ভাগ 7: শলোমনের পাপ (continued)

980 থেকে 975 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

উপদেশক 10–12

1 মরা মাছি যেমন সুগন্ধি তেল দুর্গন্ধ করে তোলে,

তেমনি একটু নির্বুদ্ধিতা প্রজ্ঞা ও সম্মানকে মুছে ফেলে।

2 জ্ঞানবানের হৃদয় তার ডানদিকে ফেরে,

কিন্তু বোকাদের হৃদয় তার বাঁদিকে ফেরে,

3 এমনকি, বোকারা যখন পথ চলে,

তাদের বুদ্ধির অভাব হয়

এবং প্রকাশ করে যে সে কত বোকা।

4 শাসনকর্তা যদি তোমার উপর রেগে যান,

তুমি তোমার পদ ত্যাগ কোরো না;

শান্তভাব থাকলে বড়ো বড়ো অন্যায় অতিক্রম করা যায়।

5 আমি সূর্যের নিচে এক মন্দ বিষয় দেখেছি,

শাসনকর্তারা এইরকম ভুল করে থাকে

6 বড়ো বড়ো পদে বুদ্ধিহীনেরা নিযুক্ত হয়,

যেখানে ধনীরা নিচু পদে নিযুক্ত হয়।

7 আমি দাসেদের ঘোড়ার পিঠে দেখেছি,

যেখানে উঁচু পদের কর্মচারীরা দাসের মতো পায়ে হেঁটে চলে।

8 যে গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়তে পারে;

যে দেয়াল ভাঙে তাকে সাপে কামড়াতে পারে।

9 যে পাথর কাটে সে তার দ্বারাই আঘাত পেতে পারে;

যে কাঠ কাটে সে তার দ্বারাই বিপদে পড়তে পারে।

10 কুড়ুল যদি ভোঁতা হয়

আর তাতে ধার দেওয়া না হয়,

তা ব্যবহার করতে বেশি শক্তি লাগে,

কিন্তু দক্ষতা সাফল্য আনে।

11 সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয়,

সাপুড়ে কোনো পারিশ্রমিক পায় না।

12 জ্ঞানবানের মুখের কথা অনুগ্রহজনক,

কিন্তু বোকারা তাদের মুখের কথা দিয়ে নিজেদের ধ্বংস করে।

13 মুখের কথার আরম্ভই মূর্খতা;

শেষে তা হল দুষ্টদায়ক প্রলাপ—

14 এবং বুদ্ধিহীনেরা অনেক কথা বলে।

ভবিষ্যতে কী হবে কেউ জানে না—

তারপর কী হবে তা তাদের কে জানাতে পারে?

15 বোকাদের পরিশ্রম তাদের ক্লান্ত করে;

তারা নগরে যাবার রাস্তা জানে না।

16 ধিক্ সেই দেশ যার রাজা আগে দাস ছিলেন

এবং সেখানকার রাজপুরুষেরা সকাল বেলাতেই ভোজ খায়।

17 ধন্য সেই দেশ যার রাজা সম্ভ্রান্তবংশীয়

এবং সেখানকার রাজপুরুষেরা সঠিক সময়ে খাওয়াদাওয়া করে—শক্তির জন্য,

মাতলামির জন্য নয়।

18 আলস্যে ঘরের ছাদ ধসে যায়;

অলসতার জন্য ঘরে জল পড়ে।

19 হাসিখুশির জন্য ভোজের ব্যবস্থা করা হয়,

দ্রাক্ষারস জীবনে আনন্দ আনে,

এবং অর্থ সবকিছু যোগায়।

20 মনে মনেও রাজাকে অভিশাপ দিয়ো না,

কিংবা নিজের শোবার ঘরে ধনীকে অভিশাপ দিয়ো না,

কারণ আকাশের পাখিও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে,

এবং পাখি উড়ে গিয়ে তোমার কথা বলে দিতে পারে।

11:1 তুমি জলের উপরে তোমার শস্য ছড়িয়ে দাও;

অনেক দিন পরে তুমি হয়তো তার ফল পাবে।

2 সাতটি উদ্যোগে বিনিয়োগ করো, হ্যাঁ আটটিতে;

কারণ তুমি জানো না পৃথিবীতে কী বিপদ আসবে।

3 মেঘ যদি জলে পূর্ণ থাকে,

তারা পৃথিবীতে বৃষ্টি ঢালে।

গাছ দক্ষিণে কী উত্তরে পড়ুক,

যেখানে পড়বে, সেখানেই পড়ে থাকবে।

4 যে বাতাসের দিকে তাকায় তার বীজ বোনা হয় না;

যে মেঘ দেখে তার শস্য কাটা হয় না।

5 তুমি যেমন বাতাসের পথ জানো না,

কিংবা মায়ের গর্ভে কেমন করে শরীর গঠন হয়,

তেমনি তুমি ঈশ্বরের কাজও বুঝতে পারবে না,

যিনি সবকিছুর সৃষ্টিকর্তা।

6 তোমার বীজ সকালে বোনো,

আর বিকালে তোমার হাতকে অলস হতে দিয়ো না,

কারণ তুমি জানো না কোনটি কৃতকার্য হবে,

এটি না ওটি,

কিংবা দুটোই সমানভাবে ভালো হবে।

7 আলো মিষ্ট,

আর সূর্য দেখলে চোখ সন্তুষ্ট হয়।

8 কোনো একজন অনেক দিন বাঁচতে পারে,

সে যেন সেই দিনগুলিতে আনন্দ ভোগ করে।

কিন্তু অন্ধকারের দিনগুলির কথা যেন সে মনে রাখে,

কারণ সেগুলি হবে অনেক।

যা কিছু ঘটে তা সবই অসার।

9 হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,

আর তোমার যৌবনে তোমার হৃদয় তোমাকে আনন্দ দিক।

তোমার হৃদয়ের ইচ্ছামতো পথে চলো

এবং তোমার চোখ যা কিছু দেখে,

তুমি কিন্তু জেনে রাখো এসব বিষয়ের জন্য

ঈশ্বর তোমার বিচার করবেন।

10 সেইজন্য, তোমার হৃদয় থেকে উদ্বেগ দূর করো

আর তোমার শরীর থেকে দুঃখ সরিয়ে ফেলো,

কারণ যৌবন ও তেজ অসার।

12:1 তোমার যৌবনকালে

তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো,

দুঃখের দিনগুলি আসার আগে

আর সেই বছর সকল কাছে আসার সময় তুমি যখন বলবে,

“এই সবে আমার কোনো আনন্দ নেই”—

2 তখন সূর্য ও আলো

আর চাঁদ ও তারা যখন অন্ধকার হবে,

আর বৃষ্টির পরে মেঘ ফিরে আসে;

3 সেদিনে বাড়ির রক্ষাকারীরা কাঁপবে,

আর শক্তিশালী লোকেরা নত হবে,

যারা পেষণ করে তারা অল্প সংখ্যক বলে কাজ ছেড়ে দেবে।

আর যারা জানালার ভিতর থেকে দেখে তাদের দৃষ্টি অস্পষ্ট হবে;

4 যখন রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে

আর জাঁতার আওয়াজ কমে যাবে;

যখন পাখির আওয়াজে লোকে উঠবে,

কিন্তু তাদের সব গান ক্ষীণ হয়ে যাবে;

5 যখন লোকেরা উঁচু জায়গাকে

আর রাস্তার বিপদকে ভয় পাবে;

যখন কাঠবাদাম গাছে ফুল ফুটবে

আর ফড়িং টেনে টেনে হাঁটবে

এবং বাসনা আর উত্তেজিত হবে না।

তখন লোকে তাদের অনন্তকালের বাড়িতে চলে যাবে

আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।

6 রুপোর তার ছিঁড়ে যাওয়ার আগে,

কিংবা সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে;

ফোয়ারার কাছে কলশি চুরমার করার আগে,

কিংবা কুয়োর জল তোলার চাকা ভেঙে যাওয়ার আগে—তাকে স্মরণ করো।

7 আর ধুলো মাটিতেই ফিরে যাবে যেখান থেকে সে এসেছে,

এবং আত্মা যাঁর দান, সেই ঈশ্বরের কাছেই ফিরে যাবে।

8 উপদেশক বললেন, “অসার! অসার!

সবকিছুই অসার!”

9 উপদেশক নিজেই কেবল জ্ঞানবান ছিলেন না, কিন্তু তিনি লোকদের জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক প্রবাদ সাজিয়েছেন। 10 উপদেশক উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যিকথা।

11 জ্ঞানবান লোকদের কথা রাখালের অঙ্কুশের মতো, তাদের কথাগুলি একত্র করলে মনে হয় যেন সেগুলি সব শক্ত করে গাঁথা পেরেক—যা একজন রাখাল বলেছেন। 12 হে আমার সন্তান, এর সঙ্গে কিছু যোগ করা হচ্ছে কি না সেই বিষয় সতর্ক থেকো।

বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।

13 এখন সবকিছু তো শোনা হল;

তবে শেষ কথা এই যে

ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো,

কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।

14 কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন,

এমনকি সমস্ত গুপ্ত বিষয়,

তা ভালো হোক বা মন্দ হোক।