পৌল আবার থিষলনীকীয়দের কাছে পত্র লেখেন

বিচার-দিবসের আকস্মিক আগমন সম্পর্কে থিষলনীকীয়রা যে ভ্রান্তিতে পড়েছিল, তা সংশোধন করার জন্য পৌল তাদের কাছে তাঁর দ্বিতীয় পত্র লেখেন। তিনি খ্রীষ্টিয়ান মণ্ডলীতে এক মহা ধর্মত্যাগের উত্থান, বিস্তার ও পতনের বিষয়ে ভাববাণী করেন।

52 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

পৌল আবার থিষলনীকীয়দের শুভেচ্ছা জানান

পৌলের অভিবাদন।

2 থিষলনীকীয় 1:1–2

1 আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টে অবস্থিত থিষলনীকীয়দের মণ্ডলীর প্রতি,

পৌল, সীল ও তিমথি এই পত্র লিখছি।

2 পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি বর্তুক।

পৌল তাদের ধৈর্যশীল সহিষ্ণুতায় আনন্দ করেন

নির্যাতনের মধ্যেও তাদের অবিচলতা দেখে পৌল আনন্দ করেন এবং তাদের আশ্বাস দেন যে তাদের ধৈর্যশীল সহিষ্ণুতা ভবিষ্যৎ বিচারের প্রমাণ, যখন তারা তাদের পুরস্কার পাবে।

2 থিষলনীকীয় 1:3–6

3 ভাইবোনেরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা বাধ্য এবং তাই সংগত। কারণ তোমাদের বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। 4 তাই সমস্ত নির্যাতন এবং দুঃখকষ্টের মধ্যেও তোমাদের সহনশীলতা ও বিশ্বাসের জন্য ঈশ্বরের মণ্ডলীগুলিতে আমরা গর্ব করি।

5 এসব কিছুই প্রমাণ করছে যে, ঈশ্বরের বিচার ন্যায়সংগত এবং এর ফলে, যে ঐশ-রাজ্যের জন্য তোমরা দুঃখভোগ করছ, তার যোগ্য বলে গণ্য হয়ে উঠবে। 6 ঈশ্বর ন্যায়পরায়ণ; যারা তোমাদের নির্যাতন করে, তিনি প্রতিদানে তাদের কষ্ট দেবেন

খ্রীষ্ট বিচার করতে আসবেন

পৌল বিচার করতে খ্রীষ্টের আগমনের এবং যারা তাঁর সুসমাচার প্রত্যাখ্যান করেছে তাদের সকলের অনন্ত ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেন।

2 থিষলনীকীয় 1:7–12

7 এবং তোমরা যারা নিপীড়িত, তিনি সেই তোমাদের এবং আমাদের স্বস্তি দেবেন। প্রভু যীশু যখন তাঁর পরাক্রান্ত দূতবাহিনী নিয়ে জ্বলন্ত আগুনের শিখার মাঝে স্বর্গ থেকে প্রকাশিত হবেন, এ সমস্ত তখনই ঘটবে। 8 যারা ঈশ্বরকে জানে না এবং আমাদের প্রভু যীশুর সুসমাচার পালন করে না, তাদের তিনি শাস্তি দেবেন। 9 তাদের দণ্ড হবে চিরকালীন বিনাশ এবং প্রভুর সান্নিধ্য ও তাঁর পরাক্রমের গৌরব থেকে তারা বিচ্ছিন্ন হবে। 10 এই ঘটনা সেদিন ঘটবে, যেদিন তাঁর পুণ্যজনদের মাঝে তিনি মহিমান্বিত হওয়ার জন্য এবং যারা বিশ্বাস করেছে তাদের চমৎকৃত হওয়ার জন্য তিনি আসবেন। তোমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ তোমাদের কাছে আমরা যে সাক্ষ্য দিয়েছি, তোমরা তা বিশ্বাস করেছ।

11 একথা মনে রেখে, আমরা তোমাদের জন্য অবিরত প্রার্থনা করি, যেন আমাদের ঈশ্বর, তাঁর আহ্বানের যোগ্য বলে তোমাদের গড়ে তোলেন এবং তাঁর পরাক্রমে তোমাদের প্রত্যেক শুভ-সংকল্প এবং বিশ্বাস-প্রণোদিত প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পারেন। 12 আমরা এই প্রার্থনা করি, যেন তোমাদের মধ্যে প্রভু যীশুর নাম গৌরবান্বিত হয় এবং আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে, তোমরা তাঁতে গৌরব লাভ করতে পারো।

প্রথমে অবশ্যই মহা ধর্মত্যাগ ঘটবে

বিচার করতে খ্রীষ্টের শীঘ্র আগমন সম্পর্কে তাদের ভুল ধারণা পৌল এখন সংশোধন করতে শুরু করেন। তিনি তাদের যেকোনো ভুয়া ঐশী প্রত্যাদেশ বা জাল চিঠি সম্পর্কে সতর্ক করেন এবং আগে যা বলেছিলেন তা স্মরণ করিয়ে দেন: প্রথমে অবশ্যই এক মহা ধর্মত্যাগ ঘটবে। তিনি এর প্রকৃতি বিশদভাবে বর্ণনা করেন।

2 থিষলনীকীয় 2:1–12

1 ভাইবোনেরা, প্রভু যীশু খ্রীষ্টের আগমন ও তাঁর কাছে আমাদের একত্রিত হওয়া সম্পর্কে তোমাদের অনুরোধ করছি, 2 প্রভুর দিন ইতিমধ্যেই এসে গেছে, এই মর্মে আমাদের কাছ থেকে কোনো প্রত্যাদেশ, কোনো পত্র বা সংবাদ পেয়েছ মনে করে তোমরা সহজেই বিচলিত বা আতঙ্কিত হোয়ো না। 3 কেউ যেন কোনোভাবেই তোমাদের প্রতারিত করতে না পারে। কারণ বিদ্রোহ না ঘটা এবং চরম বিনাশের জন্য নির্ধারিত ধর্মভ্রষ্ট পুরুষের প্রকাশ না হওয়া পর্যন্ত সেদিনের আবির্ভাব হবে না। 4 সে প্রতিরোধ করবে এবং সবকিছুর ঊর্ধ্বে যিনি, অর্থাৎ ঈশ্বর নামে আখ্যাত ও পূজিত, তাঁর উপরে সে নিজেকে উন্নীত করবে, এমনকি, সে ঈশ্বররূপে নিজেকে ঈশ্বরের মন্দিরে প্রতিষ্ঠিত করবে এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে।

5 তোমাদের কাছে থাকার সময় এ সমস্ত বিষয় আমি তোমাদের বলতাম, সেকথা কি তোমাদের মনে নেই? 6 নির্ধারিত সময়ে প্রকাশিত হওয়ার পথে এখন কোন শক্তি তার বাধা সৃষ্টি করছে, তা তোমরা জানো। 7 কারণ অধর্মের গোপন শক্তি ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু একজন তাকে বাধা দিচ্ছেন এবং দিয়েই যাবেন, যতদিন পর্যন্ত তাকে দূর করা না হয়। 8 তারপর, সেই পাপ-পুরুষের প্রকাশ হবে, প্রভু যীশু তাঁর মুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন এবং তাঁর আগমনের জৌলুসে তাকে ধ্বংস করবেন। 9 সেই অধর্মাচারী পুরুষের আগমন শয়তানের ক্রিয়াকলাপের সঙ্গে হবে। সে সব ধরনের ক্ষমতার প্রদর্শন বিভিন্ন চিহ্ন ও আশ্চর্য কাজকর্মের মাধ্যমে করবে, যেগুলি মিথ্যাচারিতার সেবা করে। 10 সে সব ধরনের মন্দের দ্বারা যারা বিনাশের পথে চলেছে তাদের প্রতারণা করবে। তারা ধ্বংস হবে, কারণ তারা সত্যের অনুরাগী হতে অস্বীকার করেছে ও পরিত্রাণ পেতে চায়নি। 11 সেইজন্য, ঈশ্বর তাদের মধ্যে এক বিভ্রান্তিকর শক্তিকে প্রেরণ করবেন, যেন তারা মিথ্যাকেই বিশ্বাস করে, 12 এবং তারা সকলেই যেন শাস্তি পায় যারা সত্যে বিশ্বাস করেনি, কিন্তু দুষ্টতায় উল্লসিত হয়েছে।

পৌল তাদের অবিচল থাকতে অনুরোধ করেন

পৌল থিষলনীকীয়দের জন্য আনন্দ করেন, এবং তাদের যে শিক্ষা দেওয়া হয়েছিল তাতে অবিচল থাকার জন্য তাদের আহ্বান জানান।

2 থিষলনীকীয় 2:13–17

13 প্রভুর প্রীতিজনক ভাইবোনেরা, আমরা কিন্তু তোমাদের জন্য ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিতে বাধ্য হই, কারণ পবিত্র আত্মার শুদ্ধকরণের কাজ ও সত্যের প্রতি বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য প্রথম থেকেই ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন। 14 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমার অংশীদার হওয়ার জন্য আমাদের প্রচার করা সুসমাচারের মাধ্যমে তিনি তোমাদের এই উদ্দেশ্যে আহ্বান করেছেন।

15 সেইজন্য, ভাইবোনেরা, অবিচল থাকো; আমরা মুখের কথায়, অথবা পত্রের মাধ্যমে যেসব শিক্ষা তোমাদের দিয়েছি, তা আঁকড়ে ধরে থাকো।

16 প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং এবং আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদের ভালোবেসেছেন এবং যাঁর অনুগ্রহে আমরা চিরন্তন সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা লাভ করেছি, 17 তিনি তোমাদের অন্তরকে আশ্বাস প্রদান করুন এবং প্রত্যেকটি শুভকর্মে ও উত্তম বাক্যে সবল করুন।

পৌল তাঁদের প্রার্থনা চান

পৌল তাঁদের অনুরোধ করেন, যেন তাঁরা তাঁর ও তাঁর সঙ্গীদের জন্য প্রার্থনা করেন, যাতে ঈশ্বরের সুসমাচার তাঁদের মধ্যে যেমন, তেমনি অন্যান্য অইহুদি জাতির মধ্যেও মহিমান্বিত হয় এবং তাঁরা তাঁদের নির্যাতনকারীদের হাত থেকে উদ্ধার পান। তিনি তাঁদের বিশ্বাস ও ধৈর্যের জন্য আবার প্রার্থনা করেন।

2 থিষলনীকীয় 3:1–5

1 সবশেষে বলি, ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো, যেন প্রভুর বাণী দ্রুত ছড়িয়ে পড়ে এবং সসম্মানে গৃহীত হয়, যেমন তোমাদের ক্ষেত্রে হয়েছিল। 2 আর প্রার্থনা করো, দুষ্ট ও নীচ লোকদের হাত থেকে আমরা যেন নিষ্কৃতি পাই, কারণ প্রত্যেকের যে বিশ্বাস আছে, এমন নয়, 3 কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন। 4 তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ়প্রত্যয় আছে যে, আমাদের সমস্ত আদেশ, যা তোমরা পালন করছ, তা করে যাবে। 5 প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে এবং খ্রীষ্টের ধৈর্যের পথে চালিত করুন।

অলস ও উচ্ছৃঙ্খল লোকদের সঙ্গে কেমন আচরণ করতে হবে

তাঁর কাছ থেকে পাওয়া স্পষ্ট আদেশের বিরুদ্ধে যারা এখনও বিশৃঙ্খল ও অলস জীবনযাপন করে, তাদের প্রতি কেমন আচরণ করতে হবে, সে বিষয়ে পৌল থিষলনীকীয়দের পরামর্শ দেন। তাঁর প্রার্থনা ও আশীর্বাদ।

2 থিষলনীকীয় 3:6–18

6 ভাইবোনেরা, প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, যে ভাই অলস এবং আমাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে না, তার সঙ্গ ত্যাগ করো। 7 কারণ তোমরা নিজেরা জানো, কীভাবে আমাদের আদর্শ অনুকরণ করতে তোমরা বাধ্য। তোমাদের সঙ্গে থাকার সময় আমরা আলস্যে কাল কাটাইনি; 8 অথবা বিনামূল্যে আমরা কারও খাবার গ্রহণ করিনি। বরং আমরা যেন তোমাদের কারও কাছে বোঝা না হই, সেজন্য দিনরাত কাজ করেছি, কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি। 9 এই সাহায্য লাভের অধিকার যে আমাদের নেই, তা নয়, কিন্তু তোমরা যেন অনুসরণ করো, সেজন্য নিজেদের এক আদর্শরূপে স্থাপন করেছি। 10 কারণ তোমাদের সঙ্গে থাকার সময়েও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি, “যদি কেউ পরিশ্রম না করে, সে আহারও করবে না।”

11 আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস হয়ে পড়েছে। তারা কর্মব্যস্ত নয়; পরের ব্যাপারে অনর্থক চর্চায় তারা সবসময় ব্যস্ত। 12 এরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, যেন তারা শান্তভাব বজায় রেখে পরিশ্রম করে এবং তাদের খাবারের সংস্থান করে। 13 আর ভাইবোনেরা, তোমাদের আরও বলছি, সৎকর্ম করতে কখনও ক্লান্তিবোধ কোরো না।

14 এই পত্রে উল্লিখিত আমাদের নির্দেশ কেউ যদি অমান্য করে, তাকে চিহ্নিত করে রেখো। তার সংস্পর্শে থেকো না, যেন সে লজ্জাবোধ করতে পারে। 15 তবুও, তাকে শত্রু বলে মনে কোরো না, বরং ভাই বা বোন হিসেবে তাকে সতর্ক কোরো।

16 এখন শান্তির প্রভু স্বয়ং তোমাদের সর্বদা এবং সর্বতোভাবে শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সঙ্গে থাকুন।

17 আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি। আমার সমস্ত পত্রের এটিই বিশেষ চিহ্ন। এভাবেই আমি লিখে থাকি।

18 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গী হোক।

পৌলকে গাল্লিয়োর সামনে আনা হয়

পৌল তখনও করিন্থে ছিলেন; তাঁকে সেনেকার ভাই, প্রাদেশিক শাসনকর্তা গাল্লিয়োর বিচারাসনের সামনে আনা হয়।

প্রেরিত 18:12–18

12 গাল্লিয়ো যখন আখায়ার প্রদেশপাল ছিলেন, ইহুদিরা একজোট হয়ে পৌলকে আক্রমণ করল এবং তাঁকে বিচারালয়ে নিয়ে গেল। 13 তারা অভিযোগ করল, “এই ব্যক্তি বিধানশাস্ত্রের বিরুদ্ধে ঈশ্বরের আরাধনা করার জন্য জনসাধারণকে প্ররোচিত করছে।”

14 পৌল কথা বলতে উদ্যত হলে, গাল্লিয়ো ইহুদিদের বললেন, “তোমরা ইহুদিরা, যদি কিছু অপকর্ম বা গুরুতর অপরাধ সম্পর্কে অভিযোগ করতে, তাহলে তোমাদের কথা শোনা আমার পক্ষে যুক্তিযুক্ত হত। 15 কিন্তু যেহেতু এর সঙ্গে জড়িয়ে আছে কতগুলি শব্দ, নাম ও তোমাদের বিধানসম্পর্কিত কয়েকটি প্রশ্ন, তোমরা নিজেরাই বিষয়টির নিষ্পত্তি করে নাও, আমি এসব বিষয়ের বিচারক হতে চাই না।” 16 তাই তিনি বিচারালয় থেকে তাদের বের করে দিলেন। 17 তখন তারা সকলে সমাজভবনের অধ্যক্ষ সোস্থিনিকে আক্রমণ করে বিচারালয়ের সামনেই তাঁকে মারতে লাগল। কিন্তু গাল্লিয়ো এ বিষয়ে কোনোরকম ভ্রূক্ষেপ করলেন না।

18 পৌল আরও কিছু সময় করিন্থে থাকলেন। তারপর তিনি ভাইবোনেদের বিদায় জানিয়ে জাহাজে করে সিরিয়ার উদ্দেশে যাত্রা করলেন। সহযাত্রীরূপে তিনি নিলেন প্রিষ্কিল্লা ও আক্বিলাকে। তিনি মানত করেছিলেন বলে যাত্রার আগে কিংক্রিয়া নগরে তাঁর মাথা ন্যাড়া করলেন।