জনগণের প্রথম সমাবেশ
1015 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 দাউদ যখন বৃদ্ধ হয়ে গেলেন ও তাঁর আয়ু ফুরিয়ে আসছিল, তখন তিনি তাঁর ছেলে শলোমনকে ইস্রায়েলের উপর রাজা করে দিলেন।
1 ইস্রায়েলের উচ্চপদস্থ সব কর্মচারীকে দাউদ জেরুশালেমে সমবেত হওয়ার জন্য ডেকে পাঠালেন: বিভিন্ন গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, রাজার সেবায় নিযুক্ত বিভিন্ন বিভাগের সেনাপতিরা, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিরা, এবং রাজার ও তাঁর ছেলেদের অধিকারভুক্ত সম্পত্তি ও গৃহপালিত পশুপাল দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, ও তাদের সাথে সাথে প্রাসাদের কর্মকর্তারা, সৈন্যরা ও বীর যোদ্ধারাও ডাক পেয়েছিলেন।
2 রাজা দাউদ নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন: “হে আমার সহকর্মী ইস্রায়েলীরা ও আমার প্রজারা, আমার কথা শোনো। মনে মনে আমি ঠিক করে রেখেছিলাম যে আমি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের বিশ্রাম-স্থানরূপে এমন একটি ভবন তৈরি করব, যা হবে আমাদের ঈশ্বরের পা রাখার স্থান, এবং সেটি তৈরি করার পরিকল্পনাও আমি করে রেখেছিলাম। 3 কিন্তু ঈশ্বর আমায় বললেন, ‘তুমি আমার নামের উদ্দেশে কোনও ভবন তৈরি করতে পারবে না, যেহেতু তুমি একজন যোদ্ধা ও তুমি রক্তপাতও করেছ।’
4 “তবুও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু চিরকালের জন্য ইস্রায়েলের উপর রাজা হওয়ার জন্য আমার সমগ্র পরিবারের মধ্যে থেকে আমাকেই মনোনীত করলেন। নেতারূপে তিনি যিহূদাকে মনোনীত করলেন, এবং যিহূদা গোষ্ঠী থেকে তিনি আমার পরিবারকে মনোনীত করলেন, ও আমার বাবার ছেলেদের মধ্যে থেকে আমাকেই তিনি খুশিমনে সমগ্র ইস্রায়েলের উপর রাজা করলেন। 5 আমার সব ছেলের মধ্যে থেকে—আর সদাপ্রভু তো আমাকে বেশ কয়েকটি ছেলে দিয়েছেন—ইস্রায়েলের উপর সদাপ্রভুর রাজ্যের সিংহাসনে বসার জন্য তিনি আমার ছেলে শলোমনকেই মনোনীত করেছেন। 6 তিনি আমাকে বললেন: ‘তোমার ছেলে শলোমনই সেই লোক, যে আমার ভবন ও প্রাঙ্গণ তৈরি করবে, কারণ আমার ছেলে হওয়ার জন্য আমি তাকে মনোনীত করেছি, এবং আমিই তার বাবা হব। 7 এখন যেমনটি হচ্ছে, ঠিক সেভাবেই যদি সে আমার আদেশ ও বিধিবিধানগুলি পালন করার জন্য অবিচল থাকতে পারে, তবে চিরতরে আমি তার রাজ্য সুস্থির করে দেব।’
8 “তাই এখন সমগ্র ইস্রায়েলের সাক্ষাতে ও সদাপ্রভুর জনতার সাক্ষাতে, এবং আমাদের ঈশ্বরের কর্ণগোচরে তোমাদের আমি আদেশ দিচ্ছি: তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সব আদেশ পালন করার জন্য তোমরা সতর্ক হও, যেন তোমরা এই সুন্দর দেশটির অধিকারী হতে পারো ও চিরকালের জন্য এটি তোমাদের বংশধরদের হাতে এক উত্তরাধিকাররূপে তুলে দিতে পারো।
9 “আর তুমি, বাছা শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে স্বীকৃতি দিয়ো, এবং সর্বান্তঃকরণে নিষ্ঠা সমেত ও ইচ্ছুক এক মন নিয়ে তাঁর সেবা কোরো, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর অনুসন্ধান করলেন ও প্রত্যেকটি বাসনা ও প্রত্যেকটি চিন্তাভাবনা বোঝেন। তুমি যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবেই; কিন্তু যদি তাঁকে ত্যাগ করো, তবে তিনি চিরতরে তোমাকে প্রত্যাখ্যান করবেন। 10 এখন তবে বিবেচনা করো, কারণ উপাসনার পীঠস্থানরূপে একটি ভবন তৈরি করার উদ্দেশে তিনি তোমাকেই মনোনীত করেছেন। তুমি বলবান হও ও সে কাজটি করো।”
1 যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বসবাস করে
সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।
2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ,
আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”
3 নিশ্চয় তিনিই তোমাকে
শিকারির ফাঁদ
আর মারাত্মক মহামারি থেকে রক্ষা করবেন।
4 তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন,
এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে;
তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা।
5 তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না,
অথবা দিনে উড়ন্ত তির থেকে,
6 অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে,
অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে।
7 তোমার পাশে হাজার জনের পতন হতে পারে,
তোমার ডানপাশে দশ হাজার জনের,
কিন্তু তা তোমার কাছে আসবে না।
8 তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে
আর দুষ্টদের শাস্তি পেতে দেখবে।
9 যদি তুমি বলো, “সদাপ্রভু আমার আশ্রয়,”
আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো,
10 তোমার কোনও অনিষ্ট হবে না,
কোনও বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না।
11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে
তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;
12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,
যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।
13 তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে;
তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে।
14 “যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব;
আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।
15 সে আমার নামে ডাকবে, আর আমি তাকে উত্তর দেব;
সংকটে আমি তার সঙ্গে রইব,
আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব।
16 দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব
আর আমার পরিত্রাণ তাকে দেখাব।”
খুব সম্ভবত দাউদের জীবনের শেষভাগে রচিত একটি গীত
দাউদের প্রশংসাগীত।
1 হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব;
চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।
2 প্রতিদিন আমি প্রশংসা করব
আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।
3 সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য;
কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।
4 এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে;
আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে।
5 তারা তোমার মহিমার গৌরব ও প্রভা ঘোষণা করবে
আর আমি তোমার আশ্চর্য কাজ ধ্যান করব।
6 আর লোকে তোমার ভয়াবহ কাজের কথা বলবে,
আর আমি তোমার মহিমা বর্ণনা করব।
7 তারা তোমার অজস্র ধার্মিকতা প্রচার করবে,
আর মহানন্দে তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর ও দয়াতে মহান।
9 সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়;
নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।
10 হে সদাপ্রভু, তোমার সব কাজকর্ম তোমার প্রশংসা করে;
তোমার বিশ্বস্ত লোকেরা তোমার উচ্চপ্রশংসা করে।
11 তোমার রাজ্যের মহিমা তারা প্রচার করে,
আর তোমার পরাক্রমের কথা বলে,
12 যেন সব মানুষ তোমার পরাক্রমী কাজকর্ম
আর তোমার রাজ্যের অপরূপ প্রতাপের কথা জানতে পারে।
13 তোমার রাজত্ব অনন্তকালস্থায়ী রাজত্ব,
আর তোমার আধিপত্য বংশপরম্পরায় স্থায়ী।
সদাপ্রভু তাঁর সব প্রতিশ্রুতিতে অবিচল,
এবং তিনি যা করেন সবকিছুতেই নির্ভরযোগ্য।
14 যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন
আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন।
15 সবার চোখ তোমার দিকে তাকিয়ে থাকে,
আর যথাসময়ে তুমি তাদের খাবার জোগাও।
16 তুমি তোমার হাত উন্মুক্ত করো,
আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো।
17 সদাপ্রভু তাঁর সব কাজে ন্যায়পরায়ণ
আর যা করেন সবকিছুতেই বিশ্বস্ত।
18 সদাপ্রভু তাদের সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে,
সবার কাছে আছেন যারা তাঁকে সত্যে আহ্বান করে।
19 যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন;
তিনি তাদের কান্না শোনেন আর তাদের রক্ষা করেন।
20 যারা তাঁকে ভালোবাসে, তিনি তাদের প্রতি দৃষ্টি রাখেন,
কিন্তু দুষ্টদের সবাইকে তিনি ধ্বংস করবেন।
21 আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে,
আর প্রত্যেকটি প্রাণী যুগে যুগে ও চিরকাল
তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।