ভাগ 2: দেশের সাধারণ বণ্টন

বিজয়গুলির সারসংক্ষেপ

1444 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহোশূয় 12:1–13:14

1 এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল:

2 ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন।

অর্ণোন গিরিখাতের প্রান্তে অরোয়ের থেকে—গিরিখাতের মাঝামাঝি থেকে—অম্মোনীয়দের সীমানারূপে চিহ্নিত যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত এলাকা তাঁর শাসনাধীন ছিল। গিলিয়দের অর্ধেক অংশও এর অন্তর্ভুক্ত।

3 এছাড়াও গালীল সাগর থেকে অরাবা সাগর (অর্থাৎ, মরুসাগর) পর্যন্ত এবং বেথ-যিশীমোৎ ও পরে পিস্‌গার ঢালের নিচে, দক্ষিণ দিক পর্যন্ত তাঁর শাসনাধীন ছিল।

4 আর বাশনের রাজা সেই ওগের এলাকা, যিনি রফায়ীয়দের শেষদিকের একজন রাজা, ও যিনি অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন।

5 হর্মোণ পর্বত, সল্‌খা, গশূর ও মাখার লোকদের সীমানা পর্যন্ত সমস্ত বাশন এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমানা পর্যন্ত বিস্তৃত গিলিয়দের অর্ধেক অংশ তাঁর শাসনাধীন ছিল।

6 সদাপ্রভুর দাস মোশি এবং ইস্রায়েলীরা তাঁদের উপর জয়লাভ করেন। আর সদাপ্রভুর দাস মোশি তাঁদের দেশটি অধিকাররূপে রূবেণীয় ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন।

7 জর্ডন নদীর পশ্চিমদিকে, লেবানন উপত্যকার বায়াল-গাদ থেকে যা সেয়ীরের দিকে উঠে যায়, সেই হালক পর্বত পর্যন্ত বিস্তৃত যে দেশটি যিহোশূয় ও ইস্রায়েলীরা জয় করলেন, সেখানকার রাজাদের এক তালিকা এখানে দেওয়া হল। যিহোশূয় তাঁদের দেশগুলি এক অধিকাররূপে গোষ্ঠী-বিভাগ অনুসারে ইস্রায়েলের বিভিন্ন বংশকে দিয়েছিলেন। 8 এই দেশগুলিতে পার্বত্য প্রদেশ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ, অরাবা, পর্বতের ঢাল, মরুপ্রান্তর ও নেগেভ যুক্ত ছিল। এগুলি হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশ।

এঁরাই সেইসব রাজা:

9 যিরীহোর রাজা একজন

(বেথেলের নিকটবর্তী) অয়ের রাজা একজন

10 জেরুশালেমের রাজা একজন

হিব্রোণের রাজা একজন

11 যর্মূতের রাজা একজন

লাখীশের রাজা একজন

12 ইগ্লোনের রাজা একজন

গেষরের রাজা একজন

13 দবীরের রাজা একজন

গেদরের রাজা একজন

14 হর্মার রাজা একজন

অরাদের রাজা একজন

15 লিব্‌নার রাজা একজন

অদুল্লমের রাজা একজন

16 মক্কেদার রাজা একজন

বেথেলের রাজা একজন

17 তপূহের রাজা একজন

হেফরের রাজা একজন

18 অফেকের রাজা একজন

লশারোণের রাজা একজন

19 মাদোনের রাজা একজন

হাৎসোরের রাজা একজন

20 শিম্রোণ-মেরোণের রাজা একজন

অক্‌ষফের রাজা একজন

21 তানকের রাজা একজন

মগিদ্দোর রাজা একজন

22 কেদশের রাজা একজন

কর্মিলে যক্নিয়ামের রাজা একজন

23 (নাফোৎ-দোরে) দোরের রাজা একজন

গিল্‌গলে গয়িমের রাজা একজন

24 তির্সার রাজা একজন

মোট একত্রিশ জন রাজা।

13:1 যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।

2 “এসব দেশ এখনও অবশিষ্ট আছে:

“ফিলিস্তিনী ও গশূরীয়দের সমস্ত অঞ্চল, 3 মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে;

দক্ষিণ দিকে 4 অব্বীয়দের এলাকা;

সীদোনীয়দের আরা থেকে অফেক পর্যন্ত ও ইমোরীয়দের সীমানা পর্যন্ত বিস্তৃত কনানীয়দের দেশ;

5 গিব্‌লীয়দের অঞ্চল;

এবং পূর্বদিকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত বায়াল-গাদ থেকে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত সমগ্র লেবানন।

6 “লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীকে, অর্থাৎ, সীদোনীয়দের সবাইকে আমি স্বয়ং ইস্রায়েলীদের সামনে থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি যেমন নির্দেশ দিয়েছিলাম, সেই অনুসারে এক উত্তরাধিকাররূপে এই দেশটি তুমি অবশ্যই ইস্রায়েলীদের জন্য বরাদ্দ কোরো, 7 এবং এটি এক উত্তরাধিকাররূপে নয় বংশের ও মনঃশির অর্ধেক বংশের মধ্যে ভাগ করে দিয়ো।”

8 মনঃশির অন্য অর্ধেক বংশ, রূবেণীয়রা ও গাদীয়রা তাদের সেই উত্তরাধিকার লাভ করল যা মোশি জর্ডনের পূর্বপারে তাদের দিয়েছিলেন, যেভাবে তিনি, সদাপ্রভুর দাস, তাদের জন্য সেটি বরাদ্দ করে দিয়েছিলেন।

9 এটি অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং সেই গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে সম্প্রসারিত হল এবং দীবোন পর্যন্ত বিস্তৃত মেদ্‌বার সমগ্র মালভূমি, 10 ও অম্মোনীয়দের সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা ইমোরীয়দের রাজা সেই সীহোনের সমস্ত নগরও এতে যুক্ত হল, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন।

11 এছাড়াও এতে গিলিয়দ অঞ্চল, গশূর ও মাখার অধিবাসীদের এলাকা, সমগ্র হর্মোণ পর্বত ও সল্‌খা পর্যন্ত বিস্তৃত সমগ্র বাশন যুক্ত হল— 12 অর্থাৎ, বাশনে সেই ওগের সমগ্র রাজ্য, যিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। (তিনিই রফায়ীয়দের সর্বশেষ জন) মোশি তাদের পরাজিত করলেন ও তাদের দেশ অধিকার করে নিলেন। 13 কিন্তু ইস্রায়েলীরা গশূর ও মাখার লোকদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়নি, তাই আজও পর্যন্ত তারা ইস্রায়েলীদের মধ্যে বসবাস করে যাচ্ছে।

14 কিন্তু লেবি বংশকে তিনি কোনও উত্তরাধিকার দেননি, যেহেতু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত ভক্ষ্য নৈবেদ্যই হল তাদের উত্তরাধিকার, যেভাবে সদাপ্রভু তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।