দ্বিতীয় মন্দির উৎসর্গ করা হয় (continued)
515 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 সদাপ্রভুর প্রশংসা করো,
আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম,
তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।
2 সদাপ্রভু জেরুশালেমকে গড়ে তোলেন,
তিনি নির্বাসিত ইস্রায়েলকে একত্র করেছেন।
3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,
এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।
4 আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন,
এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।
5 মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,
তার বোধশক্তির কোনও সীমা নেই।
6 সদাপ্রভু নম্রচিত্তদের বাঁচিয়ে রাখেন
কিন্তু দুষ্টদের ভূমিতে নিক্ষেপ করেন।
7 স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো;
বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।
8 তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন;
তিনি পৃথিবীতে বৃষ্টি দেন,
এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।
9 তিনি পশুপালের জন্য খাবারের জোগান দেন
এবং দাঁড়কাকের শাবকগুলিকে দেন, যখন তারা ডাকে।
10 তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না,
যোদ্ধার বলে তিনি সন্তুষ্ট হন না;
11 সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা তাঁকে সম্ভ্রম করে,
যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে।
12 হে জেরুশালেম, সদাপ্রভুর গুণকীর্তন করো;
হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা করো।
13 কারণ তিনি তোমার দরজার খিল দৃঢ় করেন,
এবং তিনি তোমার মধ্যে তোমার লোকেদের আশীর্বাদ করেন।
14 তিনি তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন,
এবং সেরা গম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করেন।
15 তিনি তাঁর আদেশ পৃথিবীতে প্রেরণ করেন;
এবং তার বাক্য দ্রুতবেগে ছুটে যায়।
16 তিনি সাদা পশমের মতো বরফ ছড়িয়ে দেন
এবং ছাইয়ের মতো তুষার ছিটিয়ে দেন।
17 তিনি নুড়ি-পাথরের মতো শিলা নিক্ষিপ্ত করেন।
তাঁর হাড় কাঁপানো শীত কে সহ্য করতে পারে?
18 তিনি তাঁর বাক্য পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে দেন;
তিনি তাঁর বায়ু জাগিয়ে তোলেন আর জল প্রবাহিত হয়।
19 তিনি যাকোবের কাছে তাঁর বাক্য,
ইস্রায়েলের কাছে তাঁর বিধি ও অনুশাসন প্রকাশ করেছেন।
20 তিনি অন্য কোনও জাতির জন্য এসব করেননি;
কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না।
সদাপ্রভুর প্রশংসা করো।
148:1 সদাপ্রভুর প্রশংসা করো।
আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো;
ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;
হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।
3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো;
হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।
4 হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো
হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।
5 সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক,
কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,
6 এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন,
তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।
7 পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক,
হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর,
8 বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তুষার ও মেঘরাশি,
বায়ু ও আবহাওয়া, যারা তাঁকে মান্য করে,
9 পর্বত ও সব পাহাড়,
ফলের গাছ আর সব দেবদারু গাছ,
10 বন্যপশু আর গবাদি পশু,
ক্ষুদ্র প্রাণী এবং উড়ন্ত পাখি,
11 পৃথিবীর রাজারা আর সব জাতি,
অধিপতিরা আর পৃথিবীর সব শাসক,
12 যুবকেরা আর যুবতীরা,
প্রবীণ লোকেরা আর সব ছেলেমেয়ে।
13 তারা সবাই সদাপ্রভুর নামের প্রশংসা করুক,
কারণ শুধু তাঁরই নাম মহিমান্বিত;
তাঁর প্রতিপত্তি পৃথিবী ও আকাশমণ্ডলের ঊর্ধ্বে।
14 তিনি তাঁর প্রজাদের শক্তিশালী করেছেন,
তাঁর বিশ্বস্ত লোকেদের সম্মান প্রদান করেছেন,
ইস্রায়েলকে করেছেন, যারা তাঁর হৃদয়ের খুব কাছের।
সদাপ্রভুর প্রশংসা করো।
149:1 সদাপ্রভুর প্রশংসা করো।
সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,
তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।
2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক;
সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।
3 তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক
আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।
4 কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন;
তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।
5 তাঁর বিশ্বস্ত ভক্তবৃন্দ তাঁর সম্মানে উল্লাস করুক
তারা যখন নিজেদের বিছানায় শুয়ে থাকে তখনও যেন আনন্দগান করে।
6 ঈশ্বরের প্রশংসা তাদের মুখে ধ্বনিত হোক
আর তাদের হাতে উভয় দিকে ধারবিশিষ্ট তরোয়াল,
7 জাতিগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে
আর জাতিদের শাস্তি দিতে,
8 তাদের রাজাদের শিকল দিয়ে বাঁধতে,
তাদের বিশিষ্ট ব্যক্তিদের লোহার শিকল দিয়ে বাঁধতে,
9 তাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করতে—
এসব তাঁর সমস্ত বিশ্বস্ত ব্যক্তির গৌরব।
সদাপ্রভুর প্রশংসা করো।
150:1 সদাপ্রভুর প্রশংসা করো।
ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো;
বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2 তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;
তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,
বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,
তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,
করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।
সদাপ্রভুর প্রশংসা করো।