দুর্দশার গীতসংহিতা, প্রধানত বন্দিত্বকালের
মণ্ডলীর দুর্দশা ও ক্লেশের সময়ে, প্রধানত ব্যাবিলনে বন্দিত্বকালে রচিত গীতসংহিতা।
539 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 যখন সিয়োনের কথা আমাদের মনে পড়ত
ব্যাবিলনের নদীতীরে বসে আমরা কাঁদতাম।
2 আমরা সেখানে চিনার গাছে
বীণাগুলি ঝুলিয়ে রাখতাম,
3 কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত,
আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত;
তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”
4 কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান গাইব
যখন আমরা বিদেশে বসবাস করছি?
5 হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই,
তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।
6 যদি আমি তোমাকে ভুলে যাই,
আর যদি আমি জেরুশালেমকে
আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি,
তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।
7 হে সদাপ্রভু, মনে রেখো, যেদিন জেরুশালেমকে বন্দি করা হয়েছিল
সেদিন ইদোমীয়রা যা করেছিল।
তারা জোর গলায় বলেছিল, “উপড়ে ফেলো,
সমূলে উপড়ে ফেলো!”
8 হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে,
ধন্য সেই যে তোমাকে সেরকম প্রতিফল দেবে
যে রকম তুমি আমাদের প্রতি করেছিলে।
9 ধন্য সেই যে তোমাদের শিশুদের ধরে
আর পাথরের উপরে আছড়ায়।
একটি আরোহণ সংগীত।
1 হে সদাপ্রভু, আমি অতল থেকে তোমার সাহায্য চেয়েছি;
2 হে সদাপ্রভু, আমার কণ্ঠস্বর শোনো।
আমার বিনতি প্রার্থনার প্রতি
তোমার কান মনযোগী হোক।
3 হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে,
তবে প্রভু, কে বাঁচতে পারত?
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে,
যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।
5 আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে,
এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।
6 প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে
হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে,
আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।
7 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো,
কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে,
এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।
8 তিনি নিজেই ইস্রায়েলকে
সব পাপ থেকে মুক্ত করবেন।
সংগীত পরিচালকের জন্য। সুর: “নিয়মের লিলি ফুল।” আসফের গীত।
1 হে ইস্রায়েলের মেষপালক, আমাদের কথায় কর্ণপাত করো,
তুমি মেষপালের মতো যোষেফকে পরিচালনা করেছ।
তুমি করূবের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত,
দীপ্ত হও 2 ইফ্রয়িম, বিন্যামীন আর মনঃশির সামনে।
তোমার পরাক্রম জাগিয়ে তোলো;
এসো আর আমাদের রক্ষা করো।
3 হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো;
তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো,
যেন আমরা রক্ষা পাই।
4 আর কত কাল, হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর,
তোমার লোকেদের প্রার্থনার বিরুদ্ধে
তুমি ক্রোধে জ্বলবে?
5 তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ;
তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।
6 তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলেছ,
আর আমাদের শত্রুরা আমাদের বিদ্রুপ করে।
7 হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের পুনরুদ্ধার করো;
তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো,
যেন আমরা রক্ষা পাই।
8 তুমি মিশর দেশ থেকে এক দ্রাক্ষালতা নিয়ে এসেছ;
অইহুদিদের দূর করে তুমি তা পুঁতেছো।
9 তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ,
আর তার শিকড় বেরিয়ে দেশ ছেয়ে গেল।
10 তার ছায়ায় পর্বতসকল,
তার ডালপালায় সর্বোচ্চ দেবদারুবন ঢাকা পড়ল।
11 সমুদ্র পর্যন্ত তার শাখাপ্রশাখা,
আর নদী পর্যন্ত তার কাণ্ড প্রসারিত হল।
12 কেন তুমি তার প্রাচীর ভেঙে ফেলেছ
যেন যেতে আসতে সব লোকেরা তার আঙুর ছেঁড়ে?
13 বন্য শূকর তা ছারখার করে,
আর মাঠের কীটপতঙ্গ সেখান থেকে খাবার সংগ্রহ করে।
14 হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের কাছে ফিরে এসো!
স্বর্গ থেকে চেয়ে দেখো!
এই দ্রাক্ষালতার দিকে খেয়াল রাখো,
15 তোমার ডান হাত যার শিকড় বুনেছে,
এই ছেলেকে তুমি নিজের জন্য বড়ো করে তুলেছ।
16 তোমার দ্রাক্ষালতাকে কেটে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে;
তোমার তিরস্কারে তোমার লোকেরা বিনষ্ট হয়।
17 তোমার হাত তোমার ডানদিকের পুরুষের উপরে,
মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে নিজের জন্য বড়ো করেছ।
18 তখন আমরা তোমার কাছ থেকে দূরে যাব না;
আমাদের সঞ্জীবিত করো, আর আমরা তোমার নামে ডাকব।
19 হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো,
তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো,
যেন আমরা রক্ষা পাই।
যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। আসফের গীত।
1 আমি ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করলাম;
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন তিনি কর্ণপাত করেন।
2 যখন আমি দুর্দশায় ছিলাম, আমি প্রভুর খোঁজ করলাম;
আমার হাত স্বর্গের দিকে তুলে আমি সারারাত প্রার্থনা করলাম,
আর আমার প্রাণ স্বস্তি পেল না।
3 আমি তোমাকে স্মরণ করলাম, হে ঈশ্বর, আর আমি আর্তনাদ করলাম;
আমি ধ্যান করলাম আর আমার আত্মা ক্রমশ ক্ষীণ হল।
4 তুমি আমার চোখ বন্ধ হতে দিলে না;
আমি এত বেদনায় ছিলাম যে প্রার্থনা করতে পারলাম না।
5 আমি পূর্ববর্তী দিনের কথা চিন্তা করলাম,
বহু বছর আগের কথা;
6 রাতের বেলায় আমার গান আমার মনে এল।
আমার হৃদয় ধ্যান করল আর আমার আত্মা প্রশ্ন করল:
7 “প্রভু কি চিরকালের জন্য পরিত্যাগ করবেন?
তিনি কি তাঁর অনুগ্রহ আর দেখাবেন না?
8 তাঁর অবিচল প্রেম কি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়েছে?
সর্বকালের জন্য কি তাঁর প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে?
9 ঈশ্বর কি দয়াশীল হতে ভুলে গেছেন?
রাগে কি তিনি তাঁর করুণা দূরে সরিয়ে রেখেছেন?”
10 তখন আমি ভাবলাম, “এই আমার পরিণতি;
পরাৎপরের হাত আমার বিরুদ্ধে গিয়েছে।
11 আমি সদাপ্রভুর কাজগুলি স্মরণ করব;
হ্যাঁ! আমি তোমার পূর্বকালের আশ্চর্য কাজসকল মনে করব।
12 আমি তোমার সমস্ত কাজ বিবেচনা করব
আর তোমার পরাক্রমের সব কাজকর্মে ধ্যান করব।”
13 হে ঈশ্বর, তোমার সব পথ পবিত্র।
আমাদের ঈশ্বরের মতো কোন দেবতা এত মহান?
14 তুমি সেই ঈশ্বর যিনি আশ্চর্য কাজ করেন;
লোকেদের মাঝে তুমি তোমার শক্তিপ্রদর্শন করে থাকো।
15 তোমার পরাক্রমী বাহু দিয়ে তুমি তোমার লোকেদের,
যাকোব এবং যোষেফের বংশধরদের মুক্ত করেছ।
16 জলধি তোমাকে দেখল, হে ঈশ্বর,
জলধি তোমাকে দেখল আর কুঁকড়ে গেল;
মহা অতল কম্পিত হল।
17 মেঘ বৃষ্টি নিয়ে এল,
আকাশমণ্ডল বজ্রধ্বনি প্রতিধ্বনিত করল;
তোমার বিদ্যুতের তির এদিক-ওদিক চমকে উঠল।
18 ঘূর্ণিঝড়ের মধ্যে তোমার বজ্রধ্বনি শোনা গেল,
তোমার বিদ্যুৎ পৃথিবী আলোকিত করল;
জগৎ কম্পিত হল আর টলমল করে উঠল।
19 সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল,
মহাজলরাশির মধ্যে তোমার গতিপথ ছিল,
যদিও তোমার পায়ের ছাপ দেখা গেল না।
20 মোশি আর হারোণের হাত দ্বারা
তুমি তোমার লোকেদের মেষপালের মতো পরিচালিত করেছ।