দাউদের গীতগুলি, রচনাকাল অজানা
দাউদের রচিত গীতগুলি, যেগুলির রচনাকাল ও উপলক্ষ অজানা।
1015 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;
তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।
2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,
কাদা এবং পাঁক থেকে;
তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন
এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।
3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,
আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।
অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে
আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।
4 ধন্য সেই ব্যক্তি
যে সদাপ্রভুর উপর আস্থা রাখে,
যে দাম্ভিকের উপর নির্ভর করে না,
বা ভুয়ো দেবতার আরাধনাকারীদের উপর নির্ভর করে না।
5 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
প্রচুর তোমার অলৌকিক কাজ,
প্রচুর তোমার পরিকল্পনা আমাদের জন্য।
তোমার মতো কেউ নেই;
যদি আমি তোমার সব কাজ বলতে শুরু করি,
কিন্তু সে সব কোনোভাবেই গোনা যাবে না।
6 তুমি বলিদানে ও নৈবেদ্যে প্রীত নও,
কিন্তু তুমি আমার কান খুলে দিয়েছ, আর আমি বুঝতে পেরেছি—
হোমবলি বা পাপার্থক বলি তুমি চাওনি।
7 তখন আমি বললাম, “এই দেখো, আমি এসেছি,
শাস্ত্রে আমার বিষয়ে লেখা আছে।
8 আমি তোমার ইচ্ছা পালন করতে চাই, হে ঈশ্বর;
তোমার বিধিনিয়ম আমার হৃদয়ে আছে।”
9 তোমার সব লোককে আমি তোমার ন্যায়বিচারের কথা বলেছি,
আমি আমার মুখ বন্ধ করিনি, হে সদাপ্রভু,
এসব তুমি জানো।
10 তোমার ধর্মশীলতার কথা আমি হৃদয়ে লুকিয়ে রাখিনি;
আমি তোমার বিশ্বস্ততা ও পরিত্রাণ ঘোষণা করেছি।
তোমার প্রেম ও বিশ্বস্ততা
মহাসমাবেশ থেকে আমি লুকিয়ে রাখিনি।
11 হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না,
তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।
12 দেখো, অগণিত অশান্তি আমাকে চারিদিকে ঘিরে রেখেছে;
আমার সব অপরাধ আমাকে ধরেছে, আমি কোনো পথ দেখতে পাই না,
সেগুলি আমার মাথার চুলের থেকেও বেশি,
এবং আমি সমস্ত সাহস হারিয়েছি।
13 প্রসন্ন হও, হে সদাপ্রভু, আর আমাকে উদ্ধার করো;
তাড়াতাড়ি এসো, হে সদাপ্রভু, আর আমাকে সাহায্য করো।
14 যারা আমার প্রাণনাশের চেষ্টা করে
তারা যেন লজ্জিত ও অপমানিত হয়;
যারা আমার ধ্বংস কামনা করে,
তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।
15 যারা আমাকে বলে, “হা! হা!”
তারা যেন নিজেদের লজ্জাতে হতভম্ব হয়।
16 কিন্তু যারা তোমার অন্বেষণ করে
তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক;
যারা তোমার পরিত্রাণ ভালোবাসে, তারা সর্বদা বলুক,
“সদাপ্রভু মহান!”
17 কিন্তু দেখো, আমি দরিদ্র ও অভাবী;
প্রভু আমার কথা চিন্তা করুক;
তুমি আমার সহায় ও আমার রক্ষাকর্তা;
তুমি আমার ঈশ্বর, দেরি কোরো না।
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
41:1 ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে;
সংকটের দিনে সদাপ্রভু তাদের উদ্ধার করেন।
2 সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবিত রাখেন—
তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধি দেন—
সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না।
3 সদাপ্রভু রোগশয্যায় তাকে বাঁচিয়ে রাখবেন
এবং অসুস্থতার বিছানা থেকে তাকে সুস্থ করবেন।
4 আমি বলি “হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো;
আমাকে সুস্থ করো, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।”
5 আক্রোশে আমার শত্রুরা আমার সম্বন্ধে বলে,
“কখন তার মৃত্যু হবে ও তার নাম লুপ্ত হবে?”
6 যখন তাদের মধ্যে কেউ আমাকে দেখতে আসে,
সে হৃদয়ে আমার সম্বন্ধে কুৎসা সঞ্চয় করে এবং মুখে মিথ্যা বলে,
পরে সে চলে যায় এবং এসব সর্বত্র রটিয়ে দেয়।
7 আমার শত্রুরা সবাই মিলে আমার বিরুদ্ধে ফিসফিস করে;
তারা আমার অনিষ্ট কল্পনা করে, আর বলে,
8 “সর্বনাশা এক ব্যাধি তাকে আক্রমণ করেছে;
সে তার রোগশয্যা ছেড়ে কখনও উঠতে পারবে না?”
9 এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধু,
যাকে আমি বিশ্বাস করেছিলাম,
এবং যে আমার খাবার ভাগ করে খেয়েছিল,
সে আমার বিপক্ষে গেছে!
10 কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো,
আবার আমাকে সুস্থ করো, যেন আমি তাদের প্রতিফল দিতে পারি।
11 আমি জানি যে তুমি আমার প্রতি প্রসন্ন,
কারণ আমার শত্রু আমার উপর বিজয়ী হয় না।
12 আমার সততার কারণে তুমি আমার জীবন বাঁচিয়ে রেখেছ,
আমাকে তোমার উপস্থিতিতে চিরকালের জন্য নিয়ে এসেছ।
13 ধন্য সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর,
অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।
আমেন ও আমেন।
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের গীত।
1 হে ঈশ্বর, আমার কান্না শোনো;
আমার প্রার্থনায় কর্ণপাত করো।
2 পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,
আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়;
আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।
3 কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,
বিপক্ষের বিরুদ্ধে তুমি আমার সুদৃঢ় দুর্গ।
4 আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি
এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।
5 হে ঈশ্বর, তুমি আমার প্রতিটি শপথ শুনেছ;
যারা তোমার নাম ভয় করে তাদের উত্তরাধিকার তুমি আমাকে দিয়েছ।
6 রাজার জীবনের দিনগুলি,
বহু প্রজন্ম ধরে তাঁর আয়ু বৃদ্ধি করো।
7 তিনি চিরকাল ঈশ্বরের সামনে সিংহাসনে অধিষ্ঠিত থাকুন;
তোমার দয়া ও বিশ্বস্ততা তাঁকে সুরক্ষিত রাখুক।
8 তখন আমি চিরকাল তোমার নামের স্তুতিগান গাইব
এবং দিনের পর দিন আমার শপথ পালন করব।