ইয়োব সমস্ত যুক্তির উত্তর দেন (continued)
2130 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 “আমি নিজের চোখে এসব কিছু দেখেছি,
আমি তা নিজের কানে শুনেছি ও বুঝেছি।
2 তোমরা যা জানো, আমিও তা জানি,
আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।
3 কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই
ও ঈশ্বরের কাছে আমার মামলার স্বপক্ষে যুক্তি দেখাতে চাই।
4 তোমরা, অবশ্য, আমার গায়ে মিথ্যা লেপন করেছ;
তোমরা, তোমরা সবাই অপদার্থ চিকিৎসক।
5 তোমরা যদি শুধু পুরোপুরি নীরব থাকতে!
তোমাদের পক্ষে, তবে তা প্রজ্ঞা হত।
6 এখন আমার যুক্তি শোনো;
আমার ঠোঁটের আবেদনে কর্ণপাত করো।
7 ঈশ্বরের হয়ে কি তোমরা গর্হিত কথাবার্তা বলবে?
তাঁর হয়ে কি তোমরা প্রতারণামূলক কথাবার্তা বলবে?
8 তোমরা কি তাঁর প্রতি পক্ষপাতিত্ব দেখাবে?
তোমরা কি ঈশ্বরের হয়ে মামলা লড়বে?
9 তিনি যদি তোমাদের পরীক্ষা করেন, তবে কি ভালো কিছু হবে?
নশ্বর এক মানুষকে যেভাবে তোমরা প্রতারিত
করো সেভাবে কি তাঁকেও প্রতারিত করতে পারবে?
10 তিনি নিশ্চয় তোমাদের ভর্ৎসনা করবেন
যদি তোমরা গোপনে পক্ষপাতিত্ব দেখিয়েছিলে।
11 তাঁর প্রভা কি তোমাদের আতঙ্কিত করবে না?
তাঁর শঙ্কা কি তোমাদের উপরে নেমে আসবে না?
12 তোমাদের প্রবচন ভস্মের প্রবাদ;
তোমাদের দুর্গ মাটির কেল্লা।
13 “নীরব হও ও আমাকে কথা বলতে দাও;
পরে যা হওয়ার হবে।
14 আমি কেন নিজের জীবন বিপন্ন করব
ও আমার প্রাণ হাতে তুলে নেব?
15 তিনি যদি আমাকে হত্যা করেন, তবুও আমি তাঁর উপরে আশা রাখব;
আমি নিশ্চয় তাঁর মুখোমুখি দাঁড়িয়ে আমার মামলাটি লড়ব।
16 সত্যিই, এটি আমার মুক্তিতে পরিণত হবে,
যেহেতু কোনও অধার্মিক তাঁর সামনে আসতে সাহস পায় না!
17 আমি যা বলি তা মন দিয়ে শোনো;
আমার বক্তব্য তোমাদের কানে বাজুক।
18 এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি,
তখন আমি জানি যে আমি নির্দোষ প্রমাণিত হব।
19 কেউ কি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে?
যদি পারে, তবে আমি নীরব থাকব ও মৃত্যুবরণ করব।
20 “হে ঈশ্বর, আমাকে শুধু এই দুটি জিনিস দাও,
ও তখন আর আমি নিজেকে তোমার কাছে লুকিয়ে রাখব না:
21 তোমার হাত আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও,
ও তোমার আতঙ্ক দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না।
22 তখন আমাকে ডেকো ও আমি উত্তর দেব,
বা আমাকে কথা বলতে দিয়ো ও তুমি আমাকে উত্তর দিয়ো।
23 আমি কতগুলি অন্যায় ও পাপ করেছি?
আমার অপরাধ ও আমার পাপ আমায় দেখিয়ে দাও।
24 তুমি কেন তোমার মুখ লুকিয়েছ
ও আমাকে তোমার শত্রু বলে মনে করছ?
25 তুমি কি বায়ুতাড়িত একটি পাতাকে যন্ত্রণা দেবে?
শুকনো তুষের পিছু ধাওয়া করবে?
26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ লিপিবদ্ধ করেছ
ও আমাকে আমার যৌবনকালীন পাপের ফলভোগ করাচ্ছ।
27 তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ;
আমার পায়ের তলায় চিহ্ন এঁকে দিয়ে
তুমি আমার সব পথে সতর্ক দৃষ্টি রেখে চলেছ।
28 “তাই মানুষ পচাগলা বস্তুর মতো,
পোকায় কাটা পোশাকের মতো ক্ষয়ে যায়।
14:1 “স্ত্রী-জাত নশ্বর মানুষ,
তাদের জীবনকাল সংক্ষিপ্ত ও ঝামেলায় পরিপূর্ণ।
2 ফুলের মতো তারা ফোটে ও শুকিয়েও যায়;
দ্রুতগামী ছায়ার মতো, তারা মিলিয়ে যায়।
3 তাদের উপরে তুমি কি তোমার চোখ স্থির করবে?
বিচারের জন্য তুমি কি তাদের তোমার সামনে নিয়ে আসবে?
4 অশুদ্ধ থেকে শুদ্ধের উৎপত্তি কে করতে পারে?
কেউ করতে পারে না!
5 একজন মানুষের আয়ুর দিনগুলি নির্ধারিত হয়ে আছে;
তার মাসের সংখ্যা তুমি স্থির করে রেখেছ
ও এমন এক সীমা স্থাপন করেছ যা সে ছাড়িয়ে যেতে পারে না।
6 তাই তার উপর থেকে দৃষ্টি সরিয়ে নাও ও তাকে ছেড়ে দাও,
যতক্ষণ না সে এক দিনমজুরের মতো তার সময় দিচ্ছে।
7 “এমনকি একটি গাছেরও আশা আছে:
সেটিকে কেটে ফেলা হলেও, তা আবার অঙ্কুরিত হয়,
ও তার নতুন শাখার অভাব হয় না।
8 সেটির মূল জমির নিচে পুরোনো হয়ে যেতে পারে
ও তার গুঁড়ি মাটিতে মরে যেতে পারে,
9 তবুও জলের গন্ধ পেলেই তা মুকুলিত হবে
ও এক চারাগাছের মতো শাখাপ্রশাখা বিস্তার করবে।
10 কিন্তু মানুষ মরে যায় ও কবরে শায়িত হয়;
সে শেষনিশ্বাস ত্যাগ করে ও তার অস্তিত্ব বিলীন হয়ে যায়।
11 যেভাবে হ্রদের জল শুকিয়ে যায়
বা নদীর খাত রোদে পোড়ে ও শুকিয়ে যায়,
12 সেভাবে সে শায়িত হয় ও আর ওঠে না;
আকাশমণ্ডল বিলুপ্ত না হওয়া পর্যন্ত, মানুষজন আর জাগবে না
বা তাদের ঘুম আর ভাঙানো যাবে না।
13 “তুমি যদি শুধু আমাকে কবরে লুকিয়ে রাখতে
ও তোমার ক্রোধ শান্ত না হওয়া পর্যন্ত আমাকে আড়াল করে রাখতে!
তুমি যদি শুধু আমার জন্য একটি সময় স্থির করে দিতে
ও তারপর আমায় স্মরণ করতে!
14 যদি কেউ মারা যায়, সে কি আবার বেঁচে উঠবে?
আমার কঠোর সেবাকাজের সবকটি দিন
আমি আমার নবীকরণের জন্য অপেক্ষা করে থাকব।
15 তুমি ডাকবে ও আমি তোমাকে উত্তর দেব;
তোমার হাত যে প্রাণীকে সৃষ্টি করেছে, তুমি তার আকাঙ্ক্ষা করবে।
16 নিশ্চয় তুমি তখন আমার পদক্ষেপ গুনবে,
কিন্তু আমার পাপের উপর নজর দেবে না।
17 আমার অপরাধগুলি থলিতে কষে বন্ধ করা হবে;
তুমি আমার পাপ ঢেকে দেবে।
18 “কিন্তু পর্বত যেভাবে ক্ষয়ে যায় ও ভেঙে চুরমার হয়ে যায়
ও পাষাণ-পাথর যেভাবে নিজের জায়গা থেকে সরে যায়,
19 জল যেভাবে পাথরকে ক্ষয় করে
ও তীব্র স্রোত যেভাবে মাটি ধুয়ে নিয়ে যায়,
সেভাবে তুমি একজন লোকের আশা ধ্বংস করছ।
20 তুমি চিরকালের জন্য তাদের দমন করেছ, ও তারা বিলুপ্ত হয়েছে;
তুমি তাদের মুখের চেহারা পরিবর্তিত করেছ ও তাদের পাঠিয়ে দিয়েছ।
21 তাদের সন্তানেরা যদি সম্মানিত হয়, তারা তা জানতে পারে না;
তাদের সন্তানেরা যদি অবনত হয়, তারা তা দেখতে পায় না।
22 তারা শুধু নিজেদের শরীরের ব্যথাবেদনা অনুভব করে
ও শুধু নিজেদের জন্যই শোক পালন করে।”