খ্রীষ্টিয়ান স্ত্রী ও স্বামীদের কর্তব্য

এরপর পিতর পারিবারিক সম্পর্কের উচ্চতর কর্তব্যগুলি তাদের জোর দিয়ে বোঝান। তিনি খ্রীষ্টিয়ান স্ত্রীদের বলেন, তাদের স্বামীরা পৌত্তলিক হলেও তারা যেন স্বামীদের বশীভূত হয়, যাতে নিজেদের পবিত্র আচরণের দ্বারা স্বামীদের সুসমাচারের প্রতি ভালোবাসা ও তা পালনের পথে জয় করতে পারে। স্বামীদের ভালোবাসা লাভ করার জন্য তারা যেন নিজেদের সাজসজ্জা কেবল বাহ্যিক রূপে সীমাবদ্ধ না রাখে, বরং অন্তরের গুপ্ত আত্মাকে সজ্জিত করে, সারার দৃষ্টান্ত অনুসরণ করে, যিনি অব্রাহামকে প্রভু বলে ডেকে তাঁর অধীনতা স্বীকার করেছিলেন। যতদিন তারা নিজেদের খ্রীষ্টিয়ান চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করে, ততদিন তারা তাঁর কন্যা। খ্রীষ্টিয়ান স্বামীদের আদেশ দেওয়া হয়েছে, যেন তারা স্ত্রীদের সঙ্গে এমন আচরণ করে, যা খ্রীষ্টিয়ান ধর্মের কর্তব্যের শিক্ষা পাওয়া লোকদের উপযুক্ত।

65 অথবা 66 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 পিতর 3:1–7

1 একইভাবে স্ত্রীরা, তোমরা তোমাদের নিজ নিজ স্বামীর বশ্যতাধীন হও। তাদের মধ্যে কেউ কেউ যদি বাক্যের অবাধ্য হয়, তবে কোনো বাক্য ছাড়াই তাদের স্ত্রীর আচার-আচরণের দ্বারা তাদের জয় করা যাবে, 2 যখন তারা তোমাদের জীবনের শুদ্ধতা ও সম্ভ্রমপূর্ণ মনোভাব লক্ষ্য করবে। 3 তোমাদের সৌন্দর্য যেন বাহ্যিক সাজসজ্জা, যেমন চুলের বাহার, সোনার অলংকার বা সূক্ষ্ম পোশাক-পরিচ্ছদের উপর নির্ভরশীল না হয়। 4 বরং সেই সৌন্দর্য হবে তোমাদের আন্তরিক সত্তার, শান্ত ও কোমল আত্মার অম্লান শোভায় ভূষিত, যা ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান। 5 কারণ প্রাচীনকালের পবিত্র নারীরা, যাঁরা ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখতেন, এভাবেই নিজেদের সৌন্দর্যময়ী করতেন। তাঁরা নিজের নিজের স্বামীর বশ্যতাধীন থাকতেন, 6 যেমন সারা, তিনি অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাঁকে “প্রভু” বলে সম্বোধন করতেন। যদি তোমরা ন্যায়সংগত কাজ করো ও ভয়ভীত না হও, তাহলে তোমরা তাঁরই কন্যা হয়ে উঠেছ।

7 একইভাবে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে বাস করার সময় সুবিবেচক হও। তাদের দুর্বলতর সঙ্গী ও জীবনের অনুগ্রহ-রূপ বরদানের সহ-উত্তরাধিকারী জেনে, তোমরা তাদের সঙ্গে শ্রদ্ধাপূর্বক আচরণ কোরো, যেন কোনো কিছুই তোমাদের প্রার্থনায় বাধা সৃষ্টি করতে না পারে।

মন্দের প্রতিদানে আশীর্বাদ করো

শেষে পিতর বিবাহিত ও অবিবাহিত সকলকে খ্রীষ্টিয়ান ঐক্য, সহানুভূতি ও ভালোবাসার জন্য আহ্বান জানান, যেন তারা মন্দ ও অপমানের প্রতিদানে আশীর্বাদ করে। তাদের সর্বদা নিজেদের বিবেকের নির্দেশ অনুসারে চলতে হবে, যাতে যারা মিথ্যাভাবে তাদের বিরুদ্ধে মন্দ কাজের অভিযোগ আনে, তারা খ্রীষ্টে তাদের সদাচরণ দেখে লজ্জিত হয়। ঈশ্বরের ইচ্ছায় যদি তাদের দুঃখভোগ নির্ধারিত হয়, তবে মন্দ কাজের জন্য দুঃখভোগ করার চেয়ে সৎকাজের জন্য দুঃখভোগ করা ভালো।

1 পিতর 3:8–17

8 সবশেষে বলি, তোমরা সবাই পরস্পরের সঙ্গে মিল রেখে বসবাস করো; তোমরা সহানুভূতিশীল, একে অপরকে ভালোবাসো, দরদি ও নতনম্র হও। 9 মন্দের পরিশোধে মন্দ বা অপমানের পরিশোধে অপমান কোরো না, বরং আশীর্বাদ কোরো; কারণ এর জন্যই তোমাদের আহ্বান করা হয়েছ, যেন তোমরা আশীর্বাদের অধিকারী হতে পারো। 10 কারণ,

“কেউ যদি জীবন ভালোবাসতে চায়,

মঙ্গলের দিন দেখতে চায়,

সে অবশ্যই মন্দ থেকে তার জিভ

ও ছলনাপূর্ণ বাক্য থেকে তার ঠোঁট রক্ষা করবে।

11 তারা মন্দ থেকে মন ফেরাবে আর সৎকর্ম করবে

তারা অবশ্যই শান্তির সন্ধান করবে ও তা অনুসরণ করবে।

12 কারণ প্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,

আর তাদের প্রার্থনায় তিনি কর্ণপাত করেন,

কিন্তু যারা দুষ্কর্ম করে প্রভুর মুখ তাদের বিরুদ্ধে।”

13 তোমরা যদি সৎকর্ম করতে আগ্রহী হও, কে তোমাদের ক্ষতি করবে? 14 কিন্তু ন্যায়সংগত কাজের জন্য যদি তোমরা কষ্টও ভোগ করো, তাহলে তোমরা ধন্য। “তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেয়ো না, তোমরা বিচলিত হোয়ো না।” 15 কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে মান্য করো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো, 16 বিবেককে স্বচ্ছ রেখো, যেন তোমাদের খ্রীষ্টীয় সদাচরণ দেখে যারা বিদ্বেষপূর্ণভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলে, তারা তাদের কটূক্তির জন্য লজ্জিত হয়। 17 যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে দুষ্কর্ম করে দুঃখকষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্টভোগ করা শ্রেয়।

খ্রীষ্টের দুঃখভোগ, নোহের জাহাজ ও বাপ্তিষ্ম

তারা যেন নিজেদের দুঃখভোগকে ঈশ্বরের অসন্তোষের চিহ্ন মনে না করে, সেইজন্য পিতর কিছুটা প্রসঙ্গান্তরে গিয়ে খ্রীষ্টের দুঃখভোগের কথা বিবেচনা করে তাদের উৎসাহ দেন। সম্পূর্ণ ধার্মিক হয়েও খ্রীষ্ট অন্যদের পাপের জন্য দুঃখভোগ করেছেন, যাতে মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন। তাঁর মানবীয় প্রকৃতিতে তাঁকে হত্যা করা হয়েছিল, কিন্তু ঈশ্বরের আত্মার দ্বারা তাঁকে আবার জীবিত করা হয়েছিল। সেই আত্মার দ্বারা, যিনি নোহকে আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন, তিনি সেই আত্মাদের কাছে প্রচার করেছিলেন, যারা এখন ঈশ্বরের ন্যায়বিচারের অধীনে নিজেদের পাপের প্রাপ্য শাস্তি পাওয়ার জন্য যেন কারাগারে আবদ্ধ বা রক্ষিত ছিল। জাহাজ নির্মিত হওয়ার সময় ঈশ্বর ধৈর্য ধরে 120 বছর অপেক্ষা করেছিলেন, তারা অনুতাপ করে পরিত্রাণ পাবে কি না দেখার জন্য (আদিপুস্তক 6:3)। তারপর বিশ্বাসী নোহের পরিবার জলের মাধ্যমে রক্ষা পেয়েছিল। এটি ছিল মণ্ডলীরূপ জাহাজে বাপ্তিষ্মের জলের মাধ্যমে খ্রীষ্টের পরিবারের পরিত্রাণের প্রতিরূপ; এই বাপ্তিষ্মের দ্বারা তারা এক নতুন অস্তিত্বে প্রবেশ করে এবং যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে কবর থেকে রক্ষা পায়। তিনি স্বর্গে গেছেন, এবং স্বর্গে ও পৃথিবীতে স্বর্গদূত ও প্রত্যেক শ্রেণির সত্তাকে তাঁর বশীভূত করা হয়েছে, যাতে তাঁর ওপর বিশ্বাসী সকলকে তিনি পরিত্রাণ দিতে পারেন।

1 পিতর 3:18–22

18 কারণ খ্রীষ্টও পাপের প্রায়শ্চিত্তের জন্য একবারই মৃত্যুবরণ করেছেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের জন্য করেছেন, যেন তোমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন। তাঁকে শরীরে হত্যা করা হলেও আত্মায় জীবিত করা হয়েছে, 19 যাঁর মাধ্যমে কারাগারে বন্দি আত্মাদের কাছে গিয়ে তিনি প্রচার করেছিলেন। 20 এই আত্মারা বহুপূর্বে অবাধ্য হয়েছিল, যখন ঈশ্বর নোহের সময়ে সহিষ্ণুতার সঙ্গে অপেক্ষা করেছিলেন এবং জাহাজ নির্মিত হচ্ছিল। এর মধ্যে মাত্র কয়েকজন, সর্বমোট আটজন জলের মধ্য থেকে উদ্ধার পেয়েছিল। 21 এই জলই হল বাপ্তিষ্মের প্রতীক, যা এখন তোমাদেরও রক্ষা করে—শরীর থেকে ময়লা দূর করার জন্য নয়, কিন্তু ঈশ্বরের কাছে এক সৎ বিবেক নিবেদন করার জন্য। এ যীশু খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা তোমাদের পরিত্রাণ সাধন করে। 22 তিনি স্বর্গে গিয়েছেন ও ঈশ্বরের ডানদিকে আছেন—সব স্বর্গদূত, কর্তৃত্ব ও পরাক্রম তাঁরই বশ্যতাধীন রয়েছে।

পাপের কাছে মৃত, ঈশ্বরের ইচ্ছার জন্য জীবিত

যেহেতু খ্রীষ্ট মানুষের জন্য দেহে যন্ত্রণাদায়ক মৃত্যু ভোগ করেছেন, পিতর তাদেরও দৈহিক স্বভাবকে ক্রুশবিদ্ধ করতে আহ্বান জানান, কারণ যারা দৈহিক স্বভাবকে মেরে ফেলেছে, তারা পাপ থেকে নিবৃত্ত হয়েছে, বা পাপের কাছে মৃত হয়েছে। তারা জীবনের অবশিষ্ট সময় সেই স্বভাবের কামনা অনুসারে নয়, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করে। কারণ অতীত জীবনের অতিরিক্ত সময় তারা সেই লজ্জাজনক ঘৃণ্য কাজ ও দোষাচারে কাটিয়েছে, যাতে অইহুদিরা লিপ্ত ছিল। এখন তারা একই উচ্ছৃঙ্খলতার বাড়াবাড়িতে যোগ দেয় না বলে অইহুদিরা বিস্মিত হয় ও তাদের নিন্দা করে, ভুলে যায় যে যিনি ধার্মিক ও দুষ্ট উভয়ের বিচার করবেন, তাঁর কাছে তাদের জবাব দিতে হবে। এই কারণেই অপরাধ ও পাপে মৃত অইহুদিদের কাছে সুসমাচার প্রচার করা হয়েছিল, যাতে যারা বিশ্বাস করে, তারা দৈহিক স্বভাব দ্বারা চালিত মানুষের কাছে বিচারিত বা দোষী সাব্যস্ত হলেও আত্মায় ঈশ্বরের ইচ্ছা অনুসারে বেঁচে থাকে।

1 পিতর 4:1–6

1 অতএব, খ্রীষ্ট তাঁর শরীরে কষ্টভোগ করেছেন বলে, তোমরাও সেই একই উপায়ে নিজেদের সুসজ্জিত করে তোলো, কারণ যে শরীরে কষ্টভোগ করেছে, সে পাপের সঙ্গে সম্পর্ক শেষ করেছে। 2 এর ফলে, সে মন্দ দৈহিক কামনাবাসনায় তার পার্থিব জীবনযাপন করে না, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই করে। 3 অইহুদিরা যেমন করে—লম্পটতা, ভোগলালসা, মদ্যপান, রঙ্গরস ও ঘৃণ্য প্রতিমাপূজা—এসব করে অতীতে তোমরা যথেষ্ট সময় কাটিয়ে দিয়েছ। 4 তোমরা তাদের মতো একই উচ্ছৃঙ্খলতার জীবন অনুসরণ করছ না বলে এখন তারা বিস্ময় বোধ করে ও তোমাদের উপরে অবমাননার বোঝা চাপিয়ে দেয়। 5 কিন্তু যিনি জীবিত ও মৃতদের বিচার করতে প্রস্তুত, তাঁর কাছে তাদের কৈফিয়ত দিতে হবে। 6 এই কারণেই এখন যারা মৃত, তাদের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল, যেন শারীরিকভাবে মানুষের মতো তাদের বিচার করা গেলেও, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা আত্মায় জীবিত থাকে।

তাদের নির্যাতনকারীদের ক্ষমতা শীঘ্রই শেষ হবে

পিতর তাদের এই আশ্বাস দিয়ে সান্ত্বনা দেন যে ইহুদি জাতি ও রাষ্ট্রের আসন্ন ধ্বংসের মধ্যে তাদের নিষ্ঠুর নির্যাতনকারীদের ক্ষমতা শীঘ্রই ধ্বংস হবে। তারা যেন তা থেকে রক্ষা পায়, সেইজন্য তিনি তাদের সমস্ত অশুচিতার বিরুদ্ধে সতর্ক থাকতে এবং প্রার্থনা করতে অনুরোধ করেন, আর গভীর ভালোবাসা বজায় রাখতে বলেন, যা পরস্পরের দোষ সহ্য করে বা মুছে দেয়। এই নির্যাতনের সময় অসুবিধার কথা বিবেচনা না করে তাদের পরস্পরের প্রতি অতিথিপরায়ণ হতে হবে। প্রত্যেকে প্রভুর কাছ থেকে পাওয়া ঐশ্বরিক সংস্থান ও অনুগ্রহের দান অনুসারে সেবা করবে। যে কেউ ঈশ্বরের বাক্য সম্বন্ধে বলে, তার বলা উচিত “ঈশ্বরের বাণী পৌঁছে দিচ্ছে এমন ব্যক্তির মতো।” যে কেউ দরিদ্রদের অভাব পূরণের সেবা করে, সে যেন ঈশ্বরের দেওয়া সংস্থান থেকেই তা করে এবং যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরকে গৌরব দেয়।

1 পিতর 4:7–11

7 সবকিছুরই অন্তিমকাল সন্নিকট। অতএব তোমরা শুদ্ধমন ও আত্মসংযমী হও, যেন প্রার্থনা করতে পারো। 8 সর্বোপরি, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ “ভালোবাসা পাপকে আবৃত করে।” 9 বিরক্তি বোধ না করে তোমরা একে অপরের আতিথ্য করো। 10 প্রত্যেকেই অন্যদের সেবা করার উদ্দেশে যে বরদান লাভ করেছে, ঈশ্বরের সেই অনুগ্রহ তারা বিশ্বস্ত কর্মাধ্যক্ষের মতো ব্যবহার করুক। 11 কেউ যদি কথা বলে, সে এমনভাবে বলুক, যেন ঈশ্বরের বাণীই বলছে। কেউ যদি সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তির গুণেই তা করুক, যেন সব বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন। মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল তাঁরই হোক। আমেন।

খ্রীষ্টের দুঃখভোগের অংশীদার হতে আনন্দ করো

পিতর খ্রীষ্টিয়ানদের সতর্ক করেন, যেন তাদের ওপর আসন্ন বিপর্যয় ও নির্যাতনে তারা আশ্চর্য না হয়, কারণ সেগুলির উদ্দেশ্য ছিল তাদের বিশ্বাস পরীক্ষা করা; বরং তারা যেন আনন্দ করে, কারণ সেগুলির মাধ্যমে তারা খ্রীষ্টের দুঃখভোগের অংশীদার হয়, যাতে তাঁর সঙ্গে মহিমান্বিত হতে পারে। খ্রীষ্টিয়ান বলে যারা অপমানিত হয়, তারা ধন্য, কারণ যে ঐশ্বরিক আত্মা যীশুর ওপর অধিষ্ঠিত ছিলেন, তিনি তাদের ওপরও অধিষ্ঠিত আছেন: তাদের নির্যাতনকারীদের দ্বারা খ্রীষ্ট নিন্দিত হন, কিন্তু তাদের দুঃখভোগের দ্বারা তিনি সম্মানিত হন। এই কারণে তিনি তাদের সতর্ক করেন, যেন নিজেদের কোনো অপরাধের জন্য দুঃখভোগ না করে (অবিশ্বাসী ইহুদিরা যেসব অপরাধে লিপ্ত ছিল, সেগুলির নাম উল্লেখ করে), কারণ তাতে গৌরব বা পুরস্কার কিছুই মেলে না। কিন্তু কেউ খ্রীষ্টিয়ান বলে দুঃখভোগ করলে, শাস্তি যতই লজ্জাজনক হোক, তার লজ্জিত হওয়া উচিত নয়; বরং প্রভুর গৌরব করা উচিত, যিনি নিজেও পবিত্র ছিলেন বলে দুঃখভোগ করেছিলেন। জাতি হিসেবে ইহুদিদের শাস্তির সময় এখন এসেছে, আর তা ঈশ্বরের গৃহ থেকে শুরু হবে (যোহন 16:2; মথি 23:35; যিহিষ্কেল 9:6)। তা যদি প্রথমে বিশ্বাসী ইহুদিদের দিয়ে শুরু হয়, তবে যারা সুসমাচারের বাধ্য হয় না, তাদের ওপর কী ভয়ংকর ধ্বংস নেমে আসবে? আর খ্রীষ্টিয়ানরা যদি জেরুশালেমের ওপর ঈশ্বরের বিচার থেকে অতি কষ্টে রক্ষা পায়, তবে অধার্মিক ও পাপীরা কীভাবে উদ্ধার পাওয়ার আশা করতে পারে? পিতর ধার্মিকতার জন্য দুঃখভোগকারী ইহুদি ও অইহুদি উভয়কেই বলেন, যেন তারা এক বিশ্বস্ত সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরের কাছে নিজেদের জীবন সমর্পণ করে; তারা সৎকাজ করে চললে তিনি নিজের সৃষ্টি ও সন্তান হিসেবে তাদের যত্ন নেবেন এবং অনন্ত জীবন দেবেন।

1 পিতর 4:12–19

12 প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হোয়ো না। 13 কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো। 14 খ্রীষ্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও, তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন। 15 তোমরা যদি কষ্টভোগ করো, তাহলে হত্যাকারী বা চোর অথবা অন্য কোনো প্রকার অপরাধী হয়ে, এমনকি, অনধিকার-চর্চাকারীরূপে করো না, 16 কিন্তু যদি খ্রীষ্টিয়ান বলে কষ্টভোগ করো, তাহলে লজ্জিত হোয়ো না, বরং সেই নামের জন্য ঈশ্বরের প্রশংসা করো। 17 কারণ ঈশ্বরের গৃহেই বিচারের সময় আরম্ভ হল, আর তা যদি আমাদের দিয়ে শুরু হয়, তাহলে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণতি কী হবে? 18 আবার,

“পরিত্রাণ লাভ যদি ধার্মিকদেরই কষ্টসাধ্য হয়,

তাহলে ভক্তিহীন ও পাপীদের কী হবে?”

19 তাহলে, সেই কারণে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কষ্টভোগ করে, তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের সমর্পণ করুক ও সৎকর্ম করে যাক।

প্রাচীনদের ঈশ্বরের মেষপাল পালন করতে হবে

পিতর খ্রীষ্টের দুঃখভোগের প্রত্যক্ষদর্শী হিসেবে (বাগানে, তাঁকে গ্রেপ্তারের সময় এবং মহাযাজকের সভাকক্ষে), এবং তাঁর রূপান্তরের মহিমা দেখেছেন ও তার অংশীদার হয়েছেন এমন একজন হিসেবে, প্রাচীনদের বিশ্বস্তভাবে খ্রীষ্টের মেষপালকে চরাতে অনুরোধ করেন। এই নির্যাতনের সময়ে তাদের বিশপ বা তত্ত্বাবধায়কদের কাজ করতে হবে, চাপে পড়ে নয়, বরং স্বেচ্ছায়; জীবিকা নির্বাহের জন্য নয়, বরং ঈশ্বরের গৌরব বৃদ্ধির প্রবল আকাঙ্ক্ষা নিয়ে। ঈশ্বরের উত্তরাধিকারস্বরূপ মেষপালগুলির ওপর তাদের কর্তৃত্ব ফলানো উচিত নয়, বরং নম্রতা ও খ্রীষ্টিয়ান জীবনের প্রতিটি সদগুণে তাদের দৃষ্টান্ত হওয়া উচিত। আর মেষপালগুলি যাঁর, সেই প্রধান পালক যখন প্রকাশিত হবেন, তখন যারা নিজেদের কর্তব্য পালন করেছে, তারা তাঁর কাছ থেকে গৌরবের মুকুট পাবে।

1 পিতর 5:1–4

1 তোমাদের মধ্যে যে প্রাচীনেরা আছেন, তাদের কাছে আমিও একজন প্রাচীন, খ্রীষ্টের কষ্টভোগের সাক্ষী ও যে মহিমা প্রকাশিত হবে তার অংশীদাররূপে আমি মিনতি করছি, 2 ঈশ্বরের যে পাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালক হও—তত্ত্বাবধায়করূপে তাদের সেবা করো—বাধ্য হয়ে নয়, কিন্তু তোমরা ইচ্ছুক বলে, যেমন ঈশ্বর তোমাদের কাছে চান; অর্থের লালসায় নয়, কিন্তু সেবার আগ্রহ নিয়ে, 3 যাদের তোমাদের হাতে সমপর্ণ করা হয়েছে, তাদের উপরে প্রভুত্ব করার জন্য নয়, কিন্তু পালের কাছে আদর্শস্বরূপ হয়ে করো। 4 তাহলে, যখন প্রধান পালক প্রকাশিত হবেন, তোমরা মহিমার মুকুট লাভ করবে, যা কখনও ম্লান হবে না।

নম্র হও এবং দিয়াবলের প্রতিরোধ করো

পিতর মণ্ডলীতে নিম্নতর পদে থাকা ব্যক্তিদের প্রাচীনদের অধীন হতে আদেশ দেন, তারপর সকলকেই সমানভাবে বশীভূত হতে, প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে পরস্পরের সেবা করতে এবং নম্রতায় আবৃত, সুরক্ষিত ও রক্ষিত থাকতে আহ্বান জানান। ঈশ্বর যেহেতু অহংকারীদের প্রতিরোধ করেন, তাই তাদের নিজেদের নত করা এবং প্রতিটি বিপদ ও দুঃখকষ্টে তাঁর ব্যবস্থার কাছে ধৈর্য ধরে বশ্যতা স্বীকার করা উচিত, আর তাদের সমস্ত উদ্বেগ ঈশ্বরের ওপর সমর্পণ করা উচিত, যিনি তাদের যত্ন নেন (গীতসংহিতা 55:22)। তাদের একমাত্র চিন্তা হবে নিজেদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা, সংযমী থাকা এবং সর্বদা নিজেদের বিষয়ে সতর্ক থাকা, কারণ তাদের পরীক্ষা ও দুর্যোগের এই সময়ে তাদের আত্মিক শত্রু তাদের বিশ্বাস থেকে সরিয়ে দেওয়ার আশায় “কাকে গ্রাস করবে তা খুঁজে” ঘুরে বেড়াচ্ছে। ঈশ্বরের পুত্রের প্রতি বিশ্বাসে দৃঢ় থেকে তাদের তার প্রতিরোধ করতে হবে, এই জেনে যে মানুষ ও শয়তানদের হাতে নির্যাতিত হওয়া খ্রীষ্টের শিষ্যদের ভাগ্যে আছে। পিতর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যেন তিনি তাদের শক্তি দেন এবং খ্রীষ্টের বিশ্বাসে তাদের সিদ্ধ করেন।

1 পিতর 5:5–11

5 সেভাবে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশ্যতাস্বীকার করো। তোমাদের মধ্যে প্রত্যেকেই পরস্পরের প্রতি নতনম্র আচরণ করো, কারণ,

“ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন,

কিন্তু বিনম্রদের অনুগ্রহ-দান করেন।”

6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।

8 তোমরা আত্মসংযমী হও ও সতর্ক থাকো। তোমাদের শত্রু, সেই দিয়াবল, গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে, তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। 9 বিশ্বাসে অটল থেকে তোমরা তার প্রতিরোধ করো, কারণ তোমরা জানো যে, সমগ্র জগতে বিশ্বাসী মণ্ডলীও একই রকমের কষ্ট-লাঞ্ছনা ভোগ করছে।

10 আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি খ্রীষ্টে তাঁর অনন্ত মহিমা প্রদানের জন্য তোমাদের আহ্বান করেছেন, সাময়িক কষ্টভোগ করার পর তিনি স্বয়ং তোমাদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের শক্তিশালী, সুদৃঢ় ও অবিচল করবেন। 11 যুগে যুগে চিরকাল তাঁর পরাক্রম হোক। আমেন।

পিতর সীলের মাধ্যমে তাঁর চিঠি পাঠান

পিতর তাঁদের জানান যে তিনি সীলের মাধ্যমে এই চিঠি পাঠাচ্ছেন (ইনি ও প্রেরিত 15:40; 16:19 পদে উল্লিখিত সীল একই ব্যক্তি), এবং তাঁর বিবেচনায় তিনি তাঁদের সংক্ষেপে লিখেছেন, তাঁদের কাছে এই সাক্ষ্য দিয়ে যে তাঁদের কাছে যা প্রচার করা হয়েছে, তা খ্রীষ্টের সত্য সুসমাচার। তিনি তাঁদের খ্রীষ্টিয়ান প্রেমের নিদর্শন হিসেবে পরস্পরকে অভিবাদন জানাতে বলেন এবং তাঁর প্রৈরিতিক আশীর্বাদ দিয়ে চিঠি শেষ করেন।

1 পিতর 5:12–14

12 সীল, যাঁকে আমি বিশ্বস্ত ভাই বলে মনে করি, তাঁরই সাহায্য নিয়ে আমি তোমাদের উৎসাহ দিয়ে এই সংক্ষিপ্ত পত্র লিখেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে, এই হল ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ। এতেই তোমরা স্থির থাকো।

13 তোমাদেরই সঙ্গে মনোনীত ব্যাবিলনবাসী সেই বোন তোমাদের প্রতি তাঁর শুভেচ্ছা জানাচ্ছেন। আমার পুত্রসম মার্ক-ও তাঁর শুভেচ্ছা জানাচ্ছেন।

14 প্রীতি-চুম্বনে তোমরা পরস্পরকে শুভেচ্ছা জানাও।

তোমরা যতজন খ্রীষ্টে আছ, সকলের প্রতি শান্তি বর্তুক।