যিহূদিয়ায় আক্রমণ ও ব্যাবিলনের ধ্বংসের ভবিষ্যদ্বাণী
713 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী:
তোমাদের এখন সমস্যাটা কী
যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?
2 ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর,
ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী?
তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি,
তারা কেউ যুদ্ধেও মরেনি।
3 তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে;
ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে।
তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে,
যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল।
4 তাই আমি বললাম, “আমার কাছ থেকে ফিরে যাও,
আমাকে তীব্র রোদন করতে দাও।
আমার জাতির বিনাশের জন্য
আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা কোরো না।”
5 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভুর একটি দিন আছে,
দর্শন-উপত্যকায়
বিশৃঙ্খলার, পদদলিত করার ও বিভীষিকার,
প্রাচীর ভেঙে ফেলার একটি দিন
ও পর্বতগুলির কাছে কাঁদার।
6 এলম তার রথারোহীদের ও অশ্বের সঙ্গে
তার তির রাখার তূণ তুলে নিয়েছে;
কীরের লোকেরা ঢালগুলি অনাবৃত করেছে।
7 তোমাদের বাছাই করা উপত্যকাগুলি রথে পরিপূর্ণ,
সমস্ত নগরদ্বারে অশ্বারোহীদের নিযুক্ত করা হয়েছে।
8 যিহূদার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে
আর তুমি সেদিন
অরণ্যের প্রাসাদে রাখা অস্ত্রশস্ত্রগুলির দিকে তাকিয়েছিলে;
9 তুমি দেখেছিলে যে, দাউদ-নগরের
প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ফাটল ছিল,
তুমি নিম্নতর পুষ্করিণীতে
জল সঞ্চয় করেছিলে।
10 তুমি জেরুশালেমের ভবনগুলি গণনা করেছিলে
ও অনেক ঘরবাড়ি ভেঙে দেওয়ালগুলি শক্ত করেছিলে।
11 তুমি পুরাতন পুষ্করিণীর জলের জন্য
দুই প্রাচীরের মধ্যে জলাধার তৈরি করেছিলে,
কিন্তু যিনি এই ঘটনা ঘটতে দিয়েছেন, তোমরা তাঁর দিকে দৃষ্টি করলে না,
বা যিনি বহুপূর্বে এর পরিকল্পনা করেছিলেন, তাঁকে ভক্তি প্রদর্শন করলে না।
12 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,
সেদিন তোমাকে আহ্বান করেছিলেন
যেন তোমরা কাঁদো ও বিলাপ করো,
যেন তোমরা মাথার চুল ছিঁড়ে শোকবস্ত্র পরে নাও।
13 কিন্তু দেখো, কেবলই আনন্দ ও হৈ হট্টগোল,
গৃহপালিত পশুর নিধন ও মেষ হত্যা,
মাংস ভোজন ও দ্রাক্ষারস পান!
তোমরা বলেছ, “এসো, আমরা ভোজন ও পান করি,
কারণ আগামীকাল আমরা মারা যাব!”
14 সর্বশক্তিমান সদাপ্রভু আমার কানে এই কথা প্রকাশ করলেন: “তোমাদের মৃত্যুদিন পর্যন্ত, এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না,” একথা বলেন প্রভু, যিনি সর্বশক্তিমান সদাপ্রভু।
1 সমুদ্রের তীরবর্তী মরুপ্রান্তর সম্পর্কিত এক ভবিষ্যদ্বাণী:
দক্ষিণাঞ্চল থেকে যেমন ঘূর্ণিবায়ু প্রবল বেগে বয়ে যায়,
মরুপ্রান্তর থেকে, এক আতঙ্কস্বরূপ দেশ থেকে
তেমনই এক আক্রমণকারী উঠে আসছে।
2 এক নিদারুণ দর্শন আমাকে দেখানো হয়েছে:
বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করে, লুণ্ঠনকারী লুট গ্রহণ করে।
এলম, আক্রমণ করো! মাদিয়া, তোমরা অবরোধ করো!
তার দেওয়া যত শোকবিলাপের আমি নিবৃত্তি ঘটাব।
3 এতে আমার শরীর বেদনায় জর্জরিত হল,
প্রসববেদনাগ্রস্ত নারীর মতো আমার শরীরে ব্যথা হল;
আমি যা শুনি, তাতে হত-বিহ্বল হই,
আমি যা শুনি, তাতে চমকিত হই।
4 আমার হৃদয় ধুকধুক করে,
ভয়ে আমি কাঁপতে থাকি;
যে গোধূলিবেলার আমি অপেক্ষা করি,
তা আমার কাছে হয়েছে বিভীষিকার মতো।
5 তারা টেবিলে খাবার সাজায়,
তারা বসার জন্য মাদুর বিছিয়ে দেয়,
তারা প্রত্যেকেই ভোজনপান করতে থাকে!
ওহে সেনাপতিরা, তোমরা ওঠো,
ঢালগুলিতে তেল মাখাও!
6 সদাপ্রভু আমাকে এই কথা বলেন:
“তুমি যাও ও গিয়ে একজন প্রহরী নিযুক্ত করো,
সে যা দেখে, তার সংবাদ দিতে বলো।
7 যখন সে অনেক রথ দেখে
যেগুলির সঙ্গে পাল পাল অশ্ব থাকে,
গর্দভ বা উটের পিঠে আরোহীদের
যখন সে দেখে,
সে যেন সজাগ থাকে,
সম্পূর্ণরূপে সজাগ থাকে।”
8 সেই সিংহরূপী প্রহরী চিৎকার করে বলল,
“দিনের পর দিন, আমার প্রভু, আমি প্রহরীদুর্গে দাঁড়িয়ে থাকি;
রোজ রাত্রে আমি আমার প্রহরাস্থানেই থাকি।
9 দেখুন, একজন মানুষ রথে চড়ে আসছে,
তার সঙ্গে আছে অশ্বের পাল।
আর সে প্রত্যুত্তরে বলছে,
‘ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে!
তার সব দেবদেবীর মূর্তিগুলি
মাটিতে যেখানে সেখানে ছড়িয়ে আছে!’ ”
10 ও আমার প্রজারা, তোমাদের খামারে মাড়াই করে চূর্ণ করা হয়েছে,
আমি সর্বশক্তিমান সদাপ্রভু,
ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে যা শুনেছি,
তাই তোমাদের বলি।
11 দূমার বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী,
কেউ আমাকে সেয়ীর থেকে ডেকে বলছে,
“প্রহরী, রাতের আর কত বাকি আছে?
প্রহরী, রাতের আর কত বাকি আছে?”
12 প্রহরী উত্তর দিল,
“সকাল হয়ে আসছে, কিন্তু রাতও আসছে।
তুমি যদি জিজ্ঞাসা করতে চাও, তো জিজ্ঞাসা করো
এবং আবার ফিরে এসো।”
13 আরবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী,
দদানের মরুযাত্রী তোমরা,
যারা আরবীয় ঘন জঙ্গল এলাকায় তাঁবু স্থাপন করো,
14 তোমরা তৃষ্ণার্ত মানুষদের জন্য জল নিয়ে এসো;
আর তোমরা যারা টেমায় বসবাস করো,
তোমরা পলাতকদের জন্য খাবার নিয়ে এসো।
15 তারা তরোয়াল থেকে পলায়ন করে,
নিষ্কোষ তরোয়াল থেকে পলায়ন করে,
তারা পলায়ন করে চাড়া দেওয়া ধনুক থেকে
এবং রণভূমির উত্তাপ থেকে।
16 প্রভু আমাকে এই কথা বললেন: “যেভাবে কোনো দাস তার চুক্তির মেয়াদ গুনতে থাকে, তেমনই এক বছরের মধ্যে কেদরের সমস্ত সমারোহের অন্ত হবে। 17 ধনুর্ধারীদের অবশিষ্ট লোকেরা, কেদরের যোদ্ধারা সংখ্যায় অল্পই হবে।” একথা সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন।