আমরা কেমন পবিত্র, ধার্মিক ও নিষ্কলুষ জীবনযাপন করেছি—তোমরা এবং ঈশ্বরও তার সাক্ষী। 11 তোমরা জানো, পিতা তাঁর নিজের সন্তানদের প্রতি যেমন আচরণ করেন, আমরাও তোমাদের প্রত্যেকের সঙ্গে তেমনই আচরণ করেছি। 12 আমরা তোমাদেরও তেমনই উদ্বুদ্ধ করছি, সান্ত্বনা দিচ্ছি ও প্রেরণা দিচ্ছি যেন ঈশ্বর তাঁর যে রাজ্যে ও মহিমায় তোমাদের আহ্বান করেছেন, তোমরা তার যোগ্য হয়ে জীবনযাপন করো।

13 আমরাও এজন্য ঈশ্বরকে অবিরত ধন্যবাদ জানাই যে, আমাদের কাছে শুনে তোমরা যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলে, তা মানুষের নয় বরং ঈশ্বরের বলেই গ্রহণ করেছিলে এবং প্রকৃতপক্ষে সে তো ঈশ্বরেরই বাক্য; তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের অন্তরে সেই বাক্য কাজ করে চলেছে।

ইহুদিদের নির্যাতনপ্রবণ মনোভাব

পৌল ইহুদিদের নির্যাতনপ্রবণ মনোভাব দেখান, যা সুসমাচারের শক্তি ও বিশ্বাস গ্রহণকারীদের বিশ্বাস পরীক্ষা করে। তিনি অইহুদিদের কাছে সুসমাচার প্রচারের প্রতি তাদের শত্রুতা, তাদের দুষ্টতা ও তাদের ধ্বংসের কথা তুলে ধরেন। তিনি থিষলনীকীয়দের প্রতি তাঁর ভালোবাসা ও তাদের দেখার ইচ্ছা ঘোষণা করেন; তাঁর বিরোধীদের হৃদয়ের ওপর শয়তানের প্রভাবই কেবল সেই ইচ্ছা পূরণে বাধা দিয়েছে।

1 থিষলনীকীয় 2:14–20

14 কারণ ভাইবোনেরা, তোমরা খ্রীষ্ট যীশুতে যিহূদিয়ায় ঈশ্বরের মণ্ডলীগুলির অনুকরণ করেছিলে, ইহুদিদের হাতে যেসব মণ্ডলী নির্যাতিত হয়েছিল, তোমরা তাদেরই মতো নিজেদের স্বজাতির হাতে লাঞ্ছনা ভোগ করেছ। 15 ইহুদিরাই তো প্রভু যীশুকে ও ভাববাদীদের হত্যা করেছিল এবং আমাদেরও তাড়িয়ে দিয়েছিল। তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে এবং সমস্ত লোকের তারা বিরোধী, 16 যেন অইহুদিদের কাছে আমরা পরিত্রাণের সুসমাচার প্রচার করতে না পারি, এভাবেই তারা সবসময় তাদের পাপের বোঝা পূর্ণ করে চলেছে। তাদের উপর ঈশ্বরের রোষ অবশেষে নেমে এসেছে।

17 কিন্তু ভাইবোনেরা, আমরা যখন তোমাদের কাছ থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম (মানসিকভাবে নয়, কিন্তু শারীরিকভাবে), তখন তোমাদের দেখার জন্য আকুল হয়ে সব ধরনের চেষ্টা করেছি। 18 আমরা তোমাদের কাছে আসতে চেয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি পৌল দু-একবার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিয়েছে। 19 কারণ আমাদের প্রত্যাশা, আমাদের আনন্দ, অথবা আমাদের প্রভু যীশুর আগমনকালে আমাদের গৌরব-মুকুট কী? 20 তা কি তোমরাই নও? প্রকৃতপক্ষে, তোমরাই আমাদের গৌরব ও আনন্দ।

তাদের সুদৃঢ় করতে পৌল তিমথিকে পাঠান

পৌল থিষলনীকীয়দের জন্য তাঁর উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের মনে করিয়ে দেন যে, তাদের বিশ্বাস সুদৃঢ় করতে এবং সমস্ত খ্রীষ্টিয়ানকে যে বহু ক্লেশের সম্মুখীন হতে হয়, সেই ক্লেশের মধ্যে তাদের সান্ত্বনা দিতে তিনি তিমথিকে পাঠিয়েছিলেন; এই ক্লেশের বিষয়ে তাদের আগেই সতর্ক করা হয়েছিল।

1 থিষলনীকীয় 3:1–5

1 সেই কারণে, আর ধৈর্য ধরতে না পেরে, আমরা মনস্থির করলাম যে, এথেন্সেই থেকে যাব। 2 খ্রীষ্টের সুসমাচার প্রচারের ক্ষেত্রে আমাদের ভাই ও ঈশ্বরের সহকর্মী তিমথিকে পাঠিয়েছিলাম, যেন তিনি তোমাদের বিশ্বাসে সবল করেন ও উৎসাহ দান করেন, 3 যেন এই দুঃখকষ্টের সময় কেউ বিচলিত হয়ে না পড়ে। তোমরা নিঃসংশয়েই জানো যে, আগে থেকেই আমরা এসবের জন্য নির্ধারিত হয়ে আছি। 4 বাস্তবিক, তোমাদের সঙ্গে থাকার সময়েই আমরা বারবার তোমাদের বলেছিলাম যে, আমাদের অত্যাচারিত হতে হবে। আর তোমরা ভালোভাবেই জানো, সেভাবেই তা ঘটেছে। 5 এই কারণে, আর ধৈর্য ধরতে না পেরে, তোমাদের বিশ্বাস সম্পর্কে জানার জন্য আমি তাঁকে পাঠিয়েছিলাম। আমার আশঙ্কা ছিল, প্রলুব্ধকারী হয়তো কোনোভাবে তোমাদের প্রলুব্ধ করে থাকতে পারে এবং আমাদের সমস্ত প্রচেষ্টাই হয়তো ব্যর্থ হয়েছে।

তিমথির সংবাদ পৌলকে সান্ত্বনা দেয়

পৌল জানান যে, তাদের সম্বন্ধে তিমথির দেওয়া সংবাদে তিনি সান্ত্বনা পেয়েছেন। তিনি তাদের আবার দেখার সুযোগের জন্য আকুল হন এবং প্রার্থনা করেন, যেন খ্রীষ্টের আগমন পর্যন্ত তারা পবিত্রতায় অবিচল থাকে।

1 থিষলনীকীয় 3:6–13

6 কিন্তু তোমাদের কাছ থেকে সদ্য ফিরে এসে তিমথি তোমাদের বিশ্বাস এবং ভালোবাসা সম্পর্কে সুসংবাদ নিয়ে এসেছেন। তিনি আমাদের বলেছেন যে, তোমরা সবসময় আমাদের কথা আনন্দের সঙ্গে স্মরণ করে থাকো এবং আমরা যেমন তোমাদের দেখতে উৎসুক, তোমরাও তেমনই আমাদের দেখার জন্য আগ্রহী। 7 অতএব, ভাইবোনেরা, আমাদের সমস্ত দুর্দশা ও লাঞ্ছনার মধ্যেও তোমাদের বিশ্বাসের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি। 8 প্রভুতে তোমরা স্থির আছ, তা জানতে পেরে আমরা সঞ্জীবিত হয়ে উঠছি।

9 তোমাদের জন্য আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যে আনন্দ আমাদের হয়েছে তার প্রতিদানে ঈশ্বরকে কীভাবে পর্যাপ্ত ধন্যবাদ দেব! 10 আবার তোমাদের সঙ্গে মিলিত হয়ে যেন তোমাদের বিশ্বাসের ঘাটতি পূরণ করতে পারি, এজন্য আকুল আগ্রহে দিনরাত আমরা প্রার্থনা করেছি।

11 এখন, আমাদের ঈশ্বর ও পিতা স্বয়ং এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে আসার জন্য আমাদের পথ সুগম করুন। 12 প্রভু তোমাদের ভালোবাসা বৃদ্ধি করুন এবং তোমাদের প্রতি আমাদের ভালোবাসা যেমন উপচে পড়ে, তেমনই পরস্পরের ও অন্য সকলের প্রতিও তোমাদের ভালোবাসা উপচে পড়ুক। 13 তোমাদের অন্তরকে তিনি সবল করুন, যেন আমাদের প্রভু যীশু তাঁর সমস্ত পবিত্রজনের সঙ্গে যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের ঈশ্বর ও পিতার সান্নিধ্যে অনিন্দনীয় ও পবিত্র অবস্থায় প্রতিষ্ঠিত হতে পারো।