মন্দিরের কাজ আবার শুরু হয় (continued)

520 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সখরিয় 2–6

1 তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে মাপের দড়ি হাতে একজন লোক ছিল! 2 আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?”

তিনি উত্তর দিলেন, “জেরুশালেমকে মাপতে, সেটা কত চওড়া আর কত লম্বা তা দেখতে যাচ্ছি।”

3 তারপর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে এলেন 4 এবং তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ওই যুবককে বলুন, ‘জেরুশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশি হওয়ার দরুন তাতে কোনও প্রাচীর থাকবে না। 5 এবং আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমাস্বরূপ হব,’ সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

6 “এসো! এসো! উত্তর দেশ থেকে পালাও,” সদাপ্রভু এই কথা বলেন, “কেননা আমি তোমাদের আকাশে বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে দিয়েছি,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

7 “এসো, হে সিয়োন! তোমরা যারা ব্যাবিলনে বাস করছ, পালাও!” 8 কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সেই প্রতাপান্বিত জন যারা তোমাদের লুট করেছে তাদের বিরুদ্ধে আমাকে পাঠানোর পরে—কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে— 9 আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমার হাত উঠাব যাতে তাদের দাসেরা তাদের লুট করবে। তখন তারা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।

10 “হে সিয়োন-কন্যা, আনন্দগান করো এবং খুশি হও। কেননা আমি আসছি, এবং আমি তোমাদের মধ্যে বাস করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। 11 “সেদিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। 12 সদাপ্রভু পবিত্র দেশে নিজের অংশ বলে যিহূদাকে অধিকার করবেন ও জেরুশালেমকে আবার মনোনীত করবেন। 13 সমস্ত মানুষ, সদাপ্রভুর সামনে নীরব হও, কেননা তিনি নিজের পবিত্র বাসস্থানের মধ্য থেকে বের হয়ে এসেছেন।”

3:1 তারপর তিনি আমাকে দেখালেন মহাযাজক যিহোশূয় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে। 2 সদাপ্রভু শয়তানকে বললেন, “শয়তান, সদাপ্রভু তোমাকে ভীষণ তিরস্কার করুন! যিনি জেরুশালেমকে মনোনীত করেছেন, সেই সদাপ্রভু তোমাকে ভীষণ তিরস্কার করুন! এই লোকটি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠ নয়?”

3 তখন যিহোশূয় নোংরা কাপড় পরা অবস্থায় সেই স্বর্গদূতের সামনে দাঁড়িয়েছিলেন। 4 যারা তাঁর সামনে দাঁড়িয়েছিল তাদের সেই স্বর্গদূত বললেন, “তার নোংরা কাপড় খুলে ফেলো।” তারপর তিনি যিহোশূয়কে বললেন,

“দেখো, আমি তোমার পাপ দূর করে দিয়েছি, এবং আমি তোমাকে দামি পোশাক পরাব।”

5 তখন আমি বললাম, “তাঁর মাথায় পরিষ্কার পাগড়ি দাও।” সেইজন্য তারা তাঁর মাথায় একটি পরিষ্কার পাগড়ি দিলেন এবং কাপড় পরালেন, তখনও সদাপ্রভুর দূত তাদের কাছে দাঁড়িয়েছিলেন।

6 সদাপ্রভুর দূত যিহোশূয়কে এই দায়িত্ব দিলেন: 7 “সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘তুমি যদি আমার পথে চলো ও আমার ইচ্ছা অনুসারে কাজ করো, তাহলে তুমি আমার গৃহের পরিচালনা করবে ও আমার উঠানের দায়িত্ব পাবে, এবং যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মতোই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব।

8 “ ‘হে মহাযাজক যিহোশূ্‌য় এবং তোমার সহযোগীরা যারা তোমার সামনে বসে আছে শোনো, কেননা তারা অদ্ভুত লক্ষণের লোক; আমি আমার দাস, সেই চারাকে, নিয়ে আসব। 9 দেখো, আমি যিহোশূয়ের সামনে এই পাথর স্থাপন করেছি! সেই পাথরের উপরে সাতটা চোখ আছে, আর আমি তার উপরে একটি কথা খোদাই করব, এবং এই দেশের পাপ একদিনেই দূর করব,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।

10 “সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, ‘সেদিনে তোমরা প্রত্যেকে নিজের প্রতিবেশীকে তোমাদের দ্রাক্ষালতার তলায় ও ডুমুর গাছের তলায় বসবার জন্য নিমন্ত্রণ করবে।’ ”

4:1 পরে যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি ফিরে আসলেন এবং ঘুম থেকে জাগাবার মতো করে আমাকে জাগালেন। 2 তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কী দেখছ?”

আমি উত্তর দিলাম, “আমি একটি সোনার বাতিদান দেখতে পাচ্ছি যার মাথার উপরে একটি পাত্র ও তার উপরে সাতটি প্রদীপ এবং সেই প্রদীপগুলির জন্য সাতটি নল। 3 এছাড়াও তার পাশে দুটি জলপাই গাছ আছে, একটি পাত্রের ডানদিকে আর অন্যটি তার বাঁদিকে।”

4 আমার সঙ্গে যে স্বর্গদূত কথা বলছিলেন তাঁকে আমি জিজ্ঞাসা করলাম, “হে আমার প্রভু, এগুলি কী?”

5 তিনি উত্তর দিলেন, “তুমি কি জানো না এগুলি কী?”

আমি উত্তর দিলাম, “হে প্রভু, না।”

6 তখন তিনি আমাকে বললেন, “সদাপ্রভু সরুব্বাবিলকে এই কথা বলছেন: ‘বল দ্বারা নয় শক্তি দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।

7 “হে বিরাট পাহাড়, কে তুমি? সরুব্বাবিলের সামনে তুমি হবে সমভূমি। তারপর মস্তকস্বরূপ পাথরটা বের করে আনবার সময় তারা চিৎকার করে বলবে ‘ঈশ্বর একে আশীর্বাদ করো! ঈশ্বর একে আশীর্বাদ করো!’ ”

8 তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল 9 “সরুব্বাবিলের হাত এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছে; তাঁরই হাত এটি শেষ করবে। তখন তোমরা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভুই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।

10 “সামান্য বিষয়ের দিনকে কে তুচ্ছজ্ঞান করেছে? লোকেরা আনন্দ করবে যখন তারা সরুব্বাবিলের হাতে ওলন-দড়ি দেখবে, যেহেতু এগুলি হল সদাপ্রভুর সাতটা চোখ, যেগুলি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে।”

11 তখন আমি স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, “বাতিদানের ডানদিকে ও বামদিকে এই জলপাই গাছগুলি কী?”

12 আমি তাঁকে আবার জিজ্ঞাসা করলাম, “দুটো সোনার নল যেগুলি সোনার তেল ঢালে তার দুদিকে এই দুটো জলপাই ডাল কী?”

13 তিনি উত্তর দিলেন, “তুমি কি জানো না এগুলি কী?”

আমি উত্তর দিলাম, “হে প্রভু, না।”

14 তখন তিনি বললেন, “এই দুটি হল সেই দুজন যারা সমগ্র জগতে প্রভুর সেবা করার জন্য অভিষিক্ত হয়েছে।”

5:1 পরে আমি আবার তাকালাম, আর দেখলাম আমার সামনে একটি উড়ন্ত গুটানো চামড়ার পুঁথি!

2 তিনি আমায় জিজ্ঞাসা করলেন, “তুমি কী দেখছ?”

আমি উত্তর দিলাম, “আমি ত্রিশ ফুট লম্বা ও পনেরো ফুট চওড়া একটি উড়ন্ত গুটানো চামড়ার পুঁথি দেখছি।”

3 তিনি আমাকে আবার বললেন, “এটি হল সেই অভিশাপ যা সমস্ত দেশের উপর পড়বে; কারণ একদিকে যা লেখা আছে সেই অনুসারে, সব চোরেরা নির্বাসিত হবে, এবং অন্য দিকের কথা অনুসারে, মিথ্যা শপথকারীরা নির্বাসিত হবে। 4 সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, ‘আমি তাকে বের করে আনব, এবং সে চোরেদের বাড়িতে ও আমার নামে মিথ্যা শপথকারীদের বাড়িতে ঢুকবে। সে সেই বাড়িতে থেকে কাঠ ও পাথর শুদ্ধ বাড়ি ধ্বংস করবে।’ ”

5 পরে সেই স্বর্গদূত যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তিনি এগিয়ে এসে আমাকে বললেন, “তুমি উপরে তাকিয়ে দেখো কী আসছে।”

6 আমি জিজ্ঞাসা করলাম, “ওটি কী?”

তিনি উত্তর দিলেন, “এটি ঐফা।” আর তিনি আরও বললেন, “এটি সমস্ত দেশে তাদের অধর্ম।”

7 তারপর সীসার ঢাকনি তোলা হল, আর ঐফার মধ্যে একজন স্ত্রীলোক বসেছিল! 8 তিনি বললেন, “এ হল দুষ্টতা,” এই বলে তিনি সেই স্ত্রীলোকটিকে ঐফার মধ্যে ঠেলে দিয়ে ঐফার মুখে সীসার ঢাকনিটা চেপে দিলেন।

9 তারপর আমি উপরে তাকালাম, আর দেখলাম আমার সামনে দুজন স্ত্রীলোক, তাদের ডানায় বাতাস ছিল! তাদের ডানা ছিল সারস পাখির ডানার মতো, এবং তারা পৃথিবী ও আকাশের মাঝখানে সেই ঐফাকে উঠিয়ে নিয়ে গেল।

10 যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তাঁকে আমি জিজ্ঞাসা করলাম, “তারা ঐফা কোথায় নিয়ে যাচ্ছে?”

11 তিনি উত্তর দিলেন, “তার জন্য বাড়ি তৈরি করতে ব্যাবিলন দেশে নিয়ে যাচ্ছে। সেটা যখন প্রস্তুত হবে; ঐফাকে তার জায়গায় বসানো হবে।”

6:1 পরে আমি আবার উপরদিকে তাকালাম, আর দেখলাম চারটে রথ দুটো পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল, পাহাড় দুটো ছিল ব্রোঞ্জের। 2 প্রথম রথে ছিল লাল ঘোড়া, দ্বিতীয়টাতে ছিল কালো, 3 তৃতীয়টাতে ছিল সাদা, এবং চতুর্থটাতে ছিল বিভিন্ন রংয়ের ঘোড়া, সব ঘোড়াই ছিল শক্তিশালী। 4 যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তাঁকে আমি জিজ্ঞাসা করলাম, “হে আমার প্রভু, এগুলি কী?”

5 স্বর্গদূত আমাকে উত্তর দিলেন, “এগুলি স্বর্গের চারটি আত্মা সমস্ত জগতের প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবার পরে এগুলি বের হয়ে আসছে। 6 কালো ঘোড়ার রথটা উত্তর দেশের দিকে যাচ্ছে, সাদা ঘোড়ার রথটা যাচ্ছে পশ্চিমদিকে এবং বিভিন্ন রংয়ের ছাপের ঘোড়ার রথটা যাচ্ছে দক্ষিণ দিকে।”

7 শক্তিশালী ঘোড়াগুলি যখন বের হল, তারা সারা পৃথিবী ঘুরে বেড়াবার জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন তিনি বললেন, “পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখো!” তাতে তারা পৃথিবী সমস্ত জায়গা ঘুরে দেখতে গেল।

8 তারপর তিনি আমাকে ডেকে বললেন, “দেখো, যারা উত্তর দেশের দিকে যাচ্ছে তারা উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করেছে।”

9 পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল, 10 “ব্যাবিলনের বন্দিদশা থেকে ফিরে আসা হিল্‌দয়, টোবিয় ও যাদায়ের কাছ থেকে তুমি সোনা ও রুপো নাও। সেদিনই সফনিয়ের ছেলে যোশিয়ের বাড়ি যাও। 11 তুমি সোনা ও রুপো নিয়ে একটি মুকুট তৈরি করো, সেটা যিহোষাদকের ছেলে যিহোশূয় মহাযাজকের মাথায় পরিয়ে দাও। 12 তাঁকে বলো সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘এই সেই লোক যার নাম পল্লব, তিনি নিজের জায়গা থেকে বেড়ে উঠবেন এবং সদাপ্রভুর মন্দির গাঁথবেন। 13 হ্যাঁ, তিনিই সদাপ্রভুর মন্দির গাঁথবেন, এবং তাঁকে রাজার সম্মান দেওয়া হবে আর তিনি নিজের সিংহাসনে বসে শাসন করবেন। তিনি একজন যাজক হিসেবে সিংহাসনে বসবেন ও এই দুই পদের মধ্যে কোনও অমিল থাকবে না।’ 14 এই মুকুট হেলেমের, টোবিয়ের, যিদায়ের ও সফনিয়ের ছেলে হেনকে স্মারক হিসেবে সদাপ্রভুর মন্দিরে দেওয়া হবে। 15 যারা দূরে আছে তারা এসে সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে সাহায্য করবে, আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা যদি যত্নের সঙ্গে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য পালন করো তবেই এসব হবে।”