ভাগ 7: শলোমনের পাপ (continued)
980 থেকে 975 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 পরে আমি তাকালাম আর দেখলাম সূর্যের নিচে যেসব অত্যাচার হয়
আমি নিপীড়িতদের চোখের জল দেখলাম—
আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই;
সমস্ত ক্ষমতা তাদের নিপীড়নকারীদের পক্ষে—
আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই।
2 এবং আমি ঘোষণা করলাম যে মৃতেরা,
যারা আগেই মারা গেছে,
তারা জীবিতদের থেকে আনন্দে আছে,
যারা এখনও জীবিত।
3 কিন্তু উভয়ের চেয়েও ভালো হল
যার এখনও জন্ম হয়নি,
যে কখনও মন্দ দেখেনি
যা কিছু সূর্যের নিচে করা হয়।
4 আর আমি দেখলাম একজনের প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
5 বোকারা হাত গুটিয়ে রাখে
এবং নিজেদের ধ্বংস করে।
6 দুই মুঠো পরিশ্রম পাওয়া
এবং কেবল বাতাসের পিছনে দৌড়ানোর চেয়ে
এক হাত শান্তি পাওয়া ভালো।
7 আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম
8 কোনো একজন লোক একেবারে একা;
তার ছেলেও নেই কিংবা ভাইও নেই,
তার পরিশ্রমের শেষ নেই,
তবুও তার ধনসম্পদে তার চোখ তৃপ্ত নয়।
সে জিজ্ঞাসা করল, “আমি কার জন্য পরিশ্রম করছি,
আর আমি কেন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”
এটাও অসার—
ভারী কষ্টজনক!
9 একজনের চেয়ে দুজন ভালো,
কারণ তাদের কাজে অনেক ভালো ফল হয়
10 যদি একজন পড়ে যায়,
তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে।
কিন্তু হায় সেই লোক যে পড়ে যায়
আর কেউ তাকে উঠাবার জন্য নেই।
11 আরও, যদি দুজন শুয়ে থাকে, তারা উষ্ণ থাকে।
কিন্তু একজন কী করে নিজেকে একা উষ্ণ রাখতে পারবে?
12 যদিও একা ব্যক্তি হেরে যেতে পারে,
দুজন নিজেদের প্রতিরোধ করতে পারে।
তিনটে দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।
13 একজন বুড়ো বোকা রাজা, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে গরিব অথচ বুদ্ধিমান যুবক ভালো। 14 সেই যুবক হয়তো কারাগার থেকে এসে রাজা হয়েছে, কিংবা সে হয়তো সেই রাজ্যে অভাবের মধ্যে জন্মেছে। 15 আমি দেখলাম যারা সূর্যের নিচে বসবাস করত ও চলাফেরা করত তারা সেই যুবককে অনুসরণ করল, সেই রাজার উত্তরাধিকারী। 16 সেই লোকদের কোনো সীমা ছিল না যারা তাদের আগে ছিল। কিন্তু যারা পরে এসেছিল তারা সেই উত্তরাধিকারীর উপরে সন্তুষ্ট হল না। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
5:1 ঈশ্বরের ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মতো উৎসর্গের অনুষ্ঠান করবার চেয়ে বরং ঈশ্বরের বাধ্য হওয়া ভালো।
2 তোমার মুখ তাড়াতাড়ি করে কোনো কথা না বলুক,
ঈশ্বরের কাছে তাড়াতাড়ি করে
হৃদয় কোনো কথা উচ্চারণ না করুক।
ঈশ্বর স্বর্গে আছেন
আর তুমি পৃথিবীতে আছ
অতএব তোমার কথা যেন অল্প হয়।
3 অনেক চিন্তাভাবনা থাকলে লোকে যেমন স্বপ্ন দেখে,
তেমনি অনেক কথা বললে বোকামি বেরিয়ে আসে।
4 ঈশ্বরের কাছে কোনো মানত করলে তা পূর্ণ করতে দেরি কোরো না। বোকা লোকদের নিয়ে তিনি কোনো আনন্দ পান না; তোমাদের মানত পূর্ণ কোরো। 5 মানত করে তা পূরণ না করবার চেয়ে বরং মানত না করাই ভালো। 6 তোমার মুখকে তোমাকে পাপের পথে নিয়ে যেতে দিয়ো না। এবং মন্দিরের দূতের কাছে বোলো না, “আমি ভুল করে মানত করেছি।” তোমার কথার জন্য কেন ঈশ্বর অসন্তুষ্ট হয়ে তোমার হাতের কাজ নষ্ট করে ফেলবেন? 7 অনেক স্বপ্ন দেখা এবং অনেক কথা বলা অসার। সেইজন্য ঈশ্বরকে ভয় করো।
8 তোমার এলাকায় যদি কোনো গরীবকে অত্যাচারিত হতে দেখো কিংবা কাউকে ন্যায্যবিচার ও তার ন্যায্য অধিকার না পেতে দেখো তবে অবাক হোয়ো না; কারণ এক কর্মচারীর উপরে বড়ো আর এক কর্মচারী আছেন এবং তাদের দুজনের উপরে আরও বড়ো বড়ো কর্মকর্তা আছেন। 9 দেশের ফল সকলের জন্য; ক্ষেত্রের লাভ রাজা নিজে পায়।
10 যে লোক অর্থ ভালোবাসে সে কখনও তৃপ্ত হয় না;
যে লোক ধনসম্পদ ভালোবাসে সে তার আয়ে কখনও সন্তুষ্ট হয় না।
এটাও অসার।
11 পণ্য যখন বাড়ে,
তা ভোগ করবার লোকও বাড়ে।
কেবল দেখবার সুখ ছাড়া
সেই সম্পত্তিতে মালিকের কী লাভ?
12 একজন শ্রমিকের ঘুম মিষ্টি,
তারা কম খাক কিংবা বেশি খাক,
কিন্তু ধনবানের ক্ষেত্রে, তাদের প্রাচুর্য
তাদের ঘুমাতে দেয় না।
13 সূর্যের নিচে আমি একটি ভীষণ মন্দতা দেখেছি
ধনী অনেক ধনসম্পদ জমা করে কিন্তু শেষে তার ক্ষতি হয়,
14 কিংবা কোনো দুর্ঘটনায় পড়ে তা ধ্বংস হয়ে যায়,
সেইজন্য তার যখন সন্তান হয়
উত্তরাধিকারসূত্রে তার কিছু থাকে না।
15 সকলেই মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে আসে,
সে যেমন আসে তেমনই চলে যায়।
তারা তাদের পরিশ্রমের কিছুই নেয় না
যা তারা হাতে করে নিতে পারবে।
16 এটাও একটি ভীষণ মন্দতা
সকলে যেমন আসে, তেমনি চলে যায়,
কারণ তারা বাতাসের জন্য পরিশ্রম করে
তাতে তাদের লাভ কী?
17 তারা সারা জীবন অন্ধকারে আহার করে,
আর ভীষণ বিরক্তি, যন্ত্রণা ও রাগ উপস্থিত হয়।
18 ভালো হলে কী হয় তা আমি লক্ষ্য করলাম ঈশ্বর সূর্যের নিচে মানুষকে যে কয়টা দিন বাঁচতে দিয়েছেন তাতে খাওয়াদাওয়া করা এবং কঠিন পরিশ্রমের মধ্যে তৃপ্ত হওয়াই তার পক্ষে ভালো এবং উপযুক্ত কারণ ওটিই তার পাওনা। 19 এছাড়া, ঈশ্বর যখন কোনো মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটি অংশগ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন—এটাই ঈশ্বরের দান। 20 তারা কদাচিৎ তাদের জীবনের দিনগুলির দিকে ফিরে তাকায়, কারণ ঈশ্বর তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।