দ্বিতীয় মন্দির উৎসর্গ করা হয়
515 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
14 এর ফলে ইহুদিদের প্রাচীনবর্গ নির্মাণ কার্য অব্যাহত রাখলেন এবং ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয়ের প্রত্যদেশ দ্বারা সেই কাজ আরও সমৃদ্ধিলাভ করল। তারা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের এবং পারস্য-সম্রাট কোরস, দারিয়াবস ও অর্তক্ষস্তের নির্দেশমতো মন্দির নির্মাণকাজ সম্পন্ন করলেন। 15 সম্রাট দারিয়াবসের রাজত্বকালের ষষ্ঠ বছরের অদর মাসের তৃতীয় দিবসে এই কার্য সুসম্পন্ন হয়।
16 তখন ইস্রায়েলের লোকের অর্থাৎ যাজকবর্গ, লেবীয়েরা এবং নির্বাসিতদের অবশিষ্টাংশ, খুবই আনন্দের সঙ্গে ঈশ্বরের গৃহের উৎসর্গীকরণ অনুষ্ঠান পালন করল। 17 এই অনুষ্ঠানের জন্য তারা একশোটি বলদ, 200-টি পুংমেষ, 400-টি মদ্দা মেষশাবক বলিরূপে উৎসর্গ করল এবং সব ইস্রায়েলীর পাপার্থক নৈবেদ্যের উদ্দেশে বারোটি পাঁঠার এক-একটি, ইস্রায়েলের এক-একটি গোষ্ঠীর জন্য উৎসর্গ করা হল। 18 মোশির পুস্তকে লিখিত বিধান অনুসারে জেরুশালেমে ঈশ্বরের সেবাকার্যের জন্য যাজকদের, তাদের বিভাগ অনুসারে এবং লেবীয়দের তাদের পালা অনুসারে, ভাগ করে দেওয়া হল।
19 প্রথম মাসের চতুর্দশ দিবসে, নির্বাসন থেকে প্রত্যাগতেরা নিস্তারপর্ব পালন করল। 20 যাজক ও লেবীয়েরা নিজেদের শুচি করলে তারা সকলেই আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হলেন। লেবীয়েরা সকল নির্বাসিত লোকদের এবং তাদের যাজক ভাইদের ও নিজেদের পক্ষে নিস্তারপর্বীয় মেষ বলি দিলেন। 21 ইস্রায়েলীরা যারা নির্বাসন থেকে প্রত্যাবর্তন করেছিল এবং সেসব লোকেরা তাদের বিজাতীয় প্রতিবেশীদের অশুচি ক্রিয়াকলাপ থেকে নিজেদের পৃথক করে ইস্রায়েলের আরাধ্য সদাপ্রভুর অনুসন্ধান করছিল, তারা একসাথে ভোজন করল। 22 সাত দিন ধরে তারা মহানন্দে খামিরবিহীন রুটির উৎসব উদ্যাপন করল, কারণ সদাপ্রভু আসিরিয়ার রাজার মনোভাব পরিবর্তন করার সুবাদে তাদের হৃদয় আনন্দে ভরিয়ে তুলেছিলেন। ইস্রায়েলের আরাধ্য, ঈশ্বরের গৃহ নির্মাণে সম্রাট তাদের সর্বতোভাবে সাহায্য করেছিলেন।
একটি সংগীত। কোরহ বংশের সন্তানদের একটি গীত।
1 আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে,
সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।
2 কী সুন্দর সেই উচ্চভূমি,
যা সারা পৃথিবীর আনন্দস্থল,
সাফোনের উচ্চতার মতো সিয়োন পর্বত,
যা মহান রাজার নগরী।
3 ঈশ্বর, সেই নগরীর অট্টালিকা সমূহের মধ্যে
উচ্চদুর্গ বলে নিজেকে প্রকাশ করেছেন।
4 পৃথিবীর রাজারা দলে দলে যোগ দিয়েছে
এবং নগরীর বিরুদ্ধে অভিযান করেছে।
5 কিন্তু তারা যখন তাকে দেখেছে, তারা বিস্মিত হয়েছে,
আতঙ্কিত হয়েছে আর পালিয়ে গেছে।
6 আতঙ্ক তাদের সেখানে গ্রাস করেছিল,
এবং প্রসববেদনায় ক্লিষ্ট মহিলার মতো যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল।
7 পূবের বাতাসে চূর্ণবিচূর্ণ হওয়া তর্শীশের জাহাজের মতো
তুমি তাদের ধ্বংস করেছিলে।
8 আমরা যেমন শুনেছি,
সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে,
আমাদের ঈশ্বরের নগরীতে
তেমন দেখেছি:
ঈশ্বর চিরকাল তাকে
সুরক্ষিত রাখেন।
9 তোমার মন্দিরে, হে ঈশ্বর,
আমরা তোমার অবিচল প্রেমে ধ্যান করি।
10 তোমার নামের মতো, হে ঈশ্বর,
তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়;
তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।
11 তোমার ন্যায়বিচারে,
সিয়োন পর্বত উল্লাস করে,
যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়।
12 যাও, জেরুশালেম নগরী পরিদর্শন করো,
তার দুর্গসকল গণনা করো;
13 তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো,
তার অট্টালিকাগুলি দেখো,
যেন তুমি আগামী প্রজন্মের কাছে
এই সবের বর্ণনা করতে পারো।
14 কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর;
তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।
সংগীত পরিচালকের জন্য। গিত্তীৎ অনুসারে। আসফের গীত।
1 ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো;
যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!
2 সংগীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও,
সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।
3 অমাবস্যা ও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে,
শিঙার সুদীর্ঘ শব্দ করো;
4 ইস্রায়েলের জন্য এই হল ঈশ্বরের রায়,
যাকোবের ঈশ্বরের আদেশ।
5 যখন ঈশ্বর মিশরের বিরুদ্ধে অগ্রসর হলেন,
তিনি যোষেফের মধ্যে এসব বিধিবিধানরূপে সাক্ষ্য স্থাপন করলেন।
আমি এক অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম:
6 “আমি তাদের কাঁধ থেকে বোঝা সরিয়ে নিলাম;
ঝুড়ি থেকে তাদের হাতকে নিষ্কৃতি দেওয়া হল।
7 তোমার সংকটে তুমি প্রার্থনা করলে আর আমি তোমাকে উদ্ধার করলাম,
বজ্রবিদ্যুৎসহ মেঘের অন্তরাল থেকে আমি তোমাকে উত্তর দিলাম;
মরীবার জলের ধারে আমি তোমাকে পরীক্ষা করলাম।
8 হে আমার ভক্তেরা, আমার কথা শোনো, আর আমি তোমাদের সতর্ক করব—
হে ইস্রায়েল, যদি তুমি আমার কথা শুনতে!
9 তোমার মধ্যে আর অন্য কোনও দেবতা রইবে না;
আমি ছাড়া আর কোনো দেবতার আরাধনা তুমি করবে না।
10 আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,
যে তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে।
তোমার মুখ বড়ো করে খোলো আর আমি তা পূর্ণ করব।
11 “কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি;
ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।
12 তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম
যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।
13 “যদি আমার লোকেরা আমার কথা শুনত,
যদি ইস্রায়েল আমার পথ অনুসরণ করত,
14 কত দ্রুত আমি তাদের শত্রুদের দমন করতাম
আর আমার হাত তাদের বিপক্ষদের বিরুদ্ধে তুলতাম!
15 যারা সদাপ্রভুকে ঘৃণা করে তারা তাঁর সামনে অবনত হবে,
আর তাদের শাস্তি চিরকাল স্থায়ী হবে।
16 কিন্তু আমি সর্বোত্তম গম দিয়ে তাদের খাবার জোগাব;
আমি শৈলের মধু দিয়ে তাদের তৃপ্ত করব।”
1 সদাপ্রভুর প্রশংসা করো।
হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
2 আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব।
আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।
3 তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না,
মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
4 যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে,
সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।
5 ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর,
ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবী,
সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা—
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন,
আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন।
সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
8 সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন,
সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন,
সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
9 সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন
অনাথ ও বিধবাদের তিনি বহন করেন,
কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।
10 সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন,
তোমার ঈশ্বর, হে সিয়োন, বংশানুক্রমে করেন।
সদাপ্রভুর প্রশংসা করো।