শলোমনের হিতোপদেশ (continued)
984 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে
সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।
2 জ্ঞানবিহীন বাসনা ভালো নয়—
হঠকারী পদযুগল আরও কত না বেশি পথ হারাবে!
3 মানুষের নিজেদের মূর্খামিই তাদের সর্বনাশের দিকে ঠেলে দেয়,
অথচ তাদের অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে।
4 ধনসম্পদ অনেক বন্ধু আকর্ষণ করে,
কিন্তু দরিদ্র লোকজনের বন্ধুরাও তাদের পরিত্যাগ করে।
5 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না,
ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় সে নিষ্কৃতি পাবে না।
6 অনেকেই শাসকের তোষামুদি করে,
ও যিনি উপহার দান করেন সবাই তাঁর বন্ধু হয়।
7 দরিদ্রদের সব আত্মীয়স্বজন যখন তাদের এড়িয়ে চলে—
তখন তাদের বন্ধুরাও তো আরও বেশি করে তাদের কাছ থেকে দূরে সরে যাবে!
যদিও দরিদ্রেরা অনুনয়-বিনয় করে তাদের পশ্চাদ্ধাবন করে,
তাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না।
8 যে জ্ঞানার্জন করে সে জীবন ভালোবাসে;
যে বিচক্ষণতা পোষণ করে সে অচিরেই উন্নতি লাভ করবে।
9 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না,
ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় তার সর্বনাশ হবে।
10 মূর্খের পক্ষে যখন বিলাসিতার জীবনযাপন করা বাঞ্ছনীয় নয়—
তখন ক্রীতদাসের পক্ষে অধিপতিদের উপরে প্রভুত্ব করা আরও কত না মন্দ বিষয়।
11 মানুষের প্রজ্ঞা ধৈর্য উৎপন্ন করে;
অপরাধ মার্জনা করা তার পক্ষে গৌরবের বিষয়।
12 রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো,
কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের উপরে পড়া শিশিরের মতো।
13 মূর্খ সন্তান বাবার সর্বনাশের কারণ,
ও কলহপ্রিয়া স্ত্রী
ফাটা ছাদ থেকে একটানা পড়তে থাকা জলের সমতুল্য।
14 বাড়িঘর ও ধনসম্পদ মা-বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যায়,
কিন্তু বিচক্ষণ স্ত্রী সদাপ্রভুর কাছ থেকেই পাওয়া যায়।
15 অলসতা অগাধ ঘুম নিয়ে আসে,
ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়।
16 যারা আজ্ঞা পালন করে তারা তাদের প্রাণরক্ষা করে,
কিন্তু যারা তাদের জীবনযাত্রার ধরনকে উপেক্ষা করে তারা মারা যাবে।
17 যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়,
ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন।
18 তোমার সন্তানদের শাসন করো, কারণ এতে আশা আছে,
তাদের মৃত্যুর জন্য দায়ী হোয়ো না।
19 উগ্রস্বভাব বিশিষ্ট মানুষকে অবশ্যই দণ্ড পেতে হবে;
তাদের উদ্ধার করো, ও তোমাকে আবার তা করতে হবে।
20 পরামর্শ শোনো ও শৃঙ্খলা গ্রহণ করো,
ও শেষ পর্যন্ত তুমি জ্ঞানবানদের মধ্যে গণ্য হবে।
21 মানুষের অন্তরে অনেক পরিকল্পনা থাকে,
কিন্তু সদাপ্রভুর অভীষ্টই প্রবল হয়।
22 একজন মানুষ যা চায় তা হল অফুরান ভালোবাসা;
মিথ্যাবাদী হওয়ার চেয়ে দরিদ্র হওয়া ভালো।
23 সদাপ্রভুর ভয় জীবনের দিকে নিয়ে যায়;
তখন একজন মানুষ সন্তুষ্ট থাকে, আকস্মিক দুর্দশা তাকে স্পর্শ করতে পারে না।
24 অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে;
সে এতই অলস যে তা মুখেও তোলে না।
25 বিদ্রুপকারীকে কশাঘাত করো, ও অনভিজ্ঞ লোকেরা বিচক্ষণতার শিক্ষা পাবে;
বিচক্ষণদের ভর্ৎসনা করো, ও তারা জ্ঞানার্জন করবে।
26 যারা তাদের বাবার সম্পদ লুট করে ও তাদের মাকে তাড়িয়ে দেয়
তারা এমন এক সন্তান যে লজ্জা ও অপমান বয়ে আনে।
27 হে আমার বাছা, তুমি যদি শিক্ষা নেওয়া বন্ধ করে দাও,
তবে তুমি জ্ঞানের বাক্য থেকে দূরে সরে যাবে।
28 বিকৃতমনা সাক্ষী ন্যায়বিচারকে বিদ্রুপ করে,
ও দুষ্টদের মুখ অমঙ্গল গ্রাস করে নেয়।
29 বিদ্রুপকারীদের জন্য শাস্তিবিধান তৈরি হয়,
ও মূর্খদের পিঠের জন্য তৈরি হয় মারধর।
20:1 দ্রাক্ষারস বিদ্রুপকারী ও সুরা কলহকারী;
যে এগুলির দ্বারা বিপথগামী হয় সে জ্ঞানবান নয়।
2 রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো আতঙ্ক ছড়ায়;
যারা তাঁকে ক্রুদ্ধ করে তোলে তারা তাদের প্রাণ খোয়ায়।
3 বিবাদ এড়িয়ে চলা মানুষের পক্ষে সম্মানজনক বিষয়,
কিন্তু মূর্খমাত্রই চট্জলদি বিবাদ করে ফেলে।
4 অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না;
অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।
5 মানুষের অন্তরের অভিপ্রায় গভীর জলরাশি,
কিন্তু যে বিচক্ষণ সেই তা তুলে আনে।
6 অনেকেই দাবি করে যে তাদের ভালোবাসা অফুরান,
কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পায়?
7 ধার্মিকেরা অনিন্দনীয় জীবনযাপন করে;
তাদের পরে তাদের সন্তানেরাও আশীর্বাদধন্য হয়।
8 রাজা যখন বিচার করার জন্য তাঁর সিংহাসনে বসেন,
তখন তিনি তাঁর চোখ দিয়ে সব অমঙ্গল উড়িয়ে দেন।
9 কে বলতে পারে, “আমি আমার অন্তর বিশুদ্ধ রেখেছি;
আমি শুচিশুদ্ধ ও নিষ্পাপ”?
10 বিসদৃশ বাটখারা ও বিসদৃশ মাপ—
সদাপ্রভু উভয়ই ঘৃণা করেন।
11 ছোটো ছোটো ছেলেমেয়েরাও তাদের কাজকর্মের দ্বারা পরিচিত হয়,
তাই তাদের আচরণ কি সত্যিই বিশুদ্ধ ও ন্যায্য?
12 যে কান শোনে ও যে চোখ দেখে—
সদাপ্রভু উভয়ই তৈরি করেছেন।
13 ঘুম ভালোবেসো না পাছে তুমি দরিদ্র হয়ে যাও;
জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে।
14 “এটি ভালো নয়, এটি ভালো নয়!” ক্রেতা বলে—
পরে ফিরে যায় ও সংগৃহীত বস্তুটি নিয়ে গর্ববোধ করে।
15 সেখানে সোনা আছে, ও প্রচুর পরিমাণে মণিমুক্তো আছে,
কিন্তু যে ঠোঁট জ্ঞানের কথা বলে তা দুর্লভ এক রত্ন।
16 যে এক আগন্তুকের জামিনদার হয়েছে তার পোশাকটি নিয়ে নাও;
তা যদি এক বহিরাগতের জন্য করা হয়েছে, তবে সেটি বন্ধকরূপে রেখে দাও।
17 প্রতারণার দ্বারা অর্জিত খাদ্যদ্রব্য সুস্বাদু লাগে,
কিন্তু শেষ পর্যন্ত মানুষের মুখ কাঁকরে ভরে যায়।
18 পরামর্শ খোঁজ করার দ্বারাই পরিকল্পনা সফল হয়;
অতএব তুমি যদি যুদ্ধ শুরু করেছ, তবে পরিচালনা লাভ করো।
19 পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে;
অতএব সেই লোককে এড়িয়ে চলো যে অতিরিক্ত কথাবার্তা বলে।
20 যদি কেউ তাদের মা-বাবাকে অভিশাপ দেয়,
তবে ঘোর অন্ধকারে তাদের প্রদীপ নিভে যাবে।
21 যে উত্তরাধিকার খুব তাড়াতাড়ি অর্জন করা যায়
তা শেষ পর্যন্ত আর আশীর্বাদধন্য হবে না।
22 একথা বোলো না, “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!”
সদাপ্রভুর অপেক্ষা করো, ও তিনিই তোমার হয়ে প্রতিশোধ নেবেন।
23 সদাপ্রভু বিসদৃশ বাটখারা ঘৃণা করেন,
ও অসাধু দাঁড়িপাল্লা তাঁকে সন্তুষ্ট করে না।
24 মানুষের পদক্ষেপ সদাপ্রভু দ্বারাই পরিচালিত হয়।
তবে মানুষ কীভাবে তাদের নিজস্ব পথ বুঝতে পারবে?
25 হঠাৎ করে কোনো কিছু উৎসর্গ করে
পরে নিজের করা প্রতিজ্ঞার বিষয়ে বিবেচনা করলে, তা এক ফাঁদ হয়ে দাঁড়ায়।
26 জ্ঞানবান রাজা দুষ্টদের ঝেড়ে ফেলেন;
তিনি তাদের উপর দিয়ে শস্য মাড়াই কলের চাকা চালিয়ে দেন।
27 মানবাত্মা সদাপ্রভুর সেই প্রদীপ
যা মানুষের অন্তরের অন্তস্থলে আলোকপাত করে।
28 ভালোবাসা ও বিশ্বস্ততা রাজাকে নিরাপদ রাখে;
ভালোবাসার মাধ্যমেই তাঁর সিংহাসন দৃঢ় হয়।
29 যুবকদের গৌরব হল তাদের শক্তি,
পাকা চুলই হল বৃদ্ধদের ঐশ্বর্য।
30 আঘাত ও ক্ষত অনিষ্ট ধুয়ে দেয়,
ও মারধর অন্তরের অন্তস্থলকে বিশোধিত করে।