ভাগ 7: শলোমনের পাপ (continued)

980 থেকে 975 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

উপদেশক 8–9

1 কে জ্ঞানী লোকের মতো?

যা ঘটে কে তার অর্থ বুঝতে পারে?

জ্ঞান মানুষের মুখ উজ্জ্বল করে

এবং তার মুখের কঠিনতা পরিবর্তন করে।

2 আমার উপদেশ এই যে, তুমি তোমার রাজার আদেশ পালন করো, কেননা ঈশ্বরের সামনে তুমি এই শপথ করেছ। 3 তাড়াতাড়ি রাজার উপস্থিতি থেকে চলে যেয়ো না। মন্দ কিছুর সঙ্গে যুক্ত হোয়ো না, কারণ তিনি তাঁর ইচ্ছামতো কাজ করেন। 4 রাজার কথাই যখন সবচেয়ে বড়ো তখন কে তাঁকে বলবে, “আপনি কী করছেন?”

5 যে তাঁর আদেশ পালন করে তার কোনো ক্ষতি হবে না,

আর জ্ঞানবানের হৃদয় উপযুক্ত সময় ও কাজের নিয়ম জানে।

6 কারণ প্রত্যেক ব্যাপারের জন্য উপযুক্ত সময় ও কাজের নিয়ম আছে,

যদিও মানুষের দৈন্য তার জন্য অতিমাত্র।

7 যেহেতু কেউ ভবিষ্যৎ জানে না,

তাকে কে বলতে পারবে যে কী ঘটবে?

8 বাতাসকে যেমন ধরে রাখবার ক্ষমতা কারও নেই,

তেমনি মৃত্যুর সময়ের উপরে কারও হাত নেই।

যুদ্ধের সময় যেমন কেউ ছুটি পায় না,

তেমনি দুষ্টতা কাউকে ছাড়ে না যে তা অভ্যাস করে।

9 সূর্যের নিচে যা কিছু করা হয় তার দিকে মনোযোগ দিয়ে আমি এসবই দেখেছি। কোনো কোনো সময়ে একজন অন্যের উপরে তার অমঙ্গলের জন্য কর্তৃত্ব করে। 10 তারপর, আমি এও দেখলাম দুষ্টদের কবর দেওয়া হল—যারা পবিত্রস্থানে যাতায়াত করত এবং যে নগরে তারা তা করত সেখানে তারা প্রশংসা পেত। এটাও অসার।

11 অন্যায় কাজের শাস্তি যদি তাড়াতাড়ি দেওয়া না হয় তাহলে লোকদের হৃদয় অন্যায় করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়। 12 যদিও দুষ্টলোক একশোটি দুষ্কর্ম করে অনেক দিন বেঁচে থাকে তবুও আমি জানি ঈশ্বরকে যারা ভয় করে তাদের মঙ্গল হবে। 13 কিন্তু দুষ্টরা ঈশ্বরকে ভয় করে না বলে তাদের মঙ্গল হবে না এবং তাদের আয়ু ছায়ার মতো হবে।

14 পৃথিবীতে আরও একটি অসার বিষয় ঘটে দুষ্টের যা পাওনা তা ধার্মিক লোক পায় এবং ধার্মিক লোকের যা পাওনা তা দুষ্টলোক পায়। এটাও আমি বলি অসার। 15 সেইজন্য আমি জীবনে আমোদের প্রশংসা করছি, কারণ সূর্যের নিচে খাওয়াদাওয়া ও আমোদ করা ছাড়া মানুষের জন্য ভালো আর কিছুই নেই। তাহলে সূর্যের নিচে ঈশ্বরের দেওয়া মানুষের জীবনের সমস্ত দিনগুলিতে তার কাজে আনন্দই হবে তার সঙ্গী।

16 প্রজ্ঞা পাবার জন্য এবং পৃথিবীতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম—দিনে কিংবা রাতে মানুষের ঘুম হয় না— 17 তখন আমি ঈশ্বরের সমস্ত কাজ দেখলাম। সূর্যের নিচে যে কাজ হয় তা কেউ বুঝতে পারে না। যদিও তা খুঁজে পাবার জন্য তাদের প্রচেষ্টা থাকে তবুও কেউ তার অর্থ খুঁজে পায় না। এমনকি জ্ঞানবানেরা দাবি করে যে তারা জানে, কিন্তু তারা সত্যিই সম্পূর্ণ বুঝতে পারে না।

9:1 সেইজন্য আমি এসব বিষয় নিয়ে চিন্তা করলাম এবং দেখলাম যে, ধার্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাদের কাজ সবই ঈশ্বরের হাতে, কিন্তু কেউ জানে না তাদের জন্য প্রেম না ঘৃণা অপেক্ষা করছে। 2 সকলের শেষ অবস্থা একই—ধার্মিক ও দুষ্ট, ভালো ও মন্দ, শুচি ও অশুচি, যারা উৎসর্গ অনুষ্ঠান করে ও যারা তা করে না।

ভালো লোকের জন্যও যা,

পাপীর জন্যও তা;

যারা শপথ করে তাদের জন্যও যা,

যারা তা করতে ভয় পায় তাদের জন্যও তা।

3 সূর্যের নিচে যা কিছু ঘটে তার মধ্যে দুঃখের বিষয় হল: সকলের একই দশা ঘটে। এছাড়া মানুষের হৃদয় মন্দে পরিপূর্ণ এবং যতদিন তারা বেঁচে থাকে ততদিন তাদের হৃদয়ে বিচারবুদ্ধিহীনতা থাকে, আর তারপরে সে মারা যায়। 4 জীবিত লোকদের আশা আছে—এমনকি, মরা সিংহের চেয়ে জীবিত কুকুরও ভালো!

5 কারণ জীবিত লোকেরা জানে যে তাদের মরতে হবে,

কিন্তু মৃতেরা কিছুই জানে না;

তাদের আর কোনো পুরস্কার নেই,

আর তাদের কথাও লোকে ভুলে গেছে।

6 তাদের ভালোবাসা, তাদের ঘৃণা

এবং তাদের হিংসা অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে;

সূর্যের নিচে যা কিছু ঘটবে তাতে

তাদের আর কখনও কোনো অংশ থাকবে না।

7 তুমি যাও, আনন্দের সঙ্গে তোমার খাবার খাও, আনন্দিত হৃদয়ে দ্রাক্ষারস পান করো, কারণ তোমার এসব কাজ ঈশ্বর আগেই গ্রাহ্য করেছেন। 8 সবসময় সাদা কাপড় পরবে আর মাথায় তেল দেবে। 9 সূর্যের নিচে ঈশ্বর তোমাকে যে অসার জীবন দিয়েছেন, তোমার জীবনের সেইসব দিনগুলি তোমার স্ত্রী, যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গে আনন্দে তোমার সকল অসার দিনগুলি কাটাও। কারণ সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হচ্ছো তা তোমার জীবনের পাওনা। 10 তোমার হাতে যে কোনো কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ, সেই মৃতস্থানে, সেখানে কোনো কাজ বা পরিকল্পনা বা বৃদ্ধি কিংবা বিদ্যা বা প্রজ্ঞা বলে কিছুই নেই।

11 আমি সূর্যের নিচে আরও একটি ব্যাপার দেখলাম

দ্রুতগামীদের জন্য দৌড় নয়

বা শক্তিশালীদের জন্য যুদ্ধ নয়

কিংবা জ্ঞানবানদের জন্য খাবার

কিংবা বুদ্ধিদীপ্তদের জন্য ধনসম্পদ

বা বিজ্ঞদের জন্য অনুগ্রহ আসে না;

কিন্তু সকলের জন্য সময় ও সুযোগ আসে।

12 আবার, কেউ জানে না তাদের সময় কখন উপস্থিত হবে

মাছ যেমন নিষ্ঠুর জালে ধরা পড়ে,

কিংবা পাখিরা ফাঁদে পড়ে,

তেমনি মানুষ অশুভকালে ধরা পড়ে

যা তাদের উপরে হঠাৎ এসে পড়ে।

13 আমি সূর্যের নিচে প্রজ্ঞা সম্বন্ধে আর একটি ব্যাপার দেখলাম যা আমার মনে গভীরভাবে দাগ কাটল 14 একবার একটি ছোটো নগর ছিল যেখানে অল্প লোক বাস করত। আর একজন শক্তিশালী রাজা তার বিরুদ্ধে এসে, তার চারিদিকে বিরাট অবরোধ নির্মাণ করল। 15 সেই নগরে একজন জ্ঞানবান গরিব লোক বাস করত, এবং সে তার প্রজ্ঞা দিয়ে নগরটি রক্ষা করল। কিন্তু কেউ সেই গরিব লোকটাকে মনে রাখল না। 16 তাই আমি বললাম, “শক্তির চেয়ে প্রজ্ঞা ভালো।” কিন্তু সেই গরিব লোকের প্রজ্ঞাকে তুচ্ছ করা হয় এবং তার কথা কেউ শোনে না।

17 বোকাদের শাসনকর্তার চিৎকারের চেয়ে

বরং জ্ঞানবানের শান্তিপূর্ণ কথা শোনা ভালো।

18 যুদ্ধের অস্ত্রশস্ত্রের চেয়ে প্রজ্ঞা ভালো,

কিন্তু একজন পাপী অনেক ভালো কাজ নষ্ট করে।