মন্দিরের কাজ বন্ধ হয় ও পুনরায় শুরু হয়

519 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইষ্রা 5:3–6:13

3 সেই সময় ইউফ্রেটিস নদীর অববাহিকার দেশসমূহের প্রদেশপাল তত্তনয় এবং শথর-বোষণয় ও তাদের সহযোগীবৃন্দ ইস্রায়েলীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “কে তোমাদের মন্দির পুনর্নির্মাণ এবং পরিকাঠামো গঠনের অনুমোদন দিয়েছে?” 4 তারা আরও জিজ্ঞাসা করলেন, “যে সমস্ত লোকেরা গৃহটি নির্মাণ করছে তাদের নাম কি?” 5 কিন্তু তাদের আরাধ্য ঈশ্বরের কৃপাদৃষ্টি ইহুদিদের প্রাচীনবর্গের উপর ছিল। যতক্ষণ না পর্যন্ত সম্রাট দারিয়াবসের কাছে কোনও লিখিত পত্র যাচ্ছে এবং তাঁর কাছ থেকে উত্তর আসছে ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ করল না।

6 ইউফ্রেটিস নদীর অববাহিকার সমগ্র অঞ্চলের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় এবং সহযোগীবৃন্দ ও উক্ত অঞ্চলের রাজকর্মচারীগণ সম্রাট দারিয়াবসের কাছে এই পত্রটি পাঠালেন। 7 পত্রটির প্রতিবেদন ছিল এই:

সম্রাট দারিয়াবস সমীপে:

আন্তরিক শুভেচ্ছা।

8 মহামান্য সম্রাটের জ্ঞাতার্থে জানাই যে আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের মন্দিরে গিয়েছিলাম। আমরা দেখলাম, লোকেরা খুব বড়ো বড়ো পাথর দিয়ে সেটিকে তৈরি করছে এবং দেওয়ালে কাঠ দেওয়া হচ্ছে। কঠোর পরিশ্রমের সঙ্গে কাজটি করা হচ্ছে এবং তাদের নেতৃত্বে কাজটি খুব দ্রুত এগিয়ে চলেছে।

9 আমরা তাদের প্রাচীনদের জিজ্ঞাসাবাদ করলাম, তাদের বললাম, “কে তোমাদের মন্দির পুনর্নির্মাণের এবং তাঁর পরিকাঠামো সংস্কার কাজের অনুমতি দিয়েছে?” 10 আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম, যেন আমরা মহারাজকে তাদের নামগুলি লিখে জানাতে পারি।

11 তারা আমাদের এই উত্তর দিল:

“আমরা, স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের দাস। আমরা মন্দিরটি পুনর্নির্মাণ করছি মাত্র, কারণ এক সময় ইস্রায়েলের একজন মহান রাজা এটিকে নির্মাণ করে তাঁর সমস্ত কাজ সুসম্পন্ন করেছিলেন। 12 পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করার জন্য তিনি তাদের ব্যাবিলনের রাজা কল্‌দীয় নেবুখাদনেজারের হাতে সমর্পণ করেছিলেন, যিনি এই মন্দিরটি ধ্বংস করে লোকেদের ব্যাবিলনে বন্দি করে নিয়ে যান।

13 “এরপর ব্যাবিলনের রাজা কোরস তাঁর রাজত্বের প্রথম বছরে, একটি রাজাজ্ঞা দ্বারা ঈশ্বরের গৃহটি পুনর্নির্মাণের আদেশ দান করেন। 14 সেই সঙ্গে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রুপোর দ্রব্যসামগ্রী রাজা নেবুখাদনেজার জেরুশালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, সেগুলিও তিনি ফেরৎ পাঠিয়েছেন। সম্রাট কোরস শেশ্‌বসর নামের একজন ব্যক্তিকেও পাঠালেন যাকে তিনি প্রদেশপাল পদে নিযুক্ত করলেন। 15 সম্রাট তাঁকে বললেন, ‘এই দ্রব্যসামগ্রীগুলি নিয়ে যাও এবং জেরুশালেমের মন্দিরে এগুলি রাখো। ঈশ্বরের গৃহটিকেও তাঁর পূর্বেকার স্থানে পুনর্নির্মাণ করো।’

16 “সেইমতো শেশ্‌বসর এলেন জেরুশালেমে ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত এর পুনর্নির্মাণের কাজ চলছে এবং এখনও তা শেষ করা যায়নি।”

17 আমরা সেইজন্য মহারাজকে অনুরোধ করি যেন তিনি ব্যাবিলনে রাজকীয় নথিপত্র অনুসন্ধান করে দেখেন যে সম্রাট কোরস জেরুশালেমে ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য সত্যি কোনও রাজাজ্ঞা দান করেছিলেন কি না। তারপর মহারাজ এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিন।

6:1 এরপর সম্রাট দারিয়াবস একটি আদেশ জারি করলেন এবং লোকেরা ব্যাবিলনে কোষাগার সংরক্ষিত নথিপত্র অনুসন্ধান করল। 2 মাদীয় প্রদেশের অক্‌মথা দুর্গে একটি পুঁথি পাওয়া গেল আর সেই পুঁথিটিতে এই কথা লেখা ছিল,

স্মারক পত্র:

3 সম্রাট কোরসের রাজত্বের প্রথম বছরে জেরুশালেমে ঈশ্বরের মন্দির সম্পর্কে তিনি একটি রাজাজ্ঞা দান করেছিলেন:

মন্দিরটি বলি উৎসর্গের স্থান হিসেবে পুনরায় নির্মিত হোক এবং এর ভিত্তি পুনরায় স্থাপিত হোক। এর উচ্চতা হবে নব্বই ফুট, প্রস্থ হবে নব্বই ফুট। 4 তিন সারি বৃহদাকার পাথরের উপর এক সারি কাঠ বসান হবে। রাজকীয় ধনকোষ থেকে এর নির্মাণ খরচ বহন করা হবে। 5 সেই সঙ্গে সম্রাট নেবুখাদনেজার জেরুশালেম মন্দির থেকে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রুপোর দ্রব্যাদি ব্যাবিলনে এনেছিলেন সেগুলি জেরুশালেম মন্দিরে ফেরৎ পাঠানো হোক এবং ঈশ্বরের গৃহেতেই রাখা হোক।

6 অতএব ইউফ্রেটিস নদীর অববাহিকা অঞ্চলের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় এবং সেই প্রদেশে তাদের সহরাজকর্মচারীবৃন্দ আপনারা সকলে এই বিষয় থেকে দূরে থাকুন। 7 ঈশ্বরের মন্দির নির্মাণ কাজে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করবেন না। ইহুদিদের রাজ্যপাল এবং ইহুদিদের প্রাচীনবর্গ পূর্বেকার স্থানে ঈশ্বরের গৃহ নির্মাণকাজ অব্যাহত রাখুন।

8 উপরন্তু, আপনারা ঈশ্বরের মন্দির নির্মাণ কাজে ইহুদি প্রাচীনদের কীভাবে সহযোগিতা করবেন আমি এই মর্মে আদেশ দিচ্ছি।

এই সমস্ত ব্যক্তিদের সকল ব্যয় রাজকোষে ইউফ্রেটিস নদীর অপর পারস্থ অঞ্চল থেকে যে রাজস্ব সংগৃহীত হয় তাঁর থেকে ব্যয় করবেন, যেন কাজ বন্ধ না হয়ে যায়। 9 স্বর্গের ঈশ্বরের উদ্দেশে হোমবলির উৎসর্গের জন্য যা কিছু প্রয়োজন—বলদ, পুংমেষ, মদ্দা মেষশাবক, এবং গম, লবণ, দ্রাক্ষারস, তৈল প্রভৃতি জেরুশালেমের যাজকেরা যা চাইবেন—তা প্রতিদিন যেন সরবরাহ করা হয়। 10 তারা যেন স্বর্গের ঈশ্বরের উদ্দেশে সন্তোষজনক বলি উৎসর্গ করেন এবং রাজা ও ছেলেদের সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

11 আমি আরও আদেশ করছি, যদি কেউ আমার আদেশ অমান্য করে, তাহলে তাঁর ঘর থেকে কড়িকাঠ বের করে তার উপরে তাকে টাঙিয়ে দিতে হবে এবং তাঁর অপরাধের জন্য তাঁর গৃহ আবর্জনা স্তূপে পরিণত করা হবে। 12 কোনও রাজা বা কোনও ব্যক্তি যদি আমার এই আদেশনামাকে পরিবর্তন অথবা জেরুশালেমের মন্দির ধ্বংস করতে চায়, তাহলে ঈশ্বর, যিনি নিজ নামকে সেখানে স্থাপন করেছেন, তিনি তাদের উচ্ছিন্ন করুন।

আমি দারিয়াবস এই রাজাজ্ঞা দান করছি। এই রাজাজ্ঞা যথাযথভাবে পালিত হোক।

13 তখন সম্রাট দারিয়াবস সেই রাজাজ্ঞা প্রেরণ করেছেন, সেইজন্য ইউফ্রেটিসের অপর পারের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় ও তাদের সহযোগীবৃন্দ সেই রাজাজ্ঞা নিষ্ঠার সঙ্গে পালন করলেন।

গীত 138

দাউদের গীত।

1 হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব;

“দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব।

2 তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব

এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে

তোমার নামের প্রশংসা করব,

কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ;

যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।

3 আমি যখন ডেকেছি, তুমি আমাকে উত্তর দিয়েছ;

আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে অতিশয় উৎসাহিত করেছ।

4 হে সদাপ্রভু, পৃথিবীর সব রাজা তোমার প্রশংসা করবে,

কারণ তারা সবাই তোমার বাক্য শুনবে।

5 তারা সদাপ্রভুর পথগুলির বিষয়ে গান করবে,

কারণ সদাপ্রভুর গৌরব মহান।

6 সদাপ্রভু মহিমান্বিত হলেও তিনি অবনতদের দিকে দয়ালু দৃষ্টি রাখেন;

কিন্তু দাম্ভিকদের তিনি দূর থেকে বুঝতে পারেন।

7 যদিও আমি সংকটের মধ্যে দিয়ে যাই,

তুমি আমার প্রাণ বাঁচিয়ে রাখো।

আমার বিপক্ষদের ক্রোধের বিরুদ্ধে তুমি তোমার হাত প্রসারিত করো;

তোমার ডান হাত দিয়ে তুমি আমাকে রক্ষা করো।

8 সদাপ্রভু আমার জন্য তাঁর সব পরিকল্পনা সফল করবেন,

কারণ তোমার বিশ্বস্ত প্রেম, হে সদাপ্রভু, অনন্তকালস্থায়ী।

আমাকে পরিত্যাগ কোরো না, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছ।