প্রজ্ঞা সম্পর্কে এক পিতার শিক্ষা (continued)
984 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 হে আমার বাছারা, একজন বাবার উপদেশ শোনো;
মনোযোগ দাও ও বিচক্ষণতা লাভ করো।
2 আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি,
তাই আমার দেওয়া শিক্ষা পরিত্যাগ কোরো না।
3 কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম,
তখনও সুকুমার ছিলাম, ও আমার মায়ের দ্বারা লালিত হয়েছিলাম।
4 তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন,
“সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো;
আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে।
5 প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;
আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।
6 প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;
তাকে ভালোবেসো, ও সে তোমাকে পাহারা দেবে।
7 প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।
এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।
8 তাকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে;
তাকে সাগ্রহে গ্রহণ করো, ও সে তোমাকে সম্মানিত করবে।
9 সে তোমার মাথার শোভাবর্ধন করার জন্য এক ফুলমালা দেবে
ও তোমাকে চমৎকার এক মুকুট উপহার দেবে।”
10 হে আমার বাছা, শোনো, আমি যা বলি তা গ্রহণ করো,
ও তোমার জীবনের আয়ু সুদীর্ঘ হবে।
11 আমি তোমাকে প্রজ্ঞার পথের বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছি
ও সোজা পথে চালাচ্ছি।
12 তুমি যখন চলবে, তোমার পদক্ষেপ ব্যাহত হবে না;
তুমি যখন দৌড়াবে, তখন হোঁচট খাবে না।
13 উপদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না;
তা ভালোভাবে পাহারা দাও, কারণ তাই তোমার জীবন।
14 দুষ্টদের পথে পা বাড়িয়ো না
বা অনিষ্টকারীদের পথে হেঁটো না।
15 সে পথ এড়িয়ে চলো, সে পথে ভ্রমণ কোরো না;
সেখান থেকে ফিরে এসো ও নিজের পথে চলে যাও।
16 কারণ অনিষ্ট না করা পর্যন্ত তারা বিশ্রাম নিতে পারে না;
কাউকে হোঁচট না খাওয়ানো পর্যন্ত তাদের চোখে ঘুম আসে না।
17 তারা দুষ্টতার রুটি খায়
ও হিংস্রতার দ্রাক্ষারস পান করে।
18 ধার্মিকদের পথ প্রভাতি সূর্যের মতো,
যা মধ্যাহ্ন পর্যন্ত ক্রমাগত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতেই থাকে।
19 কিন্তু দুষ্টদের পথ ঘন অন্ধকারের মতো;
তারা জানেই না কীসে তারা হোঁচট খায়।
20 হে আমার বাছা, আমি যা বলি তাতে মনোযোগ দাও;
আমার কথায় কর্ণপাত করো।
21 সেগুলি তোমার দৃষ্টির অগোচর হতে দিয়ো না,
সেগুলি তোমার হৃদয়ে গেঁথে রাখো;
22 কারণ যারা সেগুলি খুঁজে পায় তাদের পক্ষে সেগুলি জীবন
ও তাদের সারা শরীরের স্বাস্থ্যস্বরূপ।
23 সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো,
কারণ তুমি যাই কিছু করো না কেন, তা সেখান থেকেই প্রবাহিত হয়।
24 তোমার মুখকে নষ্টামি-মুক্ত রাখো;
তোমার ঠোঁট থেকে নীতিভ্রষ্ট কথাবার্তা দূরে সরিয়ে রাখো।
25 তোমার চোখ সোজা সামনে তাকিয়ে থাকুক;
স্থিরদৃষ্টিতে সরাসরি সামনের দিকে তাকাও।
26 তোমার হাঁটা পথের দিকে সতর্ক নজর দাও
ও তোমার সমস্ত পথে অবিচল হও।
27 ডাইনে বা বাঁয়ে ফিরো না;
মন্দ থেকে তোমার পা দূরে সরিয়ে রাখো।
5:1 হে আমার বাছা, আমার প্রজ্ঞায় মনোযোগ দাও,
আমার দূরদর্শী কথাবার্তায় কর্ণপাত করো,
2 যেন তুমি বিচক্ষণতা বজায় রাখতে পারো
ও তোমার ঠোঁট যেন জ্ঞান অক্ষুণ্ণ রাখে।
3 কারণ ব্যভিচারিণীর ঠোঁট থেকে মধু ঝরে,
ও তার কথাবার্তা তেলের চেয়েও মসৃণ;
4 কিন্তু শেষে দেখা যায় সে পিত্তের মতো তেতো,
দুদিকে ধারবিশিষ্ট তরোয়ালের মতো ধারালো।
5 তার পা মৃত্যুর দিকে নেমে যায়;
তার পদক্ষেপ সোজা কবরে গিয়ে পৌঁছায়।
6 সে জীবনের পথের বিষয়ে কিছুই ভাবে না;
সে উদ্দেশ্যবিহীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়,
কিন্তু সে তা বুঝতেও পারে না।
7 এখন তবে, হে আমার বাছারা, আমার কথা শোনো;
আমি যা বলছি তা থেকে মুখ ফিরিয়ো না।
8 সেই মহিলা থেকে দূরত্ব বজায় রেখে চলো,
তার বাড়ির দরজার কাছে যেয়ো না,
9 পাছে তুমি অন্যান্য লোকজনের কাছে তোমার সম্মান হারাও
ও নিষ্ঠুর মানুষের কাছে তোমার মর্যাদা হারাও,
10 পাছে অপরিচিত লোকেরা তোমার ধনসম্পদ ভোগ করে
ও তোমার পরিশ্রম অন্যের বাড়িঘর সমৃদ্ধ করে।
11 জীবনের শেষকালে পৌঁছে তুমি গভীর আর্তনাদ করবে,
যখন তোমার মাংস ও শরীর ক্ষয়ে যাবে।
12 তুমি বলবে, “আমি শৃঙ্খলাপরায়ণতাকে কতই না ঘৃণা করতাম!
আমার হৃদয় সংশোধনকে কতই না পদদলিত করত!
13 আমি আমার শিক্ষকদের বাধ্য হইনি
বা আমার উপদেশকদের কথায় কর্ণপাত করিনি।
14 আর আমি ঈশ্বরের লোকদের সমাজে
অচিরেই চরম অসুবিধায় পড়েছিলাম।”
15 নিজের জলাধার থেকেই তুমি জলপান করো,
নিজের কুয়ো থেকেই প্রবাহমান জলপান করো।
16 তোমার ঝরনা কি পথঘাট ভাসিয়ে দেবে,
তোমার জলপ্রবাহ কি নগরের চকে বয়ে যাবে?
17 তা শুধু তোমারই হোক,
অপরিচিত লোকেরা যেন কখনও তাতে ভাগ না বসায়।
18 তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক,
ও তুমি তোমার যৌবনাবস্থার স্ত্রীতে আনন্দ উপভোগ করো।
19 সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ—
তার স্তন দুটি সর্বদা তোমাকে তৃপ্তি দিক,
তার প্রেমে তুমি সর্বক্ষণ মত্ত হয়ে থাকো।
20 কেন, হে আমার বাছা, অন্য একজনের স্ত্রীতে মত্ত হবে?
কেন এক স্বৈরিণী নারীর বক্ষ আলিঙ্গন করবে?
21 কারণ তোমার সব চালচলন সদাপ্রভু লক্ষ্য রাখেন,
ও তিনি তোমার সব গতিবিধি পরীক্ষা করেন।
22 দুষ্টদের দুষ্কর্মগুলি তাদের ফাঁদে ফেলে;
তাদের পাপের দড়িগুলি তাদেরই শক্ত করে বেঁধে ফেলে।
23 শৃঙ্খলাপরায়ণতার অভাবে তারা মারা যায়,
নিজেদের মহামূর্খতার দরুন তারা বিপথগামী হয়।