শলোমনের হিতোপদেশ (continued)
984 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 যে ভোজবাড়িতে শত্রুতার পরিবেশ আছে সেখানকার চেয়ে
শান্তি ও নিরূপদ্রব পরিবেশে এক মুঠি শুকনো খাবার ও ভালো।
2 বিচক্ষণ দাস মর্যাদাহানিকর ছেলের উপরে কর্তৃত্ব করবে
ও পরিবারভুক্ত একজনের মতো সেও উত্তরাধিকারের অংশীদার হবে।
3 রুপোর জন্য গলনপাত্র ও সোনার জন্য হাপর,
কিন্তু সদাপ্রভুই অন্তরের পরীক্ষা করেন।
4 দুষ্টলোক প্রতারণাপূর্ণ ঠোঁটের কথাই শোনে;
মিথ্যাবাদী মানুষ ধ্বংসাত্মক জিভের কথায় মনোযোগ দেয়।
5 যে দরিদ্রদের উপহাস করে সে তাদের নির্মাতার প্রতিই অসম্মান দেখায়;
যে বিপর্যয় দেখে আনন্দ পায় সে অদণ্ডিত থাকবে না।
6 নাতিপুতিরা বয়স্ক মানুষদের মুকুট,
ও মা-বাবারা তাদের সন্তানদের গৌরব।
7 বাক্পটু ঠোঁট যদি মূর্খের পক্ষে অনুপযোগী—
তবে একজন শাসকের পক্ষে মিথ্যাবাদী ঠোঁট কতই না বেশি মন্দ!
8 যারা ঘুস দেয় তাদের দৃষ্টিতে তা এক দামি মণিবিশেষ;
তারা মনে করে প্রত্যেকটি বাঁক ধরেই সাফল্য আসবে।
9 যে ভালোবাসা লালনপালন করে সে অপরাধ ঢেকে রাখে,
কিন্তু যে বারবার সেকথার পুনরাবৃত্তি করে সে ঘনিষ্ঠ বন্ধুদের বিচ্ছিন্ন করে দেয়।
10 একশো কশাঘাত মূর্খকে যত না প্রভাবিত করে
ভর্ৎসনা বিচক্ষণ মানুষকে তার চেয়েও অনেক বেশি প্রভাবিত করে।
11 অনিষ্টকারীরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ লালনপালন করে;
তাদের বিরুদ্ধে মৃত্যুদূত পাঠানো হবে।
12 মূর্খতার ভারে ন্যুব্জ মূর্খের সাথে দেখা হওয়ার চেয়ে
বরং শাবক হারানো মাদি ভালুকের সম্মুখীন হওয়া ভালো।
13 যে মঙ্গলের প্রতিদানে অমঙ্গল ফিরিয়ে দেয়
অমঙ্গল কখনোই তার বাড়িছাড়া হবে না।
14 বিবাদের সূত্রপাত হল বাঁধে ফাটল ধরার মতো বিষয়;
অতএব বিতর্ক দানা বাঁধার আগেই বিষয়টিতে ইতি টানো।
15 দোষীকে বেকসুর খালাস করে দেওয়া ও নির্দোষকে দোষী সাব্যস্ত করা—
দুটি বিষয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।
16 প্রজ্ঞা কেনার জন্য মূর্খদের হাতে অর্থ থাকবে কেন,
যখন তা বোঝার ক্ষমতাই তাদের নেই?
17 বন্ধু সবসময় ভালোবেসে যায়,
ও দুর্দশা কালের জন্যই ভাই জন্ম নেয়।
18 বুদ্ধি-বিবেচনাহীন মানুষ জামিনদার হয়ে হাতে হাত মিলায়
ও প্রতিবেশীর হয়ে বন্ধক রাখে।
19 যে বিবাদ ভালোবাসে সে পাপও ভালোবাসে;
যে উঁচু দরজা নির্মাণ করে সে সর্বনাশ ডেকে আনে।
20 যার অন্তর দুর্নীতিগ্রস্ত সে উন্নতি লাভ করে না;
যার জিভ কলুষিত সে বিপদে পড়ে।
21 মূর্খকে সন্তানরূপে লাভ করার অর্থ জীবনে বিষাদ নেমে আসা;
মূর্খের মা-বাবার মনে আনন্দ থাকে না।
22 আনন্দিত হৃদয় ভালো ওষুধ,
কিন্তু ভগ্নচূর্ণ আত্মা অস্থি শুকনো করে দেয়।
23 বিচারের গতিপথ বিকৃত করার জন্য
দুষ্টেরা গোপনে ঘুস নেয়।
24 বিচক্ষণ মানুষ প্রজ্ঞাকে সামনে রেখে চলে,
কিন্তু মূর্খের দৃষ্টি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়।
25 মূর্খ ছেলে তার বাবার জীবনে বিষাদ
ও যে মা তাকে জন্ম দিয়েছে তার জীবনে তিক্ততা উৎপন্ন করে।
26 নির্দোষ লোকের জরিমানা করা যদি ভালো কাজ না হয়,
তবে সৎ কর্মকর্তাদের কশাঘাত করাও নিশ্চয় ঠিক নয়।
27 যার জ্ঞান আছে সে সংযমী হয়ে শব্দ ব্যবহার করে,
ও যার বুদ্ধি-বিবেচনা আছে সে মেজাজের রাশ নিয়ন্ত্রণে রাখে।
28 মূর্খরাও যদি নীরবতা বজায় রাখে তবে তাদের জ্ঞানবান বলে মনে করা হয়,
ও যদি তারা তাদের জিভ নিয়ন্ত্রণে রাখে তবে তাদের বিচক্ষণ বলে মনে করা হয়।
18:1 অবন্ধুজনোচিত মানুষ স্বার্থপর আখেরের পিছনে ছোটে
ও সমস্ত যুক্তিসংগত রায়ের বিরুদ্ধে বিবাদ শুরু হয়।
2 মূর্খেরা বুদ্ধি-বিবেচনায় আনন্দ উপভোগ করে না
কিন্তু তাদের নিজস্ব অভিমত প্রকাশ করে তারা আনন্দ পায়।
3 যখন দুষ্টতা আসে, তার সাথে সাথে অবজ্ঞাও আসে,
ও লজ্জার সঙ্গে আসে কলঙ্ক।
4 মুখের কথা গভীর জলরাশি,
কিন্তু প্রজ্ঞার ফোয়ারা এক খরস্রোতা জলপ্রবাহ।
5 দুষ্টদের প্রতি পক্ষপাতিত্ব দেখানো ঠিক নয়
ও নির্দোষদের ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করাও ভালো নয়।
6 মূর্খদের ঠোঁট তাদের কাছে বিবাদ নিয়ে আসে,
ও তাদের মুখ প্রহারকে আমন্ত্রণ জানায়।
7 মূর্খদের মুখই তাদের সর্বনাশের কারণ,
ও তাদের ঠোঁট তাদেরই জীবনের পক্ষে এক ফাঁদবিশেষ।
8 পরনিন্দা পরচর্চার কথাবার্তা সুস্বাদু খাদ্যের মতো লাগে;
সেগুলি মানুষের অন্তরের গভীরে প্রবেশ করে।
9 যে তার কাজে শিথিল
সে বিনাশকারীর সহোদর ভাই।
10 সদাপ্রভুর নাম এক সুরক্ষিত মিনার;
ধার্মিকেরা সেখানে দৌড়ে যায় ও নিরাপদ বোধ করে।
11 ধনবানদের ধনসম্পত্তিই তাদের সুরক্ষিত নগর;
তারা ভাবে, তা এমন এক উঁচু প্রাচীর যা মাপা যায় না।
12 পতনের আগে অন্তর উদ্ধত হয়,
কিন্তু সম্মানের আগে আসে নম্রতা।
13 শোনার আগেই উত্তর দেওয়া—
হল মূর্খতার ও লজ্জার বিষয়।
14 মানবাত্মা অসুস্থতা সহ্য করতে পারে,
কিন্তু ভগ্নচূর্ণ আত্মা কে বহন করতে পারে?
15 বিচক্ষণ মানুষদের অন্তর জ্ঞানার্জন করে,
কারণ জ্ঞানবানদের কান তা খুঁজে বের করে।
16 উপহার পথ খুলে দেয়
ও উপহারদাতাকে বিশিষ্টজনেদের সান্নিধ্যে উপস্থিত করে।
17 মামলা-মকদ্দমায় যে প্রথমে কথা বলে তাকেই ততক্ষণ ঠিক বলে মনে করা হয়,
যতক্ষণ না অন্য কেউ এগিয়ে আসে ও তাকে জেরা করে।
18 গুটিকাপাতের দান বাদবিবাদ নিষ্পত্তি করে
ও বলবান মানুষ প্রতিপক্ষদের দূরে সরিয়ে রাখে।
19 বিক্ষুব্ধ ভাই সুরক্ষিত নগরের চেয়েও বেশি অনমনীয়;
বাদানুবাদ হল দুর্গের বন্ধ দরজার মতো।
20 মানুষের মুখ থেকে উৎপন্ন ফল দিয়েই তাদের পেট ভরে;
তাদের ঠোঁটের ফসল দিয়েই তারা তৃপ্ত হয়।
21 জীবন ও মৃত্যুর ক্ষমতা জিভের হস্তগত,
ও যারা তা ভালোবাসে, তারা তার ফল খায়।
22 যে এক স্ত্রী খুঁজে পায় সে ভালোই কিছু পায়
ও সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করে।
23 দরিদ্রেরা দয়া পাওয়ার জন্য সনির্বন্ধ মিনতি জানায়,
কিন্তু ধনবানেরা ধমকে উত্তর দেয়।
24 যার বন্ধুরা অনির্ভরযোগ্য সে অচিরেই সর্বনাশের সম্মুখীন হয়,
কিন্তু এমন একজন বন্ধু আছেন যিনি ভাইয়ের চেয়েও বেশি অন্তরঙ্গ।