সন্হেরীবের প্রথম আক্রমণ
713 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 নিষ্ঠাসহকারে হিষ্কিয় এত কিছু করার পর, আসিরিয়ার রাজা সন্হেরীব এসে যিহূদায় সশস্ত্র আক্রমণ চালিয়েছিলেন। সুরক্ষিত নগরগুলি নিজের অধিকারে আনার ভাবনাচিন্তা নিয়ে তিনি সেগুলি ঘেরাও করলেন। 2 হিষ্কিয় যখন দেখেছিলেন যে সন্হেরীব এসে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন, 3 তখন নগরের বাইরে থাকা জলের উৎসগুলি থেকে আসা জলের স্রোত বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি তাঁর কর্মকর্তা ও সামরিক কর্মচারীদের সাথে আলোচনা করলেন, এবং তারা তাঁকে সাহায্য করলেন। 4 তারা এমন অনেক লোক একত্রিত করলেন, যারা দেশে বয়ে যাওয়া নদীনালার জলস্রোত বন্ধ করে দিয়েছিল। “আসিরিয়ার রাজারা এসে কেন প্রচুর জল পাবে?” তারা বলল। 5 পরে তিনি পরিশ্রম করে প্রাচীরের ভাঙা অংশগুলি মেরামত করলেন ও সেটির উপর মিনার গড়ে দিলেন। সেই প্রাচীরটির বাইরের দিকেও তিনি আরও একটি প্রাচীর তৈরি করলেন এবং দাউদ-নগরের উঁচু চাতালগুলিও আরও মজবুত করে দিলেন। তিনি প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও ঢালও বানিয়েছিলেন।
6 প্রজাদের উপর তিনি সেনাপতিদের নিযুক্ত করে দিলেন এবং নগরের সিংহদুয়ারের সামনের চকে তাদের একত্রিত করে এই কথা বলে তাদের উৎসাহ দিলেন: 7 “তোমরা বলবান ও সাহসী হও। আসিরিয়ার রাজাকে ও তাঁর সাথে থাকা বিশাল সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না, কারণ তাঁর সাথে যে বা যারা আছে, তাদের তুলনায় আমাদের সাথে যিনি আছেন, তাঁর ক্ষমতা অনেক বেশি। 8 তাঁর সাথে আছে শুধু মানুষের হাত, কিন্তু আমাদের সাথে আছেন আমাদের সেই ঈশ্বর সদাপ্রভু, যিনি আমাদের সাহায্য করতে ও আমাদের হয়ে যুদ্ধ করতেও সক্ষম।” যিহূদার রাজা হিষ্কিয় প্রজাদের যে কথা বললেন, তা শুনে তারা ভরসা পেয়েছিল।
হিষ্কিয় বশ্যতা স্বীকার করেন, আর অস্দোদ দখল হয়
13 রাজা হিষ্কিয়ের রাজত্বকালের চর্তুদশ বছরে আসিরিয়ার রাজা সন্হেরীব যিহূদার সব সুরক্ষিত নগর আক্রমণ করে সেগুলি দখল করে নিয়েছিলেন। 14 তাই যিহূদার রাজা হিষ্কিয় লাখীশে আসিরিয়ার রাজাকে এই খবর দিয়ে পাঠালেন: “আমি অন্যায় করেছি। আপনি আমার কাছ থেকে ফিরে যান, আর আপনি যা দাবি করবেন, আমি আপনাকে তাই দেব।” আসিরিয়ার রাজা হিষ্কিয়ের কাছ থেকে জোর করে তিনশো তালন্ত রুপো ও ত্রিশ তালন্ত সোনা আদায় করে নিয়েছিলেন। 15 অতএব সদাপ্রভুর মন্দিরে ও রাজপ্রাসাদের কোষাগারে যত রুপো ছিল, হিষ্কিয় সেসব তাঁর হাতে তুলে দিলেন।
16 যিহূদার রাজা হিষ্কিয় সদাপ্রভুর মন্দিরের দরজা ও চৌকাঠগুলি যত সোনা দিয়ে মুড়ে রেখেছিলেন, সেইসব সোনা খুলে নিয়ে সেই সময় তিনি তা আসিরিয়ার রাজাকে দিলেন।
1 যে বছর আসিরীয় রাজা সর্গোনের পাঠানো প্রধান সেনাপতি অস্দোদে এসে, তা আক্রমণ করে অধিকার করেন, 2 সেই সময়ে সদাপ্রভু আমোষের পুত্র যিশাইয়ের মাধ্যমে কথা বললেন। তিনি তাঁকে বললেন, “তোমার শরীর থেকে ওই শোকবস্ত্র ও পায়ের চটিজুতো খুলে নাও।” তিনি সেরকমই করলেন। তিনি নগ্ন হয়ে খালি পায়ে এদিক-ওদিক ঘুরতে লাগলেন।
3 তারপরে সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন তিন বছর নগ্ন শরীরে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে, তা হল এক চিহ্নস্বরূপ, আমি মিশর ও ইথিয়োপিয়ার উপরে যে ভয়ংকর কষ্টের সময় নিয়ে আসব, এ তারই নিদর্শন। 4 আসিরীয় রাজা এভাবেই মিশরীয় ও ইথিয়োপীয় বন্দিদের নগ্ন শরীরে ও খালি পায়ে নির্বাসনে নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ নির্বিশেষে, মিশরের লজ্জার জন্য, তাদের নিতম্বদেশ অনাবৃত থাকবে। 5 যারা ইথিয়োপিয়াকে বিশ্বাস করেছিল ও মিশরের জন্য গর্ব করেছিল, তারা ভীত ও লজ্জিত হবে। 6 সেদিন, যে লোকেরা এই উপকূল অঞ্চলে বসবাস করবে, তারা বলবে, ‘দেখো, আমরা যাদের উপরে নির্ভর করেছিলাম, তাদের কী অবস্থা হয়েছে। আসিরীয় রাজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য ও উদ্ধারলাভের আশায়, আমরা তাদেরই কাছে পলায়ন করেছিলাম! তাহলে আমরাই বা কী করে নিষ্কৃতি পাব?’ ”
জেরুশালেমের প্রতি এক ভাববাদীর আবেদন
দেশে সন্হেরীবের সৈন্যবাহিনীর অবস্থানকালে জেরুশালেমের প্রতি এক ভাববাদীর আবেদন।
1 অরীয়েল, অরীয়েল, যে নগরে দাউদ বসবাস করতেন,
ধিক্ তোমাকে!
বছরের পর বছর ধরে
তোমার উৎসবগুলি ঘুরে ফিরে আসে।
2 তবুও, আমি অরীয়েল অবরোধ করব;
সে শোকবিলাপ ও হাহাকার করবে,
সে আমার কাছে বেদির চুল্লির মতো হবে।
3 আমি তোমার চারপাশে শিবির স্থাপন করব;
আমি উঁচু সব মিনার দিয়ে তোমাকে ঘিরে রাখব
এবং তোমার বিরুদ্ধে আমার জাঙ্গাল প্রস্তুত করব।
4 নিচে নামানো হলে তুমি ভূমি থেকে কথা বলবে;
ধুলোর মধ্য থেকে তোমার অস্পষ্ট কথা শোনা যাবে।
ভূপৃষ্ঠ থেকে তোমার স্বর হবে যেন প্রেতাত্মার মতো;
ধুলোর মধ্য থেকে তুমি ফিসফিস করে কথা বলবে।
5 কিন্তু তোমার বহু শত্রু হবে মিহি ধুলোর মতো,
নির্মম নিপীড়নকারীদের বিপুল দল হবে তাড়িত তুষের মতো।
হঠাৎই, এক মুহূর্তের মধ্যে,
6 সর্বশক্তিমান সদাপ্রভু এসে উপস্থিত হবেন,
তাঁর সঙ্গী হবে বজ্রপাত, ভূমিকম্প ও প্রচণ্ড কোলাহল,
তাঁর সঙ্গী হবে ঘূর্ণিঝড়, ঝঞ্ঝা ও সর্বগ্রাসী আগুনের শিখা।
7 তখন অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির পাল পাল লোকেরা,
যারা তাকে ও তার দুর্গকে আক্রমণ করে ও তাকে অবরুদ্ধ করে,
তারা হবে ঠিক যেন স্বপ্নের মতো,
যেমন রাত্রিবেলা কেউ দর্শন পায়,
8 যে ক্ষুধার্ত ব্যক্তি স্বপ্ন দেখে, সে অন্ন ভোজন করছে,
কিন্তু জেগে উঠলে তার ক্ষুধা থেকেই যায়;
পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে যে সে জলপান করছে,
কিন্তু জেগে উঠলে সে মূর্ছিত হয়, কারণ তার পিপাসা নিবারিত হয়নি।
এরকমই হবে সব জাতির বিপুল সংখ্যক লোকের প্রতি,
যারা সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধ করে।
9 তোমরা স্তম্ভিত হও, বিস্ময় প্রকাশ করো,
নিজেদের চোখ ঢেকে ফেলো, রুদ্ধদৃষ্টি হও;
মত্ত হও, কিন্তু সুরা পান করে নয়,
টলোমলো করো, কিন্তু সুরা পানের জন্য নয়।
10 সদাপ্রভু তোমাদের উপরে এক গভীর নিদ্রা নিয়ে এসেছেন:
তিনি তোমাদের দৃষ্টি রুদ্ধ করেছেন (অর্থাৎ ভাববাদীদের);
তিনি তোমাদের মস্তক আবৃত করেছেন (অর্থাৎ দর্শকদের)।
11 তোমাদের কাছে এই দর্শনের সমস্তটাই সিলমোহরাঙ্কিত পুঁথির বাণী ছাড়া আর কিছুই নয়। যে পাঠ করতে পারে, তাকে যদি তোমরা ওই পুঁথিটি দাও ও তাকে বলো, “দয়া করে তুমি এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে পারব না, কারণ এতে সিলমোহর দেওয়া আছে।” 12 অথবা যে পড়তে জানে না, এমন কাউকে যদি পুঁথিটি দাও ও বলো, “দয়া করে এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে জানি না।”
13 সদাপ্রভু বলেন:
“এই লোকেরা কেবল মুখেরই কথায় আমার কাছে এগিয়ে আসে,
তারা কেবলমাত্র ওষ্ঠাধরে আমার সম্মান করে,
কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।
তারা আমার যে উপাসনা করে,
তা মানুষের শিখিয়ে দেওয়া কিছু নিয়মবিধি মাত্র।
14 সেই কারণে, আমি আর একবার
পরপর আশ্চর্য কর্ম করে এদের চমৎকৃত করব;
জ্ঞানীদের জ্ঞান বিনষ্ট হবে,
বুদ্ধিমানদের বুদ্ধি উধাও হবে।”
15 ধিক্ তাদের, যারা সদাপ্রভুর কাছে তাদের পরিকল্পনা লুকাবার জন্য
গভীর জলে নেমে যায়,
যারা অন্ধকারে নিজেদের কাজ করে ও ভাবে,
“কে আমাদের দেখতে পাচ্ছে? কে এসব জানতে পারবে?”
16 তোমরা সমস্ত বিষয়কে উল্টোপাল্টা করছ,
যেন কুমোর ও মাটি, একই সমান!
নির্মিত বস্তু কি নির্মাতাকে বলবে,
“সে আমাকে নির্মাণ করেনি?”
পাত্র কি কুমোরকে বলতে পারে,
“ও কিছুই জানে না?”
17 অল্প সময়ের মধ্যে, লেবানন কি উর্বর ক্ষেত্রে পরিণত হবে না?
আর উর্বর জমি কি অরণ্যের মতো মনে হবে না?
18 সেদিন, বধিরেরা সেই পুঁথির বাণীগুলি শুনতে পাবে,
হতাশা ও অন্ধকার থেকে
অন্ধ লোকদের চোখ দেখতে পাবে।
19 পুনরায় নতনম্র লোকেরা সদাপ্রভুর কারণে আনন্দিত হবে;
নিঃস্ব ব্যক্তিরা ইস্রায়েলের পবিত্রতমজনের কারণে আনন্দ করবে।
20 নির্মম লোকেরা অদৃশ্য হবে,
ব্যঙ্গ-বিদ্রুপকারীদের আর দেখা যাবে না,
যারা অন্যায় কাজের জন্য ষড়যন্ত্র করে, তারা উচ্ছিন্ন হবে—
21 অর্থাৎ, যারা নির্দোষকে অপরাধী সাব্যস্ত করে,
যারা আদালতে প্রতিবাদীকে ফাঁদে ফেলে
এবং যারা মিথ্যা সাক্ষ্যের দ্বারা নির্দোষ ব্যক্তিকে ন্যায়বিচার পেতে বঞ্চিত করে।
22 অতএব, অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু, যাকোব কুলকে এই কথা বলেন:
“যাকোবের বংশধরেরা আর লজ্জিত হবে না,
তাদের মুখমণ্ডল আর ফ্যাকাশে থাকবে না।
23 যখন তারা তাদের ছেলেমেয়েদের, অর্থাৎ
আমার হাতের কাজ তাদের মধ্যে দেখবে,
তারা আমার নামের পবিত্রতা বজায় রাখবে;
তারা যাকোব কুলের পবিত্রতমজনের
পবিত্রতাকে স্বীকার করবে,
তারা সম্ভ্রমে ইস্রায়েলের ঈশ্বরের সামনে দাঁড়াবে।
24 যাদের আত্মা বিভ্রান্ত, তারা বুদ্ধিলাভ করবে,
যারা অভিযোগ করে, তারা নির্দেশনা গ্রহণ করবে।”