সোফর কঠোরভাবে ইয়োবকে অনুতাপ করতে তাগিদ দেন

সোফর অত্যন্ত কঠোরভাবে ইলীফসের যুক্তি তুলে ধরেন এবং অনুতাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

2130 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইয়োব 11

1 পরে নামাথীয় সোফর উত্তর দিলেন:

2 “এসব কথা কি উত্তর ছাড়াই থেকে যাবে?

এই বাচাল লোকটি কি সমর্থন পেয়েই যাবে?

3 তোমার বাজে কথা কি অন্যান্য লোকদের চুপ করিয়ে রাখবে?

তুমি যখন বিদ্রুপ করছ তখন কি কেউ তোমাকে তিরস্কার করবে না?

4 তুমি ঈশ্বরকে বলেছ, ‘আমার বিশ্বাস অটুট

ও তোমার দৃষ্টিতে আমি নির্মল।’

5 আহা, আমি চাই ঈশ্বর কথা বলুন,

তিনি তোমার বিরুদ্ধে তাঁর ঠোঁট খুলুন

6 ও তোমার কাছে জ্ঞানের রহস্য উন্মোচন করুন,

যেহেতু প্রকৃত জ্ঞানের দুটি দিক আছে।

জেনে রাখো: ঈশ্বর তোমার কয়েকটি পাপ ভুলেও গিয়েছেন।

7 “তুমি কি ঈশ্বরের রহস্যগুলির গভীরতা মাপতে পারো?

সর্বশক্তিমানের সীমানার রহস্যভেদ করতে পারো?

8 সেগুলি ঊর্ধ্বস্থ আকাশের চেয়েও উঁচু—তুমি কী করতে পারো?

সেগুলি নিম্নস্থ পাতালের চেয়েও গভীর—তুমি কী জানতে পারো?

9 তাদের মাপ পৃথিবীর চেয়েও দীর্ঘ

ও সমুদ্রের চেয়েও প্রশস্ত।

10 “তিনি এসে যদি তোমায় জেলখানায় বন্দি করেন

ও বিচারসভা বসান, তবে কে তাঁর বিরোধিতা করবে?

11 নিশ্চয় তিনি প্রতারকদের চিনতে পারেন;

ও তিনি যখন অনিষ্ট দেখেন, তখন কি তিনি তার হিসেব রাখেন না?

12 কিন্তু হীনবুদ্ধি কখনোই জ্ঞানী হতে পারবে না

যেভাবে বুনো গর্দভশাবক মানুষ হয়ে জন্মাতে পারে না।

13 “তবুও তুমি যদি তাঁর প্রতি তোমার অন্তর উৎসর্গ করো

ও তাঁর দিকে তোমার হাত বাড়িয়ে দাও,

14 তুমি যদি তোমার হাতে লেগে থাকা পাপ ঝেড়ে ফেলো

ও তোমার তাঁবুতে কোনও অমঙ্গল বসবাস করতে না দাও,

15 তবে, দোষমুক্ত হয়ে, তুমি তোমার মুখ তুলবে;

তুমি সুস্থির থাকবে ও ভয় করবে না।

16 নিশ্চয় তুমি তোমার দুর্দশা ভুলে যাবে,

প্রবাহিত জলের মতো শুধু তা স্মরণ করবে।

17 জীবন মধ্যাহ্নের চেয়েও উজ্জ্বল হবে,

ও অন্ধকার সকালের মতো হয়ে যাবে।

18 তুমি নিশ্চিন্ত হবে, যেহেতু আশা আছে;

তুমি সুরক্ষিত থাকবে ও নিরাপদে বিশ্রাম ভোগ করবে।

19 তুমি শুয়ে পড়বে, ও কেউ তোমাকে ভয় দেখাবে না,

ও অনেকেই তোমার সাহায্যপ্রার্থী হবে।

20 কিন্তু দুর্জনদের চোখ নিস্তেজ হবে,

ও পরিত্রাণ তাদের কাছ থেকে দূরে পালাবে;

তাদের আশা মৃত্যুকালীন খাবিতে পরিণত হবে।”

ইয়োব সমস্ত যুক্তির উত্তর দেন

ইয়োব 12

1 পরে ইয়োব উত্তর দিলেন:

2 “নিঃসন্দেহে একমাত্র তোমরাই জনসাধারণ,

ও প্রজ্ঞা তোমাদের সাথেই লুপ্ত হয়ে যাবে!

3 কিন্তু আমারও তোমাদের মতো এক মন আছে;

আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।

এসব কথা কে না জানে?

4 “আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি,

যদিও আমি ঈশ্বরকে ডাকতাম ও তিনি আমায় উত্তর দিতেন—

ধার্মিক ও অনিন্দনীয় হওয়া সত্ত্বেও নিছক উপহাসের এক পাত্রে পরিণত হয়েছি!

5 যারা অরামে আছে, তারা দুর্ভাগ্য-পীড়িত লোকদের এত অবজ্ঞা করে

যেন পা পিছলে পড়ে যাওয়াই তাদের পরিণতি।

6 লুঠেরাদের তাঁবু নিরুপদ্রুত থাকে,

ও যারা ঈশ্বরকে জ্বালাতন করে তারা নিরাপদে থাকে—

তারা ঈশ্বরের হাতেই থাকে।

7 “কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,

বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;

8 বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,

বা সমুদ্রের মাছই তোমাকে খবর দিক।

9 এদের মধ্যে কে জানে না

যে সদাপ্রভুর হাতই এসব গড়ে তুলেছে?

10 তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন

ও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।

11 কান কি শব্দ পরখ করে না

যেভাবে জিভ খাদ্যের স্বাদ চাখে?

12 প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?

সুদীর্ঘ জীবন কি বুদ্ধি নিয়ে আসে না?

13 “প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;

পরামর্শ ও বুদ্ধি তাঁরই।

14 তিনি যা ভাঙেন তা পুনর্নির্মাণ করা যায় না;

তিনি যাদের বন্দি করেন তাদের কেউ মুক্ত করতে পারে না।

15 তিনি যদি জলধারা আটকে রাখেন, তবে খরা হয়;

তিনি যদি তা বাঁধনছাড়া হতে দেন, তবে তা দেশ প্লাবিত করে।

16 পরাক্রম ও অন্তর্দৃষ্টি তাঁর অধিকারভুক্ত বিষয়;

প্রতারিত ও প্রতারক উভয়ই তাঁর।

17 তিনি শাসকদের আভরণহীন করে চালান

ও বিচারকদের মূর্খে পরিণত করেন।

18 তিনি রাজাদের পরিধেয় বেড়ি অপসৃত করেন

ও তাদের কোমরের চারপাশে কৌপিন বেঁধে দেন।

19 তিনি যাজকদের আভরণহীন করে চালান

ও দীর্ঘকাল যাবৎ ক্ষমতায় থাকা কর্মকর্তাদের উৎখাত করেন।

20 তিনি বিশ্বস্ত উপদেশকদের ঠোঁট শব্দহীন করে দেন।

ও প্রাচীনদের বুদ্ধিবৃত্তি হরণ করেন।

21 তিনি অভিজাতদের হেনস্থা করেন

ও বলশালীদের নিরস্ত্র করেন।

22 তিনি অন্ধকারের জটিল বিষয়গুলি প্রকাশিত করেন

ও নিরেট অন্ধকারকে আলোয় নিয়ে আসেন।

23 তিনি জাতিদের মহান করেন, ও তাদের ধ্বংসও করেন;

তিনি জাতিদের সম্প্রসারিত করেন, ও তাদের বিক্ষিপ্তও করেন।

24 তিনি পার্থিব নেতাদের বুদ্ধি-বঞ্চিত করেন;

তিনি তাদের পথহীন এক প্রান্তরে ঘুরে বেড়াতে বাধ্য করেন।

25 আলো ছাড়াই তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়ায়;

তিনি মাতালদের মতো তাদের টলতে বাধ্য করেন।