সখরিয়ের শেষ ভবিষ্যদ্বাণীসমূহ (continued)
457 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 এক ভাববাণী: এই হল ইস্রায়েল সম্বন্ধে সদাপ্রভুর বাক্য।
সদাপ্রভু, যিনি আকাশকে মেলে দিয়েছেন, যিনি পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন, যিনি ব্যক্তির ভিতরে মানুষের আত্মা সৃষ্টি করেছেন, তিনি বলেন 2 “আমি জেরুশালেমকে এমন এক পানপাত্রের মতো করব যা থেকে পান করে নিকটবর্তী সব জাতিরা টলবে। জেরুশালেমের সঙ্গে যিহূদাও অবরুদ্ধ হবে। 3 সেদিন, যখন সমস্ত জাতি জেরুশালেমের বিরুদ্ধে জড়ো হবে, তখন আমি তাকে সব জাতির জন্য একটি ভারী পাথরের মতো করব। যারা সেটা সরাবার চেষ্টা করবে তারা নিজেরাই আহত হবে। 4 সেদিন, আমি প্রত্যেকটা ঘোড়াকে আতঙ্কে আঘাত করব এবং তার আরোহীকে পাগল করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি যিহূদা কুলের উপর সতর্ক নজর রাখব, কিন্তু আমি অন্যান্য জাতির সব ঘোড়াকে অন্ধ করব। 5 তখন যিহূদার নেতৃবর্গ মনে মনে বলবে, ‘জেরুশালেমের লোকেরা শক্তিশালী, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের ঈশ্বর।’
6 “সেদিন যিহূদার নেতৃবর্গকে আমি কাঠের বোঝার মধ্যে আগুনের পাত্রের মতো ও শস্যের আঁটির মধ্যে জ্বলন্ত মশালের মতো করব। তারা তাদের ডানদিক ও বাঁদিকের চারিদিকের সমস্ত জাতিদের গ্রাস করবে, কিন্তু জেরুশালেম তার নিজের জায়গায় স্থির থাকবে।
7 “সদাপ্রভু প্রথমে যিহূদার বাসস্থানগুলি রক্ষা করবেন, যেন দাউদ কুল ও জেরুশালেমের বাসিন্দাদের সম্মান যিহূদার অন্যান্য লোকদের চেয়ে বেশি না হয়। 8 সেদিন সদাপ্রভু জেরুশালেমের বসবাসকারীদের রক্ষা করবেন, যেন তাদের মধ্যেকার সবচেয়ে দুর্বল লোকও দাউদের মতো হয়, এবং দাউদ কুল ঈশ্বরের মতো হয়, সদাপ্রভুর যে দূত তাদের আগে আগে চলবে তাঁর মতো হবে। 9 সেদিন যে সমস্ত জাতি জেরুশালেমকে আক্রমণ করতে আসবে আমি তাদের ধ্বংস করব।
10 “আর দাউদ কুল ও জেরুশালেমের বাসিন্দাদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা ঢেলে দেব। তাতে তারা আমার প্রতি, অর্থাৎ তারা যাঁকে বিদ্ধ করেছে, তাঁর দিকে তাকিয়ে দেখবে, এবং একমাত্র সন্তানের জন্য বিলাপ করার মতো করে তারা তাঁর জন্য বিলাপ করবে এবং প্রথম সন্তানের জন্য যেমন শোক করে তেমনি ভীষণভাবে শোক করবে। 11 সেদিন জেরুশালেমে ভীষণ বিলাপ হবে, যেমন মগিদ্দোন সমভূমির হদদ্-রিম্মোণে হয়েছিল। 12 দেশ বিলাপ করবে, গোষ্ঠীগুলি আলাদা আলাদাভাবে বিলাপ করবে, নিজেদের স্ত্রীদের সঙ্গে দাউদ কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, নাথন কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, 13 লেবি কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, শিমিয়ির গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, 14 এবং অবশিষ্ট সমস্ত গোষ্ঠী ও তাদের স্ত্রীরা।
13:1 “সেদিন দাউদ কুলের ও জেরুশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটি ফোয়ারা খোলা হবে।
2 “সেদিন, দেশ থেকে প্রতিমাগুলি দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি দেশ থেকে ভাববাদীদের ও অশুচিতার আত্মাকে দূর করে দেব। 3 আর যদি কেউ ভাববাণী বলে, তবে তার জন্মদাতা মা ও বাবা, তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি সদাপ্রভুর নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে ভাববাণী বললে, তার নিজের মা ও বাবা তাকে অস্ত্রবিদ্ধ করবে।
4 “সেদিন প্রত্যেক ভাববাদী তাদের ভাববাণীমূলক দর্শনের বিষয়ে লজ্জা পাবে। প্রতারণা করার জন্য তারা ভাববাদীদের লোমের পোশাক আর পরবে না। 5 সে বলবে, ‘আমি ভাববাদী নই। আমি একজন কৃষক; যুবাকাল থেকে জমিই আমার জীবিকা।’ 6 তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরের এই ক্ষতগুলি কীসের?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুর বাড়িতে এসব আঘাত পেয়েছি।’
7 “হে তরোয়াল, আমার মেষপালকের বিরুদ্ধে জাগো,
যে ব্যক্তি আমার কাছে তার বিরুদ্ধে!”
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“মেষপালককে আঘাত করো,
তাতে মেষেরা ছড়িয়ে পড়বে,
আর আমি মেষশাবকদের বিরুদ্ধে আমার হাত উঠাব।”
8 সদাপ্রভু বলেন, “সমস্ত দেশে
দুই-তৃতীয়াংশকে আঘাত করে ধ্বংস করব;
তবুও এক-তৃতীয়াংশ বেঁচে থাকবে।
9 এই এক-তৃতীয়াংশকে আমি আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাব;
রুপোকে খাঁটি করার মতো আমি তাদের খাঁটি করব
এবং সোনা যাচাই করার মতো তাদের যাচাই করব।
তারা আমার নামে ডাকবে
এবং আমি তাদের উত্তর দেব;
আমি বলব, ‘এরা আমার লোক,’
এবং তারা বলবে, ‘সদাপ্রভুই আমার ঈশ্বর।’ ”
14:1 সদাপ্রভুর একটি দিন আসছে যেদিন, জেরুশালেম, তোমার প্রাচীরের মধ্যে তোমার সম্পত্তি লুট হয়ে ভাগ করা হবে।
2 জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আমি সমস্ত জাতিকে জড়ো করব; নগর দখল করা হবে, ঘরবাড়ি লুটপাট করা হবে, ও স্ত্রীলোকেরা ধর্ষিত হবে। নগরের অর্ধেক লোক নির্বাসিত হবে, কিন্তু বাকি লোকদের নগরের বাইরে নিয়ে যাওয়া হবে না।
3 তখন সদাপ্রভু বের হবেন এবং যুদ্ধের সময় যেমন করেন সেইভাবে তিনি জাতিদের বিরুদ্ধে যুদ্ধে করবেন। 4 সেদিন তিনি এসে জেরুশালেমের পূর্বদিকে জৈতুন পাহাড়ের উপরে দাঁড়াবেন, তাতে জৈতুন পাহাড় পূর্ব থেকে পশ্চিমে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং অর্ধেক উত্তরে ও অর্ধেক দক্ষিণে সরে গিয়ে একটি বড়ো উপত্যকা সৃষ্টি করবে। 5 তোমরা আমার পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আৎসল পর্যন্ত চলে যাবে। যিহূদার রাজা উষিয়ের রাজত্বকালে ভূমিকম্পের সময়ে যেভাবে তোমরা পালিয়ে গিয়েছিলে সেইভাবেই পালিয়ে যাবে। তারপর আমার ঈশ্বর সদাপ্রভু তাঁর সব পবিত্রগণকে সঙ্গে নিয়ে আসবেন।
6 সেদিন কোনও সূর্যের আলো, ঠান্ডা অথবা তুষারপাতের অন্ধকার হবে না। 7 সেটা অদ্বিতীয় দিন হবে, দিনও হবে না অথবা রাতও হবে না—দিনটার কথা কেবল সদাপ্রভুই জানেন—সন্ধ্যাকালে আলো হবে।
8 সেদিন গ্রীষ্মকালে ও শীতকালে জেরুশালেম থেকে জীবন্ত জল বের হবে, অর্ধেক পূর্বদিকে মরুসাগর ও অর্ধেক পশ্চিমদিকে ভূমধ্যসাগরে যাবে।
9 সদাপ্রভুই হবেন সারা পৃথিবীর রাজা। সেদিন কেবল একজনই সদাপ্রভু হবেন, এবং তাঁর নামই একমাত্র নাম হবে।
10 গেবা থেকে জেরুশালেমের দক্ষিণের রিম্মোণ পর্যন্ত সমস্ত দেশ অরাবা সমভূমির মতো হবে। কিন্তু জেরুশালেমকে উঠানো হবে এবং তার নিজের জায়গায় থাকবে, বিন্যামীনের দ্বার থেকে প্রথম দ্বার পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত, এবং হননেলের দুর্গ থেকে রাজকীয় দ্রাক্ষাপেষাই কল পর্যন্ত সেই স্থানেই থাকবে। 11 তার মধ্যে লোকেরা বসবাস করবে; কখনোই সেটি ধ্বংস হবে না। জেরুশালেম সুরক্ষিত থাকবে।
12 যেসব জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু এসব মহামারি দিয়ে তাদের আঘাত করবেন: তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে, তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে, এবং মুখের মধ্যে তাদের জিভ পচে যাবে। 13 সেদিন সদাপ্রভু আতঙ্ক দিয়ে লোকদের আঘাত করবেন। তারা প্রত্যেকজন প্রত্যেকের হাত ধরবে, এবং একে অপরকে আক্রমণ করবে। 14 যিহূদাও জেরুশালেমে যুদ্ধ করবে। চারিদিকের সমস্ত জাতির ধনসম্পদ জড়ো করা হবে—প্রচুর পরিমাণে সোনা, রুপো ও কাপড়চোপড়। 15 একইরকম মহামারি সেনা-ছাউনির ঘোড়া ও খচ্চর, উট ও গাধা, এবং অন্যান্য সব পশুকে আঘাত করবে।
16 পরে জেরুশালেমকে যে সমস্ত জাতি আক্রমণ করেছিল তাদের বেঁচে থাকা লোকেরা সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর, উপাসনা করার জন্য এবং কুটিরবাস-পর্ব পালন করতে বছরের পর বছর আসবে। 17 যদি পৃথিবীর জাতিদের মধ্যে কেউ সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর আরাধনা করার জন্য জেরুশালেমে না যায়, তবে সেই দেশে বৃষ্টি হবে না। 18 যদি মিশরীয়েরা না যায় এবং উপাসনায় অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সকল জাতি কুটিরবাস-পর্ব পালন করতে আসবে না সদাপ্রভু তাদের উপরে মহামারি আনবেন। 19 মিশর ও অন্যান্য যেসব জাতি কুটিরবাস-পর্ব পালন করার জন্য যাবে না তাদের এই শাস্তিই দেওয়া হবে।
20 সেদিন “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে, এবং সদাপ্রভুর গৃহের রান্নার হাঁড়িগুলি বেদির সামনের পবিত্র পাত্রগুলির মতো পবিত্র হবে। 21 জেরুশালেমের ও যিহূদার সমস্ত হাঁড়ি সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হবে, এবং যারা পশু উৎসর্গ করতে আসবে তারা সেইসব পাত্রের কয়েকটা নিয়ে সেগুলিতে রান্না করবে। সেদিন সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহে কোনও কনানীয় আর থাকবে না।
মর্দখয় অর্তক্ষস্তের বিরুদ্ধে এক ষড়যন্ত্র উন্মোচন করেন
21 মর্দখয় রাজবাড়ির দ্বারে বসে থাকার সময় একদিন রাজার দ্বাররক্ষীদের মধ্যে দুজন, বিগথন ও তেরশ, রাগ করে রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করল। 22 কিন্তু মর্দখয় ষড়যন্ত্রের কথা জানতে পেরে রানি ইষ্টেরকে সেই কথা জানালেন। রানি মর্দখয়ের নাম করে তা রাজাকে জানালেন। 23 সেই বিষয় খোঁজখবর নিয়ে যখন জানা গেল কথাটি সত্যি তখন সেই দুজন কর্মচারীকে ফাঁসি দেওয়া হল। এসব কথা রাজার সামনেই ইতিহাস বইতে লেখা হল।