ভাগ 7: শলোমনের পাপ (continued)
980 থেকে 975 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 আমি মনে মনে বললাম, “এখন এসো, আমি তোমাকে আমোদ দিয়ে পরীক্ষা করব যে কী ভালো।” কিন্তু তাও পরীক্ষা করে দেখা গেল যে তা অসার। 2 আমি বললাম, “হাসিও উন্মত্ততা। আর আমোদ কী করে?” 3 আমি মদ্যপান দ্বারা নিজেকে আনন্দ দেবার চেষ্টা করলাম এবং মূর্খতাকে আলিঙ্গন করলাম প্রজ্ঞা তখনও আমার মনকে পরিচালিত করছিল। আমি দেখতে চাইলাম, আকাশের নিচে মানুষের জীবনকালে তার জন্য কোনটা ভালো।
4 আমি কতগুলি বড়ো বড়ো কাজ করলাম আমি নিজের জন্য অনেক ঘরবাড়ি তৈরি করলাম আর আমি দ্রাক্ষাক্ষেত তৈরি করলাম। 5 আমি বাগান ও পার্ক তৈরি করে সেখানে সব রকমের ফলের গাছ লাগালাম। 6 বেড়ে ওঠা গাছে জল দেবার জন্য আমি কতগুলি পুকুর কাটালাম। 7 আমি অনেক দাস ও দাসী কিনলাম আর অনেক দাস-দাসী আমার বাড়িতে জন্মেছিল। আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমার অনেক বেশি গরু-মেষ ছিল। 8 আমি অনেক রুপো ও সোনা এবং অন্যান্য দেশের রাজাদের ও বিভিন্ন প্রদেশের সম্পদ নিজের জন্য জড়ো করলাম। আমি অনেক গায়ক গায়িকা এবং মানুষের হৃদয়ের আনন্দ অনুসারে হারেমও অর্জন করলাম। 9 আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমি অনেক বড়ো হলাম। এই সবে আমার প্রজ্ঞা আমার সঙ্গে ছিল।
10 আমার চোখে যা ভালো লাগত আমি তা অস্বীকার করতাম না;
আমার হৃদয়ের কোনো আনন্দ আমি প্রত্যাখ্যান করতাম না।
আমার সবকাজেই আমার মন খুশি হত,
আর এটাই ছিল আমার সব পরিশ্রমের পুরস্কার।
11 তবুও আমি যা কিছু করেছি আর যা পাওয়ার জন্য পরিশ্রম করেছি
তার দিকে যখন তাকিয়াছি,
সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো;
সূর্যের নিচে কোনো কিছুতেই লাভ নেই।
12 তারপর আমি প্রজ্ঞা, এবং উন্মত্ততা ও মূর্খতার
কথা চিন্তা করলাম।
যা কিছু আগেই করা হয়ে গেছে
তার থেকে রাজার উত্তরাধিকারী আর বেশি কী করতে পারে?
13 আমি দেখলাম প্রজ্ঞা মূর্খতার থেকে ভালো,
যেমন আলো অন্ধকারের থেকে ভালো।
14 জ্ঞানবানের মাথাতেই চোখ থাকে,
কিন্তু বোকা অন্ধকারে চলাফেরা করে;
তবুও আমি বুঝতে পারলাম
যে ওই দুজনের শেষ দশা একই।
15 তারপর আমি নিজের মনে মনে বললাম,
“বোকার যে দশা হয় তা তো আমার প্রতি ঘটে।
তাহলে জ্ঞানবান হয়ে আমার কী লাভ?”
আমি নিজের মনে মনে বললাম,
“এটাও তো অসার।”
16 বোকাদের মতো জ্ঞানবানদেরও লোকে বেশি দিন মনে রাখবে না;
সেদিন উপস্থিত যখন উভয়কেই ভুলে যাবে।
বোকাদের মতো জ্ঞানবানদেরও মরতে হবে!
17 সুতরাং আমি জীবনকে ঘৃণা করলাম, কারণ সূর্যের নিচে যে কাজ করা হয় সেগুলি আমার কাছে দুঃখজনক মনে হল। সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো। 18 সূর্যের নিচে যেসব জিনিসের জন্য আমি পরিশ্রম করেছি সেগুলি আমি এখন ঘৃণা করতে লাগলাম, কারণ আমার পরে যে আসবে তার জন্যই আমাকে সেইসব রেখে যেতে হবে। 19 আর কে জানে সেই লোক জ্ঞানী না বুদ্ধিহীন হবে? তবুও সেই আমার পরিশ্রমের সব ফল নিয়ন্ত্রণ করবে, যার জন্য আমি সূর্যের নিচে সমস্ত প্রচেষ্টা ও দক্ষতা ঢেলেছি। এটাও অসার। 20 অতএব সূর্যের নিচে যেসব পরিশ্রমের কাজ করেছি তার জন্য আমার অন্তর নিরাশ হতে লাগল। 21 কেননা জ্ঞান, বুদ্ধি ও দক্ষতা দিয়ে একজন পরিশ্রম করতে পারে, কিন্তু তারপরে তার সবকিছু অধিকার হিসেবে এমন একজনের জন্য রেখে যেতে হয় যে লোক তার জন্য কোনো পরিশ্রম করেনি। এটাও অসার এবং দুর্ভাগ্যের বিষয়। 22 সূর্যের নিচে মানুষের যে সকল পরিশ্রম ও উদ্বেগ হয়, তাতে তার কী লাভ হয়? 23 সারাদিন তার কাজে থাকে মনস্তাপ ও ব্যথা; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।
24 মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে, 25 কেননা তাঁকে ছাড়া কে খেতে পায় কিংবা আনন্দ উপভোগ করে? 26 যে তাঁকে সন্তুষ্ট করে, ঈশ্বর তাকে প্রজ্ঞা, বুদ্ধি ও আনন্দ দান করেন, কিন্তু পাপীকে তিনি ধনসম্পদ জোগাড় করবার ও তা জমাবার কাজ দেন, যেন সে তা সেই লোককে দিয়ে যায় যে ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
3:1 সবকিছুর জন্য একটি সময় আছে,
আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে:
2 জন্মের সময় ও মরণের সময়,
বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়,
3 মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,
ভেঙে ফেলবার সময় ও গড়বার সময়,
4 কাঁদবার সময় ও হাসবার সময়,
শোক করবার সময় ও নাচবার সময়,
5 পাথর ছড়াবার সময় ও সেগুলি জড়ো করবার সময়,
ভালোবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
6 খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,
রাখবার সময় ও ফেলে দেবার সময়,
7 ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,
চুপ করবার সময় ও কথা বলবার সময়,
8 ভালোবাসার সময় ও ঘৃণা করবার সময়,
যুদ্ধের সময় ও শান্তির সময়।
9 শ্রমিক পরিশ্রমের কী ফল পায়? 10 ঈশ্বর মানুষের উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছেন তা আমি দেখেছি। 11 তিনি সবকিছু তার সময়ে সুন্দর করেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন; কিন্তু ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কী করেছেন তা মানুষ বুঝতে পারে না। 12 আমি জানি মানুষের জীবনকালে আনন্দ করা ও ভালো কাজ করা ছাড়া তার জন্য আর ভালো কিছু নেই। 13 প্রত্যেক মানুষ খাওয়াদাওয়া করবে ও তার পরিশ্রমের ফলে সন্তুষ্ট হবে—এটি ঈশ্বরের দান। 14 আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সঙ্গে যোগ করা যায় না কিংবা তার থেকে নেওয়া যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।
15 যা কিছু আছে তা আগে থেকেই ছিল,
আর যা হবে তাও আগে ছিল;
আর যা হয়ে গেছে ঈশ্বর তার হিসেব নেন।
16 এবং আমি সূর্যের নিচে আরও একটি বিষয় দেখলাম
বিচারের জায়গায়—দুষ্টতা ছিল,
সততার জায়গায়—দুষ্টতা ছিল।
17 আমি নিজে মনে মনে বললাম,
“ঈশ্বর ধার্মিকের ও দুষ্টের
দুজনেরই বিচার করবেন,
কারণ সেখানে সমস্ত কাজের জন্য সময় আছে,
সমস্ত কাজের বিচারের জন্য সময় আছে।”
18 আমি আরও নিজে মনে মনে বললাম, “মানুষের ক্ষেত্রে, ঈশ্বর তাদের পরীক্ষা করেন যেন তারা দেখতে পায় তারা পশুদেরই মতো। 19 কেননা মানুষের প্রতি যা ঘটে পশুর প্রতিও তাই ঘটে; উভয়ের জন্য একই পরিণতি অপেক্ষা করে এ যেমন মরে সেও তেমন মরে। তাদের সবার প্রাণবায়ু একই রকমের; পশুর থেকে মানুষের কোনো প্রাধান্য নেই। সবই অসার। 20 সকলেই এক জায়গায় যায়; সবাই মাটি থেকে তৈরি, আর মাটিতেই ফিরে যায়। 21 মানুষের আত্মা যে উপরে যায় আর পশুর আত্মা মাটির তলায় যায় তা কে জানে?”
22 অতএব আমি দেখলাম যে নিজের কাজে আনন্দ করা ছাড়া আর ভালো কিছু মানুষের জন্য নেই, কারণ ওটিই তার পাওনা। কারণ তাদের মৃত্যুর পরে কি ঘটবে তা কে তাদের দেখাতে পারে?