সখরিয়ের শেষ ভবিষ্যদ্বাণীসমূহ

457 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সখরিয় 9–11

1 এক ভাববাণী:

হদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য

এবং দামাস্কাসের উপরে তা অবস্থান করবে—

কেননা ইস্রায়েলের গোষ্ঠীগুলির ও অন্য সব মানুষের চোখ

সদাপ্রভুর উপরে রয়েছে—

2 আর হমাৎ-এর উপরেও, যে তার সীমানার কাছে,

এবং সোর ও সীদোনের উপরে, যদিও তারা খুবই দক্ষ।

3 সোর তার জন্য একটি দৃঢ় দুর্গ তৈরি করেছে;

সে ধুলোর মতো রুপোর স্তূপ করেছে,

এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে।

4 কিন্তু প্রভু তার সবকিছু দূর করে দেবেন

আর তার সমুদ্রের শক্তিকে ধ্বংস করবেন,

এবং আগুন তাকে গ্রাস করবে।

5 অস্কিলোন তা দেখে ভয় পাবে;

গাজা নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাবে,

এবং ইক্রোণের দশাও তাই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না।

গাজা তার রাজাকে হারাবে

আর অস্কিলোনে কেউ বাস করবে না।

6 বিদেশিরা অস্‌দোদ দখল করবে,

এবং আমি ফিলিস্তিনীদের অহংকার শেষ করে দেব।

7 আমি তাদের মুখ থেকে রক্ত,

দাঁতের মধ্যে থেকে নিষিদ্ধ খাবার বের করব।

যারা অবশিষ্ট থাকবে তারা আমাদের ঈশ্বরের লোক হবে

আর তারা হবে যিহূদার একটি পরিবার গোষ্ঠী,

এবং ইক্রোণ হবে যিবূষীয়ের মতো।

8 কিন্তু আমি আমার গৃহ রক্ষা করব

অনুপ্রবেশকারী বাহিনী থেকে।

কোনো অত্যাচারী আর কখনও আমার লোকদের ধরবে না,

কারণ এখন আমি পাহারা দিচ্ছি।

9 হে সিয়োন-কন্যা, খুব আনন্দ করো!

হে জেরুশালেম-কন্যা, জয়ধ্বনি করো!

দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন,

তিনি ধর্মময় ও বিজয়ী,

নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন,

গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন।

10 আমি ইফ্রয়িমের কাছ থেকে রথ নিয়ে নেব

ও জেরুশালেমের যুদ্ধের ঘোড়া,

এবং যুদ্ধের ধনুক ভেঙে ফেলা হবে।

তিনি জাতিগণের মধ্যে শান্তি ঘোষণা করবেন।

তাঁর শাসন এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত প্রসারিত হবে

এবং নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত হবে।

11 তোমার ক্ষেত্রে, তোমার সঙ্গে স্থাপিত আমার নিয়মের রক্তের কারণে,

আমি তোমার বন্দিদের নির্জলা গর্ত থেকে মুক্ত করে দেব।

12 হে আশায় পূর্ণ বন্দিরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও;

আমি আজই প্রতিজ্ঞা করছি যে আমি তোমাদের দুই গুণ আশীর্বাদ করব।

13 আমি যেমন ধনুক নত করি তেমনি যিহূদাকে নত করব

এবং ইফ্রয়িমকে তিরের মতো ব্যবহার করব।

হে সিয়োন, আমি তোমার ছেলেদের উত্তেজিত করে তুলব,

হে গ্রীস, তোমার ছেলেদের বিরুদ্ধে,

এবং তোমাকে যোদ্ধার তরোয়ালের মতো করব।

14 তারপর সদাপ্রভু তাদের ঊর্ধ্বে দর্শন দেবেন;

তাঁর তির বিদ্যুতের মতো চমকাবে।

সার্বভৌম সদাপ্রভু তূরী বাজাবেন;

তিনি দক্ষিণের ঝোড়ো বাতাসের মতো এগিয়ে যাবেন,

15 এবং সর্বশক্তিমান সদাপ্রভু তাদের রক্ষা করবেন।

তারা ধ্বংস করবে

এবং গুলতি দ্বারা জয়লাভ করবে।

তারা মত্ত হবে এবং দ্রাক্ষারসে মত্ত লোকের মতো শব্দ করবে;

তারা বড়ো পানপাত্রের মতো পূর্ণ হবে

যা যজ্ঞবেদির কোণে ছিটাবার জন্য ব্যবহার করা হয়।

16 সেদিন তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের রক্ষা করবেন

যেমন মেষপালক তার মেষদের রক্ষা করেন।

তারা মুকুটের মণির মতো

তাঁর দেশে ঝকমক করবে।

17 তারা কেমন আকর্ষণীয় এবং সুন্দর হবে!

শস্য খেয়ে যুবকেরা সতেজ হয়ে উঠবে,

এবং নতুন দ্রাক্ষারস পান করে যুবতীরা।

10:1 বসন্তকালে সদাপ্রভুর কাছে বর্ষা চাও;

সদাপ্রভুই ঝড়ের মেঘ তৈরি করেন।

তিনি লোকদের প্রচুর বৃষ্টি দেন,

আর সকলের ক্ষেতে উদ্ভিদ জন্মান।

2 প্রতিমাগুলি ছলনার কথা বলে,

গণকেরা মিথ্যা দর্শন দেখে;

তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা,

তারা বৃথাই সান্ত্বনা দেয়।

সেইজন্য লোকেরা মেষপালের মতো ঘুরে বেড়ায়

মেষপালকের অভাবে তারা অত্যাচারিত।

3 “পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে,

এবং আমি নেতাদের শাস্তি দেব;

কারণ সার্বভৌম সদাপ্রভু যত্ন নেন

তাঁর পালের, যিহূদা কুলের,

এবং তাদের যুদ্ধের অহংকারী ঘোড়ার মতো করব।

4 কারণ যিহূদা থেকে আসবে কোণার পাথর,

তাঁর থেকে আসবে তাঁবু-খুটা,

তাঁর থেকে আসবে যুদ্ধের ধনুক,

তাঁর থেকে আসবে প্রত্যেক শাসনকর্তা।

5 একসঙ্গে তারা হবে যুদ্ধের যোদ্ধাদের মতো

যারা কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়াবে।

তারা যুদ্ধ করবে কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন,

তারা শত্রুর অশ্বারোহীদের লজ্জিত করবে।

6 “আমি যিহূদা কুলকে শক্তিশালী করব

আর যোষেফ-কুলকে রক্ষা করব।

আমি তাদের ফিরিয়ে আনব

কেননা তাদের প্রতি আমার করুণা আছে।

তারা এমন হবে যেন

আমি তাদের অগ্রাহ্য করিনি।

কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর

এবং আমি তাদের উত্তর দেব।

7 ইফ্রয়িমীয়েরা যোদ্ধাদের মতো হবে,

দ্রাক্ষারস পান করার মতো তাদের অন্তর খুশি হবে।

তা দেখে তাদের সন্তানেরা আনন্দিত হবে;

তাদের অন্তর সদাপ্রভুতে আনন্দ করবে।

8 আমি তাদের সংকেত দেব

এবং তাদের একসঙ্গে জড়ো করব।

তাদের আমি নিশ্চয়ই মুক্ত করব;

তারা আগের মতোই সংখ্যায় অনেক হবে।

9 আমি যদিও তাদের লোকদের মধ্যে ছড়িয়ে দেব,

তবুও দূরদেশে তারা আমাকে মনে করবে।

তারা ও তাদের সন্তানেরা বেঁচে থাকবে,

এবং তারা ফিরে আসবে।

10 মিশর দেশ থেকে আমি তাদের ফিরিয়ে নিয়ে আসব

এবং আসিরিয়া থেকে তাদের একত্র করব।

আমি তাদের গিলিয়দ ও লেবাননে নিয়ে আসব,

এবং সেখানে তাদের জায়গা কুলাবে না।

11 তারা কষ্টের-সাগরের মধ্যে দিয়ে যাবে;

সাগরের ঢেউকে দমন করা হবে

এবং নীলনদের সমস্ত গভীর জায়গা শুকিয়ে যাবে।

আসিরিয়ার অহংকার ভেঙে দেওয়া হবে

এবং মিশরের রাজদণ্ড দূর হয়ে যাবে।

12 আমি তাদের সদাপ্রভুতে শক্তিশালী করব

এবং তাঁর নামে তারা নিরাপদে বাস করবে,”

সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

11:1 হে লেবানন, তোমার দরজাগুলি খুলে দাও,

যাতে আগুন তোমার দেবদারু গাছগুলি গ্রাস করতে পারে!

2 হে সবুজ-সতেজ দেবদারু গাছ, বিলাপ করো, কেননা সিডার গাছ পড়ে গেছে;

সেরা গাছগুলি ধ্বংস হয়ে গেছে!

হে বাশনের ওক গাছ, বিলাপ করো,

কারণ গভীর বনের সব গাছ কেটে ফেলা হয়েছে!

3 মেষপালকদের বিলাপ শোনো;

তাদের ভালো ভালো চারণভূমি নষ্ট হয়ে গেছে!

সিংহদের গর্জন শোনো;

জর্ডনের গভীর জঙ্গল নষ্ট হয়ে গেছে!

4 আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন যে মেষপাল বধ করার জন্য ঠিক হয়ে আছে তুমি সেই পাল চরাও। 5 “তাদের ক্রেতারা তাদের বধ করে কিন্তু তাদের শাস্তি হয় না। যারা তাদের বিক্রি করে তারা বলে, ‘সদাপ্রভুর গৌরব হোক, আমি ধনী হয়েছি!’ তাদের নিজেদের মেষপালক তাদের উপর দয়া করে না।” 6 কারণ, সদাপ্রভু বলেন, “দেশের লোকদের প্রতি আমি আর দয়া করব না। আমি প্রত্যেকজনকে তার প্রতিবেশী ও রাজার হাতে তুলে দেব। তারা দেশ নষ্ট করবে, আর আমি তাদের হাত থেকে কাউকে উদ্ধার করব না।”

7 বধ করার জন্য যে মেষপাল ঠিক হয়ে আছে, বিশেষ করে সেই পালের দুঃখীদের আমি মেষপালক হিসেবে চরাতে লাগলাম। তারপর আমি দুটো লাঠি নিলাম এবং একটির নাম দিলাম দয়া ও অন্যটির নাম দিলাম মিলন, আর আমি সেই মেষপাল চরালাম। 8 এক মাসের মধ্যে আমি তিনজন মেষপালককে দূর করে দিলাম।

পরে মেষপাল আমাকে ঘৃণা করতে লাগল, আর আমি তাদের নিয়ে ক্লান্ত হয়ে পড়লাম 9 এবং বললাম, “আমি তোমাদের মেষপালক হব না। যে মরে সে মরুক, যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হোক। বাকিরা একে অন্যের মাংস খাক।”

10 তারপর আমি দয়া নামে সেই লাঠিটা নিয়ে ভেঙে ফেলে সমস্ত জাতির সঙ্গে আমার যে চুক্তি ছিল তা বাতিল করলাম। 11 সেই দিনই তা বাতিল হল, তাই পালের মধ্যে যে সকল দুঃখী আমাকে লক্ষ্য করছিল তারা জানতে পারল যে, এটি সদাপ্রভুর বাক্য।

12 আমি তাদের বললাম, “আপনারা যদি ভালো মনে করেন, তবে আমার বেতন দিন; কিন্তু যদি ভালো মনে না করেন, তবে তা রেখে দিন।” তখন তারা আমাকে ত্রিশটি রুপোর টুকরো দিল।

13 পরে সদাপ্রভু আমাকে বললেন, “ওটি কুম্ভকারের কাছে ফেলে দাও,” তাদের চোখে আমি এইরকমই মূল্যবান ছিলাম! সুতরাং আমি সেই ত্রিশটি রুপোর টুকরো নিয়ে সদাপ্রভুর গৃহে কুমোরের কাছে ফেলে দিলাম।

14 তারপর আমি মিলন নামে দ্বিতীয় লাঠিটা ভেঙে যিহূদা ও ইস্রায়েলের মধ্যে ভাইয়ের যে সম্বন্ধ ছিল তা নষ্ট করলাম।

15 পরে সদাপ্রভু আমাকে বললেন, “এবার তুমি একজন নির্বোধ মেষপালকের জিনিস নাও। 16 কেননা আমি দেশের মধ্যে এমন একজন মেষপালককে তুলব যে হারিয়ে যাওয়াদের যত্ন নেবে না, বা যুবাদের খুঁজবে না, বা যারা আঘাত পেয়েছে তাদের সুস্থ করবে না, বা স্বাস্থ্যবানদের খাওয়াবে না, কিন্তু সে বাছাই করা মেষগুলির মাংস খাবে, তাদের খুর থেকে মাংস ছিড়ে খাবে।

17 “ধিক্ সেই অপদার্থ মেষপালক,

যে সেই পাল ছেড়ে চলে যায়!

তরোয়াল যেন তার হাত ও ডান চোখ আঘাত করে!

তার হাত যেন সম্পূর্ণ শুকিয়ে যায়,

তার ডান চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়!”