প্রজ্ঞা সম্পর্কে এক পিতার শিক্ষা (continued)
984 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো
ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো
ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও
ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো
ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে
ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;
তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।
7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,
যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,
8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন
ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।
9 তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ
ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।
10 কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে,
ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।
11 বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে,
ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।
12 প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে,
সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,
13 যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য
সোজা পথ ত্যাগ করেছে,
14 যারা অন্যায় করে আনন্দ পায়
ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,
15 যাদের পথ কুটিল
ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।
16 প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে,
সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,
17 যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে
ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি উপেক্ষা করেছে।
18 নিশ্চয় তার বাড়ি মৃত্যুর দিকে পা বাড়ায়
ও তার পথ মৃত মানুষের আত্মাদের দিকে এগিয়ে যায়।
19 যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না
বা জীবনের পথও অর্জন করে না।
20 এইভাবে তুমি সুশীলদের পথে চলবে
ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।
21 কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে,
ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;
22 কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে,
ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।
3:1 হে আমার বাছা, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,
কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি সঞ্চয় করে রেখো,
2 কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে
ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।
3 ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনও তোমাকে ত্যাগ করে না যায়;
সেগুলি তোমার গলায় বেঁধে রাখো,
সেগুলি তোমার হৃদয়-ফলকে লিখে রাখো।
4 তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে
অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে।
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;
সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে
ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।
9 সদাপ্রভুর সম্মান করো তোমার ধনসম্পদ
ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে;
10 তবেই তোমার গোলাঘরগুলি শস্যে পরিপূর্ণ হয়ে যাবে,
ও ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে।
11 হে আমার বাছা, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না,
ও তাঁর ভর্ৎসনা ক্ষতিকর বলে মনে কোরো না,
12 কারণ সদাপ্রভু যাদের প্রেম করেন, তাদেরই শাস্তি দেন,
যেভাবে একজন বাবা তাঁর প্রিয় ছেলেকে দেন।
13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়,
যারা বিচক্ষণতা লাভ করে,
14 কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক
ও সোনার চেয়েও ভালো প্রতিদান দেয়।
15 প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান;
তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।
16 প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে;
বাঁ হাতে ধন ও সম্মান আছে।
17 তার পথগুলি সুখকর পথ,
ও তার সব পথে শান্তি আছে।
18 যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ;
যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।
19 সদাপ্রভু প্রজ্ঞা দ্বারাই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন,
বিচক্ষণতা দ্বারাই তিনি আকাশমণ্ডলকে যথাস্থানে রেখেছেন;
20 তাঁর জ্ঞানের দ্বারাই গভীর জলরাশি বিভক্ত হয়েছিল,
ও মেঘরাশি শিশির বর্ষণ করে।
21 হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়,
সূক্ষ্ম বিচার ও বিচক্ষণতা অক্ষুণ্ণ রেখো;
22 তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে,
তোমার গলার শোভাবর্ধক এক অলংকার হবে।
23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে,
ও তোমার পায়ে হোঁচট লাগবে না।
24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না;
তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।
25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না
বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,
26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন
ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।
27 যাদের মঙ্গল করা উচিত তাদের মঙ্গল করতে অসম্মত হোয়ো না,
যখন তা করার ক্ষমতা তোমার আছে।
28 তোমার প্রতিবেশীকে বোলো না,
“আগামীকাল আবার এসো ও আমি তোমাকে তা দেব”—
যখন তোমার কাছেই তা আছে।
29 তোমার সেই প্রতিবেশীর অনিষ্ট করার ষড়যন্ত্র কোরো না,
যে তোমাকে বিশ্বাস করে তোমার পাশেই বসবাস করছে।
30 অকারণে কাউকে দোষারোপ কোরো না—
যখন সে তোমার কোনও ক্ষতি করেনি।
31 হিংস্র প্রকৃতির মানুষকে হিংসা কোরো না
বা তাদের কোনও পথ মনোনীত কোরো না।
32 কারণ সদাপ্রভু উচ্ছৃঙ্খলদের ঘৃণা করেন
কিন্তু ন্যায়পরায়ণদের সাথে তিনি ঘনিষ্ঠতা বাড়ান।
33 দুষ্টের বাড়ির উপরে সদাপ্রভুর অভিশাপ নেমে আসে,
কিন্তু ধার্মিকের ঘরকে তিনি আশীর্বাদ করেন।
34 অহংকারী ঠাট্টা-বিদ্রুপকারীদের তিনি বিদ্রুপ করেন
কিন্তু নম্র ও নিপীড়িতদের প্রতি তিনি অনুগ্রহ দেখান।
35 জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হয়,
কিন্তু মূর্খেরা শুধু লজ্জাই পায়।