দেশ ভাগ করা হয়
1444 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 কনান দেশে ইস্রায়েলীরা এই সমস্ত এলাকা এক উত্তরাধিকাররূপে লাভ করল, যা যাজক ইলীয়াসর, নূনের ছেলে যিহোশূয় এবং ইস্রায়েলের গোষ্ঠীপতিরা তাদের জন্য বরাদ্দ করে দিলেন। 2 মোশির মাধ্যমে সদাপ্রভু যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশানুসারে তাদের উত্তরাধিকার গুটিকাপাত দ্বারা সাড়ে নয় বংশের জন্য নির্দিষ্ট হল। 3 আড়াই বংশকে মোশি জর্ডন নদীর পূর্বপারে অধিকার দিয়েছিলেন কিন্তু অবশিষ্টজনেদের মধ্যে তিনি লেবির বংশকে কোনও উত্তরাধিকার দেননি, 4 কারণ যোষেফের বংশধরেরা মনঃশি ও ইফ্রয়িম—এই দুই গোষ্ঠীতে পরিণত হল। লেবীয়েরা দেশের কোনও অংশ পায়নি, কিন্তু বসবাস করার জন্য শুধু কয়েকটি নগর এবং তাদের মেষপাল ও পশুপালের জন্য চারণভূমি পেয়েছিল। 5 অতএব ইস্রায়েলীরা দেশ বিভাগ করল, ঠিক যেভাবে সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
আড়াই গোষ্ঠীর উত্তরাধিকার
15 রূবেণ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
16 অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে, এবং মেদ্বা ছাড়িয়ে সমগ্র মালভূমি থেকে 17 হিষ্বোন এবং মালভূমিতে ছড়িয়ে থাকা নগরগুলির সাথে দীবোন, বামোৎ-বায়াল, বেথ-বায়াল-মিয়োন, 18 যহস, কদেমোৎ, মেফাৎ, 19 কিরিয়াথয়িম, সিব্মা, উপত্যকার পাহাড়ে অবস্থিত সেরৎ-নগর, 20 বেথ-পিয়োর, পিস্গার ঢাল, ও বেথ-যিশীমোৎ 21 মালভূমিতে অবস্থিত সমস্ত নগর এবং হিষ্বোনে রাজত্বকারী ইমোরীয়দের রাজা সীহোনের সমগ্র অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা তাদের দিলেন। মোশি সীহোনকে এবং মিদিয়নীয় সর্দারদের, ইবি, রেকম, সূর, হূর ও রেবাকে—সীহোনের সঙ্গে জোট বাঁধা এই অধিপতিদের—পরাজিত করলেন, যাঁরা সেই দেশে বসবাস করতেন। 22 যুদ্ধে যারা নিহত হল, তাদের সাথে বিয়োরের ছেলে সেই বিলিয়মকেও ইস্রায়েলীরা তরোয়াল চালিয়ে মেরে ফেলল, যে ভবিষ্যৎ-কথনের অনুশীলন করত।
23 রূবেণীয়দের সীমানা ছিল জর্ডন নদীর পাড়। তাদের গোষ্ঠী অনুসারে এইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি রূবেণ বংশের অধিকার হল।
24 গাদ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
25 যাসেরের এলাকা, গিলিয়দের সবকটি নগর এবং রব্বার নিকটবর্তী, অরোয়ের পর্যন্ত বিস্তৃত অম্মোনীয়দের অর্ধেক দেশ; 26 এবং হিষ্বোন থেকে রামৎ-মিস্পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল; 27 এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)
28 এসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি তাদের গোষ্ঠী অনুসারে গাদ বংশের অধিকার হল।
29 মনঃশির অর্ধেক বংশকে, অর্থাৎ, মনঃশির বংশধরদের অর্ধেক ভাগকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
30 মহনয়িম ছাড়িয়ে এবং সমগ্র বাশন যুক্ত এলাকা, বাশনের রাজা ওগের সমগ্র এলাকা—বাশনে অবস্থিত যায়ীরের সমস্ত জনবসতি, ষাটটি নগর, 31 গিলিয়দের অর্ধেক ভাগ এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী। (বাশনে অবস্থিত ওগের রাজকীয় নগরগুলি)
মনঃশির ছেলে মাখীরের বংশধরদের জন্য—তাদের গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার জন্য এটি অধিকার হল।
32 মোশি যখন যিরীহোর পূর্বদিকে, জর্ডন নদীর পারে মোয়াবের সমভূমিতে ছিলেন, তখন তিনি এই উত্তরাধিকারটি দিয়েছিলেন। 33 কিন্তু লেবির বংশকে মোশি কোনও উত্তরাধিকার দেননি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুই তাদের অধিকার, যেভাবে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
কালেবের উত্তরাধিকার
6 এদিকে যিহূদার লোকজন গিল্গলে যিহোশূয়ের কাছে এগিয়ে এল, এবং কনিষীয় যিফূন্নির ছেলে কালেব তাঁকে বললেন, “আপনি জানেন, আপনার ও আমার সম্পর্কে সদাপ্রভু, কাদেশ-বর্ণেয়তে ঈশ্বরের লোক মোশিকে কী বলেছিলেন। 7 দেশ অনুসন্ধান করার জন্যে সদাপ্রভুর দাস মোশি যখন কাদেশ-বর্ণেয় থেকে আমাকে পাঠিয়েছিলেন, তখন আমার বয়স চল্লিশ বছর। আর আমার দৃঢ় বিশ্বাস অনুসারেই আমি তাঁর কাছে এক প্রতিবেদন পেশ করেছিলাম, 8 কিন্তু আমার যে সহ-ইস্রায়েলী ভাইরা আমার সঙ্গে গিয়েছিল, তারা লোকদের অন্তরে ভয় উৎপন্ন করে তা গলিয়ে দিয়েছিল। আমি, অবশ্য, সর্বান্তঃকরণে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগামী হয়েছিলাম। 9 তাই মোশি সেদিন আমার কাছে শপথ করে বলেছিলেন, ‘দেশের যেখানে যেখানে তোমার পা পড়েছে, তা তোমার ও তোমার সন্তানদের চিরস্থায়ী অধিকার হয়ে থাকবে, কারণ তুমি সর্বান্তঃকরণে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগামী হয়েছ।’
10 “তবে, সদাপ্রভু যেমন প্রতিজ্ঞা করেছিলেন, ইস্রায়েলীরা মরুপ্রান্তরে ঘুরে বেড়ানোর সময় মোশিকে একথা বলার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি আমাকে এই পঁয়তাল্লিশ বছর জীবিত রেখেছেন। তাই আজ দেখুন, আমার বয়স পঁচাশি বছর হয়ে গেল! 11 মোশি যেদিন আমাকে বাইরে পাঠিয়েছিলেন, সেদিনের মতো আমি আজও ততটাই শক্তিশালী; যুদ্ধে যাওয়ার জন্য তখনকার মতো আমি আজও ততটাই বীর্যবান। 12 সেদিন সদাপ্রভু আমার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞানুসারে এখন আপনি আমাকে এই পার্বত্য দেশটি দিন। তখন তো আপনি স্বয়ং সেকথা শুনেছিলেন যে, অনাকীয়েরা সেখানে আছে এবং তাদের নগরগুলি বড়ো বড়ো ও দেয়াল-ঘেরা, কিন্তু সদাপ্রভুর সাহায্য নিয়ে আমি তাদের সেখান থেকে তাড়িয়ে দেব, ঠিক যেমনটি তিনি বলেছিলেন।”
13 তখন যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে আশীর্বাদ করলেন এবং তাঁর উত্তরাধিকাররূপে তাঁকে হিব্রোণ দিলেন। 14 তাই তখন থেকেই হিব্রোণ কনিষীয় যিফূন্নির ছেলে কালেবের অধিকারভুক্ত হয়ে আছে, কারণ তিনি সর্বান্তঃকরণে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী হয়েছিলেন। 15 (হিব্রোণ সেই অর্বের নামানুসারে কিরিয়ৎ-অর্ব নামে পরিচিত ছিল, যিনি অনাকীয়দের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন।)
পরে দেশে যুদ্ধবিরাম হল।
13 তাঁর প্রতি দত্ত সদাপ্রভুর আদেশানুসারে যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে যিহূদায় একটি অংশ—কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ, হিব্রোণ দিলেন। (অর্ব ছিলেন অনাকের পূর্বপুরুষ) 14 হিব্রোণ থেকে কালেব তিন অনাকীয়কে—অনাকের ছেলে শেশয়, অহীমান ও তল্ময়কে তাড়িয়ে দিলেন। 15 সেখান থেকে তিনি দবীরে বসবাসকারী লোকদের বিরুদ্ধে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন (দবীরের পূর্বতন নাম ছিল কিরিয়ৎ-সেফর) 16 আর কালেব বললেন, “যে ব্যক্তি কিরিয়ৎ-সেফর আক্রমণ করে তা নিয়ন্ত্রণে আনবে, আমি তার সঙ্গে আমার মেয়ে অক্ষার বিয়ে দেব।” 17 কালেবের ভাই, কনসের ছেলে অৎনীয়েল সেটি দখল করলেন; অতএব কালেব তাঁর মেয়ে অক্ষার সঙ্গে অৎনীয়েলের বিয়ে দিলেন।
18 একদিন অক্ষা অৎনীয়েলের কাছে এসে তাঁকে প্ররোচিত করলেন যেন তিনি তাঁর বাবার কাছে একটি ক্ষেতজমি চেয়ে নেন। অক্ষা তাঁর গাধার পিঠ থেকে নামার পর, কালেব তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি তোমার জন্য কী করতে পারি?”
19 তিনি উত্তর দিলেন, “আমার প্রতি বিশেষ এক অনুগ্রহ দেখান। আপনি যেহেতু নেগেভে আমাকে জমি দিয়েছেন, জলের উৎসগুলিও আমাকে দিন।” অতএব কালেব উচ্চতর ও নিম্নতর জলের উৎসগুলি তাঁকে দিলেন।